প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা-ভারতে যাওয়া বিলুপ্ত ছিটবাসী ফিরতে চান বাংলাদেশে
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৮ আগস্ট সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
মানহীন ৩৪ কোম্পানির ওষুধ প্রত্যাহারের নির্দেশ-ইত্তেফাক
ভারতে যাওয়া বিলুপ্ত ছিটবাসী ফিরতে চান বাংলাদেশে-যুগান্তর
পদত্যাগ করতে পারেন নোমান-মানবজমিন
১৭ বছরে ভয়ঙ্কর জঙ্গিরা-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি, নিয়ন্ত্রণ রেখা মুছে দেওয়ার ডাক-আনন্দবাজার
মানসকে আগাম জামিন নয়, নির্দেশ আদালতের-সংবাদ প্রতিদিন
রাজনাথের সঙ্গে কাশ্মীর–আলোচনায় মোদি-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে ১০ বছরের কারাদণ্ড-ইত্তেফাক
বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯১০ সালের বিদ্যুৎ আইনকে হালনাগাদ করে নতুন আইন করা হচ্ছে। আগের আইনের কলেবর বাড়ানো হয়েছে। কিছু বিষয় যুক্ত করা হয়েছে, কিছু বিষয় বাদও দেয়া হয়েছে। ইংরেজি আইনের পাশাপাশি বাংলায়ও আইন করা হবে।
এ সম্পর্কে মানবজমিনের খবরে বলা হয়েছে, বেসরকারি খাতকে উৎসাহ দিতে ও বিদেশি বিনিয়োগ বাড়াতে আসছে নতুন বিদ্যুৎ আইন। এই আইনে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, ক্রয়-বিক্রয় ও আমদানি-রপ্তানি সবই যাচ্ছে বেসরকারি খাতে। ১০৫ বছর পর এটিই হবে বাংলাদেশের প্রথম বিদ্যুৎ আইন।
জঙ্গি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের বিশ্লেষণধর্মী প্রতিবেদনের শিরোনাম:
১৭ বছরে ভয়ঙ্কর জঙ্গিরা
পরিবর্তন এসেছে সদস্য সংগ্রহ ও অর্থায়নে । চাপাতির স্থানে অটোমেটিক অস্ত্র । দৃষ্টি যখন মাদ্রাসায়, ওরা তখন নামি দামি বিশ্ববিদ্যালয়ে । টার্গেট উচ্চ-মধ্যবিত্ত পরিবার । সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার । নিত্যকৌশলে মার খাচ্ছে গোয়েন্দারা
বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, ১৯৯৯ সালের ১৮ জানুয়ারি। কবি শামসুর রাহমানের রাজধানীর শ্যামলীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে একদল দুর্বৃত্ত; এতে গুরুতর জখম হন তিনি। চিৎকার-চেঁচামেচিতে লোকজন এগিয়ে এসে চার দুর্বৃত্তকে পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র। বাকিরা লাপাত্তা। এরা কওমি মাদ্রাসার ছাত্র। পুলিশি জেরায় স্বীকার করে, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ-এর সদস্য ।মাদ্রাসা ঘিরে চলে গোয়েন্দা নজরদারি। তবে নজরদারি এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে একে একে বোমা হামলা হয়। লাশ পড়ে, রক্ত ঝরে। ২০০৫ সালের ১৭ আগস্ট একটি জেলা বাদে দেশের সবকটি জেলায় একযোগে পাঁচ শতাধিক বোমা হামলা চালায় আরেক জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহেদীন বাংলাদেশ (জেএমবি)। এর মধ্য দিয়ে তারা নিজেদের শক্তিমত্তার প্রকাশ্য ঘোষণা দেয়। পুলিশি অভিযানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হয় জঙ্গি সদস্যরা। এদের প্রত্যেকেই মাদ্রাসার ছাত্র। ১১ বছর পর ১ জুলাই রাতে গুলশানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মাপের জঙ্গি হামলার ঘটনা ঘটে। কয়েক স্তরের নিরাপত্তায় বেষ্টিত কূটনৈতিক এলাকার ক্যাফে আর্টিজানে হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এর আগে গুলিবিনিময়ে নিহত হন দুই পুলিশ। রাত পোহানোর পর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। পাঁচ জঙ্গির মধ্যে তিনজনের পরিচয় প্রকাশের পর দেশের মানুষ হতবাক হয়ে যায়। এই জঙ্গিরা পড়াশোনা করেছেন নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানে। - দেশে জঙ্গি তত্পরতার এমন আমূল পরিবর্তনে পুলিশ ও গোয়েন্দারা বিস্মিত। মাত্র ১৭ বছর আগে ছোরা-চাক্কু নিয়ে মাদ্রাসার কয়েকজন ছাত্রের হামলার ঘটনার মধ্য দিয়ে উগ্রপন্থার যাত্রা শুরু হয়েছিল, হালে তা ভয়ঙ্কর রূপ পেয়েছে। পরিবর্তন ঘটেছে জঙ্গি তত্পরতার সর্বক্ষেত্রে। পক্ষান্তরে জঙ্গি তত্পরতা রোধ করা যাদের দায়িত্ব, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের এই পরিবর্তন ধরতেই পারেনি। সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে ছয়টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়। তবুও বন্ধ হয়নি তাদের তত্পরতা। জঙ্গি তত্পরতা বর্তমানে যে পর্যায়ে পৌঁছেছে, তা গোয়েন্দাদের ধারণার বাইরে।
প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা-ভারতে যাওয়া বিলুপ্ত ছিটবাসী ফিরতে চান বাংলাদেশে-যুগান্তর
ভারতে যাওয়া বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশে ফিরতে চান। কর্মসংস্থানসহ অন্যান্য সুযোগ-সুবিধার অভাবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণের এক বছরের মাথায় তাদের অনেকের মধ্যেই এখন এমন মনোভাব দেখা দিয়েছে।
স্বরাষ্ট্রবিষয়ক ভারতীয় পার্লামেন্টের স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য এ কথা স্বীকার করেছেন।
পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।
গত বছর ১ আগস্ট বিলুপ্ত ছিটমহলের আগ্রহী বাসিন্দারা ভারতে চলে যান।
প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ থেকে যেসব ছিটমহলবাসী ভারতে এসেছেন এবং বসতি স্থাপন করেছেন তাদের বিষয়ে আমি প্রতিবেদন পেয়েছি। ভারতে কর্মসংস্থান এবং মৌলিক আরও কিছু সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে তারা এখন বাংলাদেশে ফিরতে চান। এটা একটি গুরুতর উদ্বেগের বিষয়। আমি এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তদন্ত করে দেখব।
মানহীন ৩৪ কোম্পানির ওষুধ প্রত্যাহারের নির্দেশ-ইত্তেফাক
বাজারে থাকা মানহীন ৩৪ কোম্পানির ওষুধ অবিলম্বে প্রত্যাহারে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।
পদত্যাগ করতে পারেন নোমান-মানবজমিন
পদত্যাগ করতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। যে কোন সময় পদ ছাড়ার ঘোষণা দিতে পারেন তিনি। নবগঠিত কমিটিতে কাঙ্খিত পদ না পেয়ে ক্ষুদ্ধ-হতাশ আবদুল্লাহ আল নোমান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তার বিএনপির রাজনীতি ছেড়ে দেয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি, নিয়ন্ত্রণ রেখা মুছে দেওয়ার ডাক-আনন্দবাজার
পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন হিজবুল মুজাহিদিন তথা ইউনাইটেড জিহাদ কাউন্সিল প্রধান সৈয়দ সালাউদ্দিন। কাশ্মীরের ‘স্বাধীনতা সংগ্রাম’ চূড়ান্ত রূপ নিচ্ছে বলে সালাউদ্দিনের দাবি। নয়াদিল্লির উদ্দেশে হিজবুল প্রধানের হুমকি, খুব বড় বিপদের মুখে পড়তে চলেছে ভারত।
গত ৮ জুলাই কাশ্মীরে সেনা অভিযানে হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যু হওয়ার পর উপত্যকা উত্তপ্ত হয়ে উঠেছিল। পাকিস্তানের মদতে হিজবুল, লস্করের মতো সংগঠনই অশান্তির আগুন বাড়িয়ে তুলছিল বলে ভারত বার বার অভিযোগ করেছে।
রাজনাথের সঙ্গে কাশ্মীর–আলোচনায় মোদি-আজকাল
কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদি। রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সোমবার সকালেই রাজ্যসভায় কাশ্মীর ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। তাঁর কটাক্ষ, কাশ্মীরে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। অথচ কেন্দ্র ঘুমোচ্ছে। প্রধানমন্ত্রী একটা কথাও বলছেন না। কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবিও তুললেন তিনি।
মানসকে আগাম জামিন নয়, নির্দেশ আদালতের-সংবাদ প্রতিদিন
মানস ভুইয়াঁর আগাম জামিনের আবেদন খারিজ৷ খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ নির্বাচনের সময় সবংয়ে তৃণমূল কর্মী জয়দেব জানা খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন মানস ভুইয়াঁ৷ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই মামলায়৷
গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করেই এই আবেদন খারিজ করা হয়েছে বলে জানায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছিল৷ মানস ভুইয়াঁর ভাইয়েরও আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে৷ কারণ হিসাবে জানানো হয়, এক্ষেত্রে মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮