উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ‘জীবিত ও সুস্থ’ আছেন: সিউল
https://parstoday.ir/bn/news/world-i79394-উত্তর_কোরিয়ার_নেতা_কিম_জং_উন_জীবিত_ও_সুস্থ’_আছেন_সিউল
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ‘জীবিত ও সুস্থ’ আছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের পররাষ্ট্রনীতি বিষয় প্রধান উপদেষ্টা মুন চুং-ইন আজ (সোমবার) মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ২৭, ২০২০ ০৬:৩১ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (ফাইল ছবি)
    উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন (ফাইল ছবি)

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ‘জীবিত ও সুস্থ’ আছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের পররাষ্ট্রনীতি বিষয় প্রধান উপদেষ্টা মুন চুং-ইন আজ (সোমবার) মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

তিনি বলেন, “কিমের অবস্থা সম্পর্কে আমাদের সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কিম জং-উন জীবিত ও সুস্থ আছেন। গত ১৩ এপ্রিল থেকে তিনি উত্তর কোরিয়ার উনসান এলাকায় অবস্থান করছেন। তার শারীরিক অবস্থার কোনো সন্দেহজনক খবর আমাদের সূত্রে ধরা পড়েনি।”

কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম দাবি করেছিল, কিমের মৃত্যু হলে তার ছোট বোন কিম ইয়ো-জং তার স্থলাভিষিক্ত হবেন

গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং-উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়।পশ্চিমা গণমাধ্যমগুলো এরইমধ্যে কিমকে একাধিকবার মেরে ফেলেছে; এমনকি তার স্থলাভিষিক্ত কে হতে পারে সে সম্পর্কেও নানা বিশ্লেষণ প্রচার করেছে।

কিম জং উনকে গত ১১ এপ্রিল সর্বশেষ ক্ষমতাসীন দলের পলিটব্যুরো সভায় অংশগ্রহণ করতে দেখা যায়।

সিএনএন গত সপ্তাহে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবর দেয়, কিম জং-উনের হার্টে ব্যর্থ অপারেশনের পর তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। আরেকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন গতকাল খবর দেয়, কিমের স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগজনক খবরের সত্যতা রয়েছে তবে তা যাচাই করা ওয়াশিংটনের জন্য কঠিন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।