ইরান যুদ্ধের চেয়ে কোভিডে বেশি মানুষ মারা গেছে!: জো বাইডেন
-
নর্থ ক্যারোলিনার মানুষকে করোনভাইরাসের টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য বৃহস্পতিবার ওই অঙ্গরাজ্য সফর করেন জো বাইডেন
মার্কিন বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিগত এক শতাব্দির সকল যুদ্ধের চেয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বেশি মার্কিন নাগরিক মারা গেছে। বিগত এক শতাব্দির যুদ্ধের নাম বলতে গিয়ে তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের কথাও উল্লেখ করেন যা কখনোই ঘটেনি।
তিনি গতকাল নর্থ ক্যারোলিনায় দেয়া এক বক্তব্যে একথা বলেন বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে। বাইডেন বলেন, “আমরা আমেরিকায় প্রায় এক বছর সময়ে ছয় লাখের বেশি মানুষকে হারিয়েছি।”
তিনি বলেন, “প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং ইরাক, ইরান ও আফগানিস্তানসহ বিশ্বব্যাপী যত যুদ্ধ হয়েছে তার সবগুলোতে নিহত মানুষের চেয়ে এই সংখ্যা বেশি। বিংশ শতাব্দি এবং একবিংশ শতাব্দির বড় যুদ্ধগুলোতে যত মানুষ মারা গেছে তার চেয়ে এক বছরে বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।”
১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর থেকে বিগত ৪২ বছর ধরে ইরানের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করলেও ইরানের বিরুদ্ধে কখনোই আমেরিকার বড় ধরনের যুদ্ধ বা প্রাণহানি হয়নি।
মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কেউ বাইডেনকে জিজ্ঞাসা করুন আমরা কবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি মনে হয় সে যুদ্ধের কথা স্মরণ করতে পারছি না।”
আরেকজন প্রশ্ন করেছেন, “জো বাইডেন কি এইমাত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন?”
জো বাইডেন নর্থ ক্যারোলিনার মানুষকে করোনভাইরাসের টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য বৃহস্পতিবার ওই অঙ্গরাজ্য সফর করেন। আমেরিকার শতকরা প্রায় ৬৬ ভাগ মানুষ এখন পর্যন্ত করোনার অন্তত একটি ডোজ নিয়েছেন এবং দু’টি ডোজ গ্রহণকারী মার্কিন নাগরিকের সংখ্যা ৫৬ শতাংশের কিছু বেশি।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।