সেপ্টেম্বর ০৩, ২০১৬ ১৪:২২ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:
শিগগিরই জঙ্গিদের পুরোপুরি নিশ্চিহ্ন করা হবে: মনিরুল- প্রথম আলো
কারাগারে মীর কাসেমের স্বজনরা শেষ দেখা করেছেন-মানবজমিন
জেনে-বুঝে সংবিধান লঙ্ঘন করিনি: মোজাম্মেল হক -যুগান্তর
কারাগারে জল্লাদ, লাল খামের চিঠি যাচ্ছে মীর কাসেমের বাড়িতে-ইত্তেফাক
জঙ্গিরা গ্রেফতার হতে চায় না, তারা আত্মঘাতী: আইজিপি-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:
টাটাদের তালা ভেঙে জরিপ শুরু সিঙ্গুরে-সংবাদ প্রতিদিন
ভবিষ্যৎ জানতে এসে ধর্ষিতা নবম শ্রেণির ছাত্রী, ধৃত তান্ত্রিক -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.

বিকেলে মীর কাসেমের পরিবারকে ডাকা হয়েছে-প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে তাঁর পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ। 
আজ সকাল থেকে কাশিমপুর কারাগারের চারপাশে এবং বিশেষ করে কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে এবং সাদাপোশাকে কাজ করছেন গোয়েন্দারা। কারা ফটকেও তল্লাশি করে নিয়মিত দর্শনার্থীদের ভেতরে ঢোকার অনুমতি দেয়া হচ্ছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ৪০ নম্বর কনডেম সেলে রাখা হয়েছে মীর কাসেমকে।
ছেলেকে ফিরে পাওয়ার শর্ত দিয়ে দুই দিন কাটানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না বলে গতকাল শুক্রবার সিদ্ধান্ত জানান মীর কাসেম আলী। তাঁর ফাঁসি কার্যকরে এখন আর কোনো বাধা নেই। এখন যেকোনো সময়ে মীর কাসেম আলীর ফাঁসি হতে পারে বলে জানান কারা কর্মকর্তারা।

এ সম্পর্কে যুগান্তর লিখেছে, মীর কাসেম আলীর ফাঁসির প্রক্রিয়া শুরু
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফাঁসি কার্যকর করা হবে বলে শনিবার দুপুরে কারা সূত্র জানিয়েছে। তবে ফাঁসি কার্যকরের সময়-ক্ষণ এখনও নির্ধারণ হয়নি।
আর মানবজমিন লিখেছে, শেষ সাক্ষাৎ করতে গাজীপুরের কাশিমপুর কারাগারে গেছেন যুদ্ধাপরাধে ফাঁসির অপেক্ষায় থাকা জামায়াত নেতা মীর কাসেম আলীর স্বজনরা। বিকাল পৌনে চারটার দিকে ছয়টি গাড়িতে করে শিশুসহ পরিবারের ২৬ জন সদস্য কারাগারের ভেতরে প্রবেশ করেন।

‘আত্মসমর্পণ না করলে যা হবার তাই হবে’-যুগান্তর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, আইনের বাইরে থাকা জঙ্গিরা আত্মসমর্পণ না করলে তাদেরও আগের জঙ্গিদের পরিণতি বরণ করতে হবে।শনিবার সকালে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনিস্টিটিউটে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মিত জঙ্গিবিরোধী অভিযান হচ্ছে। গতকালকেও মিরপুরে একটা সফল অভিযান হয়েছে। সেখানে এক প্রশিক্ষক নিহত হয়েছে। তিনি জানান, পুলিশ বাহিনী তাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলো, কিন্তু তাদের কোপানো হয়েছে, গুলি করে আহত করা হয়েছে। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরআগে প্রধানমন্ত্রী আহবান জানিয়েছিলেন আত্মসমর্পণ করার জন্য। অনেকে আত্মসমর্পণ করেছে। যারা আত্মসমর্পণ করেনি তাদের গ্রেফতার করা হয়েছে।  
তিনি বলেন, যারা ফিরে আসবে না, ভ্রান্ত মতবাদে অটল থাকবে তাদের পরিণতি আগের জঙ্গিদের মতোই হবে।
এদিকে ইত্তেফাক লিখেছে, কিছুদিনের মধ্যেই দেশের জঙ্গিদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবে বলে মন্তব্য করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গিবাদবিরোধী সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, পৃথিবীর সব দেশে জঙ্গিদের সরাসরি ‘ক্রসফায়ার’ করা হয়। তবে বাংলাদেশে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। কিন্তু জঙ্গিরা গ্রেফতার হতে চায় না। তারা আত্মঘাতী। তাদের মিশন- হয় মারবো, না হয় মরবো। আর এ জন্যই তারা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে, মারা পড়ছে। কিন্তু একটি মহল পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করছে।খবরটি ছাপা হয়েছে বাংলাদেশ প্রতিদিন।  

'ফারাক্কার পানিতে বাংলাদেশে বন্যার আশঙ্কার খবর ভুল'-বাংলাদেশ প্রতিদিন
ভারতের ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে যে খবর বেরিয়েছে তা ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ একথা জানিয়ে বলেছেন, 'পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ফারাক্কা বাঁধের গেটগুলো দিয়ে গঙ্গার পানিকে মসৃণ ভাবেই ছাড়া হচ্ছে।'   গত ৩১ আগস্ট বাংলাদেশের সংবাদপত্রগুলোতে প্রকাশিত পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের একটি প্রতিবেদন তুলে ধরে বিকাশ স্বরূপ বলেন, 'মি. আনিসুলই বলেছেন ভারত হঠাৎ করে তাদের ফারাক্কা বাঁধের গেট খোলেনি এবং বাংলাদেশে নতুন করে বন্যার কোন আশঙ্কা নেই। বর্ষাকালে অতিরিক্ত পানি ছাড়ার জন্য ফারাক্কা বাঁধের সব গেট খোলাই থাকে, এটা নতুন কিছু নয়।'

আগস্ট মাসে-১৩৪ কোটি টাকার চোরাচালান-মাদকদ্রব্য আটক করেছে বিজিবি-ইত্তেফাক
চলতি বছরের আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৩৩ কোটি ৯৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।আগস্টে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত ১৩৫ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৮৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ৯৮ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো হয়েছে।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

টাটাদের তালা ভেঙে জরিপ শুরু সিঙ্গুরে-আনন্দবাজার
এক দশক পর সিঙ্গুরে খুলল টাটাদের প্রস্তাবিত ন্যানো কারখানার গেট৷ টাটাদের লাগানো তালা ভেঙে অসমাপ্ত কারখানা শেড চত্বরে শুরু হল জমি জরিপের কাজ৷ লক্ষ্য একটাই৷ দ্রুত কৃষকদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেওয়া৷
শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ টাটাদের লাগানো তালা ভেঙে ভিতরে ঢোকেন জমি জরিপের কাজে আসা সরকারি আধিকারিকরা৷ লাগানো হয়েছে সরকারি তালা৷ সকাল সকাল জমি জরিপের কাজে পৌঁছে যান ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা৷ পৌঁছে গিয়েছেন ল্যান্ড সার্ভেয়াররাও৷ জিপিএস সিস্টেম ব্যবহার করে চলছে জমি চিহ্নিতকরণের কাজ৷ 

বিপর্যয়ের আতঙ্কে উত্তর প্রদেশে ‘দলিত ব্রিগেড’ বানাতে হচ্ছে বিজেপিকে-আনন্দবাজার
ক্ষত মোকাবিলায় উত্তরপ্রদেশের বুথে বুথে ‘দলিত-ব্রিগেড’ তৈরির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপি সূত্রের খবর, গত কয়েক মাস ধরে দলিত-নিগ্রহের ঘটনায় যে ভাবে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তাতে উত্তরপ্রদেশে ভোটের আগে বড়সড় ধাক্কা খেয়েছে দল। আগরায় যে ময়দানে দলিত-নেত্রী মায়াবতী কয়েক লক্ষ দলিতকে জড়ো করে নির্বাচনী প্রচার শুরু করেছেন, সেখানে চল্লিশ হাজার দলিতকেও জড়ো করতে পারেনি বিজেপি। যে কারণে খোদ বিজেপি সভাপতি অমিত শাহের সভা বাতিল করতে হয়েছে। এই ধাক্কা সামলাতে এ বার বিজেপির সমর্থিত দলিত কর্মীদের নিয়ে বুথে বুথে একটি ‘ব্রিগেড’ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গ্রামে-গঞ্জে ঘুরে এই কর্মীরা বিজেপির বিরুদ্ধ-প্রচার মোকাবিলা করবেন। আজ, শনিবার লখনউতে গিয়ে এর রোডম্যাপ দলের নেতাদের বলেছেন অমিত শাহ।

মেয়ের দেহ কোলে ৬ কিলোমিটার হাঁটলেন বাবা-আজকাল
ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল ওড়িশা। মৃত কন্যার দেহ কোলে ৬ কিলোমিটার হাঁটলেন বাবা। ওড়িশার মালকানগিরির ঘটনা। আচমকা অসুস্থ হয়ে পড়ায় ৭ বছরের মেয়ে বর্ষাকে শুক্রবার স্থানীয় মৈথিলি হাসপাতালে ভর্তি করেছিলেন দীনবন্ধু খেমুড়ু। শারীরির অবস্থার অবনতি ঘটলে শিশুটিকে মালকানগিরি জেলা হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। সেই মতো অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে ছুটছিলেন দীনবন্ধু ও তাঁর স্ত্রী পুষ্পালি। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় বর্ষার। শিশুটি মারা গিয়েছে জানতে পেরে দীনবন্ধু ও তাঁর স্ত্রীকে মেয়ের মৃতদেহ নিয়ে গাড়ি থেকে নেমে যেতে বলে অ্যাম্বুলেন্সের চালক। অনুনয় বিনয় করেও কাজ হয়নি। অগত্যা নায়কগুড়া থেকে মেয়ের দেহ নিয়ে হাঁটতে শুরু করেন তাঁরা। ওভাবে প্রায় ৬ কিলোমিটার পার হলে গ্রামবাসীদের নজরে পড়েন তাঁরা। তড়িঘড়ি মৈথিলি হাসপাতালে খবর দেওয়া হয়। ফের একটি অ্যাম্বুলেন্স পাঠায় তারা। তাতে চড়েই গ্রামে ফিরে যান দীনবন্ধু ও তাঁর স্ত্রী।

ভবিষ্যৎ জানতে এসে ধর্ষিতা নবম শ্রেণির ছাত্রী, ধৃত তান্ত্রিক-সংবাদ প্রতিদিন
সময়টা ভাল যাচ্ছিল না৷ তার উপর সামনে ছিল স্কুলের পরীক্ষা৷ মনে টেনশন নিয়েই তাই পরিবারের কাউকে কিছু না জানিয়ে স্থানীয় এক তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিল নবম শ্রেণির এক পড়ুয়া৷ উদ্দেশ্য ছিল কেমন হবে স্কুলের পরীক্ষার রেজাল্ট৷ কিন্তু হাত দেখানোর অছিলায় যে তাকে তান্ত্রিকের লালসার শিকার হতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ওই কিশোরী৷ এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে ভরত মণ্ডল নামে ওই তান্ত্রিককে৷ ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশের হাত তুলে দেয় হাত দেখাতে আসা অন্যান্যরা৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে নিউটাউন থানা এলাকায়৷

সন্দীপ কুমারকে বহিষ্কারই করে দিল আম আদমি পার্টি-সংবাদ প্রতিদিন
যৌন কেলেঙ্কারির অভিযোগে প্রথমে মন্ত্রীত্ব থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন আপ নেতা সন্দীপ কুমার। এবার দল থেকে বহিষ্কার করা হল দিল্লির প্রাক্তন নারী ও শিশুকল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্দীপ কুমারকে। জানা গিয়েছে, দলের তরফ থেকে তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিল করে দেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩