সেপ্টেম্বর ০২, ২০১৬ ১৬:৫১ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

‘বাংলাদেশের শিরোনাম:
প্রাণভিক্ষার আবেদন করবেন না মীর কাসেম- প্রথম আলো
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-মানবজমিন
গুলশান হামলার পর র‌্যাবের অভিযানে ২৬ জঙ্গি গ্রেফতার-যুগান্তর
‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক খালেদা জিয়া তার বক্তব্যেই প্রমাণিত’-ইত্তেফাক
'ঈদে নিরাপত্তা নিশ্ছিদ্র করা হবে'-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:
জাইকা মহামারীর আকার নিতে পারে ভারতেও -সংবাদ প্রতিদিন
তিন রাজ্য ধর্মঘটে স্তব্ধ, বাকি দেশে মিশ্র প্রভাব-আনন্দবাজার
আমেঠিতে রাহুলের গাড়ি আটক মহিলাদের-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.

মীর কাসেম আলীর প্রাণভিক্ষা না চাওয়ার খবরটি আজকের প্রায় সব জাতীয় ও অনলাইন দৈনিকে ছাপা হয়েছে। এ সম্পর্কে প্রথম আলোর শিরোনাম:
 

প্রাণভিক্ষা চাইবেন না মীর কাসেম
প্রাণভিক্ষা চাইবেন না যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির অপেক্ষায় থাকা জামায়াত নেতা মীর কাসেম আলী। কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক মানবজমিনকে এতথ্য নিশ্চিত করেছেন। বিকালে তিনি জানান, প্রাণভিক্ষা না চাওয়ার বিষয়ে মীর কাসেম তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ সিদ্ধান্ত জানার পর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে কারাসূত্র জানিয়েছে। এদিকে এ ফাঁসি কার্যকরকে ঘিরে কারাগার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আশপাশে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। কারারক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুত রয়েছে জল্লাদ। তবে কাশিমপুর কারাগারেই ফাঁসি হবে এমনটি এখন কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

মানবজমিনের অন্য একটি খবরের শিরোনাম: ‘জঙ্গি সংক্রান্ত সংবাদ প্রকাশে সতর্ক হতে হবে’
জঙ্গি সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশের বেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এখন জাতির আগ্রহের কেন্দ্রবিন্দু জঙ্গিরা। সবাই জানতে চায়। তাই এমন কোনো নিউজ ছাপা যাবেনা যাতে জঙ্গিরা সুযোগ পেয়ে যায়। জঙ্গিবিষয়ক সংবাদ পাওয়ার পর পর্যাপ্ত যাচাই-বাছাইয়ের পর পরই তা ছাপা উচিত। যাচাই-বাছাই না করে নিউজ ছাপালে জাতি বিভ্রান্ত হবে। এটা করা হলে দৃষ্টি অন্যদিকে সরে যাবে।

দেশকে আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র আ.লীগের: ফখরুল-প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো একটি ব্যর্থ, জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। আওয়ামী লীগ জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে—এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সন্দেহভাজন হিসেবে যেসব জঙ্গিদের ধরা হচ্ছে, তাদের কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না। ‘বন্দুকযুদ্ধের’ নামে তাদের হত্যা করা হচ্ছে।
মির্জা ফখরুল তার ভাষায় বলেন, ‘আওয়ামী লীগ গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। তারা এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এ দেশকে জঙ্গি রাষ্ট্র করতে চায়। তারা এ দেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো করতে চায়। কিন্তু আমরা তা হতে দিতে পারি না।’

ভুলের চোরাবালিতে বিএনপি: ওবায়দুল কাদের-মানবজমিন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভুলের চোরাবালিতে বিএনপির রাজনীতি ঘুরপাক খাচ্ছে। বিএনপি এখন নিজেরাই নিজেদের শত্রু।
আজ মাগুরায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সমাবেশে সেতুমন্ত্রী বলেন, বিএনপি এখন পথহারা, দিশেহারা। বিএনপির নেতারা আন্দোলনের কথা বলেন। কিন্তু কবে হবে, তা বলেন না। বিএনপির আন্দোলনের মরা গাঙে জোয়ার নেই। তাই বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যাদের মদদ দেয়—সেই ধর্মীয় সাম্প্রদায়িক উগ্রবাদকে নিয়ে ভয় আছে। এই উগ্রবাদ বা জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।

জঙ্গি দমনে দরদের জায়গা নেই: মেনন-প্রথম আলো
জঙ্গি ও সন্ত্রাস দমনে দরদ ও সহানুভূতির কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জঙ্গিদের নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশ্ন তোলার বিষয়ে রাশেদ খান মেনন বলেন, ‘আপনারা যখন সরকারে ছিলেন, তখন অপারেশন ক্লিনহার্টে শতাধিক ব্যক্তি নিহত হয়েছিল—তাদের কি মানবাধিকার ছিল না?’
জঙ্গি দমন নিয়ে বিএনপি নেতাদের নানা প্রশ্ন তোলাকে জঙ্গিদের প্রতি তাদের প্রীতি, সহানুভূতি এবং সমর্থন প্রকাশ পায় বলে উল্লেখ করেন মেনন।
এদিকে, বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি (খালেদা জিয়া) যে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, জঙ্গিদের যে তিনি তার আঁচলের তলায় আশ্রয় দিয়েছেন বৃহস্পতিবারের বক্তব্যে খালেদা জিয়া তা স্পষ্ট করেছেন।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

দোষ অধিগ্রহণ আইনেই, সিঙ্গুর নিয়ে সাফাই সিপিএমের-সংবাদ প্রতিদিন
সিঙ্গুর নিয়ে ভরাডুবির পর এবার অধিগ্রহণ আইনকেই দোষারোপ করল বামেরা৷ সিপিএম পলিটব্যুরোর তরফে সাফাই দিয়ে জানানো হল, ১৮৯৪ সালের অধিগ্রহণ আইনেই কৃষকের স্বার্থ রক্ষিত ছিল না৷
সিঙ্গুরে টাটাদের কারখানার জন্য জমি অধিগ্রহণ যে অবৈধ ছিল, তা দ্বর্থ্যহীন ভাষায় জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ প্রায় ১০০০ একর জমি কৃষকদের ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ সারা দেশে জমি রক্ষা আন্দোলনের ক্ষেত্রে এই রায়কে যখন নজিরবিহীন সিদ্ধান্ত হিসেবে দেখানো হচ্ছে, তখন আইনকে ঢাল করেই মুখ বাঁচানোর প্রক্রিয়া শুরু করে দিল বামেরা৷

দেশজুড়ে ধর্মঘট, সচল বাংলা-আজকাল
শ্রমিক সংগঠনগুলির ডাকে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘট। যার জেরে দক্ষিণ–পূর্ব রেলের ট্রেন চলাচল ব্যাহত। ওড়িশার ভুবনেশ্বর, বালেশ্বর, জলেশ্বর ও সোরো স্টেশনে একাধিক দূরপাল্লার ট্রেনকে আটকে দেয় অবরোধকারীরা। ভদ্রক, কেওনঝড় স্টেশনেও আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেন। এরাজ্যেও ধর্মঘট সফল করতে ডাক দিয়েছেন বাম নেতারা। বেলা বাড়লে সূর্যকান্ত মিশ্র, বিমান বসু ও দলীয় নেতারা রাস্তায় নামেন। কিন্তু ধর্মঘট ব্যর্থ করতে কোনও কসুর রাখছে না সরকার। কাজকর্ম স্বাভাবিক গতিতে চলবে বলে গতকালই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর ডাকে সাড়া দিয়ে শুক্রবার সকাল থেকেই স্বাভাবিক ছন্দে ধরা দেয় মহানগর।

জাইকা মহামারীর আকার নিতে পারে ভারতেও!-সংবাদ প্রতিদিন
ব্রাজিলের পর এবং ভারতে থাবা বসাতে চলেছে জাইকা, এমনটাই মনে করছেন গবেষকরা৷ সম্প্রতি, এই অসুখের ভবিষ্যৎ কী তা নিয়ে একটি আলোচনায় জানা গিয়েছে এখনও পর্যন্ত প্রায় ২.৬ বিলিয়ন মানুষ জাইকা ভাইরাসে আক্রান্ত৷ চলতি বছরেই ব্রাজিলে এই ভাইরাস ঘোরতর প্রভাব ফেলেছে৷#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২