জুলাই ৩০, ২০১৬ ১৫:৪১ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ৩০ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র: স্থগিত নয়, সময় বেড়েছে-ইত্তেফাক
গ্রেপ্তার এড়াতে খালেদার কার্যালয়ে রিজভী-প্রথম আলো
উচ্চশিক্ষিত তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে: নাহিদ-যুগান্তর
ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১-মানবজমিন
মামলার ভারে বিএনপি-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ধর্ষণের অভিযোগ বি জে পি নেতার বিরুদ্ধে-আজকাল
দেশ জুড়ে গোহত্যা নিষিদ্ধ করতে হবে, কেন্দ্রকে নির্দেশ হিমাচল হাইকোর্টের-আনন্দবাজার
মমতার দাবি মেনে রাজ্যের বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি-বর্তমান
আবেশ মৃত্যুরহস্যে নয়া মোড়, রাজপথে বুদ্ধিজীবীরা-সংবাদ প্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
তামিমসহ ৫ জেএমবি ভারতে : টাইমস অব ইন্ডিয়া-ইত্তেফাক
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার 'মূল পরিকল্পনাকারী' হিসেবে সন্দেহভাজন তামিম আহমেদ চৌধুরী সহ ৫ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সক্রিয় সদস্য বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে দেশটির প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে।
 
সম্প্রতি র‌্যাবের পক্ষ থেকে ভারতকে দেয়া সন্ত্রাসীদের তালিকায় এই পাঁচজনের নাম রয়েছে। বৃহস্পতিবার ভারত সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নয়াদিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন। এসব জঙ্গির বিষয়ে আলোচনা ছাড়াও দেশটিতে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি সদস্য নুরুল হক মণ্ডল ওরফে নাইমকে ফেরত দেয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জামায়াত সরকারের ‘রাজনৈতিক কার্ড’: হান্নান শাহ-প্রথম আলো/‘সরকারই সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদদদাতা' ইত্তেফাক
সরকার জামায়াতে ইসলামীকে ‘রাজনৈতিক কার্ড’ বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হান্নান শাহ এই অভিযোগ করেন। ‘বিএনপি নেতা হান্নান শাহ বলেন, উচ্চ আদালত জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। আওয়ামী লীগ বলেছিল, গত জুনে সংসদের বাজেট অধিবেশনে জামায়াতকে নিষিদ্ধ করা হবে। কিন্তু জুন শেষ হয়ে গেছে কিছু হয়নি। তিনি বলেন, বিএনপির নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের কতজনের আত্মীয়তা তৈরি হয়েছে আর জামায়াতের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের কতজনের আত্মীয়তা তৈরি হয়েছে তা বের করা হলে বোঝা যাবে কাদের জামায়াত প্রীতি বেশি। বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার চায় না জাতীয় ঐক্য হোক। সরকারকে হুঁশিয়ার করে দিয়ে হান্নান শাহ বলেন, সময় থাকতে ব্যবস্থা নিতে হবে। না হলে সামনে যে ‘বান’ আসছে, তাতে সরকার-বিএনপি সবাই ভেসে যাবে। কেউ রক্ষা পাবে না।

উচ্চশিক্ষিত তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে: নাহিদ-যুগান্তর
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষিত তরুণদের বিভ্রান্ত করে তাদের জঙ্গি বানানো হচ্ছে। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এমনটাই দেখা গেছে। শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, বর্তমানে দেশের একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে জঙ্গিবাদ।

সবক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত ভারত’-ইত্তেফাক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু সন্ত্রাসবাদী তৎপরতার মোকাবেলা নয়, ভারত সবক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। সম্প্রতি দিল্লিতে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পরবর্তী বড় প্রকল্প গঙ্গা বাঁধ নির্মাণ-প্রথম আলো
দীর্ঘদিনের পরিকল্পিত গঙ্গা বাঁধ নির্মাণকে অগ্রাধিকার প্রকল্পের তালিকাভুক্ত করেছে সরকার। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর এর নকশাও চূড়ান্ত করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের পরবর্তী বড় প্রকল্প হবে গঙ্গা বাঁধ নির্মাণ।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রকল্পের কারিগরি ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা ও কর্মপন্থা নির্ধারণের প্রক্রিয়া চলছে। সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফল ও তথ্যাদি ভারতের সঙ্গে বিনিময় করা হয়েছে। গঙ্গা বাঁধ প্রকল্পে সরকার ভারতের অংশগ্রহণ আশা করে। সরকার চায়, গঙ্গা বাঁধ প্রকল্পটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার একটি দৃশ্যমান প্রতীক হয়ে থাকুক।

দেশের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে প্রায় সব দৈনিকে খবর ছাপা হয়েছে। 
ইত্তেফাকের খবর- জামালপুরে বন্যা: রেল যোগাযোগ বিচ্ছিন্ন, ৫ লাখ লোক পানিবন্দি,২ জনের মৃত্যু, ত্রাণের জন্য হাহাকার
বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদ সীমার ১১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের থেকে ৫ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এদিকে দুরমুঠ-রেলস্টেশন থেকে ইসলামপুর রেলস্টেশন পর্যন্ত রেল লাইন বন্যার পানিতে তলিয়ে গেছে। এ কারণে গত শুক্রবার রাত ৮টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার সকালে জামালপুর-সরিষাবাড়ি রেল লাইন কেন্দুয়া কালিবাড়ি এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে পানি হু-হু করে প্রবাহিত হচ্ছে। হুমকির মুখে পড়েছে রেল লাইন। 
 
এদিকে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ এবং মাদারগঞ্জ উপজেলার প্রায় ৬৮ ইউনিয়নের মধ্যে ৪০টি ইউনিয়নের শতাধীক গ্রামসহ ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ পৌরসভা পানিতে তলিয়ে যায়। প্রায় ৫ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের মাঝে চলছে ত্রাণের জন্য হাহাকার। অপরদিকে বন্যার পানিতে ডুবে গত শুক্রবার সন্ধ্যায় দু’জনের মৃত্যু হয়েছে।
প্রথম আলোর খবর-দেশের সব রাজনৈতিক দল, বিত্তবান ব্যক্তি ও বেসরকারি সংস্থাগুলোকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেছেন, ‘তারা অন্য কাজে ব্যস্ত বেশি। বন্যাদুর্গত মানুষের পাশে তো তাদের দেখতে পাচ্ছি না।’ সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশের ১৬টি জেলায় ৫৯টি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯ হাজার ৩১৪টি ঘরবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত ও ১২ হাজার ৩৭১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৯টি আশ্রয়কেন্দ্রে ৭ হাজার ৩৭৫ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় ৩৪৬টি মেডিকেল টিম কাজ করছে।

২০২১ সালের মধ্যে গার্মেন্টসকে ছাড়িয়ে যাবে আইসিটি খাত : জয়-ইত্তেফাক
২০২১ সালের মধ্যে প্রযুক্তি খাত গার্মেন্টস শিল্পকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ কম্পিউটার সমিতির এক সেমিনারে তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে যেন গার্মেন্টসের নিট আয়ের থেকে প্রযুক্তিখাতের নিট আয় বেশি হয়।

মামলার ভারে বিএনপি-বাংলাদেশ প্রতিদিন
তারেকের সাত, খোকার ১৩ বছর সাজা, খালেদা জিয়াকে নিয়েও চিন্তায় নেতা-কর্মীরা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্যানুযায়ী ঢাকাসহ সারা দেশে দলের ৭ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে প্রায় ৩০ হাজার মামলার খড়্গ ঝুলছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সিনিয়র সব নেতাই এখন কাঠগড়ার আসামি। ওয়ান-ইলেভেনের দুর্নীতি মামলাও সমানতালে সচল হচ্ছে। এরই মধ্যে নিম্ন আদালতে খালাস পাওয়া অর্থ পাচারের এক মামলায় উচ্চ আদালতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দলের আরেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সাজা হয়েছে ১৩ বছর। ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরেরও মৃত্যুদণ্ড হয়েছে। সাজা হয়েছে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনেরও। বিএনপির নীতিনির্ধারকদের শঙ্কা, বেগম খালেদা জিয়াসহ সিনিয়র সব নেতাকেই এ পদ্ধতিতে সরকার নির্বাচনে ‘অযোগ্য’ করে সংসদ নির্বাচন দিতে পারে। সেটা আগামও হতে পারে, আবার নির্ধারিত মেয়াদ শেষেও হতে পারে। তবে আগামীতে সংসদ নির্বাচন যখনই হোক— অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার নিশ্চয়তা পেলে তাতে অংশ নেবে বিএনপি। এমনকি প্রধানমন্ত্রীর অধীনে হলেও নির্বাচনে যাওয়ার পক্ষে দলটির নেতা-কর্মীর বড় একটি অংশ। নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির সামনে বিকল্প কোনো পথও খোলা নেই বলে মনে করেন নেতাদের কেউ কেউ। 

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
দেশ জুড়ে গোহত্যা নিষিদ্ধ করতে হবে, কেন্দ্রকে নির্দেশ হিমাচল হাইকোর্টের-আনন্দবজার
দেশের সর্বত্র গোহত্যা বন্ধ করতে হবে। কেন্দ্রীয় সরকারকে আরও একবার নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাইকোর্ট। নিষিদ্ধ করতে বলা হল গোমাংস কেনা, বেচা, আমদানি, রফতানিও। ৭১ পাতার দীর্ঘ নির্দেশনামা দিয়ে শুক্রবার বিচারপতি রাজীব শর্মা এবং সুরেশ্বর ঠাকুরের ডিভিশন বেঞ্চ জানাল, কেন্দ্রকে এই নির্দেশ কার্যকর করতে হবে ছ’মাসের মধ্যে।
গত বছর ১৪ অক্টোবর প্রায় একই নির্দেশনামা জারি করেছিল হিমাচল হাইকোর্ট।

ভারতে অসহিষ্ণুতা বাড়ছে, উদ্বেগ প্রকাশ আমেরিকার-আনন্দবাজার
ভারতে গোমাংস ভক্ষণ আর অসহিষ্ণুতার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল আমেরিকা।
ওই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে মোদী সরকারকে ভারতীয় নাগরিকদের সুনিষ্চিত করতে বলা হল ওবামা প্রশাসনের তরফে।
বলা হল, গোমাংস ভক্ষণকে কেন্দ্র করে একের পর এক হিংসা ও অসহিষ্ণুতার ঘটনায় মার্কিন প্রশাসন উদ্বিগ্ন। ওই সব ঘটনার হাত থেকে ভারতীয় নাগরিকদের বাঁচাতে ভারতের পক্ষে যা যা করণীয়, মোদী সরকারকে সে ব্যাপারে আরও একটু নজর দিতে অনুরোধ করা হল।
মমতার দাবি মেনে রাজ্যের বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি-বর্তমান
মুখ্যমন্ত্রীর হুমকিতে কাজ হল। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই মমতাকে সন্তুষ্ট করার বার্তা দিল মোদি সরকার। চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারকে কেন্দ্রীয় রাজস্ব থেকে ৪২ শতাংশ প্রদান করা হবে বলে আগেই স্থির হয়েছে। এবার সেই ৪২ শতাংশকে ছাপিয়ে আরও বাড়তি বরাদ্দ দেওয়া হবে পশ্চিমবঙ্গকে।

অত্যাচারের প্রতিবাদে মৃত গরু সরাতে নারাজ দলিতরা-সংবাদ প্রতিদিন
গুজরাটের উনায় দলিত নিগ্রহের ঘটনার প্রতিবাদে নতুন অবস্থানে দলিত সম্প্রদায়ের মানুষ৷ মৃত গরু সরানো ও চামড়া ছাড়ানোর কাজ করতে নারাজ হলেন তাঁরা৷বংশ পরম্পরায় এই কাজ করে চলেছেন দলিত চর্মকার সম্প্রদায়ের মানুষরা৷ কিন্তু সেই কাজ করার অপরাধেই তথাকথিত গো–রক্ষকদের হাতে যেভাবে নিগৃহীত হয়েছেন চার দলিত যুবক, তাতে শোরগোল পড়েছে দেশ জুড়ে৷ খোদ প্রধানমন্ত্রী ঘটনার নিন্দা করেছেন, সংসদ উত্তাল হয়েছে বিরোধিতায়৷ বিভিন্ন দলের নেতারা এসে দেখা করে গিয়েছেন দলিতদের সঙ্গে৷ কিন্তু তাতে অবস্থা বদলায়নি৷ বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলা যায়৷ কিছুদিন আগেই মৃত গরু সরাতে নারাজ হওয়ায় গান্ধীনগরের বাসিন্দা জনৈক দশরথভাইকে মারধর করা হয়৷ মূলত তিনিই এই প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন৷ প্রতিবাদে এবার দলিত সম্প্রদায়ই মৃত গরু সরানো ও চামড়া ছাড়ানোর কাজ থেকে বিরত হয়েছেন৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০