মহামারি করোনা প্রাদুর্ভাবের মধ্যেই ইরানের ওপর নয়া মার্কিন নিষেধাজ্ঞা আরোপ
https://parstoday.ir/bn/news/world-i78382-মহামারি_করোনা_প্রাদুর্ভাবের_মধ্যেই_ইরানের_ওপর_নয়া_মার্কিন_নিষেধাজ্ঞা_আরোপ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আবারো নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।তেহরানের ওপর মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৮, ২০২০ ১৪:২৫ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আবারো নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।তেহরানের ওপর মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল মঙ্গলবার বলেন, ইরানের পেট্রোক্যামিকেল খাতে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনে জড়িত থাকার অভিযোগ দেশটির তিনটি প্রতিষ্ঠানকে ওয়াশিংটন কালোতালিকাভুক্ত করেছে। তবে তিনি ওইসব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন নি। পম্পেও তার ভাষায় বলেন, "ইরানের সশস্ত্র বাহিনীর একটি সামাজিক বিনিয়োগ প্রতিষ্ঠান এবং এর পরিচালকগণ কালোতালিকার মধ্যে পড়েছেন। এ প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কিছু কোম্পানিতে বিনিয়োগে জড়িত ছিল।" 

এদিকে, অন্য এক পৃথক বিবৃতিতে মার্কিন বাণিজ্যিক বিভাগ জানিয়েছে যে তেহরানের পরমাণু কর্মসূচিতে সহযোগিতার জন্য ইরানের পাঁচ জন পরমাণু বিজ্ঞানীসহ আরো কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ইরানের ওপর থেকে একতরফা মার্কিন নিষেধজ্ঞা তুলে নেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ যখন ওয়াশিংটনের প্রতি জোর আহ্বান জানাচ্ছে তখন নতুন করে এসব নিষেধাজ্ঞার খবর এলো।  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য চীন ও রাশিয় এরই মধ্যে ওয়াশিংটনের প্রতি জোর দাবি জানিয়েছ। দেশ দু’টি বলেছে, ‘মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে ইরানে করোনা ভাইরাস মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে’।#

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।