সেপ্টেম্বর ১১, ২০১৬ ১২:৪৬ Asia/Dhaka

প্রিয় শ্রোতা/পাঠক! ১১ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • হজের আনুষ্ঠানিকতা শুরু: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
  • তরুণ হাজীরা বদলে দিচ্ছেন পবিত্র হজ
  • জাতীয় ঈদগাহ’র নিরাপত্তা পর্যবেক্ষণে মেয়র
  • রাজধানীর কোরবানির হাটে বেড়েছে বিক্রি, দাম চড়া
  • আজিমপুরে পুলিশের অভিযান,গুলিতে ‘জঙ্গি’ নিহত,আহত ৩ নারী আটক পুলিশের ধারণা,আহত একজন মেজর জাহিদের স্ত্রী
  • খুব শিগগিরই জঙ্গিবাদ নির্মূল করা হবে : বাণিজ্যমন্ত্রী
  • প্রতিটি ঈদগাঁহে নিরাপত্তা জোরদার করা হবে: যোগাযোগ ও সেতুমন্ত্রী
  • ঈদ ঘিরে দাপিয়ে বেড়াচ্ছে ৪৫৮ চাঁদাবাজ ১৮১ গডফাদার
  • জিয়াকে জনগণের কাছ থেকে মুছে ফেলা যাবে না : মির্জা ফখরুল
  • টঙ্গীর সেই কারখানার ৯ শ্রমিক নিখোঁজ: দোষী যেই হোক,তার বিরুদ্ধে ব্যবস্থা: শিল্পমন্ত্রী

এবার কোলকাতার দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের গুরুত্বপূর্ণ শিরোনাম

  • জম্মু-কাশ্মীরের পুঞ্চে পুলিশ-জঙ্গির সংঘর্ষ, নিহত এক পুলিশকর্মী
  • ৯/‌১১ হামলায় নিহতদের শ্রদ্ধা মোদির
  • মমতা ফিরলেন জার্মানি থেকে
  • এবার ক্রেতাকে প্লাস্টিক ব্যাগ দিলেই ৫০০ টাকা জরিমানা
  • যৌন হেনস্তায় অভিযুক্ত আরও এক নেতা, বিপাকে আপ

 

তো শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ। 

হজের আনুষ্ঠানিকতা শুরু-দৈনিক ইত্তেফাক

২০ লাখের বেশি মুসলমানের মিনায় অবস্থান নেয়ার মধ্য দিয়ে হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রবিবার এই মুসলমানরা জড়ো হবেন আরাফাতের ময়দানে। একে বলা হয় হজের আনুষ্ঠানিকতা। সোমবার সেখানে ঈদুল আজহার দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজ।

হজ করতে মক্কায় আসা মুসলমানরা শুক্রবার কাবা শরিফ জুমার নামাজ পড়েন। পরে মক্কা থেকে তারা জড়ো হতে শুরু করেন ১০ কিলোমিটার দূরে তাবুনগরী মিনায়। তাদের সবার মুখে ছিল ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি'মাতা লাকা ওয়ালমুলক’ ধ্বনি। শনিবার দুপুরের মধ্যে হজে আসা সবাই মিনায় অবস্থান নেন। ইবাদত-বন্দেগিতে মিনায় রাত কাটানোর পর আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা জিকির করেন, নামাজ পড়েন জামায়াতের সঙ্গে।

মিনায় আসার পর সবাই রাত কাটিয়েছেন তাঁবু খাটিয়ে। হজের মূল আনুষ্ঠানিকতার জন্য রোববার ভোরে তারা যাত্রা শুরু করেন বিদায় হজের স্মৃতি জড়িত আরাফাত ময়দানের উদ্দেশে। এখানে যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে তারা ইবাদত করবেন, হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ পড়বেন। আরাফাত থেকে মিনায় ফেরার পথে সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন সমবেত মুসলমানরা। মুজদালিফায় রাতে থাকার সময় তারা পাথর সংগ্রহ করবেন। সোমবার সকালে মিনায় ফিরে সেই পাথর তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছুড়বেন। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন এবং সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

তরুণ হাজীরা বদলে দিচ্ছেন পবিত্র হজ- দৈনিক যুগান্তর

ইসলামের পবিত্র হজ এখন আর শুধু বৃদ্ধদের ধর্মীয় আচরণ নয়। তরুণ প্রজন্মের প্রাণবন্ত মুসলিম হজযাত্রীরা মুসলমানদের বার্ষিক এ ধর্মীয় কর্তব্যের পাশাপাশি মক্কা নগরীকেই বদলে দিচ্ছেন। ব্রিটেন থেকে আসা হজপ্রত্যাশী ২৫ বছর বয়সী সানিয়া দ্বিতীয়বারের মতো সৌদি আরবের পবিত্র এ নগরীতে এসেছেন। তিনি বলছিলেন, ‘আপনি যত তরুণ হবেন, এটা (হজ পালন) তত সহজ। ১২ বছর আগে আমার পরিবার আর আমি এখানে এসেছিলাম ওমরাহ পালন করতে।’

সানিয়া আবার মক্কায় হজ করতে এসেছেন কারণ এটি যেমন ধর্মীয় বাধ্যবাধকতা তেমনি জীবনের আমূল পরিবর্তন এনে দেয়। সানিয়ার মতোই এবার হজে করতে পবিত্র নগরীতে সমবেত হয়েছেন প্রায় ১৫ লাখ ধর্মপ্রাণ মানুষ। শনিবার শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ। প্রতিটি সচ্ছল মুসলমানের জীবনে একবার হজ পালন করা ফরজ বা অবশ্য কর্তব্য।

জাতীয় ঈদগাহ’র নিরাপত্তা পর্যবেক্ষণে মেয়র-দৈনিক ইত্তেফাক

হাইকোর্ট এলাকায় জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পরিদর্শন করেছেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র সাঈদ খোকন। আজ (রোববার) দুপুরে নগরপিতা তার সিটি করপোরেশনের কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের নিয়ে সেখানে যান। তিনি ঈদগাহের প্যান্ডেল তৈরির কাজ দেখাশুনার পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। আগামী মঙ্গলবার সকাল আট টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

রাজধানীর কোরবানির হাটে বেড়েছে বিক্রি, দাম চড়া- দৈনিক যায়যায়দিন

আজ পার হলে বাকি মাত্র একদিন। তাই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে কোরবানির পশুর হাটগুলো সরগরম। উচ্চমূল্য থাকলেও সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে পশু কিনছেন অনেকেই। তবে ভারতীয় গরু আমদানি হলে হঠাৎই দাম কমে যাবে_ এমন সম্ভাবনা থাকায় পশু কেনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়া ক্রেতার সংখ্যা অনেক বেশি। তাদের ভাষ্য, হাটে নেপাল থেকে কিছু গরু এলেও ভারতীয় গরু নেই বললেই চলে। যার সুযোগ নিয়ে বেপারিরা চড়া মূল্য হাঁকছেন। তবে দরদাম যাই হোক, ধর্মীয় বাধ্যবাধকতা ও সময় ফুরিয়ে আসায় রোববার রাত ও সোমবারের মধ্যেই বেশিরভাগ পশু বেচাকেনা শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজিমপুরে পুলিশের অভিযান,গুলিতে ‘জঙ্গি’ নিহত,আহত ৩ নারী আটক: প্রথম আলো

রাজধানীর আজিমপুর এলাকায় একটি বাসায় গতকাল শনিবার রাতে পুলিশের অভিযানে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হয়েছেন। অভিযানে আহত হয়েছেন আরও তিন নারী ও পুলিশের পাঁচজন সদস্য। ওই বাসায় দুটি মেয়েশিশু এবং একটি ছেলেশিশুও ছিল। মেয়ে দুটির একটির বয়স ছয়-সাত বছর, আরেকটির বছর খানেক। ছেলেটির বয়স ১৩-১৪ বছর। তাদেরকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, নিহত ব্যক্তির সাংগঠনিক নাম আবদুল করিম। গুলশানে হলি আর্টিজানে হামলাকারী তরুণদের বাসা ভাড়া করে দিয়েছিলেন তিনি। অভিযানে আহত তিন নারীর একজন মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গুলশান হামলার অন্যতম ‘সমন্বয়কারী’ বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সঙ্গে জাহিদের ঘনিষ্ঠতা ছিল।

আজিমপুরে নিহত ‘জঙ্গির’ পরিচয় মিলেছে: দৈনিক ইত্তেফাক  

রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির পরিচয় মিলেছে। তার প্রকৃত নাম শমসেদ হোসেন। বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়। রবিবার ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ‌্যম) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশের ভাষ্যে, নব‌্য জেএমবির এই সদস‌্যের সাংগঠনিক নাম আবদুল করিম। তিনি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের সহযোগী। শনিবার সন্ধ্যায় আজিমপুর বিজিবি সদরদপ্তরের ২ নাম্বার গেইটের ঐ বাসায় পুলিশের অভিযানের সময় জামশেদ ওরফে আবদুল করিমের লাশ পাওয়া যায়। আহত হন সন্দেহভাজন তিন নারী জঙ্গি ও পাঁচ পুলিশ সদস‌্য।  অভিযানে ঐ বাসা থেকে একটি ছেলেসহ তিন শিশুকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

খুব শিগগিরই জঙ্গিবাদ নির্মূল করা হবে: বাণিজ্যমন্ত্রী- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খুব শিগগিরই দেশ থেকে সম্পূর্ণ রূপে জঙ্গিবাদ নির্মূল করা হবে। এ জন্য সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আজ শনিবার উপজেলা সদরের শীবপুর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময়ে ১৭’শ দরিদ্র পরিবারের মধ্যে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করেন প্রধান অতিথি। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ পরিচালনায় দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। এই উন্নয়ন ও সুনাম নষ্ট করার অপচেষ্টায় সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। খুব শিগগির এসব অপশক্তি নির্মূল করা হবে।

টঙ্গীর সেই কারখানার ৯ শ্রমিক নিখোঁজ- দৈনিক যুগান্তর

টঙ্গীর একটি প্যাকেজিং কারখানার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার দুপুর পর্যন্ত ২৫ জন নিহত এবং ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। রোববার দুপুর গাজীপুর জেলা প্রশাসন কন্ট্রোল রুম থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়লস লিমিটেড কারখানায় এই 'বয়লার' বিস্ফোরণ ও আগুন লাগে।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর পাশে জেলা প্রশাসন একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। সেখানে কারখানার নিখোঁজ শ্রমিকদের তালিকা জমা নেয়া হচ্ছে।

দোষী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা: শিল্পমন্ত্রী-দৈনিক সমকাল

টঙ্গীতে কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘট্নায় দোষী যেই হোন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার সকালে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকের একথা বলেন তিনি। শিল্পমন্ত্রী বলেন,কারখানায় হতাহতের ঘটনায় দোষী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
তিনি বলেন,প্রধানমন্ত্রী আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। শ্রম মন্ত্রণালয় থেকে ভুক্তভোগীদের আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।
শিল্পমন্ত্রী জানান,শিল্প মন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে জন্য আগাম ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিটি ঈদগাঁহে নিরাপত্তা জোরদার করা হবে- দৈনিক ইত্তেফাক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'সারাদেশের প্রতিটি ঈদগাঁহ মাঠে নিরাপত্তা জোরদার করা হবে।'  

রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ঈদের আগে ও পরে আর যানজট থাকছে না। যানজটমুক্ত রাখতে মহাসড়কগুলোর প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঈদ ঘিরে দাপিয়ে বেড়াচ্ছে ৪৫৮ চাঁদাবাজ ১৮১ গডফাদার-মানবজমিনের বিশেষ প্রতিবেদন

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকার বাইরে দাপিয়ে বেড়াচ্ছে ৪৫৮ চাঁদাবাজ। এদের পৃষ্ঠপোষকতা করছেন ১৮১ জন গডফাদার। তালিকা অনুযায়ী চট্টগ্রাম বিভাগে চাঁদাবাজের সংখ্যা বেশি। এরপরেই রয়েছে ঢাকা বিভাগের অবস্থান। তবে গডফাদার বেশি ঢাকা বিভাগে। দেশের শীর্ষ এক গোয়েন্দা সংস্থা ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের (ঢাকা মহানগর ছাড়া) মার্কেট/ফুটপাথ/শপিং মলে চাঁদাবাজি নিয়ে তৈরি করা এক বিশেষ প্রতিবেদন এমনটাই জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই প্রতিবেদনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের চাঁদাবাজ ও তাদের গডফাদারদের নাম, তাদের দলীয় পরিচয় উল্লেখ করা হয়েছে।

জিয়াকে জনগণের কাছ থেকে মুছে ফেলা যাবে না : মির্জা ফখরুল- দৈনিক ইত্তেফাক

স্বাধীনতা পদক সরিয়ে নিয়ে জিয়াউর রহমানকে জনগণের কাছ থেকে মুছে ফেলা যাবে না মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে জিয়া এবং তার পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে এ নিকৃষ্ট কাজ। 

প্রিয় শ্রোতা/পাঠক! এবারে ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

জম্মু-কাশ্মীরের পুঞ্চে পুলিশ-জঙ্গির সংঘর্ষ,নিহত এক পুলিশকর্মী-দৈনিক আনন্দবাজার

জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন এক পুলিশকর্মী। আহত হয়েছেন এক সাব-ইন্সপেক্টর।

একটি নির্মীয়মাণ বাড়িতে প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে রবিবার সকালে সেখানে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশের একটি দল। ওই বাড়ির কাছে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের গুলির লড়াইয়ে নিহত হন এক পুলিশকর্মী। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছে পুরো বাড়িটিকে ঘিরে ফেলে। জঙ্গিদের খতম করতে চলে আসে জওয়ানারাও। সেনা ক্যাম্পের খুব কাছেই ওই বাড়িটি। কত জন জঙ্গি রয়েছে তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর।  

৯/‌১১ হামলায় নিহতদের শ্রদ্ধা মোদির-সংবাদ প্রতিদিন

৯/‌১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি। স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো সম্মেলনে কথাও মনে করালেন দেশবাসীকে। রবিবার সকালে টুইটারে মোদি লেখেন, ‘‌ ১১ সেপ্টেম্বর, দু’‌টি সম্পূর্ণ বিপরীত ঘটনা মনে করিয়ে দেয়। ৯/‌১১–এর ভয়াবহ হামলায় যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই। ১৮৯৩ সালের এই দিনটিতেই শিকাগোতে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। গোটা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছিলেন।’‌

মমতা ফিরলেন জার্মানি থেকে-দৈনিক আজকাল

শুধু প্রাপ্তিই নয়, পাশাপাশি ‌জার্মান শিল্পতালুকে বাংলাকে চিনিয়ে শনিবার সকালে দুবাই হয়ে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রোমে ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজার সেন্টহুড অনুষ্ঠানে হাজির থাকার আগেই কলকাতায় বসে মমতা পরিকল্পনা করেছিলেন, বিনিয়োগের জন্য তাঁকে যেতে হবে জার্মানিতে। অটোমোবাইল ও ম্যানুফ্যাকচারিং শিল্পে জার্মানির সুনাম সারা বিশ্ব জুড়ে। বি এম ডব্লু গাড়ি সকলে না চড়ুক, তার নাম কিন্তু সকলেই জানে। জার্মানিতে পোঁছেই বি এম ডব্লুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য মমতা অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাঠিয়ে দিয়েছিলেন। সঙ্গে গিয়েছিলেন সুদীপ ব্যানার্জি ও রাজ্যের মুখ্য সচিব বাসুদেব ব্যানার্জি। প্রায় ৩ ঘণ্টা আলোচনা হয়েছিল। আলোচনার পর অমিতবাবু দাবি করেন, তাঁরা বাংলাকে পৃথিবীখ্যাত এই গাড়ির সংস্থার কর্তৃপক্ষের কাছে চেনাতে পেরেছেন।

এবার ক্রেতাকে প্লাস্টিক ব্যাগ দিলেই ৫০০ টাকা জরিমানা

বেআইনি প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে চলেছে বিধাননগর৷ ক্যারি ব্যাগে পুরে মাল বিক্রি করলেই ৫০০ টাকা স্পট ফাইন দিতে হবে বিক্রেতাকে৷

শুধু তাই নয়, তিনবার একই অপরাধে জরিমানা হলে ট্রেড লাইসেন্স নবীকরণের ক্ষেত্রে সমস্যায় পড়বেন বিক্রেতারা৷ ৪০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ রুখতে অভিযান শুরু করে দিয়েছে বিধাননগর৷ গঠন করা হয়েছে একটি স্পেশাল টাস্ক ফোর্স৷ ১ সেপ্টেম্বর থেকে বাজারে বাজারে ঝটিকা সফরে যাচ্ছে সেই টিম৷ নিগম সূত্রে জানা যাচ্ছে, গত তিনদিনে বৈশাখী এবং নারায়ণপুর বাজারে ঘুরে প্রায় ১০ হাজার বেআইনি প্লাস্টিক ব্যাগের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে৷ সামনের সপ্তাহে বাগুইআটি, কেষ্টপুর, কৈখালি এবং জগৎপুর বাজারে অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে এই টাস্ক ফোর্স৷

যৌন হেনস্তায় অভিযুক্ত আরও এক নেতা, বিপাকে আপ- দৈনিক আজকাল

আপ নেতা সন্দীপ কুমার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর ফের বিপাকে কেজরিওয়ালের দল৷ আবারও দলের এক নেতার বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার অভিযোগ৷ এবার আমানতউল্লাহ খানের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ৷

ওই নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাঁরই এক আত্মীয়া৷ শারীরিক সম্পর্ক স্থাপনে জোর করা হয়েছে এই অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি৷ তাঁর আরও অভিযোগ, পণের জন্য তাঁর উপর অত্যাচার চালাত নেতার ভাই৷ দিল্লির জামিয়া নগর থানা থেকে নেতার বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি নিশ্চিত করা হয়েছে৷

যদিও আপ নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন৷ ওই মহিলার সঙ্গে তাঁর কোনওরকম সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি৷ তবে তাঁকে ও তাঁর পরিবারকে বারবার ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ এনে ইতিমধ্যে দলের কাছে পদত্যাগ পত্রও পাঠিয়েছেন তিনি৷

তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। কথা হবে আবারও পরবর্তী আসরে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২