রামপালের বিরোধিতা করে জনসমর্থন মিলবে না: নাসিম
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৭ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
রামপালের বিরোধিতা করে জনসমর্থন মিলবে না: নাসিম- প্রথম আলো
জামিনে কারামুক্ত শফিক রেহমান- -মানবজমিন
গুলশানে আতংকের সমাপ্তি, চুরির খবর জানালো পুলিশ-যুগান্তর
গুলশানে চোর ধরা নিয়ে তুঘলকি কারবার -ইত্তেফাক
কিবরিয়া হত্যা মামলায় আরিফের জামিন - বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
কেবল জলখাবার বাবদ টিম কেজরিওয়ালের খরচ ১ কোটি!-সংবাদ প্রতিদিন
কাশ্মীর সঙ্গ ত্যাগ করে আলাদা রাজ্য হতে চায় জম্মু ও লাদাখ-আনন্দবাজার
কেজরির ওপর আর আস্থা নেই: আন্না-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.
উত্তরবঙ্গের স্বপ্নের চারলেন প্রকল্প একনেকে অনুমোদন-বাংলাদেশ প্রতিদিন
দেশের উত্তরাঞ্চলের মানুষের প্রতীক্ষিত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় উত্তরবঙ্গের স্বপ্নের এ প্রকল্পটির। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পাকিস্তানের পর এবার -তুরস্ককে কড়া জবাব ঢাকার-প্রথম আলো
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তুরস্কের প্রতিক্রিয়ার কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। এ ঘটনাকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে উল্লেখ করা হয়েছে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের এই প্রতিক্রিয়া লিখিতভাবে ঢাকায় অবস্থিত তুর্কি দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে।
শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য-খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পেছাল-যুগান্তর
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়েছেন আদালত। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ অক্টোবর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
রামপালের বিরোধিতা করে জনসমর্থন মিলবে না: নাসিম-প্রথম আলো
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে পত্রিকায় শিরোনাম হওয়া যেতে পারে। কিন্তু জনগণের সমর্থন পাওয়া যাবে না।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমরা করছি, করব। রামপাল হবে। জঙ্গি দমন হবে। শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে নির্বাচনও হবে।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করার তাঁর কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা।
'সরকারকে সরাতে প্রয়োজন একটু ধাক্কা'-বাংলাদেশ প্রতিদিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার এতো দুর্বল হয়ে পড়েছে যে তাদের সরানোর জন্য দরকার সামান্য একটু ধাক্কা। আর এ ধাক্কাটা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোকে দিতে হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামিনে কারামুক্ত শফিক রেহমান-প্রথম আলো/যুগান্তর/সমকাল
সাংবাদিক শফিক রেহমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। এ সময় তাঁর স্ত্রী তালেয়া রেহমানসহ পরিবারের লোকজন কারাফটকে তাঁকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, গত ৩১ আগস্ট শফিক রেহমান উচ্চ আদালত থেকে জামিন পান।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা পরিকল্পনার অভিযোগে গত ১৬ এপ্রিল ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন শফিক রেহমান। প্রথমে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় ১৬ অপরাধ চক্র-মানবজমিন
মোবাইল ব্যাংকিং ঘিরে সক্রিয় রয়েছে ১৬টি সংঘবদ্ধ অপরাধ চক্র। তথ্যপ্রযুক্তির ফাঁক ফোকর ব্যবহার করে তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। নানা উপায়ে চক্রটি ফাঁদে ফেলছে সাধারণ মানুষকে। ঈদকে সামনে রেখে তারা আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। চক্রগুলো নানাভাবে নানা কায়দায় এসব প্রতারণার ঘটনা ঘটাচ্ছে
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ফের বিতর্কে আপ নেতা আশুতোষ-সংবাদ প্রতিদিন
আম আদমি পার্টির নেতা আশুতোষ ফের সরব হলেন৷ প্রসঙ্গত মন্ত্রী সন্দীপ কুমারের সেক্স ভিডিও সংক্রান্ত ঘটনায় মন্ত্রীকে সমর্থন করেই আশুতোষ জানিয়েছিলেন ভিডিওতে জোর করে কিছু করার মত ফুটেজ দেখা যায়নি৷ এই বয়ানের পর বিতর্কের ঝড় ওঠে৷ এমনকি এই ধরনের মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়৷
এই অভিযোগের প্রসঙ্গে আশুতোষ বলেন এই ধরনের পদক্ষেপকে তিনি ভাব প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেই মনে করছেন৷ এবং সাধারণ মানুষের কন্ঠরোধ করার প্রয়াস চলছে সমাজে তারই নিদর্শন এই অভিযোগ৷
'মেহবুবা মুফতি কুকুরের লেজ!’-আজকাল
‘যতই টেনে ধরো, কুকুরের লেজ কী আদৌ সোজা হয়?’ কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য সুব্রমনিয়াম স্বামীর। উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন স্বামী। সেখানেই এমন মন্তব্য করে বসেন। বলেন, ‘জঙ্গিদের সঙ্গে মেহবুবার যোগ বহু পুরনো। তাসত্ত্বেও পি ডি পি–র সঙ্গে জোট বেঁধে রাজ্যে সরকার গড়েছিল বি জে পি। ভেবেছিল হয়তো বদলে যাবেন পি ডি পি নেত্রী। কিন্তু কথায় বলে না কুকুরের লেজ কখনও সোজা হয় না! মেহবুবাও সেরকম। এজীবনে শুধরোবেন না।’ বিক্ষোভে উত্তপ্ত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে সরকার। এব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেহবুবার সঙ্গে কয়েক দফার বৈঠকও করেছেন। হুরিয়ত নেতাদের সঙ্গেও আলোচনা চলছে। ঠিক এমন সময়ই মেহবুবার বিরুদ্ধে তোপ দাগলেন স্বামী। তাঁর মতে, মেহবুবার সঙ্গে বৈঠকে নাকি আদৌ কিছু হবে না। একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি হলেই, রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হবে। বরাবরই বিতর্কিত মন্তব্য করে থাকেন স্বামী। দিন কয়েক আগেই মেহবুবাকে জঙ্গি বলেছিলেন। এর আগে তাঁর নিশানায় ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। স্বামীর কটাক্ষে তিতি বিরক্ত হয়েই মেয়াদ শেষের আগে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
কেজরির ওপর আর আস্থা নেই: আন্না-আজকাল
কেজরিওয়ালের থেকে এক সময় প্রচুর আশা ছিল। এখন সেসব কিছুই নেই। জানিয়ে দিলেন আন্না হাজারে। এই সমাজকর্মীর অনশনের মঞ্চ থেকেই অরবিন্দ কেজরিওয়ালের আত্মপ্রকাশ। তার পর তৈরি করেন আম আদমি পার্টি। সংবাদ মাধ্যমকে জানালেন, কেজরিওয়ালের সঙ্গীরা যা সব কাজ করছে, তা দেখে তিনি দুঃখিত। তাঁর সঙ্গে থাকার সময় কেজরিওয়াল গ্রাম স্বরাজ নিয়ে বই লিখেছিলেন। এখন কেজরির দলে যা চলছে, তাকে কি গ্রাম স্বরাজ বলা যায়? প্রশ্ন আন্নার। ভুলভাল লোকজনকে দলের সদস্যপদ দেওয়া নিয়ে কেজরিকে আগেই নাকি সতর্ক করেছিলেন তিনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬