গণতন্ত্র রক্ষায় বিএনপির জাম্বো কমিটি সেরা তামাশা: ওবায়দুল কাদের
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৭ আগস্ট রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১-ইত্তেফাক
অস্ত্রের জোগানদাতা প্রাথমিকভাবে শনাক্ত : মনিরুল-প্রথম আলো
গণতন্ত্র রক্ষায় বিএনপির জাম্বো কমিটি সেরা তামাশা’-যুগান্তর
শিক্ষক লাঞ্ছনা : পুলিশের প্রতিবেদনের বিষয়ে আদেশ ১০ আগস্ট-কালের কণ্ঠ
বিএনপির কমিটি-মিশ্র প্রতিক্রিয়ার কমিটি-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
দলিত চাপে মোদী বিরক্ত গো-রক্ষায়-আনন্দবাজার
ডেঙ্গু বাড়ছে জেলাতেও, পাল্লা দিয়ে মৃত্যুও-সংবাদ প্রতিদিন
উত্তরপ্রদেশে ফের ধর্ষণের শিকার নাবালিকা-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
দুদকে মানুষের আস্থা কম: টিআইবি-প্রথম আলো
ইনি কাঠামো অনুসারে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি শক্তিশালী প্রতিষ্ঠান হলেও সংস্থাটির কার্যকারিতার ওপর সাধারণ মানুষের আস্থা কম। রাজনৈতিক হয়রানির জন্য দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বলে মানুষের ধারণা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ: বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর পর্যালোচনা’ শীর্ষক ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণায় ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুদকের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।
কাজের স্বাধীনতা ও নিরপেক্ষতার ক্ষেত্রে দুদক যে স্কোর পেয়েছে, তার ব্যাখ্যায় গবেষণা প্রতিবেদনে বলা হয়, দুদককে পুরোপুরি ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ’ মনে করা হয় না।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন দলের রাজনীতিবিদদের ব্যাপারে দুদক নমনীয় বলে ধারণা রয়েছে। ২০১৫ সালে দুদকে তদন্তাধীন ৩৬ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে ১৬ জন বিরোধী রাজনৈতিক দলের। আর তিনজন ক্ষমতাসীন দলের।
হাসনাত ও তাহমিদের জড়িতের বিষয়টি এখনো নিশ্চিত নয়-মনিরুল-ইত্তেফাক’
গুলশানের হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় হামলার ঘটনার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় অস্ত্রের জোগানদাতাসহ অনেককেই প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।
আজ রোববার সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক আলোচনায় তিনি এ কথা জানান।
মনিরুল বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া প্রকৌশলী হাসনাত রেজা করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা এ হামলার সঙ্গে জড়িত কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।
তবে এ সম্পর্কিত খবরে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম এরকম যে, হাসনাত করিমই গুলশান হামলার 'মাস্টারমাইন্ড'!
বিস্তারিত খবরে বলা হয়েছে, ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের সংশ্লিষ্টতার বিষয়টি ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে গোয়েন্দাদের কাছে। হামলার বিভিন্ন ছবি ও তার মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট থেকে গোয়েন্দারা এখন অনেকটা নিশ্চিত, হাসনাত করিম গুলশান হামলার নাটের গুরু ও মাস্টারমাইন্ড! এমনকি পুরো অপারেশন যেন নিখুঁতভাবে সম্পন্ন হয় সে জন্য তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলা পরিচালনা ও মনিটরিং করেন। হামলার আপডেট ও বিভিন্ন ছবি আদান প্রদান করেন দেশ ও দেশের বাইরে। গোয়েন্দাদের ধারণা, হাসনাতের মোবাইলের ক্যামেরায় ধারণ করা ছবিই উগ্রবাদীদের মধ্যপ্রাচ্যভিত্তিক মুখপত্র ‘আমাক নিউজ এজেন্সি’ ও ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর রিটা কার্টৎজের ওয়েব পোর্টাল সাইট ইন্টেলিজেন্সের কাছে পাঠানো হয়।
‘গণতন্ত্র রক্ষায় বিএনপির জাম্বো কমিটি সেরা তামাশা-ওবায়দুল কাদের-যুগান্তর
‘জাম্বো জেট সাইজের অগণতান্ত্রিক কমিটি দিয়ে বিএনপির গণতন্ত্র রক্ষা বছরের সেরা তামাশা' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)মিলনায়তনে ছাত্রী সমাবেশে বিএনপির সদ্যঘোষিত নির্বাহী কমিটি সম্পর্কে এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটিতে ৩৫১ জন সদস্য থাকতে পারেন। কিন্তু তার পরিবর্তে দলের মহাসচিব মির্জা ফখরুল ৫৫১ জনের কমিটি করেছেন। যারা দলীয় সংবিধান রক্ষা করতে পারেন না, তারা রাষ্ট্রীয় সংবিধান কিভাবে রক্ষা করবেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনাদের অগণতান্ত্রিক কমিটি দিয়ে গণতন্ত্র রক্ষা করা যাবে না। এ রকম হাস্যকর কথা জাতি এখন বিশ্বাস করে না।
মিশ্র প্রতিক্রিয়ার কমিটি- এ শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের
বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, ফালুর পদত্যাগ, তারেকের মতামত উপেক্ষিত, জ্যেষ্ঠতা লঙ্ঘন, অপরিচিত মুখের ছড়াছড়ি, কিছুই জানতেন না সিনিয়র নেতারা, বিদায়ের প্রস্তুতি অনেকের
কমিটি ঘোষণার পরপরই সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। পুরো কমিটিই ছিল অগোছালো। নামের বানানে ভুলের পাশাপাশি ঠিকমতো করা হয়নি পদবিন্যাসও। জ্যেষ্ঠতা মানা হয়নি কমিটিতে। চার ঘণ্টার মাথায় পদত্যাগ করেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু। নবগঠিত কমিটির আরেক সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমও অব্যাহতি চেয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠি পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও কমিটি নিয়ে চলছে নেতিবাচক প্রতিক্রিয়া।
রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নিহত ১-ইত্তেফাক
রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিকরা ইউনিয়নের জোড়াপুকুর আশ্রয়ণ প্রকল্পের পাশে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
গণশুনানি শুরু-গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উভয়সংকটে সরকার-প্রথম আলো/যুগান্তর
গ্যাসের দাম বাড়ানো নিয়ে সরকার পড়েছে উভয়সংকটে। একদিকে গ্যাসের দাম বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে, অন্যদিকে গ্রাহকশ্রেণির ওপর এর বিরূপ প্রভাব নিয়ে ভাবতে হচ্ছে সরকারকে। এ অবস্থার মধ্যেই সব শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ রোববার সকালে কারওয়ান বাজারে টিসিবি ভবনের মিলনায়তনে এই শুনানি চলছে। আজ শুনানি হচ্ছে গ্যাস সঞ্চালন কোম্পানির (জিটিসিএল) প্রস্তাব নিয়ে। গ্যাস খাতের বিভিন্ন কোম্পানির দেওয়া দাম বাড়ানোর প্রস্তাবের ওপর এই গণশুনানি পর্যায়ক্রমে চলবে ১৮ আগস্ট পর্যন্ত।
জিটিসিএল প্রতি ইউনিট গ্যাসের সঞ্চালন ব্যয় এখন পাচ্ছে শূন্য দশমিক ১৫৬৫ টাকা। এটা বাড়িয়ে শূন্য দশমিক ৩৬৬৫ টাকা করার প্রস্তাব করেছে কোম্পানিটি।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
দলিত চাপে মোদী বিরক্ত গো-রক্ষায়-আনন্দবাজার
বিজেপি-শাসিত একাধিক রাজ্যে গো-রক্ষকদের তাণ্ডব এবং তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক সত্ত্বেও এত দিন মুখ বুজেই ছিলেন তিনি।
কিন্তু ভোটের অঙ্কই শেষ পর্যন্ত তাঁর মৌনী ভাঙল! কারণ, এই ঘটনার জেরে উত্তরপ্রদেশে দলিত ভোট হাতছাড়া হয়ে যেতে পারে বলে ভয় পাচ্ছে বিজেপি। সরকারের অন্দরেও ভয়, পরিস্থিতি ক্রমশ আরও হাতের বাইরে চয়ে যেতে পারে। তাই শনিবার এক অনুষ্ঠানে নিজে থেকেই গো-রক্ষক বাহিনীর বিরুদ্ধে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু মুখ খুললেন না, গো-রক্ষকদের সরাসরি ‘সমাজবিরোধী’ আখ্যা দিয়ে বললেন, ‘এরা বেআইনি কাজকারবারে জড়িত! নিজেদের ‘কালো ধান্ধা’ ধামাচাপা দিতেই গো-রক্ষকের মুখোশ পরে নতুন ব্যবসা শুরু করেছে। তাঁর কথায়, ‘‘এ সব দেখে আমার প্রচণ্ড রাগ হয়।’’
উত্তরপ্রদেশে ফের ধর্ষণের শিকার নাবালিকা-আজকাল
বুলন্দশহরের পর হাপুর। এবার ধর্ষণের শিকার ৫ বছরের দলিত বালিকা। গত শনিবার রাতে দরজা খুলেই ঘুমাচ্ছিল এক দলিত পরিবার। পরিবারের কয়েকজন বাড়ির সামনে খোলা জায়গাতেও শুয়ে ছিল। কিন্তু রাত দেড়টা নাগাদ বৃষ্টি শুরু হলে ঘুম ভাঙে সকলের। দেখা যায় ৫ বছরের বাচ্চা মেয়েটি উধাও। কোথাও না পেয়ে বাড়ির সামনে জঙ্গলের মধ্যে তাকে খুঁজতে বেরোয় পরিবারের লোকেরা। সেখানেই একটি টিউব কলের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মেয়েটিকে। ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের তথ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়ে রাস্তা অবরোধ করে। মোট চার ব্যক্তি মিলে মেয়েটিকে ধর্ষণ করেছে বলে জানতে পেরেছে পুলিস। তাদের খোঁজ চলছে। গত শুক্রবারই বুলন্দশহরের কাছে গাড়ি আটকে মা ও মেয়েকে ধর্ষণ করে একদল দুষ্কৃতী। তারপরই উত্তরপ্রদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭