ফারাক্কা বাঁধ স্থায়ীভাবে উঠিয়ে দেয়ার দাবি যৌক্তিক: ড. এস আই খান
জাতিসংঘের সাবেক পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. এস আই খান বলেছেন, ফারাক্কা বাঁধ স্থায়ীভাবে উঠিয়ে দেয়ার অর্থ হচ্ছে বাঁধটি ডিকমিশন করে গঙ্গা নদীর প্রবাহকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া। আর সেটি করা হলে সামগ্রিক বিচারে ভারত ও বাংলাদেশ দু পক্ষের জন্যই ভালো হবে। বন্যা কমে যাবে; পরিবেশ ও জীব-বৈচিত্র্য ধ্বংস হওয়া থেকে রক্ষা পাবে।
সম্প্রতি ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা বাঁধ স্থায়ীভাবে তুলে দেয়ার যে প্রস্তাব দিয়েছেন, সে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে ড. এসআই খান এসব কথা বলেন। তিনি বলেন, নিতীশ কুমারের দাবি যৌক্তিক। এ বাধের কারণে ভারতীয়রাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরো বলেন, ফারাক্কা ও তিস্তা বাঁধের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে। পানির জন্য ভারতের মর্জির ওপর নির্ভর করতে হয়। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারত পানি দেয় না। আবার ভারতে বন্যা দেখা দিলে তারা পানি ছেড়ে দিলে বাংলাদেশ ভেসে যায়।
ড. এস আই খান বলেন, ফারাক্কা বাঁধ উঠিয়ে দেয়ার দাবি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের। এ বাঁধ স্থায়ীভাবে উঠিয়ে দেয়া হলে, বাংলাদেশ স্বাভাবিক প্রক্রিয়ায় পানি পাবে। ফলে এদেশের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০