করোনা পরিস্থিতিতে ইউরোপকে স্বাধীন থাকার আহ্বান জানাল জার্মানি
বর্তমান সংকটময় অবস্থা বিশেষ করে করোনা মহামারী পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে তীব্র মতপার্থক্য দেখা দেয়া ছাড়াও তাদের অর্থনীতি অনেকটা চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
এ অবস্থায় ইইউ’র সবচেয়ে বড় প্রভাবশালী ও অর্থনীতির দেশ জার্মানি স্বাধীনভাবে চলার এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার আহ্বান জানিয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো ম্যাশ ইউরোপে করোনার ধ্বংসাত্মক প্রভাব এবং এ সংকট থেকে সাফল্যেরসহিত চীনের বেরিয়ে আসার কথা উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে বিশ্ব অঙ্গনে ইউরোপের স্বাধীন নীতির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘একদিকে চীন করোনার বিপদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় এবং অন্যদিকে করোনার কারণে আর্থ-রাজনৈতিক, নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ইউরোপ যে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে তাতে বিশ্বে শক্তির ভারসাম্য নষ্ট হবে।’
পর্যবেক্ষকরা বলছেন, জার্মানি যে কারণে সবচেয়ে বেশি চিন্তিত তা হচ্ছে করোনার কারণে দুর্বল হয়ে পড়া ইউরোপ অন্য দেশের অর্থনীতির ওপর প্রচণ্ডভাবে নির্ভরশীল হয়ে পড়তে পারে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে বলেন, আমাদের চিকিৎসা সামগ্রী, জ্বালানি, তথ্য প্রযুক্তি, খাদ্য ও বিভিন্ন ধাতব পন্যের মতো গুরুত্বপূর্ণ কাঁচা মালের সংকট দেখা দিতে পারে।
যদিও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী করোনার কারণে সম্ভাব্য বিপর্যয় সৃষ্টি এবং ইউরোপকে স্বাধীন থাকার আহ্বান জানিয়েছেন কিন্তু বার্লিনের দৃষ্টিতে এর অর্থ এ নয় যে তারা স্বাধীন ও অবাধ বাণিজ্য নীতির বিরোধী। ইউরোপের বিশেষজ্ঞরা এর আগেও বলেছিলেন, করোনা উত্তর পরিবর্তিত পরিস্থিতিতে চীনের ওপর নির্ভরশীলতার ব্যাপারে জার্মানি চিন্তিত। আর এ কারণেই হয়তো জার্মানির পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন নীতি বজায় রাখার কথা বলছেন।
তবে পর্যবেক্ষকরা বলছেন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইউরোপকে স্বাধীন থাকার আহ্বান জানালেন যখন এর আগে ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বিশ্বে মার্কিন নেতৃত্ব তথা মোড়লিপনার যুগের অবসান ঘটতে চলেছে উল্লেখ করে চীনের ব্যাপারে শক্তিশালী ও কৌশলগত নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব অঙ্গনে চীন ও আমেরিকার কর্মকাণ্ড আসলে শক্তির খেলা।
যাইহোক, বর্তমানে ইউরোপ এই দুই বৃহৎ শক্তির ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থার কথা বলছে। ইউরোপীয় নেতাদের মতে করোনা উত্তর পরিস্থিতিতে একক নেতৃত্বের অবসান ঘটানোর জন্য সবারই উচিত চেষ্টা করা। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৭