সংকট নিরসনে ইরানের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান
আফগানিস্তানে চলমান সংকট নিরসনের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান ত্রিপক্ষীয় বৈঠকের যে প্রস্তাব দিয়েছে কাবুল কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি মোঃ ইব্রাহিম তাহেরিয়ান আফগানিস্তান, ইরান ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন।
আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার ইরানের এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। দু'দেশের কর্মকর্তারা পাকিস্তানসহ এই তিন দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাবিত ত্রিপক্ষীয় বৈঠককে সে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ইতিবাচক হিসেবে অভিহিত করে একইসঙ্গে আফগানিস্তান ও ইরানের মধ্যে যৌথ অর্থনৈতিক বিষয়ক কমিশনের বৈঠক অনুষ্ঠানের ওপরও গুরুত্বারোপ করেছেন।
ইরান গত এক বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে যুদ্ধ অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে ইরান তালেবান ও আফগান সরকারের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তান বিষয়ক ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি তাহেরিয়ান সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তান সফর করে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এ দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। আফগান সংকট নিরসনের জন্য কাবুল, তেহরান ও ইসলামাবাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের জন্য ইরানের প্রস্তাবের প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রীর সমর্থন থেকে বোঝা যায়, সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আঞ্চলিক উদ্যোগে বিরাজমান সংকট নিরসনের প্রতি কাবুলের সমর্থন রয়েছে।
২০২০ সালের সেপ্টেম্বর থেকে কাতারে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকে কাবুল কর্তৃপক্ষ শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক উদ্যোগ এবং সহিংস কর্মকাণ্ড থেকে তালেবানদেরকে বিরত রাখার উপর জোর নিয়ে আসছে। এ কারণে আফগান সংকট নিরসনে আঞ্চলিক যেকোনো উদ্যোগের প্রতি আফগান সরকার সবসময়ই স্বাগত জানায়। কারণ তারা জানে ইরান ও পাকিস্তান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেশী দেশ এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ অবসানে এই দুটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সীমান্ত বিরোধসহ আরো বেশ কিছু ইস্যুতে দীর্ঘদিন ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে মত বিরোধ চলে আসছে। কিন্তু তারপরও আফগান সরকার মনে করে সে দেশে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান বড় ধরনের অবদান রাখতে পারে। এ কারণে ইরান আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে যে চেষ্টা চালিয়ে আসছে তাতে ত্রিপক্ষীয় বৈঠকের ওই প্রস্তাব দিয়ে পাকিস্তানকেও শামিল করার চেষ্টা করছে ইরান যাতে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই আন্তরিক হয়।
তবে কোন কোন আফগান কর্মকর্তা মনে করেন পাকিস্তান যেহেতু আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক অন্যান্য গ্রুপেরও সদস্য তাই সিদ্ধান্ত বাস্তবায়নে পাকিস্তানকে সবচেয়ে বেশি আন্তরিক হতে হবে। যাইহোক আফগানিস্তানের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরানের ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাব গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১