রামপাল ইস্যুতে বিএনপি'র সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন নয়: আনু মোহাম্মাদ
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৯ আগস্ট সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
বঙ্গবন্ধুকন্যার দৃঢ় নেতৃত্বে এগোচ্ছে বাংলাদেশ: কেরি- প্রথম আলো
রামপাল আন্দোলনে বিএনপির সঙ্গে ঐক্য নয়: আনু মোহাম্মাদ-মানবজমিন
সন্ত্রাসবাদ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে: কেরি-যুগান্তর
‘রিশার হত্যাকারীকে গ্রেফতার করে শাস্তি দেয়া হবে’: শিক্ষামন্ত্রী-ইত্তেফাক
শিক্ষকদের রাজনীতিতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়: ওবায়দুল কাদের -বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
'বাংলা’ হচ্ছে পশ্চিমবঙ্গ, প্রস্তাব পাস বিধানসভায় -সংবাদ প্রতিদিন
সেই মুর্শিদাবাদ মেডিক্যালে এবার পিঁপড়ে খেল কিশোরের মৃতদেহ -আনন্দবাজার
পাঠানকোট হামলার ছক পাকিস্তানেই -আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ১ দিনের ঢাকা সফর নিয়ে প্রথম আলোর শিরোনাম এরকম: বঙ্গবন্ধুকন্যার দৃঢ় নেতৃত্বে এগোচ্ছে বাংলাদেশ: কেরি
বিস্তারিত খবরে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের পথে তাঁরই কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে চায় বলেও জানান তিনি। আজ সোমবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে দর্শনার্থী বইয়ে জন কেরি এ মন্তব্য লেখেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফেরত দিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনার কষ্ট বুঝি।’
এ সম্পর্কে মানবজমিনের খবর ‘বাজার সম্প্রসারণ ও বঙ্গবন্ধুর খুনীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা’
সরকারের তিন মন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকে পণ্যের বাজার সম্প্রসারণ ও বঙ্গবন্ধুর পলাতক খুনীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন কেরি। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, বাংলাদেশের পণ্যের বাজার কিভাবে সম্প্রসারণ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধুর একজন খুনী যুক্তরাষ্ট্রে রয়েছে। তাকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে। কেরি এ বিষয়ে সহযোগিতার কথা বলেছেন। বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে। সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশে সরকার যে জিরো টলারেন্স দেখাচ্ছে তা আমরা বলেছি।
রামপাল ইস্যুতে বিএনপি'র সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন নয়: আনু মোহাম্মাদ -যুগান্তর
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী অটল থাকলে জনগণকে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ‘তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি’।
সোমবার দুপুরে রাজধানীর পল্টনস্থ মুক্তিভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি। তবে এ ইস্যুতে বিএনপি’র সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করবে না তারা। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ইস্যুতে ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে পাল্টা এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
'জঙ্গিদের প্রতি বিএনপির মায়াকান্না দেখে সন্দেহ দেখা দিয়েছে'
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'জঙ্গিদের প্রতি বিএনপি নেতাদের মায়াকান্না দেখে তাদের সাথে কোন যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।'
তিনি রোববার বিকেলে নগরীর মতিঝিলের জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার্স পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
এদিকে, দৈনিকটির অন্য একটি খবরে পুলিশের ওপর হামলা হলে পুলিশ কী বসে থাকবে- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
গত শনিবার এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, জঙ্গিবাদের শিকড় নির্মূল ও তথ্য উদঘাটনের জন্য জঙ্গিদের জীবিত ধরা উচিত ছিল। কিন্তু জীবিত না ধরে হত্যা করা হচ্ছে।
খালেদা জিয়ার এই বক্তব্যের পর গতকাল রোববার ইত্তেফাককে দেয়া এক প্রতিক্রিয়ায় কৃষিমন্ত্রী বলেন, খালেদা জিয়া অসত্য কথা বলেছেন। ইতোমধ্যে পুলিশ অনেক জঙ্গিকে জীবিত ধরেছে। কল্যাণপুর এবং শোলাকিয়া থেকে পুলিশ জীবিত জঙ্গিদের ধরেছে বলে তিনি উল্লেখ করেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, যখন জঙ্গিরা পুলিশের ওপর গ্রেনেড হামলা করে, তখন পুলিশ কী করবে। পুলিশ কী বসে থাকবে নাকি অ্যাকশনে যাবে প্রশ্ন রাখেন মন্ত্রী। তিনি পুলিশের কর্মকাণ্ড ও সাহসিকতার প্রশংসা করেন।
মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়া -ইত্তেফাক
আবার গ্যাসের দাম বাড়ানোর জন্য পাঁয়তারা শুরু হয়েছে। কতক ক্ষেত্রে দাম প্রায় ডাবল করার প্রস্তাব করা হয়েছে। এটি নতুন কোনো ঘটনা নয়। গতবছর একলাফে দাম প্রায় দ্বিগুণ করার পর, বছর ঘুরতে না ঘুরতেই তা আরেক দফায় প্রায় ডবল করার পদক্ষেপ নেয়া হচ্ছে। গ্যাসের দাম ছাড়া বিদ্যুতের দামও কিছুদিন পরপরই লাফিয়ে লাফিয়ে বাড়ানো হয়েছে। যারা গ্যাস-বিদ্যুতের সরাসরি ব্যবহারকারী তারা সবাই এসব মূল্যবৃদ্ধিতে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের আয় অপরিবর্তিত থাকলেও তাদেরকে এখন গ্যাস-বিদ্যুতের পেছনে কয়েকগুণ বেশি খরচ করতে হবে। এদিকে গ্যাস-বিদ্যুত হলো বহুল ব্যবহৃত জ্বালানি। এসবের দাম বাড়লে প্রায় সবরকম পণ্য উৎপাদন খরচ বেড়ে যায়। যাতায়াত ও পরিবহন ভাড়া বেড়ে যায় এবং এসবের মূল্যবৃদ্ধি অন্য সব পণ্যের দাম বৃদ্ধির ক্ষেত্রে ট্রিগার হিসেবে কাজ করে। চক্রাকারে মূল্যবৃদ্ধি ঘটতে থাকে। ফলে কেউ গ্যাস-বিদ্যুত ব্যবহার করুক আর না করুক, এসবের মূল্যবৃদ্ধি ঘটলে তার চাপ সব মানুষের ওপরেই এসে পড়ে।
শ্রোতাবন্ধুরা, এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
'বাংলা’ হচ্ছে পশ্চিমবঙ্গ, প্রস্তাব পাস বিধানসভায় -সংবাদ প্রতিদিন
কী নাম হবে তা নিয়ে জল্পনা চলছিলই৷ বহুদিন ধরে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে৷ কিন্তু শেষমেশ তা বাস্তবায়িত হওয়ার পথে৷ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তিত হয়ে বাংলা হওয়ার পক্ষেই সোমবার প্রস্তাব পাস হল বিধানসভায়৷
ছোট স্কার্ট পরে ঘুরবেন না, বিদেশি পর্যটকদের পরামর্শ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর-আনন্দবাজার
বিদেশি পর্যটকেরা এ দেশে এসে কী পোশাক পরবেন, তা ঠিক করে দেয়ায় এ বার বিতর্কে জড়ালেন খোদ কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী।
এ দেশের বিভিন্ন শহরে ঘোরার সময় তাঁরা যাতে ছোট স্কার্ট না পরেন, তা নিয়ে পরামর্শমূলক এক নির্দেশ জারি করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মহেশ শর্মা। বিদেশি পর্যটকদের পোশাক নির্দেশিকা দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়া তো বটেই, আক্রমণ করতে পিছিয়ে নেই বিরোধীরা নেতারাও।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯