পানিসীমা লঙ্ঘন করায় মার্কিন যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিয়েছি: চীন
https://parstoday.ir/bn/news/world-i94484-পানিসীমা_লঙ্ঘন_করায়_মার্কিন_যুদ্ধজাহাজকে_তাড়িয়ে_দিয়েছি_চীন
দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে চীনের সামরিক বাহিনী।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ১২, ২০২১ ১৮:৩৪ Asia/Dhaka
  • পানিসীমা লঙ্ঘন করায় মার্কিন যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিয়েছি: চীন

দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে চীনের সামরিক বাহিনী।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড আজ (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, চীনা যুদ্ধজাহাজ 'ইউএসএস বেনফোল্ড' পার্সেল দীপপুঞ্জের পানি সীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল। সেখানে প্রবেশের জন্য চীন সরকারের কোনো অনুমতি নেয়নি মার্কিন জাহাজ। কারণ আমেরিকার যুদ্ধজাহাজ চীনের পানিসীমা লঙ্ঘন করেছে।

উত্তেজনা সৃষ্টিকারী এমন কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। চীন আরও বলেছে, এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা সরাসরি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

এদিকে, মার্কিন নৌবাহিনীর সপ্তম বহর এক বিবৃতিতে চীনের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, চীনের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন। মার্কিন জাহাজ চীনের পানিসীমা নয় বরং আন্তর্জাতিক পানিসীমা অতিক্রম করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। 

আমেরিকা আন্তর্জাতিক পানিসীমায় জাহাজ পরিচালনা অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে কয়েকটি দেশের সঙ্গে চীনের বিরোধ রয়েছে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।