'কিরণমালা'য় মজেছে বেশ, বাড়ছে লাশ পুড়ছে দেশ'
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২২ আগস্ট সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
হাসনাতের নতুন করে রিমান্ড চাইবে না পুলিশ-প্রথম আলো
আনসারুল্লাহ বাংলা টিমের ‘সমন্বয়ক’ সাকেরের জামিন স্থগিত-ইত্তেফাক
জবি শিক্ষার্থীদের মিছিলে বাধা, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ-মানবজমিন
ঢাবিতে স্নাতক প্রথমবর্ষে বাড়ছে ২০০ আসন-যুগান্তর
বনের গাছ কাটা যাবে না ২০২২ সাল পর্যন্ত'-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ভারতীয় ধারাবাহিকের গল্পে বিপর্যস্ত বাংলাদেশ-সংবাদ প্রতিদিন
জেএনইউ ক্যাম্পাসের ভিতরেই সহপাঠীকে ধর্ষণ, অভিযুক্ত ছাত্রনেতা-আনন্দবাজার
অধীরকে মানসের আর্জি, বাংলার কংগ্রেস বাঁচান-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে দৈনিক ইত্তেফাক, যুগান্তরসহ বেশ কযেকটি দৈনিকের খবর-
সাইবার অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছর ও সর্বনিম্ন ২ বছর কারাদণ্ড অথবা ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দন্ডে দণ্ডিত করার বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬'র খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতির পিতার বিরুদ্ধে অপপ্রচার চালালে বা তাতে মদদ দিলে যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানার বিধান রেখে আইন করার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। আবহাওয়া বিষয়ক আইন-২০১৬'র খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
'কিরণমালা'য় মজেছে বেশ, বাড়ছে লাশ পুড়ছে দেশ-বাংলাদেশ প্রতিদিনের বিশ্লেষণধর্মী এ প্রতিবেদনটিতে বলা হয়েছে,
ভারতীয় সিরিয়ালের আগ্রাসন দেশের মানুষের মধ্যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে তা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন হবিগঞ্জের বাসিন্দারা। গত বুধবার হাবিবগঞ্জ জেলার ধল গ্রামে 'কিরণমালা' সিরিয়াল দেখা নিয়ে প্রথমে কথা কাটাকাটি, পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। দু'পক্ষের এই সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়। এর আগে, পাখি চরিত্রের আদলে তৈরি পোশাক 'পাখি ড্রেস'কে কেন্দ্র করে বেশ কয়েকটি লঙ্কাকাণ্ড ঘটে গেছে বাংলাদেশে। আত্মহত্যা থেকে শুরু করে স্বামী-স্ত্রী হত্যার মতো ঘটনাও ঘটেছে এই দেশে। যা এখনও চলমান। এর মধ্যে হালের কিরণমালা ক্রেজে পুড়ছে ঘর আর বাড়ছে লাশ।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, স্টার জলসা, জি বাংলাসহ কলকাতার টিভি চ্যানেলগুলোতে সংসারের ঝগড়াঝাঁটি ও পুরাণিক কাহিনী নিয়ে ধারাবাহিক সিরিয়াল প্রচারিত হচ্ছে। এসব সিরিয়ালে আসক্ত হয়ে পড়ছেন দেশের গ্রামাঞ্চলের নারী ও গৃহধূরা থেকে শুরু করে আবাল-বৃদ্ধা। পরিবারের কাজকর্ম ফেলে মগ্ন থাকছেন ওই সব সিরিয়ালে। আর এতে ঘটছে নানা অঘটন।
প্রতিবেদনটিতে বেশ কিছু মর্মান্তিক ঘটনা তুলে ধরা হয়েছে,
গত বছরের ১৪ সেপ্টেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বড়দাপ গ্রামে কিরণমালা দেখতে গিয়ে ১৬টি পরিবারের বসতবাড়ি-জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
কিরণমালার সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে গত শনিবার সাতক্ষীরার শ্যামনগরে। বাদুড়িয়া গ্রামের সবুর মোল্লার পরিবারের সবাই যখন একত্রে বসে কিরণমালা তখন পরিবারের দুই শিশু পুকুরে পড়ে মারা যায়।
কুষ্টিয়ার খোকসায় কিরণমালা দেখার সময় তালাবদ্ধ ঘরের ভেতরে পুড়ে অঙ্গার হয়ে যায় ছো্ট্ট মেয়ে ঋতু।
কিরণমালা দেখার কারণে আগুনে ঘর পুড়ে ছাই, ছেলে-মেয়ের মৃত্যু, বোনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা, দু'পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা কিন্তু দু'একটা নয়। প্রায় প্রতিদিনই কিরণমালাসহ অন্যান্য সিরিয়াল দেখা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।
এদিকে, এসব ঘটনা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছেন দেশের সাংস্কৃতিক বোদ্ধারা। তাদের মতে, এটা দেশের সংস্কৃতির ওপর বড় আঘাত। তাই অচিরেই এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে দেশিয় সংস্কৃতি হুমকির মুখে পড়বে। পরকীয়ার প্রকোপ বাড়বে, দেখো দেবে মানুষে মানুষে দ্বন্দ্ব, ভেঙে যাবে দীর্ঘদিনের পারিবারিক বন্ধন, মুখ-দেখাদেখি হবে ভাই-বোনদের মধ্যে।
ঢাবিতে স্নাতক প্রথমবর্ষে বাড়ছে ২০০ আসন-যুগান্তর
২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ২০০ আসন বাড়ানো হচ্ছে। সোমবার ঢাবি ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এছাড়া নতুন একটি বিভাগ খোলা এবং তিনটি প্রোগ্রামও বাড়ানো হয়েছে। ভিসি বলেন, এর ফলে সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮০০ তে। সর্ব সম্প্রতি উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার বেশি হলেও ভর্তি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাড়ানোর ঘোষণা খুবই ভালো উদ্যোগ বলে মনে করেন বিভিন্নমহল।
বনের গাছ কাটা যাবে না ২০২২ সাল পর্যন্ত'-বাংলাদেশ প্রতিদিন
দেশের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর বিধি-নিষেধের সময় ২০২২ সাল পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর ফলে আগামী আরও ৭ বছর বনের গাছ কাটা যাবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মুসলিমরা পারলে হিন্দুরা কেন সন্তান উৎপাদনে পিছিয়ে-সংবাদ প্রতিদিন
দেশে হিন্দুদের সংখ্যা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ গত শনিবার আগ্রায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, “দেশে হিন্দুদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে বলে শোনা যাচ্ছে৷ কিন্তু কোন আইনে বলা আছে যে হিন্দুরা তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারবে না?”
তিনি আরও বলেন, হিন্দু দম্পতিদের এক বা দুইয়ের বেশি সন্তান উৎপাদন করতে বাধা দিয়েছে কোন আইন? তাই হিন্দু দম্পতিরা এক বা দুইয়ের বেশি সন্তান নিন৷ হিন্দুদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে না কোনও সামাজিক ব্যবস্থাপনার জন্য নয়৷ আসলে হিন্দুদের মানসিক গঠনই এর জন্য দায়ী৷
আত্মত্যাগের স্যুট! মোদিকে খোঁচা রাহুলের-আজকাল
‘কত আত্মত্যাগই না করেছেন মোদিজি! এটুকু তো প্রাপ্যই!’ দশ লাখি স্যুট নিয়ে প্রধানমন্ত্রীকে ঠেস কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর। গত বছর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় ওই স্যুট পরেছিলেন নরেন্দ্র মোদি। ওতে সোনার অক্ষরে মোদির নাম লেখা। শুরু থেকেই প্রচারমাধ্যমের শিরোনামে জায়গা পায় সেটি। পরে নিলামে তোলা হয় সেটি। ন্যূনতমদাম ধার্য হয় ১১ লক্ষ টাকা। ৪ কোটি ৩১ লক্ষ টাকায় সেটি কিনে নেন সুরাটের হিরে ব্যবসায়ী লালজি প্যাটেল। গিনেস বুকে সবথেকে দামি স্যুট হিসেবে ঠাঁই পেয়েছে সেটি। সেই খবর সামনে আসতেই টুইটারে মোদিকে খোঁচা রাহুল গান্ধীর। এর আগে সংসদে দাঁড়িয়ে মোদি সরকারকে ‘স্যুট বুট’র সরকার বলেও কটাক্ষ করেছিলেন তিনি। তবে স্যুট বিক্রির টাকায় গঙ্গা পরিষ্কারের কাজ হবে বলে জানিয়েছিল কেন্দ্র।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২