নভেম্বর ০৭, ২০২২ ১৭:৫১ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আসর 'প্রিয়জন'। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজকের অনুষ্ঠানও শুরু করব একটি বাণী শুনিয়ে। নবীবংশের মহান ইমাম হযরত জাফর সাদিক (আ.) বলেছেন: "সুখের সময় আল্লাহর নেয়ামত হলো- অনুগ্রহ আর কষ্টের মধ্যে তাঁর নেয়ামত হলো- গুনাহ থেকে পবিত্র হওয়া।"

আকতার জাহান: আমরা সবাই মহান আল্লাহর অনুগ্রহ লাভে সচেষ্টা হব এবং গুনাহ থেকে পবিত্র থাকার চেষ্টা করব- এ প্রত্যাশায় নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেইলের দিকে।

আসরের প্রথম চিঠিটি এসেছে ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে। আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা আনন্দমোহন বাইন। তেহরানের ঠিকানায় সরাসরি পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ৫ জুন প্রচারিত বিশেষ অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে, ফার্সি ১৫ খোরদাদ ইরানের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল দিন। ১৯৬৩ সালের এই দিনে ইরানে স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল ঐতিহাসিক ১৫ খোরদাদ গণজাগরণ। এই বিপ্লবে নেতৃত্ব দেন ইমাম খোমেনী।"

চিঠির শেষাংশে এ শ্রোতাবন্ধু জানতে চেয়েছেন- আমি কিছু পত্র পোস্টের মাধ্যমে পাঠিয়েছি থাকি। আপনারা সেগুলো পান কিনা জানাবেন।

নাসির মাহমুদ: ভাই আনন্দ মোহন বাইন, তেহরানের ঠিকানায় আপনার পাঠানো সবগুলো চিঠিই আমরা পাচ্ছি। তবে অনেক দেরিতে। তারপরও ডাকযোগে চিঠি পাঠানোয় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদী থানার কাটাবাড়িয়া থেকে এসটি তাইজুল ইসলাম পাঠিয়েছেন এবারের চিঠিটি। ইমেইলে পাঠানো ছোট্ট চিঠিতে তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রতিটি প্রচার আমাকে মুগ্ধ করে। সরকারি দায়িত্বে ব্যস্ত থাকা সত্ত্বেও আমার রেডিও তেহরান শুনতে ভুল হয় নাআমি এ বেতার থেকে পবিত্র কোরআন তেলাওয়াত এবং এর অর্থ শুনতে পারি যা আর কোনো বেতারে শুনতে পাই না। দেশ-বিদেশের নিত্য নতুন ও বস্তুনিষ্ঠ খবরাখবর আমরা একমাত্র রেডিও তেহরানের বিশ্ব সংবাদের মাধ্যমে শুনতে পারি যা আমাদের অনেক উপকারে আসে। আমি রেডিও তেহরানের আগামী পথ চলার সফলতা কামনা করছি।

আশরাফুর রহমান: সরকারি দায়িত্বে ব্যস্ত থাকা সত্ত্বেও নিয়মিত রেডিও তেহরান শুনছেন এবং উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগল। চিঠি লিখে বিষয়টি আমাদেরকে জানানোয় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে এসেছে এবারের মেইলটি।

আকতার জাহান: আর পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল- তাই না?

আশরাফুর রহমান: হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বালুরঘাট ঢাকা কলোনী মানেই তো বিধান দাদা। এই মেইলে তিনি ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে মূল্যায়ন করেছেন এভাবে-

নাসির মাহমুদ: “ইরানে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেইনীর সুযোগ্য উত্তরসূরী বর্তমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খোমেনেয়ীর কণ্ঠে বারবার ধ্বনিত হচ্ছে উন্নত ও সমৃদ্ধ  ইরানের জন্য আগামীর শপথ। কর্তব্যে তিনি কঠিন, নিজের বিশ্বাসে তিনি সূর্যের মতো। তাঁর দূরদর্শিতা, বিজ্ঞতা আর উদ্ভাবনী নেতৃত্বের শক্তিতে তিনি অনন্য হয়ে উঠেছেন। তাঁর চরিত্রের এত বৈচিত্র্য, ইসলামের প্রতি অগাধ জ্ঞান এবং ইসলামী ঐক্যের প্রতি নিমগ্নতা, ইরানের প্রতি এত মমত্ববোধ- কল্পনাতীত। এক কথায় বিরল। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই পত্র শেষ করছি।”

আকতার জাহান: আমরাও ইরানের সর্বোচ্চ নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তো, চমৎকার লেখাটির জন্য বিধান চন্দ্র সান্যাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের পর আবারো বাংলাদেশের চিঠি। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা।

তিনি লিখেছেন, “মহানবীর জন্মদিন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রচারিত বিশেষ রংধনুর আসরটি আমি ওয়েবসাইটে শুনলাম। অনুষ্ঠানে বাংলাদেশি শিশু তাসমিয়া, অয়ন, ইরফান ও ইরানের অনাহিতার কণ্ঠে নবীজিকে ভালোবাসার কারণ সংক্রান্ত প্রাণবন্ত সাক্ষাৎকার ও কবিতা আবৃত্তি খুব ভালো চমৎকার হয়েছে। মহানবীকে নিয়ে অনাহিতার কণ্ঠে ইরানি কবি শেখ সাদীর ফার্সি কবিতাআবৃত্তি খুব সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে। ইরফানুলের কণ্ঠে আরবী নাতে রাসুলও খুব ভালো লেগেছে। বাংলাদেশ ও ইরানের চারজন শিশুর অংশগ্রহণে সাজানো রংধনুর বিশেষ আসরটি সত্যেই অনবদ্য ও মনে রাখার মতো একটি সুন্দর অনুষ্ঠান।”  

চিঠির শেষাংশে এই শ্রোতাভাই ইরানি কোনো বিখ্যাত শিল্পীর কণ্ঠে ফার্সি ভাষায় লেখা একটি নাতে রাসুল শোনানোর অনুরোধ জানিয়েছেন।

আশরাফুর রহমান: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ রংধনু আসরটি আপনিসহ অনেকে শ্রোতার প্রশংসা পেয়েছে। সবার প্রশংসা পেয়ে অনুষ্ঠান তৈরি স্বার্থক হয়েছে বলে আমরা মনে করিতো আব্দুল হাকিম ভাই, আপনার অনুরোধের গানটি আজকের অনুষ্ঠানের শেষের দিকে প্রচার করার ইচ্ছে পোষণ করছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থানার ঝাউবনা গ্রাম থেকে হামিম হোসেন মণ্ডল (বুলবুল) পাঠিয়েছেন এবারের মেইলটি।

নাসির মাহমুদ: বুলবুল ভাই মনে হয় অনেকদিন পর চিঠি লিখলেন- তাই না?

আশরাফুর রহমান: হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। চলতি বছরে লেখা এটিই প্রথম চিঠি তার। আমি বরং তার চিঠি থেকেই কিছু অংশ পড়ে শোনাচ্ছি। বুলবুল ভাই লিখেছেন, যারা সংবাদ জানতে আগ্রহী তথা বিশ্বের খবরাখবর জানতে প্রবল ইচ্ছুক তাদেরকে অবশ্যই নিজের মাতৃভাষায় 'রেডিও তেহরান' শুনতে হবে। এখন প্রথাগত রেডিও ছাড়াও ইন্টারনেটে রেডিও শোনা যাচ্ছে। ফলে একটি স্মার্টফোন আর তাতে ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট, সময়মতো ওয়েবসাইট ভিজিট করে বিকল্প বাছলে যে কোনো স্থানেই 'রেডিও তেহরান' বেজে উঠবে, উঠছেও। 'রেডিও তেহরান'-এর অনুষ্ঠান যেন নিরবচ্ছিন্নভাবে চলতেই থাকে সবসময় ভবিষ্যতের দিকে এই কামনা করছি।”

আকতার জাহান: 'প্রকৃত সত্য চাপা পড়ে যায় বিজ্ঞাপনে, বস্তুনিষ্ঠতা পাই রেডিও তেহরানে'- এই শিরোনামে হামিম হোসেন মণ্ডল বুলবুল ভাইয়ের লেখাটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আশা করি আগ্রহীরা পড়ে নেবেন। তো চমৎকার চিঠিটির জন্য বুলবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। (অ্যানাউন্স)

নাসির মাহমুদ: বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ীর রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসাইন পাঠিয়েছেন এবারের মেইলটি।

শরতের শুভ্র কাশফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "রেডিও তেহরান একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া সংবাদ পরিবেশনের পাশাপাশি এই বেতার কেন্দ্র প্রচার করে বস্তুনিষ্ঠ ও জীবনঘনিষ্ঠ নানা অনুষ্ঠান। রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ভিজিট করলে যে কেউ অবাক হতে বাধ্য কারণ বস্তুনিষ্ঠ খবরের পাশাপাশি সুন্দর ও ব্যতিক্রমী অনুষ্ঠান দিয়ে সাজানো এত ভালো মানের বাংলা ভাষার ওয়েবসাইট আমরা খুব কম দেখতে পাই। রেডিও তেহরান শ্রোতাদের শুধু  সংবাদ ও বিনোদনের খোড়াক মিটিয়ে থাকে তা নয়, সংবাদ ও বিনোদনের পাশাপাশি শ্রোতাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি সপ্তাহে প্রচারিত হয় জনপ্রিয় ধারাবাহিক স্বাস্থ্য কথা।"

এরপর শাওন ভাই ১৯ অক্টোবর স্বাস্থ্যকথা অনুষ্ঠানে শিশুর অতি চঞ্চলতা বা এডিএইচটি রোগ সম্পর্কে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলামের আলোচনা থেকে উপকৃত হয়েছেন বলে উল্লেখ করেছেন।

আশরাফুর রহমান: স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগল। তো সুন্দর মতামতের জন্য শাওন হোসাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এবারের চিঠিটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে আল-আমিন সেখ হিরামন।

তিনি লিখেছেন, "এতদিন শিক্ষা লাভ করেছি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও আমার গুরুজনদের কাছ থেকে। কিন্তু আমার মনে হয়- শিক্ষার কোনো জানা শেষ নেই। সে আশা পূরণ করছে রেডিও তেহরান বাংলা। অর্থসহ কুরআন থেকে তেলাওয়াত, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা, গল্প ও প্রবাদের গল্পসহ রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান মন ছুঁয়ে যাওয়া মতো। আমার কাছে জীবন মানে রেডিও তেহরান বাংলা।"

আকতার জাহান: রেডিও তেহরানকে নিজ জীবনের সাথে তুলনা করায় বুঝতে পারছি আপনার এ বেতারকে কতটা ভালো বাসেন। তো মতামতসমৃদ্ধ ইমেইলের জন্য আল-আমিন সেখ হিরামন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের মাদারীপুর জেলার শ্রীনাথদীর স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাবের সভাপতি মো. রাসেল সিকদার পাঠিয়েছেন এই মেইলটি। তিনি আমাদের কয়েকটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। ইসলাম ও ইরানি পরিবারবিষয়ক অনুষ্ঠান 'সুখের নীড়' অনুষ্ঠান সম্পর্কে লিখেছেন- "সুখের নীড় অনুষ্ঠানটি আমার অনেক প্রিয় একটি অনুষ্ঠান। গত সপ্তাহে অনুষ্ঠানের শুরুতে মহানবী (সা.)-এর একটি বাণী দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান থেকে বিয়ের উপকারিতা সম্পর্কে জেনে অবাক হলাম। বিয়ে দেহ ও মনে সুস্থতা আনে। অকাল মৃত্যুর ঝুঁকি ১৫ শতাংশ কমায়। হাসপাতালে যে সব রোগী ভর্তি হয় তার মধ্য বিবাহিতরা দ্রুত সেরে ওঠে। ৩৮২ জন হৃদরোগ আক্রমণ রোগীর উপর দশ বছর ধরে সমীক্ষা চালিয়ে দেখা গেছে বিবাহিতদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৬ শতাংশ কম।

এরপর স্বাস্থ্য কথা অনুষ্ঠানে ডেঙ্গু জ্বর সম্পর্কে ডা. কবিরুল হাসানের আলোচনাটি অনেক ভালো লেগেছে বলে জানিয়েছেন। 

নাসির মাহমুদ: বাংলাদেশের মেহেরপুর জেলার কুলবাড়ীয়া গ্রাম থেকে মোঃ বানি আমিন বিশ্বাস। তিনি লিখেছেন, "আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের তথা ইসলামের সংবাদ প্রাধান্য দিয়ে থাকি। আমি শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক। তবে ইমেইল পাঠানো ও লেখার সঠিক নিয়ম কানুন জানি না। আশা করি জানাবেন।"

আশরাফুর রহমান:  শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠান, ওয়েবসাইট কিংবা ইরান সংক্রান্ত বিষয়ে মাসে অন্তত দুটি চিঠি লিখতে হবে। লেখার গুণগত মান বিবেচনায় আপনার লেখা উত্ত্বীর্ণ হলে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি পাঠিয়েছেন মহাম্মদ ঘোরী শাহ। এ শ্রোতাবন্ধুর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতা গ্রামে।

প্রিয়জনকে উদ্দেশ করে তিনি লিখেছেন, "বেশ কিছু সময় তোমার আঙিনায় আসতে পারিনি। কারণটা অবশ্য নেহাৎই ব্যক্তিগত। তাই বলে ভুলে যাওয়ার প্রশ্নটা এখানে এনো না, আমি আজও রোমাঞ্চিত হই তোমার উদাত্ত কণ্ঠে। আমি প্রতি মুহূর্তে তোমার উপস্থিতি অনুভব করতাম যখন মজলুমদের হা হুতাশ কানে আসত, আমি তোমার উপস্থিতি টের পেতাম সেখানে একটা বলিষ্ঠ প্রতিবাদে। সে যাই হোক, আমি একটি কবিতা পাঠাচ্ছি এবং অনুরোধ করছি এটা বোন আকতার জাহানের কণ্ঠে প্রিয়জনে আবৃত্তি করার জন্য।

নাসির মাহমুদ: আমাদের কণ্ঠ শুনে এ শ্রোতাবন্ধু যেমন রোমাঞ্চিত হন ঠিক তেমনি আমরাসহ শ্রোতাবন্ধুরাও তার লেখা কবিতা শুনে নিশ্চয়ই রোমাঞ্চিত হবেন। তাহলে আর দেরি না করে আকতার জাহান আপা কবিতাটা পড়ে শোনান।     

আকতার জাহান: কবিতাটি নাসির ভাই আবৃত্তি করলেই বেশি ভালো লাগত। কিন্তু কী আর করা! শ্রোতা বন্ধু ঘোরী শাহ'র অনুরোধ রাখার চেষ্টা করছি। তিনি লিখেছেন-

 

তেহরান তেহরান তেহরান

রেডিও তেহরান-

তোমায় ভালোবাসি দিয়ে মন-প্রাণ,

তুমি প্রিয়জন, ন্যায়ের অনির্বাণ।

তুমি শিখিয়াছ জ্বলতে, তুমি শিখিয়াছ সত্য বলতে

মজলুমের তুমি সাহসের পরশ পাথর

স্বৈরচারীর বুকে খাঁড়া কৃপাণ,

তেহরান তেহরান তেহরান

তুমি রেডিও তেহরান।

তোমার সাবলীল কণ্ঠে

ইতিহাস ধ্বনিত হয় সহজ ছন্দে,

তোমার শনকের প্রলম্বিত কম্পনে

জেগে সাম্যের আহ্বান,

তেহরান তেহরান তেহরান

তুমি রেডিও তেহরান।

 

আশরাফুর রহমান: বাহঃ চমৎকার কথা ও ছন্দে রেডিও তেহরানকে মূল্যায়ন করেছে ঘোরী ভাই। অসংখ্য মাঝেমধ্যেই লিখবেন। তো শ্রোতাবন্ধুরা, আজকের আয়োজন এক এক করে ফুরিয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে সিনিয়র শ্রোতা আব্দুল হাকিম মিঞার অনুরোধের একটি গান। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে উদ্দেশ করে ফার্সি গানটি লিখেছেন ওয়ালা মুহাম্মদ আর গেয়েছেন মেহদি ইয়াগময়ী।

নাসির মাহমুদ: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।