'পাকিস্তানকে কড়া বার্তা বাংলাদেশের'
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৪ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
পাকিস্তানকে কড়া বার্তা বাংলাদেশের- প্রথম আলো
রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন স্থগিত-মানবজমিন
দীপন হত্যা : পুরস্কারের আসামি রিমান্ডে-যুগান্তর
ভূমি কমিশন: তিন পার্বত্য জেলায় হরতাল পালিত-ইত্তেফাক
কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধের আশঙ্কা - বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
আরও বিপাকে আপ, ভগবন্ত মানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পাঞ্জাব পুলিশ-সংবাদ প্রতিদিন
ফের বিক্ষোভ কাশ্মীরে-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.
মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর-সম্পর্কিত খবর আজকের সব জাতীয় ও অনলাইন দৈনিকে ছাপা হয়েছে। দৈনিকগুলো লিখেছে- শনিবার রাতে মানবতবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আসামী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।তার
পাকিস্তানকে কড়া বার্তা বাংলাদেশের-প্রথম আলো
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিচার নিয়ে পাকিস্তানের কোনো মতামত দেয়ার সুযোগ নেই। আজ রোববার দুপুরে ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বার্তাই দিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল হাসান তাঁর দপ্তরে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে ডেকে পাঠান। কামরুল হাসান বলেন, ‘মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তান যে মতামত দিয়েছে, সেটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। তাঁর আপিল করার সুযোগ ছিল। আপিলের সুযোগ তিনি নিয়েছেন। সর্বোচ্চ আদালত মনে করেছেন, তিনি ১৯৭১ সালে মানবতাবিরোধী যে অপরাধ করেছেন, এটাই তাঁর উপযুক্ত শাস্তি।
পাকিস্তানের অবস্থান ন্যক্কারজনক : আ.লীগ-যুগান্তর
একাত্তরের মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পর তাঁর পক্ষ নিয়ে পাকিস্তানের বিবৃতিকে ন্যক্কারজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। দলটির আরেক নেতা আব্দুর রাজ্জাকও পাকিস্তানের বিবৃতির প্রতিবাদ জানান।
‘জঙ্গিবাদ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ভূমিকা রাখতে পারে,-মানবজমিন
আন্তজার্তিক দিবসের সঙ্গে মিল রেখেই ৬ এপ্রিলকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এই দিনটিকে ওয়ার্ল্ড স্পোর্টস ডেভলাপমেন্ট এন্ড পিস ডে হিসেবে পালন করে আসছে জাতীয় সংঘ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা সুস্বাস্থ্য ও সুন্দর মানসিকতা গঠনে খুবই গুরুত্বপূর্ণ। জঙ্গিবাদ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন স্থগিত-মানবজমিন
রাষ্ট্রদ্রোহের মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেয়।
'হতদরিদ্ররা ১০ টাকা দরে চাল পাবেন'-বাংলাদেশ প্রতিদিন
'খাদ্য বান্ধব কর্মসূচি'র আওতায় আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি আরও বলেন, ‘আগামী ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।’
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম 'প্রধানমন্ত্রীর ডাকে জঙ্গীবাদরোধে জনগণ ঐক্যবদ্ধ'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গীবাদরোধে ছাত্র-শিক্ষক ও শ্রমিক-মজুরসহ সকল শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ জন্য শেখ হাসিনার ডাকে জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। রবিবার দুপুরে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে বীরাঙ্গনা মাতাদের অর্থ সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ২০১৪-১৫ সালে জ্বালাও পোড়াও আর মানুষ হত্যার আন্দোলনে ব্যর্থ চক্রটি জঙ্গী-সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। কিন্তু জনগণের সহায়তায় দেশের প্রশাসন তাদের এ চক্রান্তও ব্যর্থ করে দিয়েছে।.
প্রকাশক দীপন হত্যার মূল অভিযুক্ত সবুর গ্রেপ্তার-মানবজমিন
জাগৃতি প্রকাশনী সংস্থার কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টার অন্যতম অভিযুক্ত আব্দুস সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সামাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
এদিকে যুগান্তর লিখেছে, প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও আহমেদ রশিদ টুটুল হত্যা-চেষ্টার অন্যতম পরিকল্পনাকারী আবদুস সবুর ওরফে রাজুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
সন্ত্রাসদমনে ভারত-চিন-রাশিয়াকে এককাট্টা হওয়ার ডাক মোদির সংবাদ প্রতিদিন
“ভারত ও চিনের উচিত একে অপরের আকাঙ্খা ও চাহিদার কথা মাথায় রেখে পরস্পরের প্রতি আরও সংযত হওয়া৷” জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে এক বৈঠকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভিয়েতনাম সফর শেষ রবিবার চিনের হুয়াংঝৌতে জি-২০ সামিটে যোগ দিতে উড়ে গিয়েছেন মোদি৷ নয়াদিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্কের ডামাডোলের মধ্যে মোদির এই বার্তা চিনকে গঠনমূলক সম্পর্কের বার্তা দিল বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল৷ এদিন জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও একান্তে বৈঠক সেরে নেন মোদি৷
ফের বিক্ষোভ কাশ্মীরে-আজকাল
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে রবিবার কাশ্মীরে হতে চলেছে সর্বদলীয় বৈঠক। কিন্তু এর মধ্যেই নতুন করে অশান্তি শুরু হয়েছে সেখানে। এদিন সকালে সোপিয়ান জেলায় সচিবালয়ের অফিসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রায় এক হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে প্রতিবাদ করে। তাঁদের থামাতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তারক্ষীদেরও। উল্লেখ্য, গত ৮ জুলাই বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৭১ জন।
কেমন আছে নিহত জওয়ানদের পরিবার, জানতে অভিযানে জওয়ানরা-সংবাদ প্রতিদিন
কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত গোটা দেশকে কড়া পাহারায় রাখেন তাঁরা৷ যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন আপামর ভারতবাসী৷ এর জন্য চরম মূল্যও দিতে হয় ভারতীয় সেনার জওয়ানদের৷ খবরগুলো কিছুক্ষণের জন্য খবরের শিরোনামে আসে ঠিকই৷ কিন্তু তারপরে কেইবা মনে রাখেন প্রাণ দেয়া জওয়ানদের খবর৷ কেমন আছে তাঁদের পরিবার? আদৌও প্রাপ্য সুযোগ-সুবিধাগুলি পাচ্ছেন কী?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই দুই চাকায় সওয়ার হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন ভারতীয় সেনার ১৪ জওয়ান, অফিসার৷ উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছে তাঁদের এই বিশেষ সফর৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪