ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
আমার বাবা, আইলো না', বিমানবন্দরে হাদিসুরের বাবা-মায়ের আকুতি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন: জেলেনস্কি -প্রথম আলো
- বাইডেনকে পাত্তাই দিচ্ছেন না সৌদি ও আমিরাতের যুবরাজ! -যুগান্তর
- আমার বাবা, আইলো না', বিমানবন্দরে হাদিসুরের বাবা-মায়ের আকুতি -ইত্তেফাক
- আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুশাসন নিরুদ্দেশ হয়: ফখরুল -দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার, মোদিকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- যত গর্জন করে তত বর্ষায় না’, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর– সংবাদ প্রতিদিন
- ভারতীয় দূতাবাস, মোদিকে ধন্যবাদ’, ইউক্রেন থেকে উদ্ধারের পর বার্তা এই পাকিস্তানি ছাত্রীর -আজকাল
- ১০ তলা থেকে পড়ে প্রেসিডেন্সির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের -আনন্দবাজার পত্রিকা
ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন: জেলেনস্কি -প্রথম আলো্
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পাওয়ার বিষয়টিতে আর জোর দিচ্ছেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলেনস্কি একজন দোভাষীর মাধ্যমে এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তাঁর সাক্ষাৎকারটি গত সোমবার রাতে প্রচার করা হয়। এই সাক্ষাৎকারে তিনি ন্যাটোর সদস্য পদ নিয়ে কথা বলেন। ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ–সম্পর্কিত প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তিনি অনেক আগেই এ ব্যাপারে শান্ত হয়েছেন, যখন তাঁরা বুঝতে পেরেছেন যে ইউক্রেনকে গ্রহণ করতে ন্যাটো প্রস্তুত নয়। তাই তিনি এখন আর ন্যাটোর সদস্য পদ পাওয়ার বিষয়টিতে জোর দিচ্ছেন না।
ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার, মোদিকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা-কালের কণ্ঠ
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে আনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাদের এক টুইট বার্তায় এ তথ্য জানায়। হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে বলেছে, রাশিয়ার হামলার পর ইউক্রেনে আটকা পড়ে বিভিন্ন দেশের নাগরিক। সেখান থেকে ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করে ভারত সরকার। অপারেশন গঙ্গা'র মাধ্যমে দেশটি শুধু ভারতীয়ই নয়, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, তিউনিশিয়াসহ অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করা হয়েছে।
বাইডেনকে পাত্তাই দিচ্ছেন না সৌদি ও আমিরাতের যুবরাজ! -যুগান্তর
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে বড় সংকটে রয়েছে ওয়াশিংটন। এই সংকট কাটাতে রাশিয়ার বিকল্প হিসেবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পাশে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু দেশ দুটির শীর্ষ নেতারা নাকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাত্তাই দিচ্ছেন না। বাইডেন তাদের ফোনে পাচ্ছেন না। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাত দিয়ে ইয়েনি শাফাকের খবরে এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলার চেষ্টা করছেন। তিনি ফোনালাপ আয়োজনের নির্দেশ দেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ উভয় নেতাই প্রত্যাখ্যান করেছেন।
আমার বাবা, আইলো না', বিমানবন্দরে হাদিসুরের বাবা-মায়ের আকুতি -ইত্তেফাক
ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের বৃদ্ধ বাবা-মা ও ভাইয়ের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। 'ওরে আমার বাবা, আইলো না' চিৎকার করে কাঁদছে হাদিসুর রহমানের বৃদ্ধ বাবা-মা। বুধবার (৯ মার্চ) দুপুরে এমভি বাংলার সমৃদ্ধির ২৮ জন ক্রুয়ের সঙ্গে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে না আসায় তার বাবা আব্দুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই বিলাপ করছিলেন। বুধবার বেলা ১২টায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিকদের বহনকারী টার্কিস এয়ারলাইন্সের ফ্লাইট ৭২২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে যান হাদিসুরের বাবা-মা ও ভাই।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুশাসন নিরুদ্দেশ হয়: ফখরুল -দৈনিক বাংলাদেশ প্রতিদিন
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ থেকে সুশাসন নিরুদ্দেশ হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ মার্চ) গণমাধামে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতন অব্যাহত রেখেছে। যেহেতু সরকারের জনসমর্থন নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতি অবলম্বন করে নিজেদের কর্তৃত্ববাদী শাসন জার রেখেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ থেকে সুশাসন নিরুদ্দেশ হয়ে যায়।
যত গর্জন করে তত বর্ষায় না’, বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর– সংবাদ প্রতিদিন
মঙ্গলবারের পর বুধবারও বিধানসভায় হট্টগোল বাঁধাল বিজেপি (BJP)। এদিন রাজ্যপালের বক্তব্যের জবাবি ভাষণ দিতে উঠলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বাধা দেওয়া হয়। হইচই শুরু করে দেন গেরুয়া শিবিরের বিধায়করা। তবু বক্তব্য থামাননি মুখ্যমন্ত্রী। বরং বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, “হাউসে বিজেপির মস্তানি চলছে।” একইসঙ্গে তাঁর কটাক্ষ, “ওঁরা যত গর্জন করে তত বর্ষায় না। ওরা শুধু বিশৃঙ্খলা করে।”
এদিন বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলা সবকিছুতে পিছিয়ে ছিল। এখন বাংলা উন্নয়নের শিখরে।
১০ তলা থেকে পড়ে প্রেসিডেন্সির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের -আনন্দবাজার পত্রিকা
বুধবার সকাল ১০টা নাগাদ উপর থেকে ভারি কিছু পড়ার শব্দ শোনেন আবাসনের বাসিন্দারা। দ্রুত সে দিকে ছুটে গেলে পার্থকে পড়ে থাকতে দেখেন আবাসিকরা। সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সল্টলেকে কলকাতা পুলিশের আবাসনের ১০ তলা থেকে পড়ে মৃত্যু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার। বছর বাইশের ওই তরুণ আত্মহত্যা করেছেন কি না, খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে। সল্টলেকের এএফ ব্লকের কলকাতা পুলিশ আবাসনে ১০ তলার উপর থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান।
ভারতীয় দূতাবাস, মোদিকে ধন্যবাদ’, ইউক্রেন থেকে উদ্ধারের পর বার্তা এই পাকিস্তানি ছাত্রীর -আজকাল
রুশ হামলা যখন শুরু হয়, তখন ইউক্রেনে আটকে পড়েছিলেন প্রায় ২০ হাজার ভারতীয়। বেশিরভাগই পড়ুয়া। ২২ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন গঙ্গা’–র অধীনে তাঁদের দেশে ফেরানো হচ্ছে। শুধু নিজের দেশের নাগরিকদের নয়, পড়শি দেশের নাগরিকদেরও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার করে এনেছে ভারত। সেজন্য এবার ভারতীয় দূতাবাস এবং প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানালেন এক পাকিস্তানি ছাত্রী। সেই ভিডিও ভাইরাল। জানা গিয়েছে, ছাত্রীর নাম আসমা শাফিক। ইউক্রেনে যুদ্ধের কারণে আটকে পড়েছিলেন। তাঁকে ভারতীয় পড়ুয়াদের সঙ্গেই উদ্ধার করে দিল্লির দূতাবাস।
পার্সটুডে/বাবুল আখতার/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।