চিঠিপত্রের আসর প্রিয়জন
'রেডিও তেহরান যতই শুনি জ্ঞানের আলো ততই প্রসারিত হয়'
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আয়োজন 'প্রিয়জন'। সপ্তাহ ঘুরে আজও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে উপস্থিত হয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজকের অনুষ্ঠানও শুরু করব একটি বাণী শুনিয়ে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "যে কেউ ঈমানদার নারী বা পুরুষের নামে মিথ্যা অভিযোগ করে, শেষ বিচারের দিনে আল্লাহ তাকে জ্বলন্ত অগ্নিকান্ডের ওপর বসিয়ে দেবেন, যেন সে এই অপরাধের যোগ্য শাস্তি পায়।"
আকতার জাহান: আমরা কারো নামে মিথ্যা অভিযোগ বা অপবাদ দেওয়া থেকে বিরত থাকব- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।
বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার দক্ষিণ বন্দর কর্মকার পট্টি থেকে আসরের প্রথম মেইলটি পাঠিয়েছেন কৃষ্ণ কর্মকার কৌশিক।
হেমন্তের ফুটন্ত শিউলি ফুলের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, "আমি প্রতিনিয়ত রেডিও তেহরান শুনছি। যতই শুনি ততই জ্ঞানের আলো প্রসারিত হয়। রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান মানসম্মত ও শ্রুতিমধুর যা শ্রবণে মনের ক্লান্তি দূর হয়। প্রতিদিনের বিশ্ব সংবাদ শুনে বিশ্ব সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারি। স্বাস্থ্যকথা, দৃষ্টিপাত আর কথাবার্তা থেকেও উপকৃত হচ্ছি। চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ায় রেডিও তেহরান কর্তৃপক্ষকে ধন্যবাদ।"
নাসির মাহমুদ: অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি লিখে মতামত জানানোয় কৃষ্ণ কর্মকার কৌশিক আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি লিখেছেন, "সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ব্যস্ততার কারণে অনুষ্ঠান নিয়মিত শোনা হয়নি। তাই মতামত জানিয়ে মেইল পাঠানোও হয়ে ওঠেনি। এখন একটু ব্যস্ততা কমেছে। তাই প্রতিদিন অনুষ্ঠান শোনার চেষ্টা করি। কিন্তু দুঃখের কথা হল ফেসবুক লাইভ এবং ইউটিউবে অনুষ্ঠান শুনতে পাই না। ওয়েবে কোনো দিন শোনা যায় কোনো দিন শোনা যায় না। তাই রেডিও তেহরান কর্তৃপক্ষের কাছে আমার বিনীত নিবেদন- নিয়মিত অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতা বজায় রাখবেন।"
আশরাফুর রহমান: অনলাইনে অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটার বিষয়টি আমরা অবগত রয়েছি। আমাদের কারিগরি বিভাগ চেষ্টা করছে- এই সংকটের স্থায়ী সমাধান করতে। ইতোমধ্যে বেশকিছু সমস্যার সমাধানও হয়েছে। তাছাড়া শর্টওয়েভেও বেশ ভালো শোনা যাচ্ছে। আপনাদের প্রতি অনুরোধ- সুযোগ থাকলে শর্টওয়েভেও অনুষ্ঠান শোনার চেষ্টা করবেন। তো চিঠি লিখে নিজের অসুবিধার কথা জানানোয় মনীষা রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশের মাদারীপুর জেলার কেন্দুয়া থানার স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাবের সভাপতি রাসেল শিকদার পাঠিয়েছেন এবারের মেইলটি।
আকতার জাহান: রাসেল শিকদার ভাইতো অক্টোবর মাসে রেডিও তেহরানের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছেন- তাই না?
নাসির মাহমুদ: হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন এবং সময়োপযোগী প্রশ্নটি করেছেন। কারণ আজকের আসরে রাসেল ভাইয়ের শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার জয়ের অনুভূতি জানার জন্য আমি অপেক্ষায় ছিলাম। তাহলে তার দেরি না করে তার অনুভূতি শোনা যাক।
আশরাফুর রহমান: রাসেল ভাইয়ের চমৎকার অনুভূতি জানলাম। শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় তাকে প্রিয়জনের পক্ষ থেকে অভিনন্দন। আর হ্যাঁ, সময়ের অভাবে আজকের আসরে তার চিঠিটি পড়া সম্ভব হচ্ছে না বলে আমরা দুঃখিত। এবার নজর দিচ্ছি পরের মেইলের দিকে।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া শিমুলিয়া থেকে ভি আর এল ক্লাবের সভাপতি জাকির হোসেন।
আকতার জাহান: জাকির ভাই সম্ভবত অনেক দিন পর লিখলেন।
আশরাফুর রহমান: হুম, ঠিক তাই। এজন্য তিনি অবশ্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছেন। ব্যস্ততার জন্য চিঠি লিখতে না পারলেও অনুষ্ঠান নিয়মিত শুনেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। জাকির ভাই লিখেছেন,
নাসির মাহমুদ: “সারাদিন কাজের ব্যস্ততা থাকলেও বিশ্বের ঘটে যাওয়া নানান খবর জানতে রেডিও তেহরান-ই আমার একমাত্র ভরসা। আমি রেডিও তেহরানের সঙ্গে যুক্ত হই ৮০-র দশকে। রেডিও তেহরান ছাড়া বহির্বিশ্বে শর্টওয়েভ বেতারের সঙ্গে যুক্ত ছিলাম বেশ কয়েকটি বেতারের। অন্যসব বেতারের শটওয়েভ বন্ধ হয়ে যায়। কিন্তু রেডিও তেহরান এখনও শটওয়েভে সম্প্রচার করে যাচ্ছে। এটা আমাদের বাড়তি পাওনা।”
আকতার জাহান: শ্রোতাদের চাহিদার প্রতি সম্মান জানিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শর্টওয়েভে অনুষ্ঠান সম্প্রচার অব্যাহত রাখতে। আমরা আশা করব শর্টওয়েভে অনুষ্ঠান কেমন শ্রোতা যায় তা জানিয়ে আমাদেরকে লিখবেন।
আশরাফুর রহমান: জাকির ভাই তার চিঠির শেষাংশে একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন- ইরানে বিয়েতে কি কনের পক্ষ থেকে বাধ্যতামূলক পণ দিতে হয়?
নাসির মাহমুদ: সাধারণত যৌতুক বা পণ বলতে যা বোঝায় তা হল- কন্যার বিবাহে পিতা-মাতার সম্পত্তির হস্তান্তর প্রক্রিয়া। এটা অনেক দেশে চাপ প্রয়োগ করে আদায় করা হয়। কিন্তু ইরানে নবদম্পত্তির সংসার সাজানোর জন্য বর ও কনেপক্ষ জিনিসপত্র উপহার হিসেবে দিয়ে সহযোগিতা করে থাকেন। তবে এখানে বর কর্তৃক কনেকে মোহরানা বাধ্যতামূলক। মোহরানা হল কনের প্রতি আন্তরিকতার প্রকাশ হিসেবে প্রদেয় উপহার। মোহরানা কনের সঙ্গে আলাপ করেই ঠিক করা হয়। মোহরানার রয়েছে নানা ধরন। যেমন, অর্থ বা স্বর্ণ মুদ্রা, বাড়ি, গাড়ি বা জমি জাতীয় সম্পদ, পবিত্র কুরআন কিংবা কোনো ভালো কাজ ইত্যাদি।
আকতার জাহান: জাকির হোসেন ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়া হলো। তারপরও কৌতুহল না মিটলে ইসলাম ও ইরানি পরিবার বিষয়ক রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠান 'সুখের নীড়' শুনতে পারেন। তো দীর্ঘদিন পর চিঠি লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভারতের পর আবারো বাংলাদেশের চিঠির দিকে নজর দিচ্ছি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে ফ্রিল্যান্স সাংবাদিক এবং মানবাধিকারকর্মী এস. এম. হৃদয় রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি লিখেছেন, “আমি নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠানমালা পার্সটুডে ওয়েবসাইটের বাংলা ভার্সন থেকে শুনি এবং পড়ি। পার্সটুডে শুধু একটি নিউজ ওয়েবসাইটই নয়, এটি একটি অনলাইন শিক্ষাকেন্দ্রও বলা চলে। পার্সটুডে ওয়েবসাইটে প্রকাশিত খবর, নিবন্ধ এবং তথ্যসমূহ আমার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। শুধু ইরানই নয়, বিশ্বের প্রতিটি প্রান্তের খবর যেভাবে বস্তুনিষ্ঠতার সঙ্গে পরিবেশিত হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। বস্তুনিষ্ঠতাই একটি গণমাধ্যমের মূল চালিকাশক্তি যা রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে প্রতিদিনই দেখিয়ে যাচ্ছে।”
আশরাফুর রহমান: ভাই হৃদয় রহমান, রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগল। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।
নাসির মাহমুদ: ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে আল-আমিন সেখ হিরামন পাঠিয়েছেন এই মেইলটি।
তিনি লিখেছেন, “আমি রেডিও তেহরান বাংলার একজন গুণমুগ্ধ শ্রোতা। এ বেতারটি শিক্ষা লাভ করার একটি প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা স্বাস্থ্য, সম্প্রীতি, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে শিক্ষা লাভ করে থাকি। রেডিও তেহরান বাংলা বিভাগে সেরা অনুষ্ঠান হলো কুরআনের আলো ও রংধনু আসর। রংধনু আসর হলো এমন একটি অনুষ্ঠান যেখানে আনন্দের পাশাপাশি শিক্ষণীয় উপাদান থাকে। আর কুরআনের আলো থেকে ধর্ম বিষয়ে অনেক জ্ঞান অর্জন করছি।”
আকতার জাহান: রেডিও তেহরান থেকে শিক্ষা লাভ করতে পারছেন জেনে ভালো লাগল। চিঠি লিখার জন্য আল-আমিন সেখ হিরামন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়ার জাগো রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি হারুন অর রশীদ পাঠিয়েছেন এই ইমেইলটি।
পাখিদের কলতানে মুখর সোনাঝরা হেমন্তের মিষ্টি বিকেলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, "বাড়ির সামনে ছোট্ট নদী। স্রোতহীন জলের ওপর কচুরিপানাদের বুকে সাদা বকের উঁকিঝুঁকি! কখনো মাছরাঙাদের জল ছোপ! চমৎকার এই সময়ে সবুজ ঘাসের গালিচায় বসে আমি ইন্টারনেটে শুনছি প্রিয় রেডিও তেহরান বাংলা।
এক চমৎকার ভালোলাগার অনুপম ছন্দদোলায় মনটা আনন্দে ভরে উঠল। বিশ্ব সংবাদ ও অন্যান্য নিয়মিত পরিবেশনার সাথে শুনলাম চমৎকার সব অনুষ্ঠান। সবচেয়ে প্রিয় অনুষ্ঠান 'রংধনু আসর'-এ প্রচারিত 'নামাজে একাগ্রতা' শীর্ষক অনুষ্ঠান শুনে মুগ্ধ হয়েছি। ভালোলাগার মূর্ছনায় হারিয়ে গিয়ে মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের সেরা মাধ্যম নামাজের প্রতি একাগ্রতা আনার ব্যাপারে বিশেষ গল্পগুলো শুনে ভীষণ উপকৃত হয়েছি।"
আশরাফুর রহমান: রংধনু আসর সম্পর্কে আপনার ভালোলাগার অনুভূতি জানতে পেরে ভালো লাগল। আশা করি মাঝেমধ্যে লিখবেন।
বাংলাদেশের কিশোরগঞ্জের খড়ম পট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি।
২৪ অক্টোবর সোমবার প্রচারিত প্রিয়জনের প্রশংসা করে তিনি লিখেছেন, "বরাবরের মত এদিনও একটি বাণী দিয়ে চিঠিপত্রের আসর প্রিয়জন শুরু হয়। এরপর ক্রমান্বয়ে গাজী মোমিন উদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান, নিজামুদ্দিন সেখ, মোঃ রাসেল সিকদার, মোঃ শাহাদত হোসেন, হারুন অর রশিদ, এস এম নাজিম উদ্দিন ও আবুল কালাম ভাইয়ের চিঠি পড়ে শোনানো হয়। প্রতিটি চিঠি ছিল তথ্যবহুল ও আনন্দদায়ক। অনুষ্ঠানের শেষ প্রান্তে কাজী নজরুল ইসলামের লেখা ‘দূর আজানের মধুর ধ্বনি’ শিরোনামের গানটি খুবই ভালো লেগেছে।"
নাসির মাহমুদ: প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মতামতটির জন্য বোন শরিফা আক্তার পান্না আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থানার ঝাউবনা গ্রাম থেকে। আর পাঠিয়েছেন হামিম হোসেন মণ্ডল (বুলবুল)।
দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে তিনি লিখেছেন, "কিছু মানুষ বাদ দিলে সাধারণ মানুষের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি বাসা বেঁধে আছে। এটা মানবতার লজ্জা। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের সবার বিবেককে জাগ্রত করতে হবে। আর 'রেডিও তেহরান'-এর অনুষ্ঠানগুলো সহায়ক হতে পরে উন্নত জীবন গঠনের জন্য।"
আকতার জাহান: হামিম হোসেন মণ্ডল বুলবুল ভাইয়ের মতামতটি তুলে ধরা হলো। এবার আমরা কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করব।
- ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল ও রতন কুমার পাল
- মুর্শিদাবাদের বারুই পাড়া থেকে এস এম নাজিমউদ্দিন
- ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন
- ওড়িশার ভুবনেশ্বর থেকে আলোক দাস
- বাংলাদেশের রাজশাহীর বোয়ালিয়া থেকে মোঃ মোস্তাফিজুর রহমান
- ঝিনাইদহের মহেশপুর থেকে মো. নজরুল ইসলাম
- এবং কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে শাহাদত হোসেন
আশরাফুর রহমান: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আজকের আসরও শেষ করব একটি গান শুনিয়ে। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার আর গেয়েছেন শিল্পী মনির খান।
নাসির মাহমুদ: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।