ভিয়েনা সংলাপে ফিরতে ইরানের নতুন সরকারের সময় প্রয়োজন: বোরেল
https://parstoday.ir/bn/news/world-i97800-ভিয়েনা_সংলাপে_ফিরতে_ইরানের_নতুন_সরকারের_সময়_প্রয়োজন_বোরেল
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরতে ইরানের নতুন সরকারের আরো বেশি সময় প্রয়োজন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২১ ০৬:৪২ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল
    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফিরতে ইরানের নতুন সরকারের আরো বেশি সময় প্রয়োজন।

তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল ‘ফ্রান্স২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে তার সাক্ষাতের উদ্ধৃতি দিয়ে একথা বলেন। বোরেল বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে ভিয়েনা সংলাপে ফেরার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। তবে তিনি বলেছেন, প্রস্তুতি নিতে ইরানের আরেকটু সময় প্রয়োজন।

এর আগে ইউরোপের এই শীর্ষ কর্মকর্তা গত বুধবার আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে ইরানকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ফেরার আহ্বান জানান।

গত এপ্রিল মাস থেকে ইরানের সাবেক রুহানি সরকারের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো ভিয়েনায় ধারাবাহিক আলোচনা করে। তবে জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ওই সংলাপ বন্ধ রয়েছে।

আমেরিকা ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যাওয়ার কারণে এটি নিয়ে চলমান অচলাবস্থা সৃষ্টি হলেও আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এজন্য উল্টো ইরানকে দায়ী করার চেষ্টা করছে। তারা কেবল ওই সমঝোতায় ইরানের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন চায়। এর পরিবর্তে পশ্চিমা দেশগুলো কোনো প্রতিশ্রুতি পূরণ করতে রাজি নয়। এর প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার অসংলগ্ন আচরণ চলতে থাকলে ভিয়েনা সংলাপ আবার শুরু করে কোনো লাভ হবে না।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।