ফিল্ড হাসপাতাল নির্মাণ প্রচেষ্টার মধ্যেই মৃতের সংখ্যা বাড়লো আমেরিকায়
https://parstoday.ir/bn/news/world-i78725-ফিল্ড_হাসপাতাল_নির্মাণ_প্রচেষ্টার_মধ্যেই_মৃতের_সংখ্যা_বাড়লো_আমেরিকায়
আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। দেশটিতে যখন কয়েকশ ফিল্ড হাসপাতাল নির্মাণের চেষ্টা চলছে তখন করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০১, ২০২০ ০৮:১০ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে ফিল্ড হাসাপাতাল তৈরি করা হচ্ছে
    নিউ ইয়র্কে ফিল্ড হাসাপাতাল তৈরি করা হচ্ছে

আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। দেশটিতে যখন কয়েকশ ফিল্ড হাসপাতাল নির্মাণের চেষ্টা চলছে তখন করোনা মহামারীতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার খবর এলো।

আমেরিকার হাসপাতালগুলোর ধারণ ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পর এসব ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আমেরিকায় কঠোর লকডাউন ঘোষণা করার পর কোটি কোটি মানুষ নির্জনে তাদের ঘর-বাড়িতে অবস্থান করছেন। এর মাঝে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে- আমেরিকায় মঙ্গলবার একদিনেই মারা গেছে ৮৫০ জন।

মঙ্গলবার মারা যাওয়া লোকজনের মধ্যে নিউইয়র্কেই রয়েছে প্রায় অর্ধেক। নিউ ইয়র্ক শহরকে বলা হচ্ছে আমেরিকার করোনা মহামারীর কেন্দ্রস্থল। করোনার তাণ্ডবে সেখানে সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। শহরটি একেবারে মরুভূমিতে পরিণত হয়েছে।

জনশূণ্য নিউ ইয়র্ক শহর

নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও সেখানকার চিকিৎসা ব্যবস্থা আরো জোরদার করার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আমেরিকায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ বাংলাদেশিসহ ৪,০৮০ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে এক লাখ ৯০ হাজার। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় যে কথিত সন্ত্রাসী হামলা হয়েছিল তাতে মারা গিয়েছিল দুই হাজার ৯৭৭ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত তার চেয়ে এক হাজারেরও মানুষ বেশি মারা গেছে। সারা বিশ্বের মধ্যে এখন আমেরিকাতেই করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত।#

পার্সটুডে/এসআইবি/১