আগস্ট ২৬, ২০১৬ ১৫:৪৭ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৬ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার শিরোনাম:
যেকোনো মুহূর্তে গুলশান হামলার হোতারা গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
‘পদ্মার পানি বিপদসীমা ছাড়াতে পারে’-মানবজমিন
সন্তুষ্ট ইসিবি, ঢাকা সফরে আসছে ইংল্যান্ড দল-ইত্তেফাক
আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:
গাড়ি নেই, হাড় ভেঙে বাঁশে ঝুলিয়ে নিয়ে যাওয়া হল মৃতদেহ-সংবাদ প্রতিদিন
কুরবানির ইদে বেআইনি পশুহত্যা রুখতে রাজ্যকে কড়া চিঠি দিল কেন্দ্র-আনন্দবাজার
‌রাজ্যে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ার প্রস্তাব-আজকাল

শ্রোতাবন্ধুরা ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.

ফারাক্কা খুলে দেয়ায় উত্তাল হয়ে উঠছে পদ্মা, অবনতির আশংকা-যুগান্তর
নিজ দেশের বন্যা ঠেকাতে ভারত ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে। এর প্রভাবে পদ্মা নদীর পানি হু হু করে বাড়ছে। নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত ও ভাঙনে পদ্মা পাড়ের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।


কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় পদ্মা নদীর কুষ্টিয়া হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে প্রতি তিন ঘণ্টায় দুই সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করবে।


হঠাৎ করে পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-উত্তাল পদ্মা, আশ্রয়ে ছুটছেন গ্রামবাসী-যুগান্তর
ভারত থেকে বন্যার পানিতে দিগন্ত ছুয়েছে পদ্মা। গত কয়েক বছরের রেকর্ড ভেঙ্গে বিপদসীমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে পদ্মার পানি। পানি বৃদ্ধির কারণে হুমকির মুখে রাজশাহী নগরীর কয়েকটি এলাকার পদ্মার তীর রক্ষা প্রকল্প কাজ। 


পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তলিয়ে যাচ্ছে পদ্মার উভয় তীরের নিম্মাঞ্চল। তলিয়ে যাচ্ছে স্থাপনা, বাড়ি-ঘর ক্ষেত খামার। সর্বস্ব হারাচ্ছে জনগণ। রাজশাহীতে ভাঙনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে পবা উপজেলার হরিপুর ও হরিয়ান ইউনিয়নের বিভিন্ন গ্রাম।

 
এর মধ্যে ভাঙনে পবা উপজেলার হরিয়ানে দু’টি গ্রাম চর খানপুর ও চর খিদিরপুরের প্রায় সম্পূর্ণ অংশ নদী গর্ভে বিলিন হয়েছে। মধ্যচরেও পানি উঠায় সেখানকার জনগণ মহাবিপদে পড়েছে। গৃহপালিত পশু নিয়েও পড়েছেন বিপাকে। পদ্মাপাড়ের মানুষ তাই ছুটে চলেছেন আশ্রয়ের সন্ধানে।

রামপাল নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল-ইত্তেফাক/মানবজমিন
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকাল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে। সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উঠা প্রশ্ন ও বিভিন্ন পক্ষ থেকে আসা উদ্বেগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ও যুক্তি তুলে ধরবেন বলে সূত্র জানিয়েছে।

যেকোনো মুহূর্তে গুলশান হামলার হোতারা গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশান হামলার মূল হোতাদের যেকোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে। পুলিশ তাদের গ্রেপ্তারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

হত্যাকারীদের চোখে অশ্রু মানায় না: হানিফ-মানবজমিন
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি খুনিদের ফোরাম ও হত্যাকারীর দল। হত্যাকারীদের চোখে অশ্রু মানায় না। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে হানিফ বলেন, উনার কর্মী মামলার কারণে ঢাকায় পালিয়ে এসে রিকশা চালাচ্ছে বা হকারি করছে দেখে আজ মির্জা ফখরুল সাহেব চোখের অশ্রু দমন করতে পারেননি, উনি কেঁদে ফেলেছেন। তার কর্মী ঢাকায় এসে রিকশা চালাচ্ছে, রিকশা চালায় যারা তারা মানুষ না? ঢাকা শহরে যারা রিকশা চালাচ্ছে তারা কী সব জীবজন্তু? তাদের জন্য মির্জা ফখরুলের কান্না? তাদের জন্য তিনি আকুল? হানিফ বলেন, আপনাদের যেসব কর্মী ঢাকায় পালিয়ে আছেন, তারা পেট্রোল বোমা মেরেছিল। আপনার উচিত ছিল একজন দায়িত্ববান রাজনীতিবিদ হিসেবে তাদের আইনের হাতে সোপর্দ করা, তা আপনারা করেননি।

মানবজমিনের অন্য একটি খবর: বিদেশ যেতে পারলেন না ব্যারিস্টার রুমিন ফারহানা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে পুলিশ। বিমানবন্দর থেকে ফেরার পর গতরাত সোয়া ১০টার সময় তিনি এ অভিযোগ করেন। তিনি ওমানের উদ্দেশে যাত্রা করতে  গতকাল সন্ধ্যা ৬টায় হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। রাত ৯টা ৪৫ মিনিটে ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ওমানের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কিছুদিন ধরে আমাকে বারবার বিমানবন্দর অপেক্ষা করিয়ে রেখে শেষে ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে। এ নিয়ে আমি উচ্চ আদালতে রীট করলেও কোন প্রতিকার পাইনি।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
টি এম সি পি-র সভায় কেন্দ্রকে খোঁচা মমতার-আজকাল
শুক্রবার টি এম সি পি–র প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে মেয়ো রোডে জনসভা। শিক্ষক–শিক্ষিকাদের শ্রদ্ধা জানিয়ে নিজের বক্তব্য শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
❏ পোশাকেই বেশি নজর প্রধানমন্ত্রীর
❏ কোট নিয়ে গিনেসে নাম তুলছেন মোদি
❏ ‘বেটি বাঁচাও বেটি পড়াও’প্রকল্প‌ ব্যর্থ
❏ ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না। এভাবে বঞ্চনা করে টাকা বাঁচাচ্ছে কেন্দ্র
❏ ৬০ শতাংশ মানুষ আধার কার্ড পাননি
❏ কগনিজেন্ট ১৫ হাজার নিয়োগ করবে
❏ রাজ্যে কর্মসংস্থান বাড়বে
❏ ৪ বছরে দ্বিগুন আসন মেডিক্যালে
❏ ৬৫ হাজার শিক্ষক নিয়োগে রাজ্য তৈরি। আমাদের সরকারে স্বচ্ছতা রয়েছে- এভাবেই খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ঝামেলা করে উধাও মা-বাবা, অনাহারে মৃত্যুমুখে দুই শিশু-সংবাদ প্রতিদিন
একজনের বয়স ৮, অন্যজনের ৩৷ বন্ধ ঘরে টানা ১১ দিন আটকে আছে তারা৷ বাবার সঙ্গে ঝামেলা করে মা চলে গিয়েছে আগেই৷ ১৫ আগস্টের দিন বাবাও যে সেই বেরিয়েছে বাড়ি থেকে, আর ফেরেনি৷ ঘরের খাবার ফুরিয়েছে৷ নেই জলও৷ অনাহারে, জলের অভাবে প্রায় মৃত্যুমুখে দুই বোন৷ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে শেষমেশ পুলিশ উদ্ধার করে তাদের৷
অমানবিক এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে৷ আট বছরের হিমাংশি ও তিন বছরের দীপালির মা-বাবা তাদের ছেড়ে গিয়েছে৷ মেয়ে হওয়ার কারণেই তাদের এই পরিণতি!

কুরবানির ইদে বেআইনি পশুহত্যা রুখতে রাজ্যকে কড়া চিঠি দিল কেন্দ্র-আনন্দবাজার
গবাদি পশুর হত্যা এবং পরিবহণের উপরে বিধিনিষেধ আরোপ করে রাজ্য সরকারকে চিঠি পাঠাল কেন্দ্র। কুরবানির ইদে অবাধে গরু, বাছুর, উট এবং অন্যান্য পশুর নিধন যেন না হয়। নির্দেশ ভারতীয় প্রাণী কল্যাণ বোর্ডের। অবৈধ উপায়ে গবাদি পশুর পরিবহণ যেন না হয়, তা নিশ্চিত করার জন্যও নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যে রাজ্যে।
ঈদুল আজহা বা কোরবানির ঈদ মুসলমানদের সবচেয়ে বড় দুই উৎসবের অন্যতম। গবাদি পশু, উট, দুম্বা ইত্যাদি বিভিন্ন পশুর কুরবানি দেওয়া হয় এই ইদে। গো-রক্ষা এজেন্ডা নিয়ে বিজেপি তথা সঙ্ঘ পরিবার যে ভাবে গোটা দেশে হইচই শুরু করেছে, তাতে কুরবানির ইদের আগে গো-হত্যার উপর কঠোর বিধিনিষেধ চাপানো প্রত্যাশিতই ছিল।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬