আগস্ট ০২, ২০১৬ ১৫:৫২ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২ আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
জঙ্গি হত্যা করে তথ্যের উৎস নষ্ট: নজরুল-ইত্তেফাক
গুলশানের বাড়িতে মওদুদের থাকা অবৈধ: অ্যাটর্নি জেনারেল-প্রথম আলো
শাজনীন হত্যা: শহীদুলের ফাঁসি বহাল, ৪ আসামি খালাস-যুগান্তর
কংক্রিটের রাস্তা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর-কালের কণ্ঠ
'জাতীয় ঐক্যের ব্যাপারে জামায়াতকে বাদ দেবে বিএনপি'-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
অশান্তির গুজরাতে ইস্তফাই দিলেন আনন্দী-আনন্দবাজার
দক্ষিণবঙ্গে থাবা বসাচ্ছে ডেঙ্গু, স্বাস্থ্যভবনের কড়া সতর্কতা-সংবাদ প্রতিদিন
বুলন্দশহর ধর্ষণ: আত্মহত্যার হুমকি পরিবারের-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
তামিম ও জিয়াউলকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার-প্রথম আলো/ইত্তেফাক/যুগান্তর
বিস্তারিত খবরে বলা হয়েছে, রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়া হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী ও ব্লগার হত্যায় সন্দেহভাজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হককে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।
আজ পুলিশের সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এ কথা বলেন।
সাংবাদিকদের আইজিপি শহীদুল হক বলেন, গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরের হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ, সার্বিক অর্থায়ন—সবকিছুর সঙ্গেই তামিম চৌধুরী জড়িত। তাঁর বাবার নাম শফিক আহমেদ। মায়ের নাম খালেদা শফি চৌধুরী। বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়গ্রামফাদিমাপুরে। জন্ম ১৯৮৬ সালের ২৫ জুলাই। ২০১৩ সালের ৫ অক্টোবর তামিম সর্বশেষ দুবাই থেকে বাংলাদেশে আসেন। তিনি এখন দেশে, না বিদেশে আছেন, তা স্পষ্ট নয়।

এদিকে ইত্তেফাকের একটি খবরের শিরোনাম এরকম যে, 
হাসনাত করিম পুলিশের নলেজে আছেন: আইজিপি
নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম ‍পুলিশের নলেজের মধ্যেই রয়েছেন বলে মন্তব্য করেছেন আইজিপি এ কে এম শহিদুল হক। মঙ্গলবার সকালে পুলিশ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 
 উল্লেখ্য, হাসনাত রেজা করিম কোথায় আছেন এ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এর আগে সাংবাদিকদের কাছে ডিএমপির অ্যাডিশনাল কমিশনার মনিরুল ইসলাম বলেন, হাসনাত রেজা করিমকে ছেড়ে দেয়া হয়েছে। অপরপক্ষে হাসনাত করিমের বাবা রেজাউল করিমের অভিযোগ করেন তার ছেলে বাসায় ফেরেনি। 
 গত ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় হাসনাত রেজা করিম সপরিবারে ঐ রেঁস্তোরয়া গিয়েছিলেন। জিম্মি উদ্ধার অভিযান শেষে তার বের হওয়া এবং সেখানে জঙ্গিদের সঙ্গে রহস্যজনক চলাফেরার এক ভিডিও ফুটেজ প্রকাশ পায়। এরই পরিপ্রেক্ষিতে ‍পুলিশ হাসনাত করিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগ রয়েছে, হাসনাত রেজা করিম নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ অনুষদে শিক্ষকতা করার সময় হিযবুত তাহরীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়।

জঙ্গি হত্যা করে তথ্যের উৎস নষ্ট: নজরুল: যুগান্তর/বাংলাদেশ প্রতিদিন
জঙ্গিদের হত্যা করে সরকার ‘তথ্যের উৎস’ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি এই কথা বলেন। 
 নজরুল ইসলাম খান বলেন, যারা সত্যিকারের জঙ্গি তারা নিহত হবে, আহত হবে। কিন্তু তাদেরকে হত্যা করে তথ্যের উৎস নষ্ট করার উদ্দেশ্যটা কী? বরং তাদের কাছ থেকে তথ্য নিয়ে এই জঙ্গিদের মূল উৎস নির্মূল করা দরকার। বিএনপির বক্তব্য সেটাই।
 তিনি অভিযোগ করেন, দেশবাসী এখন বিশ্বাস করে, জঙ্গি নির্মূলে সরকারের কোনো আন্তরিকতা নেই। যদি থাকতে, জঙ্গিদের হত্যা না করে উগ্রবাদের নাটের গুরুদের হদিস বের করতে সচেষ্ট হতো।

ইত্তেফাকে বন্যা সম্পর্কিত খবরে লেখা হয়েছে, ভোলার ৩০ গ্রাম প্লাবিত, লাখো লোক দুর্ভোগে
উজান থেকে নেমে আসা ঢলের কারণে ভোলার নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বাঁধের ভেতর ও বাইরের ৩০টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন ওই সব গ্রামের লাখো মানুষ। পানিতে তলিয়ে গেছে পুকুর ঘের, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। 
 একদিকে ভাঙন আর অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলের কারণে ভোলা সদর, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ৩০ গ্রামের বিস্তির্ণ এলাকা এখন পানির নিচে। মানুষের ঘরবাড়িতে পানি প্রবেশ করায় গৃহবন্দি হয়ে পড়েছেন তারা, রান্না-বান্না করতেও পারছেন না ওই সব গ্রামের মানুষ।

ত্রাণ তৎপরতায় সরকারের কার্যকর পদক্ষেপ নেই-যুগান্তর
ন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলায় ভয়াবহ বন্যায় মানুষের প্রাণহানি, হাজার হাজার বাড়িঘর বিধস্ত, ফসলী জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপন্ন বন্যাকবলিত মানুষদের প্রতি দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত।

'জাতীয় ঐক্যের ব্যাপারে জামায়াতকে বাদ দেবে বিএনপি'-বাংলাদেশ প্রতিদিন
জামায়াতকে প্রাধান্য না দিয়ে ভিন্নমত ভুলে দলমত নির্বিশেষে জঙ্গি-সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, আ স ম আব্দুর রব, সৈয়দ আবুল মকসুদ ও বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ বিশিষ্টজনেরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান। ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, জঙ্গি-সন্ত্রাস দমনে ভিন্নমত ভুলে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন। এখানে জামায়াত কোনো বিষয় নয়। বিএনপিই জামায়াতকে দূরে রেখেছে। সরকার ইচ্ছা করলে জামায়াতকে বাদ দিতে পারতো। কিন্তু সরকার তা করেনি। তবে জাতীয় ঐক্যের ব্যাপারে জামায়াতকে বিএনপি বাদ দেবে বলেও জানান তিনি। তাহলে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকলো না। - 

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
বুলন্দশহর ধর্ষণ: আত্মহত্যার হুমকি পরিবারের-আজকাল
আগামী তিনমাসের মধ্যেই দোষীদের কড়া শাস্তি দিতে হবে। নইলে পরিবারের সকলে মিলে আত্মহত্যা করতে বাধ্য হব।’ হুমকি দিল বুলন্দশহর ধর্ষণকাণ্ডে নির্যাতিতদের পরিবার। পরিবারের কর্তা পেশায় ট্যাক্সি চালক। তিনি জানিয়েছেন, শুক্রবার রাতে দিল্লির নোয়েডা থেকে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের উদ্দেশে সপরিবার রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু বুলন্দশহর জাতীয় সড়ক পৌঁছতেই তাঁদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। নিকটবর্তী পুলিস থানা থেকে মাত্র ১০০ মিটার দূরের একটি মাঠে নিয়ে গিয়ে কেড়ে নেয় টাকা–পয়সা, সোনা–দানা। তারপর তাঁর স্ত্রী ও ১৪ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে।

দক্ষিণবঙ্গে থাবা বসাচ্ছে ডেঙ্গু, স্বাস্থ্যভবনের কড়া সতর্কতা-সংবাদ প্রতিদিন
দক্ষিণবঙ্গ জুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ৷ ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে বিপজ্জনকভাবে৷ ছড়াচ্ছে মারণ-জ্বর৷ তার মধ্যেই কলকাতার আরও দুই নামী স্কুলে ডেঙ্গুর থাবার খবর মিলেছে৷ এবার ডেঙ্গুর সংক্রমণ যে আরও বাড়তে পারে, সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা৷ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে নবান্নে স্বাস্থ্য ও পুরসভার কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২