আয়যোগ্য প্রতিটি মানুষের কর দেওয়া উচিত: অর্থমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৭ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
দেশে সাক্ষরতার হার ৭১%, দাবি মন্ত্রীর- প্রথম আলো
দেশে দুস্থ মানুষ থাকবেনা-মানবজমিন
বিএনপি-জামায়াত জঙ্গিবাদ উসকে দিয়েছিল: প্রধানমন্ত্রী-যুগান্তর
'আয়যোগ্য প্রতিটি মানুষের কর দেওয়া উচিত'-ইত্তেফাক
মানবতা নেই কারাগারে মানবেতর জীবন বন্দীদের, সময় মতো মেলে না খাবার দিতে হয় নগদ টাকা- বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
কোলকাতার কাছেই বিরাট অস্ত্রাগারের হদিশ পেল পুলিশ-সংবাদ প্রতিদিন
ধর্মান্তরণে মদত ছিল মাদারের, অভিযোগ বিজেপি সাংসদের-আনন্দবাজার
কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ.
প্রধানমন্ত্রী বলেছেন-বিএনপি-জামায়াত জঙ্গিবাদ উসকে দিয়েছিল
বিস্তারিত খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইদানিং সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক ভয়াবহ আকার ধারণ করেছিল। এসব উসকে দিয়েছিল বিএনপি-জামায়াত। তিনি বলেন, '১০ ঘণ্টার মধ্যে জঙ্গি অভিযান শেষ করে আমরা জিম্মিদের উদ্ধার করতে সক্ষম হয়েছি, যা বিশ্বের আর কেউ করতে পারে নাই। সেটা বাংলাদেশ করে দেখিয়েছে।'
বুধবার কুড়িগ্রামের চিলমারীর থানাহাট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দৈনিক প্রথম আলোর শিরোনামে লেখা হয়েছে, মানবতাবিরোধীদের সম্পত্তি নিয়ে নতুন আইনের চিন্তা
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণের চাওয়া অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তাভাবনা চলছে। আজ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন। তবে মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, মন্ত্রী তা স্পষ্ট করেননি।
এ ব্যাপারে আনিসুল হক বলেন, জনগণ কী দাবি করছে, তা তিনি ভালো করেই জানেন। এ ক্ষেত্রে নতুন আইন করাই শ্রেয়।
দুই মন্ত্রীর পদত্যাগের প্রয়োজন নেই: আইনমন্ত্রী- এ শিরোনামটিও দৈনিক যুগান্তরের
শপথ ভঙ্গের দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের পদত্যাগ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, সংবিধানে এমপিদের বিষয়ে যা বলা আছে, তা মন্ত্রিদের বেলায় প্রযোজ্য নয়। বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আদালত বলেছেন, দুই মন্ত্রী তাদের শপথ ভঙ্গ করেছেন। কিন্তু শপথ ভঙ্গের কারণে তাদের পদত্যাগ করতে হবে বা মন্ত্রিপরিষদ থেকে অপসারণ করার কোনও রায় দেননি।
'আয়যোগ্য প্রতিটি মানুষের কর দেওয়া উচিত'-এটি দৈনিক ইত্তেফাকের শিরোনাম
আয়যোগ্য প্রত্যেক ব্যক্তির ওপর বাধ্যতামূলক করারোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রস্তাবে তিনি বলেন, 'আয়যোগ্য প্রতিটি মানুষের কর দেওয়া উচিত। ৫,১০ বা ২০ টাকা যা-ই হোক না কেন, তা দিয়ে হলেও দেশের উন্নয়নে সবার অংশগ্রহণ জরুরী। এটা করতে পারলে দেশে কর সংস্কৃতি তৈরি হবে,কর বিষয়ে গণজাগরণ সৃষ্টি হবে।'
দৈনিক মানবজমিনের শিরোনাম: কুয়েতে আবার বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা
কুয়েতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগেও দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে কয়েক মাস আগে বাংলাদেশী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারীকে অবশ্যই নিজের বাড়ি থাকতে হবেÑ এমন বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়। এমন শর্তসাপেক্ষে বাংলাদেশি শ্রমিক নিয়োগ উন্মুক্ত করা হয়েছিল। এ খবর দিয়েছে কুয়েত টাইমস। খবরে বলা হয়, সোমবার বাংলাদেশি শ্রমিক নিয়োগে নতুন করে নিষেধাজ্ঞা জারির এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
আজকালের শিরোনাম: কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি
কলকাতা বিমানবন্দর আত্মঘাতী হামলায় ওড়ানোর হুমকি দিয়ে লালবাজারে ফোন। রাতভর বিমানবন্দরে চিরুনি তল্লাশি নিরাপত্তাকর্মীদের। সকালেও জারি রয়েছে তল্লাশি অভিযান। আনা হয়েছে স্নিফার ডগ। বিমানবন্দরে আসা গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, বিমানবন্দরের গেটেও চলছে চেকিং। লালবাজার জানিয়ে দেওয়া হয়েছে, গতকাল রাত সোয়া ১টা নাগাদ পুরুষ কণ্ঠে বিমানবন্দরে মানব বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে লালবাজারে ফোন আসে। তারপর সকাল বেলায় ফের দু’বার ফোন আসে বিধাননগর কমিশনারেটে। সেখানে বাল হয় উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর। ঘটনার কথা জানানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরকের সন্ধান মেলেনি। যদিও যে নম্বর থেকে ফোন এসেছিল, সেগুলির সন্ধান পেয়েছে পুলিস।
২২টি প্রিডেটর ড্রোন কিনছে ভারত- দৈনিক সংবাদ প্রতিদিন
ভারতকে ২২টি আনআর্মড হাই টেক মাল্টি মিশন প্রিডেটর ড্রোন বিক্রি করতে তৈরি আমেরিকা, খবর বিশেষ সূত্রের৷ সামুদ্রিক নজরদারির কাজে এই অত্যাধুনিক ড্রোন ব্যবহৃত হবে৷ গত জুন মাসে ভারত-মার্কিন নয়া সামরিক সমঝোতার ফলস্বরূপ এই চুক্তিতে সম্মতি জানিয়েছে আমেরিকা৷ ভারত মহাসাগরের উপর অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকবে এই ড্রোনগুলি৷ এরকম অত্যাধুনিক সমরাস্ত্র ভারতীয় সেনাভাণ্ডারে যুক্ত হলে নৌবাহিনী যে আরও কয়েকগুণ শক্তিশালী হবে, সে কথা মানছেন সমর-বিশেষজ্ঞরা৷
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: কাশ্মীরে সেনা কনভয়ে হামলা, আহত ৩
সেনার কনভয়ে জঙ্গি হামলা। আহত তিন জওয়ান। তাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুপওয়ারা জেলায় বারামুলা-হান্ডোয়ারা সড়কের পাশে উদিপোরা গ্রামের কাছে। রাস্তার পাশে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেনার ট্রাক আসতেই গুলিবর্ষণ শুরু করে তারা। পাল্টা জবাব দেন সেনার জওয়ানরা। গুলির লড়াইয়ে কিছুক্ষণের মধ্যেই পিছু হঠে জঙ্গিরা। হেলিকপ্টারের মাধ্যমে আহত জওয়ানদের শ্রীনগর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই তল্লাশি চালাতে শুরু করে সেনা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬