রক্তচক্ষুকে উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দেয় আদালত: প্রধান বিচারপতি
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৬ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
তামিম, মারজান ছাড়া আরও ৭-৮ জন শনাক্ত!-প্রথম আলো
বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রধান আসামি মুসা কলকাতায় আটক!-ইত্তেফাক
২৬ আগস্ট থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু-মানবজমিন
সিটিসেলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু-যুগান্তর
রক্তচক্ষুকে উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দেয় আদালত-যায় যায় দিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
রোগ ছড়াচ্ছে দ্রুত, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু দু’জনের-বর্তমান
রণক্ষেত্র কাশ্মীরে ফের নিহত ৪, মৃত বেড়ে ৬৫-সংবাদ প্রতিদিন
বিচারবিভাগ-কেন্দ্র লড়াই তীব্র-মোদীকে তোপ প্রধান বিচারপতির-আনন্দবাজার
জাকির নায়েকের স্কুলে মগজধোলাই -আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
গুলশান হামলার আরও ৭-৮ জন মাস্টারমাইন্ড সনাক্ত-মানবজমিন
গুলশান হামলার ঘটনায় তামিম, মারজান ছাড়া আরও সাত-আটজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মনিরুল ইসলাম বলেন, এই সাত-আটজনের সাংগঠনিক নাম পাওয়া গেছে। তাদের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। গুলশান হামলায় তাদের বিভিন্ন ধরনের ভূমিকা রাখার তথ্য পাওয়া গেছে। তারা সবাই দেশের ভেতরেই আছে। তবে তাদের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানা যায়নি, ছবিও পাওয়া যায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের তরফ থেকে গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী মারজানের ছবি প্রকাশ করে প্রাথমিক সাফল্য পাওয়া গেছে। মারজানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রক্তচক্ষুকে উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দেয় আদালত-যায় যায় দিন
রাষ্ট্রের প্রতিটি ক্রান্তিলগ্নে বিচার বিভাগ এগিয়ে এসেছে মন্তব্য করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, 'রক্তচক্ষু উপেক্ষা করেই' আদালত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিচার বিভাগ আয়োজিত এক রক্তদান কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, 'বিচার বিভাগ কোনো দিনই পিছপা হয় নাই। রাষ্ট্রের প্রতিটি ক্রান্তিলগ্নে এই বিচার বিভাগ এগিয়ে আসছে এবং যখনই অন্যায় দেখেছে সেখানেই হস্তক্ষেপ করেছে।'
সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন প্রাঙ্গণে এ আয়োজনে সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারক, আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বঙ্গবন্ধু হত্যা মামলার বিভিন্ন পর্যায়ের কথা প্রধান বিচারপতি স্মরণ করেন।
'কেক না কাটা বিএনপির শুভবুদ্ধির উদয়'-বাংলাদেশ প্রতিদিন
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার 'কথিত' জন্মদিনের কেক না কাটায় বিএনপির 'শুভ বোধের উদয়' বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় মহাসড়ক পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশী শক্তিশালী। বঙ্গবন্ধুকে ঘিরে আজ বাংলাদেশে নবজাগরণের উদ্ভব হয়েছে। দিন দিন এই জাগরণ বেড়ে চলেছে।
আওয়ামী লীগের উদ্বৃত্ত, বিএনপির ঘাটতি-প্রথম আলো
সারা বছর ব্যয়ের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের তহবিলে উদ্বৃত্ত আছে ৩ কোটি ৩৮ লাখ টাকা। অন্যদিকে, আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির তহবিলে কোনো উদ্বৃত্ত নেই। উল্টো দলটির আয়ের চেয়ে ১৪ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে। অর্থাৎ, বিএনপির তহবিলে ঘাটতি ১৪ লাখ টাকার।
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি ২০১৫ সালের পঞ্জিকা–বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। জমা দেওয়া হিসাব বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
আওয়ামী লীগের দেওয়া হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৫ সালে ক্ষমতাসীন দলটি আয় করেছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। এ সময় দলটির ব্যয় হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। অর্থাৎ, ব্যয়ের পর তহবিলে উদ্বৃত্ত আছে প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা।
রাজধানীতে জেএমবির উপদেষ্টাসহ চার নারী গ্রেফতার-ইত্তেফাক
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী বিভাগের উপদেষ্টাসহ চার নারী সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, নারী জঙ্গিদের তথ্য সংক্রান্ত কাগজপত্র ও প্রশিক্ষণের অডিও-ভিডিও ক্লিপ উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত চার সদস্যের মধ্যে নারী বিভাগের উপদেষ্টার নাম আকলিমা রহমান মনি। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। সদস্যদের মধ্যে ঐশি (২৫) নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। অপর দুইজনের নাম মৌ (২২) ও মেঘনা (২২)। এরাও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।
বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রধান আসামি মুসা কলকাতায় আটক!-ইত্তেফাক
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রধান আসামি মুসা কলকাতায় আটক হয়েছেন! আটককৃত ব্যক্তি মুসা কিনা তা যাচাই বাছাই করতে আজ মঙ্গলবার সকালে পুলিশের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম কলকাতায় গেছেন।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম শাখার একটি সূত্র জানায়, আটককৃত ব্যক্তি জঙ্গি কিনা, তা খতিয়ে দেখতেই তদন্তকারী দল কলকাতায় যাচ্ছে।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
রণক্ষেত্র কাশ্মীরে ফের নিহত ৪, মৃত বেড়ে ৬৫-সংবাদ প্রতিদিন
৭০তম স্বাধীনতা দিবসের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের রণক্ষেত্র কাশ্মীর৷ মধ্য কাশ্মীরের বদগাম জেলায় মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ইটবৃষ্টি করছে বিক্ষোভকারীরা৷ সেনাবাহিনীর প্রত্যাঘাতে নিহত হয়েছে চার বিক্ষোভকারী৷ হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ভূস্বর্গ৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫৷
কাশ্মীরের জবাবে বালুচ তাস, পাকিস্তানকে ফের খোঁচা মোদীর-আনন্দবাজার
পাকিস্তানের স্বাধীনতা দিবসে কাশ্মীরের অশান্তিকে ‘স্বাধীনতা সংগ্রাম’ বলে ব্যাখ্যা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর আজ, ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে তার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! কাশ্মীরের জবাবে টেনে আনলেন বালুচিস্তান ও গিলগিট প্রসঙ্গ!
বুঝিয়ে দিলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে এলে পাল্টা বালুচ তাস খেলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে অস্বস্তিতে ফেলতে দু’বার ভাববে না নয়াদিল্লি!
বিচারবিভাগ-কেন্দ্র লড়াই তীব্র-মোদীকে তোপ প্রধান বিচারপতির-আনন্দবাজার
লাল কেল্লার বক্তৃতার পর সব প্রধানমন্ত্রীকেই কমবেশি বিরোধীদের সমালোচনা শুনতে হয়। কিন্তু আজ বিরোধীরা নন। নরেন্দ্র মোদীকে সবথেকে ধারালো ভাষায় আক্রমণ শাণালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর।
বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে মোদী সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের সংঘাত চলছিলই। মোদী নিজে বিচারবিভাগের সঙ্গে এই সংঘাত মিটিয়ে নিতে চাইছেন বলে সরকারি সূত্রে দাবি। কিন্তু প্রধানমন্ত্রী লাল কেল্লায় বক্তৃতায় তার কোনও উল্লেখ করলেন না কেন, আজ তা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬