‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের শক্তি চিহ্নিত করতে ‘কমিশন’ গঠন করতে হবে'
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৪ আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ক্রিকেটার শাহাদাতের পক্ষেই সাক্ষ্য দিল গৃহকর্মী-প্রথম আলো
‘দীপন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার শামীমের’-মানবজমিন
তাভেলা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ-যুগান্তর
আনসার আল ইসলাম'কে নিষিদ্ধ করা হবে: ডিএমপি-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
বিশ্বের প্রথম ১০ বিত্তশালী দেশের তালিকায় সপ্তম ভারত-সংবাদ প্রতিদিন
সমালোচনা থামাতে মরিয়া জয়ললিতাকে তিরস্কার সুপ্রিম কোর্টের-আনন্দবাজার
সারদা মামলা: নলিনী চিদম্বরমকে সমন ই ডির-আজকাল
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
সব সাংবাদিক হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী-যুগান্তর
সব সাংবাদিক হত্যার ঘটনায় বিচার হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে দুস্থ সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রথমবারের মতো এ অনুদান দেয়া হয়।
শেখ হাসিনা বলেন, দেশের সব সাংবাদিক হত্যার বিচার করা হবে। কেউই পার পাবে না। অনেক সময় হত্যার স্বাক্ষী পাওয়া যায় না। যে কারণে বিচারকাজ বিলম্বিত হয়। আমার পিতা হত্যার বিচার পেতে আমাকে ৩৭ বছর অপেক্ষা করতে হয়েছে।
‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের শক্তি চিহ্নিত করতে ‘কমিশন’ গঠন করতে হবে’-ইত্তেফাক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা জড়িত তাদের চিহ্নিত ও ষড়যন্ত্র উদঘাটনে একটি ‘কমিশন’ গঠন করতে হবে। ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেকে হত্যার মধ্য দিয়ে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠিত হয়, ফিরে আসে সেই ঘৃণা, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উন্মাদনা যা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের সংবিধানের মূল নীতির সম্পূর্ণ পরিপন্থী। হত্যাকাণ্ডের পর ক্ষমতায় অধিষ্ঠিত খোন্দকার মোশতাক বাংলাদেশকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করেন।’ তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, বঙ্গবন্ধু হত্যা ছিলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেশের গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতাকে সমূলে উৎপাটন করার দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত। এই চক্রান্তের ধারা আজও অব্যাহত।
মীর কাসেমের আবেদন নাকোচ, পরবর্তী শুনানি রবিবার-ইত্তেফাক
মৃত্যুদণ্ডের রায় পুনঃবিবেচনা চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ পিটিশননের ওপর শুনানি শুরু হয়েছে। সময় আবেদন নাকোচ করে দিয়ে আসামি পক্ষের আইনজীবীকে শুনানি শুরুর নির্দেশ দেন প্রধান বিচারপতি। এরপরই মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসনে শুনানি শুরু করেন। শুনানী শুরুর পরই আগামী রবিবার পর্যন্ত তা মুলতবি ঘোষণা করা হয়।’
মেজর জিয়া দীপনের খুনীদের প্রশিক্ষক-যুগান্তর
জাগৃতি প্রকাশনির মালিক ফয়সল আরেফিন দীপন হত্যায় অংশ নেয়া এবিটি সদস্যদের প্রশিক্ষণ দিয়েছিল সেনাবাহিনীর চাকরীচ্যুত মেজর সৈয়দ মো. জিয়াউল হক, যিনি মেজর জিয়া নামেই পরিচিতি। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।এই জিয়াই গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলাসহ সম্প্রতি বিভিন্ন হামলার মাস্টারমাইন্ড বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে টঙ্গি থেকে দীপন হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি মইনুল হাসান শামীমকে (সাংগঠনিক নাম সিফাত, সামির, ইমরান) গ্রেফতার করার পর এসব তথ্য পায় পুলিশ।
শীতলক্ষ্যায় দখলের উৎসব-বাংলাদেশ প্রতিদিন
বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, শীতলক্ষ্যা দখলের উৎসব চলছে। বড় বড় শিল্প গ্রুপের বাধাহীন দখল দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে এ নদী। রূপগঞ্জের রূপসী এলাকায় শীতলক্ষ্যার দুই পাড়ই গিলে খাচ্ছে সিটি গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানগুলো। ভুক্তভোগী লোকজন অভিযোগ করে জানান, সিটি গ্রুপ নিজের শিল্পাঞ্চল বিস্তারে ইতিপূর্বে দুটি ঐতিহ্যবাহী গ্রাম নিশ্চিহ্ন করেও ক্ষান্ত হয়নি, দখল করে নিয়েছে নদীর পূর্ব পাড়ের বিস্তীর্ণ জায়গা। এবার থাবা বাড়িয়েছে নদীর পশ্চিম পাড়েও। পূর্ব গ্রামের গোটা চরপাড়াও গিলতে শুরু করেছে প্রভাবশালী চক্রটি। রূপসী সংলগ্ন পূর্বগ্রাম এলাকায় শীতলক্ষ্যার পশ্চিম পাড়ে শিল্প গ্রুপটি নদী সীমার সরকারি পিলার পর্যন্ত তুলে ফেলছে অহরহ।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সমালোচনা থামাতে মরিয়া জয়ললিতাকে তিরস্কার সুপ্রিম কোর্টের-আনন্দবাজার
প্রশাসনিক কাজকর্মের ভুলভ্রান্তি নিয়ে সমালোচনার মুখ বন্ধ করতে মানহানির মামলাকে ব্যবহার করার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে তীব্র ভাবে তিরস্কার করল সুপ্রিম কোর্ট।
বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর এফ নরিম্যানকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার তার পর্যবেক্ষণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে তীব্র ভাবে তিরস্কার করে বলেছে, ‘‘গণতন্ত্রের গলা টিপে ধরার জন্য আপনি (মুখ্যমন্ত্রী জয়ললিতা) মানহানির মামলাকে ব্যবহার করতে পারেন না।
‘স্করপেন’ মডেলের সাবমেরিনের তথ্য ফাঁস, তদন্তের নির্দেশ পারিক্করের-সংবাদ প্রতিদিন
ফরাসি অস্ত্র নির্মাণ সংস্থা ডিসিএনএস-এর প্রযুক্তিগত সাহায্যে তৈরি ‘স্করপেন’ মডেলের সাবমেরিনের তথ্য ফাঁস হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক৷ বুধবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এ খবর জানানো হয়েছে৷ সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণে ওই সাবমেরিনগুলির সামরিক দক্ষতা নিয়ে চূড়ান্ত গোপনীয় প্রায় ২২ হাজার পাতার নথি ফাঁস হয়ে গিয়েছে৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪