'বাংলাদেশে প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০, খাসির ২০ টাকা'
প্রিয় পাঠক/শ্রোতা! ৯ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ফাঁকা হচ্ছে ঢাকা
- ঈদযাত্রায় পথে পথে ভোগান্তি
- গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০, খাসির ২০ টাকা
- সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে ২০ যাত্রী আহত
- যাত্রীদের স্বস্তি দিতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে: ওবায়দুল কাদের
- উল্টো পথে গাড়ি চললে মন্ত্রী হলেও মামলা: ওবায়দুল কাদের
- সৌদিতে হজের আগেই ৩৩ বাংলাদেশির মৃত্যু
- নিরক্ষরমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- হজ পালনে সৌদি আরবে খালেদা-তারেক
- খালেদা রাজনীতিতে হেরে গেছেন: মতিয়া চৌধুরী
এবার কোলকাতার দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের গুরুত্বপূর্ণ শিরোনাম
- ২৬ বছর পর অযোধ্যায় গাঁধী পরিবারের প্রতিনিধি, রাহুল গাঁধী পুজোও দিলেন
- গতিতে পিছিয়ে পড়ে ইজ্জতে ঘা! বাইক আরোহীদের পেটালেন বিজেপি নেতার ছেলে!
- চাষযোগ্য করেই জমি ফেরত সিঙ্গুরে, ফের বললেন মমতা
- আন্তর্জাতিক মঞ্চে চীন এবং পাকিস্তানকে কোণঠাসা করার কোনও সুযোগই হাতছাড়া করছেন না ভারতের প্রধানমন্ত্রী মোদি
- ফোনে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন উড়িয়ে দেয়ার হুমকি
শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ।
যাত্রা স্বস্তির চেষ্টা চলছে: সড়ক পরিবহন মন্ত্রী কাদের-প্রথম আলো
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সব রকমের চেষ্টা চলছে। ওবায়দুল কাদের বলেন, রাস্তাঘাটে শৃঙ্খলার অভাব একটা বড় সমস্যা। কারও ধৈর্য নেই। অনেকে উল্টো পথে গাড়ি চালান। এসব কারণে মহাসড়কে যানজট আরও বেড়ে যায়। তিনি বলেন, পুলিশকে বলা হয়েছে, উল্টো পথে যাঁরাই যাবেন, তিনি মন্ত্রী হন আর ভিআইপি হন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
দাম নির্ধারণ: প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০, খাসির ২০ টাকা-দৈনিক যুগান্তর
কুরবানীর পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার সকালে ঢাকার ধানমন্ডির এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন দাম ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, রাজধানী ঢাকার ভেতরে এবার লবনযুক্ত প্রতি বর্গফুট চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। আর ঢাকার বাইরের এই দাম ৪০ টাকা। এছাড়া সারা দেশে খাসির লবণযুক্ত চামড়ার মূল্য ২০ ও বকরির ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সপরিবারে খালেদা জিয়ার ওমরাহ পালন-দৈনিক মানব জমিন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে পবিত্র ওমরাহ পালন করেছেন। গতকাল জেদ্দা থেকে মক্কায় পৌঁছে ওমরা পালন এবং মসজিদুল হারামে নামাজ আদায় করেন তারা। সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব এ তথ্য জানান।
হজ করতে গিয়ে সৌদি আরবে ৩৩ বাংলাদেশির মৃত্যু-দৈনিক সমকাল
এবার হজ করতে সৌদি আরব গিয়ে এ পর্যন্ত ৩৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে শুক্রবার এ তথ্য জানানো হয়। যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৪ জন পুরুষ, নয় জন নারী।
ক্যাম্পাসে নিজ কক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ-দৈনিক প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দরজা ভেঙে ওই শিক্ষকের দেহ উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই শিক্ষকের নাম আকতার জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি এখন।
ওবামাকে পাশে নিয়েই চিনকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন মোদি-দৈনিক বর্তমান
আন্তর্জাতিক মঞ্চে চীন এবং পাকিস্তানকে কোণঠাসা করার কোনও সুযোগই প্রধানমন্ত্রী হাতছাড়া করছেন না। হঠাৎ করেই তিনি এই দুই প্রতিবেশী রাষ্ট্রের লাগাতার ভারতবিরোধী মনোভাব তথা প্রচ্ছন্নভাবে বিরুদ্ধ কার্যকলাপের পালটা জবাব দিতে সুর চড়া করেছেন। সদ্য জি ২০ সম্মেলনে চীনে দাঁড়িয়ে চীন ও পাকিস্তানের মধ্যে নির্মীয়মাণ ইকনমিক হাইওয়ে নিয়ে ভারতের অসন্তোষ ব্যক্ত করে এসেছেন মোদি চীনা প্রেসিডেন্ট জি জিংপিং এর সঙ্গে বৈঠকে।
‘ঠিক দুপুর দুটোয় নবান্ন উড়িয়ে দেব’, হুমকি ফোনে হুলুস্থুল কাণ্ড-দৈনিক আনন্দবাজার
একটি হুমকি ফোনে বোমাতঙ্ক ছড়ায় পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে পর পর দুটো হুমকি ফোন আসে। ফোন করে বলা হয়, ঠিক দুপুর ২ টোয় নবান্ন উড়িয়ে দেওয়া হবে। ফোনের ও প্রান্ত থেকে পুরুষ কন্ঠে এই হুমকি ফোন আসে। সঙ্গে সঙ্গে হুলুস্থুল পড়ে যায় নবান্নে। খবর পেয়েই বম্ব স্কোয়াডের একটি দল সেখানে পৌঁছয়। আনা হয় ৮টি স্নিফার ডগও। তন্ন তন্ন করে নবান্নের সর্বত্র তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কোথাও কিছু পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। ফোনের সূত্র ধরে ওই ব্যক্তিকে খোঁজারও চেষ্টা চালানো হচ্ছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।
কুরবানির ছবি ফেসবুকে, ট্যুইটারে না দিতে আবেদন-দৈনিক বর্তমান
মঙ্গলবার ইদুজ্জোহা। অসংখ্য কুরবানি হবে। কিন্তু কেউ যেন সেই কুরবানির ছবি বা ভিডিও তুলে ফেসবুক, ট্যুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট না করেন, তার জন্য আবেদন জানালেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা সফি কাশমি। টিপু সুলতান মসজিদের শাহি ইমাম নুরুর রহমান বরকতি বলেন, সেইভাবে কুরবানি করুন, যাতে কোনওভাবেই অন্য ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত না লাগে।
তো পাঠক/শ্রোতা! কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। কথা হবে আবারও পরবর্তী আসরে।
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯