পাকিস্তানে করোনায় ১ মন্ত্রী ও ৩ আইনপ্রণেতার মৃত্যু, আক্রান্তের রেকর্ড
https://parstoday.ir/bn/news/world-i80420-পাকিস্তানে_করোনায়_১_মন্ত্রী_ও_৩_আইনপ্রণেতার_মৃত্যু_আক্রান্তের_রেকর্ড
পাকিস্তানে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত দুই দিনে এক প্রাদেশিক মন্ত্রী ও তিন আইনপ্রণেতা মারা গেছেন। আক্রান্তের দিক থেকে আজ চীনকে ছাড়িয়ে গেছে দেশটি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৪, ২০২০ ১০:২৪ Asia/Dhaka
  • গোলাম মুর্তজা বেলুচ
    গোলাম মুর্তজা বেলুচ

পাকিস্তানে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত দুই দিনে এক প্রাদেশিক মন্ত্রী ও তিন আইনপ্রণেতা মারা গেছেন। আক্রান্তের দিক থেকে আজ চীনকে ছাড়িয়ে গেছে দেশটি।

দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিন্ধুপ্রদেশের মানব ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী গোলাম মুর্তজা বেলুচ। গত ২৩ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গোলাম মুর্তজা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিন্ধুপ্রদেশের প্রধানমন্ত্রী মুরাদ আলী শাহ।

এদিকে, গতকাল করোনায় মারা গেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইনপ্রণেতা মিয়া জামশেদ কাকাখেল এবং পাঞ্জাব আইনসভার সদস্য শওকত মানজুর চীমা। এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার মৃত্যুবরণ করেন আরেকজন আইনপ্রণেতা। এর আগেও একজন আইনপ্রণেতা মারা যান।

পাঞ্জাবে লকডাউনের মেয়াদ বৃদ্ধি

পাকিস্তানে লকডাউনের কড়াকড়ি তুলে নেয়ার পর থেকে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮০১ জন। এটি দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর মধ্যদিয়ে আক্রান্তের দিক থেকে চীনকে ছাড়িয়ে গেল পাকিস্তান। চীনে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩ হাজার ২২ জন। আর পাকিস্তানে ৮৫ হাজার ২৬৩ জন। পাকিস্তানে আজ ৮২ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়াল এক হাজার ৭৭০ জনে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।