ভারতে মুসলিম হত্যা: ইরানি পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানের প্রশংসা করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i77975-ভারতে_মুসলিম_হত্যা_ইরানি_পররাষ্ট্রমন্ত্রীর_অবস্থানের_প্রশংসা_করল_পাকিস্তান
ভারতে মুসলিমদের ওপর হামলার নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ যে টুইট করেছেন তার প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মার্চ ০৪, ২০২০ ১২:৩৯ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ (বামে) ও শাহ মাহমুদ কোরেইশি (ডানে)
    জাওয়াদ জারিফ (বামে) ও শাহ মাহমুদ কোরেইশি (ডানে)

ভারতে মুসলিমদের ওপর হামলার নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ যে টুইট করেছেন তার প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এক টুইটার বার্তায় বলেছেন, তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানের প্রতি পুরোপুরি একমত। তিনি আরও বলেছেন, ইরানও আমাদের মতো ভারতের মুসলমানদের ওপর জুলুম-নির্যাতনের নিন্দা জানিয়েছে, এটা প্রশংসনীয়।

তিনি অন্য মুসলিম দেশগুলোর উদ্দেশে বলেছেন, মুসলমানদের বিরুদ্ধে সংঘবদ্ধ তৎপরতা এক সময় আপনাদেরকে আষ্টেপিষ্টে ধরবে। এখনই সবার উচিত জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ভারতে মুসলিম হত্যা ইস্যুতে আমাদের অবস্থানও ইরানি ভাইদের মতোই। আমরাও মনে করি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা উচিত। দমন-পীড়ন সঠিক পন্থা নয়।

সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়া জারিফ এক টুইটার বার্তায় বলেছিলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্ব রয়েছে। ইরান ভারত সরকারের কাছে সেদেশের সব নাগরিকের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। ইরান চায় ভারত সরকার মানুষ হত্যা অব্যাহত রাখার সুযোগ দেবে না। তিনি হত্যাকাণ্ড ও সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ সংলাপ ও আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করেন।

এরপর ক্ষুব্ধ হয়ে ভারত সরকার সেদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী চেগিনিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে প্রতিবাদ জানিয়েছে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।