আগস্ট ২৮, ২০১৬ ১৪:৫২ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৮ আগস্ট রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:
চৌদ্দগ্রামে মির্জা ফখরুল বাংলাদেশের মানুষ কারাবন্দীপ্রথম আলো
বখাটের ছুরিকাঘাতে আহত রিশার মৃত্যু-মানবজমিন
গুলশান-শোলাকিয়ায় হামলা: আরও ৮ জন শনাক্ত-যুগান্তর
হলের দাবিতে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের ওপর হামলা ছাত্রলীগের-ইত্তেফাক
মীর কাসেমের চূড়ান্ত রায় মঙ্গলবার-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:
সীমান্ত-সন্ত্রাস রুখতে ভারতের চোখ সশস্ত্র ড্রোনের দিকে!-সংবাদ প্রতিদিন
দুর্ঘটনা-বিমার টাকা পেতে নিজের হাত, পা কেটে ফেললেন মহিলা -আনন্দবাজার
অবসর ভাতার নতুন নিয়ম নিয়ে অসন্তোষ-আজকাল


শ্রোতাবন্ধুরা ! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.

'রফতানির নতুন বাজার খুঁজুন'-প্রধানমন্ত্রী- ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আপনারা নতুন নতুন বাজার খুঁজে বেড়ান। কোন দেশে কোন পণ্যের চাহিদা সেটা বিশ্লেষণ করে বাজার খুঁজুন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। কিন্তু বাজার খোঁজার উদ্যোগটা আপনাদের নিতে হবে।'আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন  তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দাটা যদি না হতো, আমাদের রফতানির টাকার অংকটা আরো বেশি দেখাতে পারতাম। তারপরও রফতানিতে যা আয় হচ্ছে, সেটা বড় কথা। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছি। খাদ্য ক্রয় করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হতো। এখন তা হয় না।

মীর কাসেম আলীর রিভিউ শুনানি শেষ, রায় মঙ্গলবার-ইত্তেফাক
মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ শুনানি শেষ হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে ৩০ আগস্ট রায়ের জন্য দিন ধার্য করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করে দেয়।

দুই জঙ্গির ‘চ্যাপটার ক্লোজের’ চেষ্টায় পুলিশ-প্রথম আলো
শিগগিরই আরও দুই জঙ্গির ‘চ্যাপটার ক্লোজ’ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এই দুই জঙ্গির একজন হলেন, গুলশান ও শোলাকিয়া হামলার অন্যতম পরিকল্পক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল ইসলাম মারজান। আরেকজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়াউল হক জিয়া । পুলিশ মনে করছে, এই দুই জঙ্গিকে ধরতে পারলে আপাতত জঙ্গিদের লাগাম টেনে ধরা যাবে।
জঙ্গি দমনের সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা মহানগর পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, জিয়া ও মারজানের অবস্থান চিহ্নিত করার চেষ্টা চলছে। তাঁরা অনেক দূর এগিয়েছেন। দুই কুখ্যাত জঙ্গিকে তাঁরা গ্রেপ্তার করতে সক্ষম হবেন।

দেশকে সন্ত্রাস ও জঙ্গি মুক্ত করেই ছাড়বো : স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা এমন প্রতিরোধ গড়ে তুলেছিলাম যে তারা লেজগুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। এবার দেশের সব মানুষ এমনভাবে এক হয়েছে যাতে ওই জঙ্গিরাও পালাবে। জনগণকে সাথে নিয়ে দেশকে সম্পূর্ণভাবে জঙ্গিবাদ মুক্ত করা হবে।

জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত –তোফায়েল-বাংলাদেশ তিদিন/যুগান্তর
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উচ্চ আদালত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করায় তাকে দেওয়া স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আজ রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।   মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা পদক দিয়ে দেশবাসীকে অপমান করেছে বিএনপি। তিনি আরও বলেন, জঙ্গিদের বিষয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তাতে দেশবাসী হতাশ হয়েছে। 

ক্ষমতার বাইরে গেলে জবাব দিতে হবে: খালেদা-যুগান্তর
ক্ষমতার বাইরে গেলে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে জবাব দিতে হবে বলে ক্ষমতাসীন দলকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘যিনি বলছেন বা যে দল এটা (রামপালে বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প) করছেন, এরা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন। তার জবাব হয়তো তাদের ক্ষমতায় থেকে দিতে হচ্ছে না, কিন্তু ক্ষমতার বাইরে গেলে এদেরকে প্রতিটি মানুষের কাছে জবাব দিতে হবে। এরকম কাজ তারা(সরকার) করতে পারে না। এটা তাদের পৈত্রিক সম্পত্তি নয়।’রামপালেই বিদ্যুৎ প্রকল্প হবে- প্রধানমন্ত্রীর এরকম বক্তব্য ‘রাষ্ট্রবিরোধী কাজ’ বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে দেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে।

রামপাল বন্ধ করতে বিএনপি মাঠে নামবে : হান্নান শাহ-প্রথম আলো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে দেওয়া যাবে না। এটি বন্ধ করতে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবে। আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় হান্নান শাহ এ কথা বলেন।


শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বিজেপিকেই প্রধান বিরোধী হতে হবে: সিদ্ধার্থনাথ-সংবাদ প্রতিদিন

বাম-কংগ্রেস নয়, আগামিদিনে রাজ্যে প্রধান বিরোধী দলের ভূমিকা নিতে হবে বিজেপিকেই৷ সেই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকে বঙ্গ নেতাদের ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা৷

২০১৬ বিধানসভা নির্বাচনে ১০ শতাংশ ভোট এসেছে বিজেপির ঝুলিতে৷ এই মূলধনকে নিয়েই আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সব ভুল ত্রুটি শুধরে এগোতে হবে৷ বিজেপির জাতীয় সচিব সিদ্ধার্থনাথ সিং যেমন বলেছেন বিভিন্ন ইস্যুতে আন্দোলন-কর্মসূচি নিয়ে রাস্তায় থাকতে হবে৷

ভালবাসা দিয়ে কাশ্মীরকে জয় করতে হবে, মোদীর ‘মন কি বাত’-আনন্দবাজার
‘একতা’ ও ‘মমতা’ (ভালবাসা)— এই দু’টি মন্ত্র দিয়েই কাশ্মীরকে জয় করতে হবে। আর এ বিষয়ে যে সব দলই সম্মতি দিয়েছে রবিবার ‘মন কি বাত’-এ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর অশান্ত করে তুলতে যারা ইন্ধন জোগাচ্ছে তাদের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি। মোদী বলেন, “যারা এই কাজ করছে এক দিন তাদের কাশ্মীরের তরুণ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।”
কাশ্মীরের পরিস্থিতি এখনও ঠিক হয়নি। ৫১ দিন হয়ে গেল এখনও সংঘর্ষ চলেছে সেখানে। প্রতি দিন কেউ না কেউ আহত হচ্ছেন— নিরাপত্তাবাহিনীর জওয়ান হোক, কাশ্মীরের মানুষ। তাই মোদীর বার্তা, “কাশ্মীরে কোনও প্রাণহানি হলে সেটা সারা দেশের ক্ষতি।”#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮