দুই মন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৫ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
কেরানীগঞ্জেই হবে জগন্নাথের সম্প্রসারণ কাজ - প্রথম আলো
ঈদে সরকারি ছুটি ১ দিন বাড়লো -মানবজমিন
দুই মন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট -যুগান্তর
পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন উচিত: হাসান মাহমুদ -ইত্তেফাক
ধন সম্পদের চাবি ছিল মীর কাসেমের হাতে - বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
মায়াবতীকে ‘কুকুর’ বলে ফের বিতর্কে দয়াশঙ্কর -সংবাদ প্রতিদিন
মুখ ফিরিয়ে ইয়েচুরিদের হতাশ করলেন গিলানিরা -আনন্দবাজার
হুরিয়তকে একহাত রাজনাথের -আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.
সরকারি কর্মকর্তাদের মেসেজিং অ্যাপ ‘আলাপন’ উদ্বোধন-যুগান্তর
সরকারি কর্মকর্তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য নতুন মোবাইল অ্যাপ ‘আলাপন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের আগে 'আলাপন' উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই অ্যাপের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের কাজের গতি কয়েকগুণ বৃদ্ধি পাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাই যে কোনো কাজের অগ্রগতি জানতে পারবে। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের বিভিন্ন কাজের তদারকি ও নজরদারি করা যাবে এই অ্যাপের মাধ্যমে।
পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন উচিত: হাসান মাহমুদ-ইত্তেফাক
পাকিস্তানের সাথে বিরাজমান বর্তমান কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সরকারের উচিত দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর করায় পাকিস্তানের দেয়া বিবৃতির তীব্র সমালোচনা করে বলেন, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না। আপনারা নাক গলালে আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর ক্ষমতা আমাদেরও রয়েছে।
জেএমবির ৪ নারী আত্মঘাতী সদস্য গ্রেপ্তার-প্রথম আলো
সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একই পরিবারের মা, দুই মেয়েসহ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী দলের চার নারী সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত তিনটার দিকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম বড়ইতলা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আবু সাঈদের স্ত্রী ফুলেরা খাতুন (৪৫) ও তাঁর দুই মেয়ে সাকিলা খাতুন (১৮), সালমা খাতুন (১৬) এবং রফিকুল ইসলামের স্ত্রী মোছা. রাজিয়া (৩৫)। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।
দুই মন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট-যুগান্তর
আদালত অবমাননার দায়ে দণ্ডিত দুই মন্ত্রী 'সংবিধান রক্ষার শপথ ভেঙেছেন' বলে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ দেয়ার পরও তারা 'কোন কর্তৃত্ববলে' পদে রয়েছেন, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।সোমবার সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।
আগামীকাল মঙ্গলবার এ রিটের ওপর শুনানি হতে পারে বলে যুগান্তরকে জানিয়েছেন ইউনুস আলী আকন্দ।
এরআগে ৩ সেপ্টেম্বর তিনি দুই মন্ত্রীর কার্যালয় বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে জবাব দিতে বলা হয়। না হলে মামলা করার কথা জানিয়েছিলেন ইউনুস আলী আকন্দ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর করারোপ অবৈধ, টাকা ফেরতের নির্দেশ-ইত্তেফাক
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের উপর শতকরা ১৫ ভাগ ট্যাক্স (কর) অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে দুটি প্রজ্ঞাপনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে যে কর নেয়া হয়েছে তা ফিরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
অ্যাম্বুল্যান্স চালকের দরাদরি, মৃত শিশুকে নিয়ে রাস্তায় রাত কাটালেন মা-আনন্দবাজার
মিরাট হাসপাতালেই মৃত্যু হয়েছিল মেয়ের৷ কিন্তু মেয়ের দেহ নিয়ে একা বাড়ি ফিরবেন কেমন করে মা? বাড়ি তো সেই ৫০ কিলোমিটার দূর৷ সন্তানহারা ইমরানা তাই সরকারের দ্বারস্থ হয়েছিলেন৷ ১০৮ নম্বরে ডায়াল করে এমার্জেন্সি অ্যাম্বুল্যান্স ডেকেছিলেন৷ যদি দয়া করে ঘর অবধি পৌঁছে দেন অ্যাম্বুল্যান্স চালক৷ কিন্তু সরকারের নিয়োগ করা অ্যাম্বুল্যান্স আসলেও, ইমরানার সমস্যা যেন এতটুকুও কমল না৷ অ্যাম্বুল্যান্স চালক সাফ জানিয়ে দিলেন, তাঁদের বাড়ি পৌঁছে দিতে লাগবে ১৫০০ টাকা৷ তবেই ইমরানা ও তাঁর মৃত সন্তানকে গ্রামে পৌঁছে দেবেন৷ কিন্তু এত টাকা ছিল না ইমরানার৷ তাই সেই রাতে আর ঘরে ফেরা হল না মৃত মেয়েকে নিয়ে৷
মায়াবতীকে ‘কুকুর’ বলে ফের বিতর্কে দয়াশঙ্কর-সংবাদ প্রতিদিন
চলতি বছরের বাদল অধিবেশনের সময় বিএসপি নেত্রী মায়াবতীকে পতিতা বলে বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন উত্তরপ্রদেশের বিজেপি সহ-সভাপতি দয়াশঙ্কর সিং৷ আর সেই অপরাধে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল৷ শুধু তাই নয়, বিএসপি’র তরফে অভিযোগ দায়ের করা হলে দয়াশঙ্করকে গ্রেফতার পর্যন্ত করা হয়৷ কিন্তু এরপরও যেন হুঁশ ফেরেনি প্রাক্তন এই বিজেপি নেতার৷ এতকিছুর পরও আবার মায়াবতীর বিরুদ্ধে কটূমন্তব্য করার অভিযোগ উঠল দয়াশঙ্করের বিরুদ্ধে৷
জানা গেছে, এবার মায়াবতীকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন দয়াশঙ্কর৷ তিনি নাকি বলেছেন, ‘মায়াবতী হল সেই লোভী কুকুরের মতো যে রাস্তায় যে কোনও গাড়ি দেখলেই ধাওয়া করে৷ কিন্তু গাড়ি থামলেই উল্টো দিকে পালায়৷’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫