কথাবার্তা
ইউপি নির্বাচনে সহিংসতা- শিশুসহ নিহত ২, জন্মনিবন্ধন বিড়ম্বনায় কোটি মানুষ!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা‘কিসের ভোট, কিসের নির্বাচন, আমার ছেলেকে এনে দিতে বলেন’-প্রথম আলো
- ফের করতে হবে আবেদন-জন্মনিবন্ধন বিড়ম্বনায় কোটি মানুষ-মানবজমিন
- ভোটের আগের রাতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক-মানবজমিন
- যুক্তরাষ্ট্রে আবারও কৃষ্ণাঙ্গ যুবক হত্যা, বিক্ষোভে হাজারো মানুষ-ইত্তেফাক
- ওসি প্রদীপকে দিয়ে পদকের মর্যাদা ভূলুন্ঠিত হয়েছে- আদালত-যুগান্তর
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- কাশ্মীরে একতরফা একশনের বিরোধী চীন-সংবাদ প্রতিদিন
- ‘দেবদূত’ এসে বাঁচাবে! কলকাতায় ১১ তলা থেকে লাফ মেরে প্রাণ গেল কিশোরের-আনন্দবাজার পত্রিকা
- উত্তরপ্রদেশেও ‘ছাপ’ ফেলতে লখনউ যাচ্ছেন মমতা, অখিলেশের সঙ্গে একাধিক জনসভা -আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
এই সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না: মির্জা ফখরুল- প্রথম আলো,কালের কণ্ঠসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না। আজ এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে। তাই সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশাও নেই বিএনপির। নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ১০ জন করে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে সার্চ কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এদিকে একদাশ জাতীয় সংসদ নির্বাচন ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছু নয় ; নির্বাচন কমিশন মাহবুব তালুকদার প্রথম আলোকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি আরও বলেছেন,নির্বাচন জনমানসের প্রতিফলন অপরিহার্য। বিরোধী দলগুলো অংশগ্রহণ না করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আগামী সংসদ নির্বাচন নিয়ে তিনি উদ্বে প্রকাশ করেছেন।
নির্বাচনকে ঘিরে সহিংসতা, প্রাণ গেল দুজনের-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আজ দুজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে তাসিব নামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া ১৩ বছরের এক কিশোর রয়েছে। সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল।
আর মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের রাতে অস্ত্র নিয়ে মহড়া দেয়ার সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীকে ৪ সহযোগীসহ আটক করেছে স্থানীয়রা। এসময় এই যুবলীগ নেতার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফের করতে হবে আবেদন-জন্মনিবন্ধন বিড়ম্বনায় কোটি মানুষ-মানজমিন
২০১১ সালের আগে জন্মনিবন্ধন করে সনদ নিয়েছেন এমন নাগরিকদের বেশির ভাগের জন্মনিবন্ধনের তথ্য সংরক্ষিত নেই সরকারের কাছে। তাদের নিবন্ধন উধাও হয়ে গেছে। এসব ব্যক্তির জন্মনিবন্ধন অনলাইন সার্ভারে পাওয়া যাচ্ছে না। ফলে বাচ্চাদের জন্মসনদ গ্রহণ কিংবা জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন কোটি কোটি মানুষ। এখন ভোগান্তিতে পড়া নাগরিকদের নতুন করে অনলাইনে জন্মনিবন্ধন করাতে হবে। ইস্যুকৃত জন্মনিবন্ধন সার্ভারে এন্ট্রি না দেয়ায় এ ভোগান্তির সৃষ্টি হয়েছে। তবে ভোগান্তির পেছনে দায় কাদের তা নির্ধারণ করতে পারেনি সরকার। সাধারণত জন্মনিবন্ধনের দায়িত্ব স্থানীয় সরকার প্রতিষ্ঠান তথা সিটি করপোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের। কিন্তু স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, এই কাজটি সরকারের কোনো কর্মচারী সরাসরি সম্পৃক্ত না থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ওপর দায় চাপাচ্ছেন তারা।
যুক্তরাষ্ট্রে আবারও কৃষ্ণাঙ্গ যুবক হত্যা, বিক্ষোভে হাজারো মানুষ-ইত্তেফাক
মার্কিন যুক্তরাষ্ট্রে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শহরের রাজপথে ব্যাপক বিক্ষোভ করে সাধারণ মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ ফেব্রুয়ারি) হাজারো বিক্ষোভকারী এ হত্যার বিচারের দাবিতে মিছিল করেন। দুই বছর আগে এই শহরেই শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হয়েছিলেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড।
ঘটনাটি ঘটেছে গত বুধবার। মিনিয়াপোলিসে নিহত আমিরের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় পুলিশ। সে সময় পুলিশের গুলিতে নিহত হন ২২ বছর বয়সী আমির। হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে তীব্র শীত উপেক্ষা করেই শনিবার শহরের কেন্দ্রস্থলে শান্তিপূর্ণ বিক্ষোভ ও মিছিল হয়। সেখানে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীরা ‘বিচার নেই, শান্তি নেই’ স্লোগান দেন। ওই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার, শহররের মেয়র ও পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করেন তারা।
বুধবার হত্যাকাণ্ডের পরদিন পুলিশের পক্ষ থেকে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, তল্লাশির সময় বিছানায় শুয়ে ছিলেন আমির। পুলিশ তালা খুলে তার বাসায় প্রবেশ করে। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে পিস্তল তাক করেন। তবে গুলি ছোড়েননি। এর পরপরই পুলিশের গুলিতে নিহত হন তিনি। আমিরকে লক্ষ্য করে তিনটি গুলি চালানো হয়।
এদিকে, দুই বছর আগে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছিল মিনিয়াপোলিসবাসী। পরে বর্ণবাদবিরোধী ওই বিক্ষোভ পুরো যুক্তরাষ্ট্রে ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ফ্লয়েডকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে সাড়ে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
‘দেবদূত’ এসে বাঁচাবে! কলকাতায় ১১ তলা থেকে লাফ মেরে প্রাণ গেল কিশোরের
খুবই দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। ওয়েব সিরিজ দেখে অনুপ্রাণিত! বহুতলের ১১ তলা থেকে লাফ দিয়ে প্রাণ গেল বিরাজ পাচিশিয়া নামে এক কিশোরের। শনিবার ফুলবাগানের একটি অভিজাত আবাসনে ঘটনাটি ঘটেছে। আবাসনের সুইমিং পুলের পাশ থেকে উদ্ধার হয়েছে বিরাজের দেহ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, একটি জাপানি ওয়েব সিরিজ দেখার পরই বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে ওই কিশোর।
অতীতেও দেখা গিয়েছে, ব্লু হোয়েল, পাবজি-র মতো মোবাইল গেম খেলায় মেতে প্রাণ গিয়েছে বহু শিশুর। ইদানীং শিশুদের মধ্যে আচরণগত নেশা বাড়ছে বলে জানান মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘সিগারেট, মদ্যপানের মতো বা কেমিক্যাল নেশার মতোই আচরণগত নেশা হয়ে থাকে। মোবাইলে গেম খেলা বা কোনও ছবি-সিরিজ বা সিরিয়াল দেখার নেশা এই পর্যায়ে পড়ে। অতিমারি-পর্বে দেখা গিয়েছে, অনলাইন ক্লাস চলাকালীন আলাদা উইন্ডো খুলে অন্য কাজ করছে বাচ্চারা। আগে বাচ্চারা মাঠে খেলাধুলো করত, এখন মোবাইলে গেম খেলে। বাচ্চারাও নিজেদের প্রমাণ কর
কাশ্মীরে একতরফা একশনের বিরোধী চীন-সংবাদ প্রতিদিন
কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে শান্তিশূর্ণ ভাবে। কাশ্মীর নিয়ে একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। এতে পরিস্থিতি আরও জটিল হবে। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর এ কথাই স্পষ্ট করে দিল চিন।
চারদিনের সফরের চতুর্থ দিন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইমরান (Imran Khan)। যেখানে চিন ও পাকিস্তানের মধ্যে আর্থিক করিডরের কাজের প্রসঙ্গ প্রথম উঠে আসে। কাজ দ্রুতগতিতে না এগোনোয় উদ্বেগ প্রকাশ করেন জিনপিং (Xi Jinping)। পাশাপাশি পাকিস্তানকে আরও জঙ্গিদমন করার পরামর্শও দেওয়া হয়।
এদিকে বৈঠকের পর কাশ্মীর ইস্য়ুতে চিন ও পাকিস্তানের তরফে যৌত বিবৃতিতে বলা হয়, দুই দেশই চায় দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় থাকুক। তাই যাবতীয় সমস্যার সমাধান শান্তিপূর্ণ পথেই করতে হবে। এরপর চিন জানায়, জম্মু ও কাশ্মীরের বর্তমান অবস্থার কথা জানিয়েছে পাকিস্তান। তবে কাশ্মীর নিয়ে কোনও একতরফা সিদ্ধান্তের পথে হাঁটতে রাজি নয় চিন। এতে জটিলতা বাড়বে। উল্লেখ্য, এর আগে লাদাখকে নিজেদের অংশ বলে দাবি করায় ভারত তার তীব্র বিরোধিতা করেছিল।
উত্তরপ্রদেশেও ‘ছাপ’ ফেলতে লখনউ যাচ্ছেন মমতা, অখিলেশের সঙ্গে একাধিক জনসভা-আজকাল
সর্বভারতীয় রাজনৈতিক দল হয়ে ওঠার প্রচেষ্টায় রয়েছে তৃণমূল।
ত্রিপুরার পুরভোটে অংশ নেওয়ার পর গোয়ার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে তারা। আগামী বছর ত্রিপুরার বিধানসভা নির্বাচনেও নজর রয়েছে বাংলার শাসকদলের। তবে তারও আগে আছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, আর সেই আবহেই যোগী আদিত্যনাথের রাজ্যে ‘জরুরি’ সফরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টির রাজ্যেও ছাপ ফেলতে চায় তাঁর দল। মমতা আগেই জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের নির্বাচনে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিকে সমর্থন জানাবেন তিনি।
ডাইনি অপবাদে ১ হাজার মানুষকে পিটিয়ে হত্যা! আইএএনএস’র প্রতিবেদন
প্রতিদিন গড়ে তিনজন ডাইনি শিকারের ঘটনা রেকর্ড করা হয়। গত ২২ বছরে এক হাজার মানুষকে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের ঝাড়খণ্ডে। চলতি বছরে এ পর্যন্ত পাঁচজন, এই কুসংস্কারের কারণে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ড পুলিশের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেয়েছে। রিপোর্ট বলা হয়েছে, ডাইনি অপবাদে পিটিয়ে খুনের ঘটনায় এক হাজার জনের মধ্যে ৯০ শতাংশই মহিলা।একবিংশ শতাব্দীতে রাজ্যে ডাইনি অপবাদে পিটিয়ে খুন। এই কুসংস্কারে সবচেয়ে বেশি ঘটে ঝাড়খণ্ডে। ২০০০ সালে বিহার থেকে পৃথক হয়ে স্বতন্ত্র রাজ্য হিসাবে ঘোষণা করা হয় ঝাড়খণ্ডকে। প্রতিবেদনের তথ্য থেকে জানা যায়, ২০২১ সালে ২৪ জন এই কুসংস্কারের শিকার হয়েছেন।
২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি। গুমলা জেলায় পাঁচজনকে ধারাল অস্ত্র দিয়ে খুনের অভিযোগ ওঠে আট জনের বিরুদ্ধে। সেখানেও কারণ সেই এক ডাইনি অপবাদ। তার আগের দুমাসে তিন জন এই কুসংস্কারের বলি হন। ঝাড়খণ্ড পুলিশের রিপোর্ট অনুযায়ী, গত সাত বছর ধরে প্রতি বছর গড়ে ডাইনি সন্দেহে খুনের ঘটনা ৩৫টি। সিআইডি-র রিপোর্ট থেকে জানা যায়, ২০১৫ সালে ডাইনি সন্দেহে ৪৬ জন মহিলাকে পিটিয়ে মারা হয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭