আফগানিস্তানে বিকল্প সরকার গঠনের প্রথম পদক্ষেপ নিলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ
https://parstoday.ir/bn/news/world-i77667-আফগানিস্তানে_বিকল্প_সরকার_গঠনের_প্রথম_পদক্ষেপ_নিলেন_আব্দুল্লাহ_আব্দুল্লাহ
আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ তার ঘোষিত বিকল্প সরকার গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেদেশের একটি প্রদেশের গভর্নর নিয়োগ দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৫:৪২ Asia/Dhaka
  • আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ
    আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ

আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ তার ঘোষিত বিকল্প সরকার গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেদেশের একটি প্রদেশের গভর্নর নিয়োগ দিয়েছেন।

গত মঙ্গলবার আফগানিস্তানের নির্বাচন কমিশন গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট আশরাফ গনিকে পুনর্নির্বাচিত ঘোষণা করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ ওই ফলাফল প্রত্যাখ্যান করেন।  তিনি নিজেকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করে আফগানিস্তানে বিকল্প সরকার গঠনের ঘোষণা দেন।

সে ঘোষণার অংশ হিসেবে তিনি ‘সারপোল’ প্রদেশের প্রাদেশিক পরিষদের বর্তমান প্রধান মোহাম্মাদ নুর রহমানিকে ওই প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন।  এ নিয়োগের খবর প্রচারিত হওয়ার পরপরই আব্দুল্লাহ আব্দুল্লাহর শত শত সমর্থক প্রাদেশিক গভর্নরের দপ্তরের সামনে সমবেত হয়ে রহমানির সমর্থনে মিছিল করেছেন।

আজ (শনিবার) আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী  আব্দুল্লাহ আব্দুল্লাহ সেদেশের জুযজান ও পাঞ্জশির প্রদেশের গভর্নর নিয়োগ দেবেন বলে কথা রয়েছে।

আব্দুল্লাহ আব্দুল্লাহ- আশরাফ গনি

প্রেসিডেন্ট আশরাফ গনি এখনো এ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানাননি। গত মঙ্গলবার আফগানিস্তানের নির্বাচন কমিশন ঘোষণা করে প্রেসিডেন্ট গনি ৫০.৬৪ ভাগ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ গত বছরের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করেছেন।

২০১৪ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যে নির্বাচনি ফলাফল নিয়ে একই রকম মতবিরোধ তৈরি হলেও সে সময় দু’জনের মধ্যে সমঝোতার মাধ্যমে একজন প্রেসিডেন্ট এবং আরেকজন সরকারের প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন। তবে এবার আব্দুল্লাহ আব্দুল্লাহ ওই পদে সন্তুষ্ট থাকবেন বলে মনে হচ্ছে না।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।