করোনোভাইরাসের প্রাদুর্ভাব ছড়াতে মার্কিন ভূমিকার কথা উড়িয়ে দেয় নি চীন
https://parstoday.ir/bn/news/world-i78256-করোনোভাইরাসের_প্রাদুর্ভাব_ছড়াতে_মার্কিন_ভূমিকার_কথা_উড়িয়ে_দেয়_নি_চীন
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পেছনে আমেরিকার হাত থাকার কথা নাকচ করে দেয় নি বেইজিং। চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গেং শুয়াং আজ (শুক্রবার) রাজধানী বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে এ মনোভাব ব্যক্ত করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০২০ ২০:২০ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গেং শুয়াং
    চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গেং শুয়াং

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পেছনে আমেরিকার হাত থাকার কথা নাকচ করে দেয় নি বেইজিং। চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গেং শুয়াং আজ (শুক্রবার) রাজধানী বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে এ মনোভাব ব্যক্ত করেন।

এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে আমেরিকার কোনো দায় দায়িত্ব আছে কিনা। এ প্রশ্নের জবাবে সরাসরি কোনো কথা তিনি বলেন নি, আবার বিষয়টি একেবারে উড়িয়েও দেন নি।

এর একদিন আগে চীনের পররাষ্ট্র দপ্তরের অন্যতম মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছিলেন, মার্কিন সেনাবাহিনী এ ভাইরাস ছড়িয়ে দিয়ে থাকতে পারে। এ ব্যাপারে গেং শুয়াং সরাসরি কোনো মন্তব্য করতে চান নি। তবে তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে মার্কিন জনগণসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে নানা মতামত রয়েছে।

চীনের পররাষ্ট্র দপ্তরের অন্যতম মুখপাত্র ঝাও লিজিয়ান

গেং শুয়াং বলেন, “গত কয়েকদিন ধরে আমি বলে আসছি যে, চীন একে বিজ্ঞানের বিষয় বলে মনে করে এবং বৈজ্ঞানিক ও পেশাদার লোকজনের মতামতের প্রতি গুরুত্ব দেয়া উচিত।”

অন্যদিকে, বৃহস্পতিবার খুব কড়া ভাষায় ঝাউ লিজিয়ান এক টুইটার বার্তায় বলেছেন, মার্কিন সামরিক বাহিনী চীনের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে দিয়ে থাকতে পারে যা এখন সারা বিশ্বের জন্য মহামারী হয়ে গেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, “কখন থেকে আমেরিকায় লোকজন সংক্রমিত হতে শুরু করল? এ পর্যন্ত কত মানুষ সংক্রমিত হয়েছে? আক্রান্ত ব্যক্তিদেরকে কোন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে? আমার মনে হয় মার্কিন বাহিনী এ ভাইরাস ছড়িয়ে দিয়েছে। আপনারা স্বচ্ছ হোন। আপনাদের তথ্য জনসম্মুখে প্রকাশ করুন। আমেরিকার উচিত আমাদের কাছে জবাব দেয়া।”#

পার্সটুডে/এসআইবি/১৩