গ্রেনেড হামলাকারীদের নিরাপদে সরিয়ে দিয়েছিল পুলিশ-প্রধানমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২১ আগস্ট রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
২১ আগস্ট ইতিহাসের কলঙ্ক: মির্জা ফখরুল-প্রথম আলো
১০ বেসরকারি মেডিকেলকে ১০ কোটি টাকা জরিমানা-ইত্তেফাক
ভয়াল একুশে আগস্ট আজ-মানবজমিন
গ্রেনেড হামলাকারীদের নিরাপদে সরিয়ে দিয়েছিল পুলিশ-যুগান্তর
গ্রেনেড হামলার এক যুগ, এখনো পলাতক ১৮ আসামি-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
গুজরাত দাঙ্গার ‘মুখ’ই এখন দলিত-মুসলিম একতার মুখপাত্র!-সংবাদ প্রতিদিন
দলিত-মুসলিম ভোটেই নজর মায়ার -আনন্দবাজার
গুজরাটে ফের নিগৃহীত দলিত কিশোর -আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ভয়াল একুশে আগস্ট আজ- এ সম্পর্কে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, ইতিহাসের ভয়াবহতম ২১শে আগস্ট গ্রেনেড হামলার ১২তম বার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে দেশের রাজনীতির ইতিহাসে ঘটেছিল বর্বরতম এই হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলার ঘটনা। আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ রক্তাক্ত হয়েছিল সন্ত্রাসের রক্তাক্ত থাবায়।
এ সম্পর্কে প্রথম আলোর শিরোনাম: ২১ আগস্ট ইতিহাসের কলঙ্ক: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা। এটি বর্বরতম হত্যাকাণ্ড। আজ রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেন। এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানান।
গ্রেনেড হামলাকারীদের নিরাপদে সরিয়ে দিয়েছিল পুলিশ-যুগান্তরের খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকারীদের নিরাপদে সরিয়ে দিয়েছিল পুলিশ।
রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, 'মৃত্যু বারবার আমার পিছু ছুটেছে, কিন্তু আমি ভীতু ছিলাম না। আমি মৃত্যুকে ভয় পাই না। আমি জাতির জনকের কন্যা। জন্মেছি যখন, যে কোনো সময় মৃত্যু আসতে পারে।' গ্রেনেড হামলার ভয়াবহতার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, 'একটার পর একটা গ্রেনেড হামলা চালানো হয়। তারা ১৩টি গ্রেনেড তারা মেরেছে। আমার গায়ে রক্ত দেখে অনেকে ভেবেছে আমি আহত। আল্লাহর রহমতে আমার শরীরে কোনো স্প্রিন্টার লাগেনি। হানিফ ভাইয়ের গায়ে লাগে, তিনি রক্তাক্ত হন।'
এ সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদনের শিরোনাম-ঠিকানা খুঁজে পাচ্ছে না পুলিশ, গ্রেনেড হামলার এক যুগ, এখনো পলাতক ১৮ আসামি, রায়ের অপেক্ষায় স্বজনরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো ভয়াবহ গ্রেনেড হামলার এক যুগ পার হলো। এখনো বিচারের অপেক্ষায় আছেন ওই ঘটনায় হতাহতের স্বজনরা। কিন্তু তারিখের পর তারিখ পার হলেও, শেষ হচ্ছে না মামলার বিচারকাজ। ভয়ঙ্কর গ্রেনেড হামলাকারী ১৮ আসামি এখনো পলাতক। পুলিশ তাদের ঠিকানাই খুঁজে পাচ্ছে না। এ অবস্থায় মামলার বিচারকাজ এ বছরও শেষ হওয়ার সম্ভাবনা কম। মামলাটি এখন আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। মোট ৫১১ সাক্ষীর মধ্যে ২২৩ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘এ মামলার বিচারিক কাজ শেষ প্রান্তে এসে পৌঁছেছে। নিয়মানুযায়ী সব আইন-কানুন মেনে এ মামলার বিচারকাজ সম্পন্ন করা হচ্ছে।
নাইকো দুর্নীতি: সময় পেলেন খালেদা জিয়া-যুগান্তর
অষ্টমবারের মতো পিছিয়েছে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি।
রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মওদুদ আহমেদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম শুনানির জন্য আগামী ২ অক্টোবর নতুন দিন ঠিক করেন।
মওদুদ আহমদের আইনজীবী খায়রুল কবির জানান, নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে সময় চাওয়া হলে বিচারক নতুন তারিখ ২ অক্টোবর ধার্য করে দেন।
যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম: ফরিদপুরে ঘূর্ণিঝড়ে নিহত ৫
ফরিদপুর সদর উপজেলায় ঘূর্ণিঝড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন প্রায় শতাধিক। ঘূর্ণিঝড়ে কয়েকটি গ্রামের বসত ঘর, গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরতলির গেরদা ইউনিয়নের এ ঘূণিঝড় হয়।
টাঙ্গাইলে ‘বন্দুকযদ্ধে ২ যুবক নিহত-মানবজমিন
টাঙ্গাইলের মধুপুর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে। পুলিশ তাদের সন্দেহভাজন জঙ্গি বলে দাবি করেছে। আজ ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই যুবকের নাম জানাতে পারেনি পুলিশ।
ইত্তেফাকের খবর: বসুন্ধরা শপিং মলে বার বার আগুন কেন: প্রশ্ন আনিসুলের
রাজধানীর পান্থপথে বহুতল শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটিতে বার বার আগুন লাগায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। আনিসুল হক বলেন, আমি জানতে চাই, বার বার কেন তাদের মার্কেটে আগুন লাগে। এই পর্যন্ত তিন বার এই মার্কেটে আগুন লেগেছে।
রবিবার বেলা ১১টার দিকে বসুন্ধরা সিটির আট তলা অংশের ছয় তলায় আগুন লাগে। ২০০৯ সালের ১৩ মার্চ বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুনে সাত জনের মৃত্যু হয়। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর বসুন্ধরা সিটিতে আগুন লাগে।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সেনা বিদ্রোহের মূল চক্রীরা ভারতে, সতর্ক করল তুরস্কসংবাদ প্রতিদিন
তুরস্কে সেনা অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ‘ফেতুল্লা গুলেন টেররিস্ট অর্গানাইজেশন’ বা ‘এফইটিও’র সদস্যরা ভারতে অনুপ্রবেশ করেছে বলে দাবি করল তুরস্কের সরকারি সংবাদমাধ্যম৷ তুরস্কের বিদেশমন্ত্রকও ওই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে৷ তুরস্কের কায়দায় এ দেশের সেনাবাহিনীর অন্দরেও বিদ্রোহের ভাবনা জাগিয়ে তুলতে পারে জঙ্গিরা, সতর্ক করল তুরস্কের বিদেশমন্ত্রক৷
গুজরাটে ফের নিগৃহীত দলিত কিশোর-আজকাল
গরু নিয়ে বজ্জাতি চলছেই। গরুর মৃতদেহ তুলতে অস্বীকার করায় গুজরাটে ফের নিগৃহীত দলিত সম্প্রদায়। আহমেদাবাদ থেকে ৪০ কিলোমিটার দূরে ভাবরা গ্রামের ঘটনা। দশম শ্রেণীর ছাত্রকে বেদম প্রহার গ্রামেরই দুই ব্যক্তির। গত কয়েক মাস ধরেই দাপাদাপি বেড়েছে গোরক্ষা সমিতিগুলো। গোহত্যার অভিযোগে দলিতদের ওপর নির্যাতন চালাচ্ছে তারা। গত মাসেই গুজরাটের উনা জেলায় পেশায় চামড়া ব্যবসায়ী চার যুবককে ব্যাপক মারধর করে তারা।
দলিত-মুসলিম ভোটেই নজর মায়ার-আনন্দবাজার
নির্বাচন হতে বাকি প্রায় ছ’মাস। কিন্তু উত্তরপ্রদেশের ক্ষমতা দখলে এরইমধ্যে সম্মুখ সমরে নেমে পড়েছে প্রায় সবকটি দলই।
গো-রক্ষা ও দলিত অত্যাচার প্রশ্নে বিজেপি কিছুটা ব্যাকফুটে। সেই সুযোগে দলিত ও মুসলিম ভোটব্যাঙ্ক একজোট করে লখনউয়ের মসনদ দখলের লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী। মাঠে নেমে পড়েছে কংগ্রেসও। সেপ্টেম্বরের শুরুতে অমেঠি-রায়বরেলীতে পদযাত্রায় দেখা যাবে রাহুল গাঁধীকেও। আর কেন্দ্রের শাসক দল বিজেপি আপাতত আগামী ছ’মাস কেন্দ্রীয় প্রকল্প সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠান করার জন্য বেছে নিয়েছে উত্তরপ্রদেশকেই।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১