সেপ্টেম্বর ১০, ২০১৬ ০৮:১৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১০ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

•     মিনায় নেমেছে হজযাত্রীর ঢল, আনুষ্ঠানিকতা শুরু, কাল পবিত্র হজ

•     অক্টোবরে ফের চালু হচ্ছে ওমরাহ ভিসা

•     গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১‌

•     পাটুরিয়ায় দুর্ভোগ কমেছে, তবু অপেক্ষা

•     ঢাকাকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এস জয়শঙ্করের আহ্বান

•     বাবুলকে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে

•     বাংলাদেশ সফরে আসছেন না মরগ্যান; ইংল্যান্ড দলের নতুন অধিনায়ক বাটলার

•     হত্যা করে কোন ইসলাম কায়েম করবে তারা:নৌমন্ত্রী

•     প্রধানমন্ত্রী ১৪ সেপ্টেম্বর কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন

•     কিবরিয়া হত্যা: ১১ বছর পর পলাতক আসামি গ্রেফতার

কোলকাতার দৈনিকগুলোর শিরোনাম

•     ভারত, চিনের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে বড় জায়গা পেতে পারে কলকাতাও

•     বছর না ঘুরতে ফের জামিন মদন মিত্রের, আর প্রভাবশালী নন, এগোয়নি তদন্তও

•     কাশ্মীরে ফের জঙ্গি হানা: সন্ত্রাস নিয়ে মোদীকে জবাব পাকিস্তানের

•     তৃণমূল নেতা অনিল মাহাতো খুনে অন্তর্দ্বন্দ্বের ছায়া রাইপুরে

•     পশ্চিমবঙ্গের সৌরবিদ্যুতে ৪৫০ কোটি জার্মান বিনিয়োগ আসছে

শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ।

আনুষ্ঠানিকতা শুরু, কাল পবিত্র হজ-দৈনিক যুগান্তর

হজযাত্রীদের ইহরাম বাঁধার সঙ্গে সঙ্গে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। এটা হজের মৌলিক আহকামগুলোর একটি। তবে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। হাজীরা সৌদি আরবের সময় অনুযায়ী ৭ জিলহজ মাগরিবের নামাজ আদায়ের পর মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। আজ (বাংলাদেশ সময়) সূর্যোদয় থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হল হজের আনুষ্ঠানিকতা। কাল সূর্যোদয় পর্যন্ত তারা মিনায় অবস্থান করবেন। পবিত্র মক্কা নগরী থেকে তাঁবুর শহরখ্যাত মিনার দূরত্ব ৯ কিলোমিটার।

অক্টোবরে ফের চালু হচ্ছে ওমরাহ ভিসা- দৈনিক ইত্তেফাক

দীর্ঘদিন বন্ধ থাকার পর আসন্ন অক্টোবর থেকে আবারো ওমরাহ ভিসা দিবে সৌদি সরকার। ফলে অপেক্ষায় থাকা হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যেতে পারবেন। আরবী নববর্ষের প্রথম দিন ১ মহররম (২ অক্টোবর) থেকে সৌদি হজ মন্ত্রণালয়ের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের চুক্তি নবায়ন ও ভিসা ইস্যুসহ ওমরাহ সংক্রান্ত সব ধরনের কার্যক্রম শুরু হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শেষ দুই দিনের অপেক্ষায় কোরবানি হাটের বেচাকেনা- দৈনিক যায় যায় দিন

রাজধানীর পশুর হাটগুলো গরু-ছাগলসহ নানা গবাদিপশুতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠলেও বেচাবিক্রি এখনো জমে ওঠেনি। বিপুল সংখ্যক ক্রেতা এ-হাট থেকে ও-হাট ঘুরে তাদের পছন্দের পশুর দাম পরখ করে দেখছেন। তবে বেপারিরা গরুর চড়া দাম হাঁকায় সবাই নিজেকে কিছুটা সামলে রেখেছেন। তাদের ধারণা, শেষ সময়ে ভারতীয় গরুর ঢল নামলে বাজার দর অনেকটাই পড়ে যাবে। তাই সে সময় কিছুটা কম দামেই কোরবানির পশু কেনা সম্ভব হবে।

অন্যদিকে বেপারিদের ধারণা, এখন আর ভারতীয় গরু আসার সময় নেই। তাই শেষসময়ে পশু সংকটের পাশাপাশি দামও আকাশচুম্বী হবে। তাই চড়া দরে বিক্রির আশায় তাদের অনেকেই শেষ সময় পর্যন্ত গরু ধরে রাখতে চাইছেন। তবে হঠাৎ দাম পড়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা থাকায় গৃহস্থদের অনেকেই কোনো ঝুঁকি না নিয়ে আগেভাগেই গরু বেচে দিচ্ছেন।

হত্যা করে কোন ইসলাম কায়েম করবে তারা:নৌমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, 'নিরীহ মানুষ হত্যা করে জঙ্গিরা কোন ইসলাম কায়েম করতে চায়, আমরা জানি না। যারা কোরআনের নির্দেশনা মানে না, তারা কী ধরনের মুসলমান? মৃত্যুর পর জঙ্গিরা নাকি বেহেশতে যাবে! খুনিরা বেহেশতে যেতে পারে না।' শুক্রবার রাজধানীর মতিঝিল ওয়াকফ স্টেট মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ওলামা-মাশায়েক-মুসল্লি সমাবেশে তিনি এ কথা বলেন।

তবুও নীরব বিএনপি- দৈনিক যায় যায় দিন

জিয়াউর রহমানকে দেয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বাতিল এবং তার মাজার সরিয়ে নেয়ার তৎপরতা চললেও আপাতত কঠোর কোনো কর্মসূচিতে নামছে না বিএনপি। দলের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, পরিস্থিতি যদি আরো প্রতিকুলও হয় তবুও সংগঠনকে সুসংগঠিত করার আগে কঠোর কোনো কর্মসূচিতে যাবে না তারা।

নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আলোচনা করে জানা গেছে, গত বছর ম্যারাথন কর্মসূচি পালন করে দল লাভের চেয়ে অনেক বেশিগুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংগঠনিক কাঠামো একেবারে ভেঙে গেছে। মামলার কারণে নেতাকর্মীদের প্রতিদিনই আদালতে হাজিরা দিতে হচ্ছে। দলের এই ভঙ্গুর পরিস্থিতিতে কঠোর কর্মসূচি দিলে তা সফল করার জন্য নেতাকর্মীরা মাঠে নামবে না বিষয়টি উপলব্ধি করেই হরতাল-অবরোধের মতো বড় কোনো কর্মসূচিতে যাবে না বিএনপি।

পাটুরিয়ায় দুর্ভোগ কমেছে, তবু অপেক্ষা- দৈনিক যুগান্তর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অপেক্ষমান গাড়ীর চাপ গতরাতের তুলনায় কিছুটা কমে এসেছে। ফেরীতে সাধারণ যাত্রী বেশি পার হওয়ায় যানবাহন দ্রুত পার করা যাচ্ছে না। শনিবার সকাল ১০টার দিকে পাটুরিয়ায় প্রায় দুই হাজার গাড়ী পার হওয়ার অপেক্ষায় রয়েছে। যেখানে গতকাল রাতে ১০ কিমি পর্যন্ত কয়েক হাজার যানবাহনের দীর্ঘ লাইন ছিলো। বিআইডব্লিউটিসি আরিচা ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার  শেখ মোহাম্মদ নাসিম জানান, ফেরি পারের অপেক্ষায় এক হাজারের মতো ব্যক্তিগত প্রাইভেট কার আটকে রয়েছে। এছাড়া দূরপাল্লার প্রায় আড়াই শত বাসও ফেরি পারের জন্য অপেক্ষমান।ফেরি বহরের ১৪টি ফেরি এই রুটে চলাচল করছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী ১৪ সেপ্টেম্বর কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন- দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের সরকারি সফরের লক্ষ্যে আগামী ১৪ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, 'ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)'-এ যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম চারদিন কানাডা সফর করবেন। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধের লক্ষ্যে ১৬ ও ১৭ সেপ্টেম্বর কানাডার কুইবেকে 'জিএফ' সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঢাকাকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এস জয়শঙ্করের আহ্বান- দৈনিক মানবজমিন

সামাজিক স্থিতিশীলতার জন্য ঢাকার প্রচেষ্টায় সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানিয়েছেন  ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। সন্ত্রাস প্রতিরোধে করতে সামাজিক স্থিতিশীলতার প্রতি তিনি এমন আহ্বান জানান। এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেন নি। তবে তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী সামাজিক আবহ নিশ্চিত করতে ঢাকা সরকারকে সমর্থন দেয়া উচিত। বাংলাদেশে সন্ত্রাস নিয়ে উদ্বেগের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্বেগ রয়েছে। আর এ জন্যই সরকারকে সমর্থন দেয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের।

বাবুলকে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে- দৈনিক যুগান্তর

স্ত্রী খুন হওয়ার ঘটনায় আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পর এখনও অনেক প্রশ্নের জবাব মেলেনি। কার পরিকল্পনায় বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করা হলো_ সে ব্যাপারে পরিষ্কারভাবে দায়িত্বশীল কেউ এখনও কিছু বলেননি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, তদন্তে ধোঁয়াশা সৃষ্টি হলেই বাবুল আক্তার 'প্রশ্নের মুখে' পড়ছেন। বারবার তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। শুধু গত ২৪ জুন ডিবি কার্যালয়ে টানা ১৬ ঘণ্টা বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ নয়, এরপর একাধিক দফায় তার বক্তব্য জানতে চেয়েছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মরগানের না, ইংল্যান্ডের নেতৃত্বে বাটলার! -দৈনিক প্রথম আলো 

শেষ পর্যন্ত নিজ সিদ্ধান্তে অটল রইলেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান। বাংলাদেশ সফরে তিনি আসছেন না। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, মরগানের বদলে দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন দলের সহ-অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ড দলের ঢাকায় আসার কথা রয়েছে ৩০ সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সীমিত ওভারের তিনটি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।

প্রিয় পাঠক/শ্রোতা! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি এখন।

অযোধ্যায় গিয়ে রাম নয়, রামভক্ত হনুমানের শরণে রাহুল গাঁধী-দৈনিক আনন্দবাজার

চিত্রনাট্যে যেমনটি ছিল! অযোধ্যায় গিয়ে রাম নয়, রামভক্ত হনুমানের আশীর্বাদ নিলেন রাহুল গাঁধী। বাবরি মসজিদ ধ্বংসের পর এই প্রথম অযোধ্যায় পা পড়ল গাঁধী পরিবারের কারও। হনুমানগড়ী থেকে মাত্র এক কিলোমিটার দূরেই বিতর্কিত রামমন্দির সুকৌশলে এড়িয়ে গেলেন রাহুল। প্রায় আড়াই দশক আগে ১৯৯০ সালে ‘সদ্ভাবনা যাত্রা’র সময় অযোধ্যায় গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। কিন্তু ইচ্ছে থাকলেও সময়ের অভাবে সেখানকার হনুমানগড়ী মন্দিরে যেতে পারেননি। রাহুলের বয়স তখন ২০। আজ সেই রাহুল উত্তরপ্রদেশে তাঁর ‘কৃষক যাত্রা’র বেরিয়ে অযোধ্যায় হনুমানগড়ী দর্শনে গেলেন। দেখা করলেন এই মন্দিরের মহন্ত জ্ঞান দাসের সঙ্গেও। একান্তে মিনিট দশ বৈঠকও হল দু’জনের।

বছর না ঘুরতে ফের জামিন মদন মিত্রের, আর প্রভাবশালী নন, এগোয়নি তদন্তও-দৈনিক বর্তমান

আদালতের নির্দেশের কপি গতরাতেই এসে গিয়েছিল জেলে। শনিবার সকাল হতেই সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আলিপুর জেল থেকে বেরিয়ে এলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এদিন জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর প্রথম প্রতিক্রিয়া, 'এখন আমার ছুটি। বাড়ি, দুর্গাপুজো আর নাতি মহারূপকে নিয়ে থাকতে চাই'। সাংবাদিকরা মদনকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেমন আছেন? তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়কের সরস জবাব, '২০ মাস জেল খাটার পর মানুষ যেমন থাকে তেমনই আছি'। মুক্তি পেলেও তিনি বাড়ি যেতে পারেননি। কারণ, আদালতের নির্দেশে তাঁকে ভবানীপুর থানা এলাকাতে থাকতে হবে। এদিকে মদনের বাড়ি কালীঘাট থানা এলাকায়। তাই উঠেছেন এলগিন রোডের একটি হোটেলে। এবিষয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মদন মিত্রের আইনজীবীরা।

সৌরবিদ্যুতে ৪৫০ কোটি জার্মান বিনিয়োগ আসছে-দৈনিক আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জার্মানি সফর খুব ভাল হয়েছে। গত তিন দিন ধরে মিউনিখে শিল্প নিয়ে যে সব আলোচনা হয়েছে, তা খুব ভাল হয়েছে। বিভিন্ন বিষয় আলোচনার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলার সৌরবিদ্যুতে জার্মানির‌ টিমটেকনিক সংস্থা ৪৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। শুক্রবার মিউনিখ বিমানবন্দরের লাউঞ্জে দাঁড়িয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, এখানে আসার পর প্রথমে রোমের ভ্যাটিকান সিটিতে যাই। তার পর ঠিক করি জার্মানি যাওয়ার কথা।

তো পাঠক/শ্রোতা! কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। কথা হবে আবারও পরবর্তী আসরে।

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০