আগস্ট ২৩, ২০১৬ ১৬:২২ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৩ আগস্ট সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
নিজাম হাজারীর সংসদ সদস্য পদ বিষয়ে রায় পেছাল-প্রথম আলো
জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভবনে তালা-ইত্তেফাক
বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ আইনসম্মত: হাইকোর্ট-মানবজমিন
সার কারখানার গ্যাস নিয়ন্ত্রণে- তদন্তে কমিটি -যুগান্তর
নৌ ধর্মঘট; সমঝোতায় পৌঁছাতে না পারলে ব্যবস্থা-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
১২ বছর পর ফের কাশ্মীরে মোতায়েন বিএসএফ-সংবাদ প্রতিদিন
জিগীষা হত্যাকাণ্ডে দু’জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১ জনের-আনন্দবাজার
হার্দিক টাকা হাতিয়েছেন:‌ তোপ দুই সঙ্গীর-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

‘গুলশানের জঙ্গিদের সঙ্গে পরিবারের সদস্যদের ডিএনএ মিলেছে’-প্রথম আলো
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জিম্মি উদ্ধার অভিযানে নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জনের ডিএনএ তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলেছে। তদন্তে আর প্রয়োজন না হলে স্বজনেরা চাইলে জঙ্গিদের লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান এ কথা জানিয়েছেন। পরিচয় নিশ্চিত হওয়ায় লাশ হস্তান্তর হবে কি না, এমন প্রশ্নের জবাবে উপকমিশনার বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন মামলার প্রয়োজনে লাশগুলোর আর প্রয়োজন নেই, তাহলে তিনি লাশ হস্তান্তর করতে পারেন। এর জন্য স্বজনদের লাশ নেওয়ার জন্য আবেদন করতে হবে।

‘শিগগিরই মন্ত্রিসভায় উঠছে সম্প্রচার আইনের খসড়া’-ইত্তেফাক
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সম্প্রচার আইন চূড়ান্ত পর্যায়ে আছে। শিগগিরই আইনটি মন্ত্রিসভায় পাঠানো হবে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, সরকার সঠিক তথ্য প্রবাহের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।  সঠিক তথ্যপ্রবাহ জঙ্গি-সন্ত্রাস দমন এবং সাম্প্রদায়িক বোমা নিষ্ক্রিয় করতে ভূমিকা রাখে।
মন্ত্রী জানান, বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় এবার ১৯৬ জন দুঃস্থ, অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারকে এক কোটি ৪০ লাখ টাকা অনুদান তুলে দেয়া হবে।

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা, গ্রেফতার ১-যুগান্তর
ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নড়াইলে তথ্য প্রযুক্তি আইনে বাবা ও ছেলের নামে মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় নড়াইলের তুলারামপুর থেকে বাবা আলী আহমেদ মোল্যাকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ছেলে নাজমুল হোসেন পলাতক রয়েছেন। এর আগে একই দিনে দুপুরে নড়াইল সদর উপজেলার যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মাফুজ সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।

যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম: পলাশে ধর্ষণ ও পণ্যগ্রাফি মামলায় ৬ জনের ফাঁসি
নরসিংদীর পলাশে প্রাণ কোম্পানির এক নারী শ্রমিককে (৩০) ধর্ষণ ও ভিডিও দৃশ্য ধারনের অপরাধে ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া পর্নোগ্রাফি আইনে আসামিদের সবাইকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার বিকেল ৩টার দিকে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিম আহমেদ এ রায় দেন।

বাংলাদেশ প্রতিদিনের মন্তব্যধর্মী প্রতিবেদনের শিরোনাম: 
 

কারাগারে বসেই পিতা আন্ডারওয়ার্ল্ড ডনরা
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ডন ইয়াসিন খান ওরফে পলাশ ওরফে কাইল্যা পলাশ কারাগারে বন্দী ১৪ বছর ধরে। নজিরবিহীন ঘটনা হলো, কারাবন্দী এই ডন এই সময়ের মধ্যে বাবা হয়েছেন। চার বছর বয়সী একটি সন্তান রয়েছে তার। তেজগাঁওয়ের আরেক ডন সেলিম ওরফে রায়পুইরা সেইল্লা। কারাগারে বন্দী থাকা অবস্থায় তিনিও হয়েছেন কন্যাসন্তানের জনক। কাইল্যা পলাশ বা রায়পুইরা সেইল্লাই শুধু নন, এমন বন্দীজীবনে থেকে সন্তানের জনক হয়েছেন আন্ডারওয়ার্ল্ডের আরও বেশ কয়েক ডন। অনুসন্ধানে পাওয়া গেছে এমন অন্তত পাঁচজনের বাবা হওয়ার তথ্য। বাবা হননি, কিন্তু স্ত্রী বা বান্ধবীর সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন, এমন সংখ্যা অগণিত। একমাত্র কাইল্যা পলাশই পুলিশ পাহারায় নিজ বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন। বাকিরা আদালতে হাজিরা দিতে গেলে সুযোগ পেতেন। কোর্ট গারদের বিশেষ কক্ষে মিলিত হতেন তাদের স্ত্রীদের সঙ্গে। ওই কক্ষটিকে সন্ত্রাসীরা ‘ফ্রি পোর্ট’ নামকরণ করেছিলেন। তবে এই ‘ফ্রি পোর্ট’ ব্যবহারে সন্ত্রাসীরা মোটা অঙ্কের টাকা খরচ করতেন। এ ছাড়া কারাগারে থেকেও বিয়ে করার ঘটনা ঘটিয়েছেন একজন হত্যা মামলার আসামি। সংশ্লিষ্টরা বলছেন, আন্ডারওয়ার্ল্ডের ডনরা কারাগারে বন্দী থাকলেও কাটান তারা মুক্তজীবনের মতোই। চাঁদাবাজির  সিংহভাগই তারা খরচ করেন কারাগারের ভিতরে। রাজার হালেই কাটে তাদের দিনকাল। 

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বিধবা পারুল, শাশুড়ি গ্রেফতার .-বাংলাদেশ প্রতিদিন
শাশুড়ি ও ননদের নির্মম নির্যাতনের শিকার ঠাকুরগাঁও সদর উপজেলা ভাউলারহাট এলাকার দুই সন্তানের জননী পারুল আক্তার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পুলিশ এ ঘটনায় শাশুড়ি নুরজাহানকে গ্রেফতার করেছে।   গত ৬ মাস আগে স্বামীর মৃত্যুর পর থেকে পারুলের উপর নির্যাতন শুরু করেন তার শাশুড়ি, ননদ ও দেবর। গতকাল সোমবার ঘর থেকে বের করে দিতে চাইলে পারুল অস্বীকৃতি জানায়। এ কারণে তার উপর চলে নির্মম নির্যাতন। ইট-পাথর ও লাঠিসোঁটা দিয়ে গৃহবধূকে শারীরিক আঘাত করার পর পারুল জ্ঞান হারালে তার মৃত্যু হয়েছে ভেবে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা পারুলকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন পারুল। 
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

মমতার বিদ্রোহে সঙ্গী নীতীশ, জয়া, অখিলেশ-আনন্দবাজার
এক দিকে রাজ্যের বঞ্চনা, অন্য দিকে অতি-কেন্দ্রিকতা। এই দু’টি বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহে সমর্থন জানালেন দেশের বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী।
নীতীশ কুমার, অখিলেশ যাদব, জয়ললিতা— পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তাঁরা জানিয়েছেন, রাজ্যের অধিকার খর্ব করতে নরেন্দ্র মোদীর পদক্ষেপের বিরুদ্ধে একজোট হয়ে তাঁর জেহাদ ঘোষণা করবেন। আপাতত ঠিক হয়েছে, জানুয়ারিতে সংসদের অধিবেশনের সময় দিল্লিতে এই মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি চা-চক্র অনুষ্ঠিত হবে। সেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর মোদীর আক্রমণের বিরুদ্ধে এক হয়ে লড়ার চেষ্টা হবে।

১২ বছর পর ফের কাশ্মীরে মোতায়েন বিএসএফ-সংবাদপ্রতিদিন
এক মাসেরও বেশি হয়ে গিয়েছে, কিন্তু কাশ্মীরে অশান্তি থামার কোনও লক্ষণই নেই৷ তাই এবারে বিএসএফ-এর দ্বারস্থ হচ্ছে কেন্দ্র সরকার৷ ১২ বছরে প্রথমবার জম্মু-কাশ্মীরে মোতায়েন করা হবে ২৬ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী৷ এমনটাই জানা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে৷

১৯৯১ সালে একবার সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে মোতায়েন করা হয়েছিল বিএসএফ জওয়ানদের৷ পরে ২০০৪ সালে ভূস্বর্গের শান্তি রক্ষার দায়িত্ব সিআরপিএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়৷#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩