জানুয়ারি ০৭, ২০২২ ১৫:৩৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ না: অধ্যাপক সৈয়দ আনোয়ার-প্রথম আলো
  • বগুড়ায় গুলিতে ৪ জন নিহত: ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা-মানবজমিন
  • করোনায় ফের সংক্রমণ বাড়ছে-ইত্তেফাক
  • খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার সমাবেশ -যুগান্তর
  • ওসিকে সংসদ সদস্য শম্ভুর চাপ- ফোনালাপ ফাঁস-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ‘মোদির নিরাপত্তায় গলদ বিরলতম ঘটনা, লজ্জায় পড়তে পারে দেশ’, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র-সংবাদ প্রতিদিন
  • ভার্চুয়াল কর্মসূচিতে মোদীকে পেয়ে সটান রাজ্যপাল ধনখড়ের নামে নালিশ মমতার-আনন্দবাজার পত্রিকা
  • ওমিক্রনের সংক্রমণ হার বিপজ্জনক, একে ‘মৃদু’ ভাবলে বিপদ বাড়বে: WHO -আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ডদ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় নিহত ৪

বগুড়ায় গুলিতে ৪ জন নিহত: ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নে ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাইচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আাসামিদের নাম অজ্ঞাত রাখা হয়েছে।গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।। তাছাড়া চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু হয়েছে।

সীমান্তে হত্যা: ১১ বছরেও ফেলানী হত্যার সঠিক বিচার পায়নি পরিবার

ফেলানী হত্যার ১১ বছর: কাঙ্ক্ষিত বিচার পায়নি পরিবার-দৈনিক যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে নাগেশ্বরীর কিশোরী ফেলানী হত্যার এগারো বছর আজ। এত বছরেও কাঙ্ক্ষিত বিচার পায়নি পরিবার। আজ নিজ বাড়িতে পালন করা হচ্ছে তার ১১ম মৃত্যুবার্ষিকী। এদিকে ঢাকাস্থ নাগরিক পরিষদ ফেলানীর কবর জিয়ারত ও সেখানে সমাবেশের আয়োজন করেছে। পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন জানান, এ সমাবেশের মাধ্যমে তারা ফেলানী হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের ফাঁসি, ফেলানীর পরিবারসহ সীমান্ত আগ্রাসনে ক্ষতিগ্রস্ত সব ব্যক্তি ও তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ঢাকা উত্তর সিটি করপোরেশন পার্ক রোডের নাম ফেলানী সরণি রাখার দাবি জানাবেন। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বরাবর বিশ্বব্যাপী সীমান্ত হত্যা বন্ধ ও ৭ জানুয়ারি ফেলানী দিবস পালনের জন্য জাতিসংঘ মহাসচিব বরাবর ২০১৫ সালে তারা একটি স্মারকলিপি প্রদান করেছিলেন। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্ত চিকিৎসার দাবিতে শনিবার সমাবেশের ডাক দিয়েছে নারী ও শিশু অধিকার ফোরাম। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সরকার ভিন্নমত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।তিনি বলেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রে বিশ্বাসী। তারা কোনো ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তাভাবনা সহ্য করে না। তাই ক্ষমতা ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীর ওপর পুলিশ লেলিয়ে দিয়েছে। গতকাল তিনি এসব অভিযোগ করেন।

এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ না: অধ্যাপক সৈয়দ আনোয়ার-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই—এমন দাবি নিয়ে আন্দোলনরত সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ১০ম ত্রিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার সকালে শুরু হয়েছে।

করোনায় ফের সংক্রমণ বাড়ছে-ইত্তেফাক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে। তবে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। দেশে প্রায় ৩ মাস পর করোনা সংক্রমণে আবারও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনমে এরকম-খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে: তথ্যমন্ত্রী

বিস্তারিত খবরে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত দল। লাশ ও বন্দুকের নল দিয়ে ক্ষমতায় ছিল। খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে, আমরা কেন হব ?হাছান মাহমুদ বলেন, বিএনপি সরাসরি ইউপি নির্বাচনে না থাকলেও তারা অন্য ফরম্যাটে আছে।রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ বিষয়ে মন্ত্রী বলেন, সংলাপের চিঠি বিএনপি গ্রহণ করেছে। অংশ নিয়ে তারা তাদের আপত্তি জানাতে পারে। এটাই একটি দলের জন্য ভালো হবে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

ওমিক্রনের সংক্রমণ হার বিপজ্জনক, একে ‘মৃদু’ ভাবলে বিপদ বাড়বে: WHO-আজকালের এ খবরে লেখা হয়েছে, করোনার নতুন প্রজাতি ওমিক্রন দারুণ ছোঁয়াচে। প্রথম থেকেই বলে আসছিলেন বিজ্ঞানীরা। তবে অনেকেই মনে করছিলেন, এই ওমিক্রন ততটাও মারাত্মক নয়। এবার সেই মতেরই বিরোধিতা করল হু। জানিয়ে দিল, সারা দুনিয়ায় বহু মানুষকে মারছে এই ওমিক্রন। তাই এই নতুন প্রজাতিকে ‘মৃদু ভাবলে বিপদ রয়েছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু–র প্রধান টেডরোস ঘেব্রেয়িসাস বললেন, গোটা পৃথিবী জুড়ে লাখ লাখ মানুষ রোজ আক্রান্ত হচ্ছেন এই ওমিক্রনে। হাসপাতালে জায়গা নেই। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী ডেল্টা প্রজাতিকেও হার মানিয়েছে।

‘মোদির নিরাপত্তায় গলদ বিরলতম ঘটনা, লজ্জায় পড়তে পারে দেশ, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গলদ বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে ভারতকে। শুক্রবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহেতা শুক্রবার সুপ্রিম কোর্টে জানিয়েছেন, বুধবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল। যা ভারতের জন্য আন্তর্জাতিক লজ্জার কারণ হতে পারে। এদিন শুনানি চলাকালীন সরাসরি এই ঘটনার দায় পাঞ্জাব পুলিশ এবং পাঞ্জাব সরকারের উপর ঠেলেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। তিনি বলেন,”পাঞ্জাব সরকার এবং পুলিশ দু’জনেই এই ঘটনার জন্য দায়ী।

ভার্চুয়াল কর্মসূচিতে মোদীকে পেয়ে সটান রাজ্যপাল ধনখড়ের নামে নালিশ মমতার-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে ছিল ভার্চুয়াল মাধ্যমে চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে পেয়ে সোজা রাজ্যপালের নামে নালিশ ঠুকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কী নিয়ে নালিশ?

বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে গতি আনতে সম্প্রতি বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিকদের নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। এই বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ ভার্চুয়াল সভায় মুখ্যমন্ত্রী মমতা বলেন, জানেন না কেন্দ্রের পরামর্শ মেনেই নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।’’মমতা আরও বলেন, ‘‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কেন্দ্রের পরামর্শ আমরা নব্বই শতাংশ মেনে চলার চেষ্টা করি।’’

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/০৭