হু’র বিরুদ্ধে মার্কিন অভিযোগ সম্পর্কে ওয়াশিংটন পোস্টের বক্তব্য
-
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক দিয়ে আমেরিকা এখন বিশ্বের অন্য সব দেশের শীর্ষে রয়েছে
করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র বিরুদ্ধে আমেরিকার অভিযোগকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
দৈনিকটি মঙ্গলবার এক প্রতিবেদনে লিখেছে, গত জানুয়ারি মাসে বেইজিংস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে ডাব্লিউএইচও’র কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলেন।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ ছাড়া, আমেরিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দুইবার, দ্বিতীয় সপ্তাহে তিনবার, তৃতীয় সপ্তাহে তিনবার এবং চতুর্থ সপ্তাহে অন্তত ১০ বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে হয় সরাসরি সাক্ষাৎ করেছেন অথবা টেলিফোনে যোগাযোগ করেছেন।
ওয়াশিংটন পোস্ট লিখেছে, এসব সাক্ষাৎ ও যোগাযোগের বিষয়টি এড়িয়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখন সমালোচনা থেকে রক্ষা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন।
আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর বিষয়টিকে সামান্য হিসেবে তুলে ধরে ট্রাম্প একে সাধারণ ফ্লু বলে উল্লেখ করেন। কিন্তু পরবর্তীতে দেশটিতে ভয়ঙ্করভাবে করোনা ছড়িয়ে পড়ার পর চীনের সঙ্গে সহযোগিতা করার দায়ে ডাব্লিওএইচও’কে দায়ী করেন এবং এই বিশ্ব সংস্থাকে দেয়া আর্থিক সহযোগিতা বন্ধ করে দেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট পরীক্ষাগারে করোনাভাইরাস উৎপাদন করার জন্য চীনকে অভিযুক্ত করেন।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।