সেপ্টেম্বর ১২, ২০১৬ ১৩:২৪ Asia/Dhaka

প্রিয় শ্রোতা/পাঠক! ১২ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ দৈনিক এ বিষয়টিকে শীর্ষ শিরোনাম করেছে। এ ছাড়া, বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের মধ্যে রয়েছে:

বাংলাদেশের দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • রাত পোহালেই ঈদুল আজহা
  • জাতীয় ঈদগাহে থাকছে চার স্তরের নিরাপত্তা-ব্যাপক নিরাপত্তাসহ প্রস্তুত শোলাকিয়া
  • ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের প্রতি রুটেই বাসে অতিরিক্ত ভাড়া আদায়
  • মিলল আরও এক লাশ, ট্যাম্পাকো ট্র্যাজেডির বলি ৩৩
  • ট্যাম্পাকোর মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
  • ঢাকার আজিমপুরে নিহত জঙ্গি আত্মহত্যা করেন,পেশায় ব্যাংক কর্মকর্তা
  • দেশের মানুষের ঈদ আনন্দ নেই বললেই চলে : খালেদা জিয়া
  • বিএনপি-জামায়াতের মদদে জঙ্গিবাদ: হানিফ
  • ঈদের ছুটিতে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
  • মাসিক আয় ১৬ হাজার হলেই কর: অর্থমন্ত্রী
  • দিনাজপুরের পার্বতীপুরে ২ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

এবার কোলকাতার দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের গুরুত্বপূর্ণ শিরোনাম

  • রাশিয়া-আমেরিকা সফরে রওনা হচ্ছেন রাজনাথ, চাপ বাড়ছে পাকিস্তানে
  • ফের সক্রিয় জঙ্গিরা, ইদের আগেও রক্তাক্ত কাশ্মীর
  • আমেরিকায় সুদের হার বাড়ার জল্পনা, হু হু ধস ভারতের শেয়ার বাজারে
  • ফের কঙ্কালকাণ্ড, ৯ মাস মায়ের দেহ আগলে ২ ছেলে
  • ভারত বনাম নিউজিল্যান্ড:‌ দলে ঋদ্ধিমান 

তো প্রিয় শ্রোতা/পাঠক!  শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ। 

রাত পোহালেই ঈদুল আজহা- দৈনিক প্রথম আলো

রাত পোহালেই ১০ জিলহজ। পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। গতকাল রোববার পবিত্র হজ সম্পন্ন হয়েছে। দেশে কোরবানির প্রস্তুতিপর্বও ইতিমধ্যেই প্রায় সম্পন্ন। অপেক্ষা দিনের আলো ফোটার।

আগামীকাল মঙ্গলবার দেশের মুসলমান সম্প্রদায় ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানি করবে। প্রায় চার হাজার বছর আগে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজের ছেলে হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের জন্য পশু কোরবানি করে থাকেন।

ট্রেন-বাস-লঞ্চে জনস্রোত- দৈনিক মানবজমিন

নাড়ির টানে ছুটছে মানুষ আপন মনে। ঘরমুখো মানুষের আনন্দের গন্তব্য এখন শেখড়ে। গতকাল ট্রেন, বাস, লঞ্চ স্টেশনে দেখা গেছে ব্যাপক জনস্রোত। এই স্রোত যেন বাঁধভাঙার মতোই। যে যেভাবে পারছেন বাড়ির দিকে ছুটছেন। এসব পরিবহনে তাই তিল পরিমাণ ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা। পথে পথে রয়েছে হাজারো দুর্ভোগ। এবারের ঈদযাত্রার শুরু থেকেই মহাসড়কগুলোতে তীব্র যানজট লেগেই আছে। তাই এখনও ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মহাসড়কগুলো তাদের জন্য অস্বস্তিতে পরিণত হয়েছে। কোথাও কোথাও দীর্ঘ যানজটের কারণে ঘরমুখো মানুষকে রাস্তায় ১৫ থেকে ২০ ঘণ্টা বসে থাকতে হচ্ছে। ট্রেনেও ব্যাপক শিডিউল বিপর্যয় ঘটেছে গতকাল। অনেক যাত্রীর সময়মতো টিকিট না পাওয়ারও অভিযোগ রয়েছে। অতিরিক্ত ভাড়া নেয়ার অহরহ অভিযোগ করেছেন বহু যাত্রী। সড়কগুলোতে রয়েছে দুর্ঘটনার ঝুঁকিও। এমন আরো অনেক বাধা থাকার পরও সব বাধা ঠেলে বাড়ি ফেরছে মানুষ।

জাতীয় ঈদগাহে থাকছে চার স্তরের নিরাপত্তা- দৈনিক ইত্তেফাক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরেশী বলেছেন, ‘ঈদের জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে। এ জন্য থাকবে সিসি ক্যামেরা, আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাহিনীর পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও কমান্ডো ইউনিটের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।’

সোমবার বলা ১১টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ঈদের দিন জামাতের সময় মুসল্লিদের কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে দেয়া হবে না। জাতীয় ঈদগাহ ময়দানে শুধু জায়নামাজ নিয়ে ঢোকা যাবে। এ ছাড়া জিরো পয়েন্ট, সরকারি কর্মচারী হাসপাতাল, পল্টন ও দোয়েল চত্বরে চেকপোস্ট থাকবে। এসব চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাহাবুদ্দিন কোরেশী। শুধু জাতীয় ঈদগাহ ময়দান নয়, রাজধানীর সব ঈদ জামাতেই নিরাপত্তা দেয়া হবে বলে জানান তিনি।

ব্যাপক নিরাপত্তাসহ প্রস্তুত শোলাকিয়া- দৈনিক যায়যায়দিন

ঈদুল আজহার জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া। ঈদের জামাতকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে র‌্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

ঈদের দিন শোলাকিয়া মাঠ ও আশপাশের এলাকায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তাছাড়া র‌্যাব-পুলিশসহ অন্যান্য বাহিনীর বিপুলসংখ্যক সদস্যরাও মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকবে। মাঠে কাউকে কোনো ধরনের ব্যাগ বা পোঁটলা-পুঁটলি নিয়ে ঢুকতে দেয়া হবে না।

গত ৭ জুলাই শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতের পূর্বে জঙ্গি হামলার পর বেশ কিছুদিন থমথমে ছিল শোলাকিয়ার আশপাশ এলাকা। মানুষের মাঝে বিরাজ করছিল চাপা আতঙ্ক। কোনো কিছুতেই যেন ভয় আর ভয়াল দৃশ্য শোলাকিয়াবাসীর পিছু ছাড়ছিল না। দেখতে দেখতে চলে গেল দুটি মাস। এরই মাঝে আবার ঈদুল আজহার প্রস্তুতি।

টাম্পাকোতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩- প্রথম আলো

গাজীপুরের টঙ্গীর টাম্পাকো কারখানায় আজ সোমবার আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩৩-এ দাঁড়িয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে লে. কর্নেল মো. শফিউল আজমের নেতৃত্বে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সেনাসদস্যরা কারখানাটির অবস্থা পর্যবেক্ষণে আসেন। পর্যবেক্ষণ শেষে পরিকল্পনা অনুযায়ী আজ সকাল থেকে উদ্ধারকাজ শুরু করেন। সেনাবাহিনীর দল প্রথমে কারখানার পূর্ব পাশে রাস্তায় ধসে পড়া ভবনের অংশ সরিয়ে ফেলার কাজ শুরু করেছে। ধসে যাওয়া ওই স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সেখান থেকেই আজ দুটি লাশ উদ্ধার করা হয়।

ট্যাম্পাকোর মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা- দৈনিক যুগান্তর

বয়লার’ বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ট্যাম্পাকো ফয়লস লিমিটেড কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার দিনগত রাতে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিক জুয়েলের বাবা আব্দুল কাদের বাদী হয়ে টঙ্গী থানায় এই মামলা দায়ের করেন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্যাম্পাকো ফয়লস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনায় নিহত জুয়েল মিয়ার বাবা আব্দুল কাদের বাদী হয়ে কারখানার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওসি জানান, মামলার তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নিহত জঙ্গি আত্মহত্যা করেন, পেশায় ব্যাংক কর্মকর্তা- দৈনিক প্রথম আলো

ঢাকার আজিমপুরের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় নিহত ব্যক্তি আত্মহত্যা করেছিলেন বলে মনে করছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পুলিশের অভিযানের সময় আহত তিন নারীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের খাতায় তাঁর নাম লেখা হয়েছে খাদিজা। তাঁর মাথার পেছনে ধারালো অস্ত্রের কোপ আছে। তাঁকে কে কুপিয়েছে, তা জানা যায়নি। অপর দুই নারীর মধ্যে শারমিন ও শাহেলার অবস্থা স্থিতিশীল। শারমিনের পেটে ও হাতে গুলি ছিল। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। শাহেলার পেটে ছুরির আঘাত ছিল। তাঁর অবস্থা এখনো স্থিতিশীল। তাঁরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ বলছে, নিহত ব্যক্তি এবং এই তিন নারী নব্য জেএমবির সদস্য। গতকাল রোববার রাত পর্যন্ত ওই তিন নারীর ব্যাপারে খোঁজখবর নিতে তাঁদের কোনো স্বজন বা পরিচিতজন আসেননি।

দেশের মানুষের ঈদ আনন্দ নেই বললেই চলে : খালেদা জিয়া- দৈনিক যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে এখন ভয়ংকর নৈরাজ্য চলছে। মানুষের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। আইনের শাসন অনুপস্থিত থাকায় কোথাও কারও কোনো জবাদিহিতা নেই। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের তীব্র সংকট জনজীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে। ভোটারবিহীন সরকারের ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে মানুষের মধ্যে ঈদ আনন্দ নেই বললেই চলে। এ অবস্থায় সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না।

পরিবারের সদস্যদের নিয়ে হজ পালনরত খালেদ খালেদা জিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া বাণীতে রোববার এসব কথা বলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি তিনি শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। একই সঙ্গে সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন হোক আল্লাহ তায়ালার দরবারে এ প্রার্থনাও করেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপি-জামায়াতের মদদে জঙ্গিবাদ: হানিফ- দৈনিক সমকাল

জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি-জামায়াতের মদদ রয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, 'তা না হলে জঙ্গিদের জন্য তাদের এত মায়াকান্না কেন?'

সোমবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মাহবুবউল আলম হানিফ আরও বলেন, 'বাংলাদেশে জঙ্গি তৎপরতার সাথে বিএনপি-জামায়াতের মদদের প্রমাণ বিএনপি নেত্রী খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুলের কথাবার্তা। তারাই রাষ্ট্র ও সরকারকে ব্যর্থ করার জন্য পরিকল্পিতভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস লালন করছে।' দেশের জনগণ এই মুহূর্তে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ- উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, 'সরকার যখন জঙ্গি ও সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে, সে সময় বিএনপি নেতারা জঙ্গির পক্ষে সাফাই গাইছেন।'

ঈদের ছুটিতে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ- দৈনিক মানবজমিন

পবিত্র ঈদুল আজহার ছুটিতে সব ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, ছুটিকালীন সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া এটিএম বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থান ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পিওএস সেবা, মোবাইল সার্ভিসের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার কথা বলা হয়েছে নির্দেশনায়। অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, ছুটিকালীন যে কোনো অংকের লেনদেনে গ্রাহকদের মুঠোফোনে বার্তা পাঠানোসহ সার্বক্ষণিক হেল্প লাইন সুবিধা প্রদান করতে হবে।

মাসিক আয় ১৬ হাজার হলেই কর: অর্থমন্ত্রী- দৈনিক যায়যায়দিন

সব নাগরিকের ওপরই কর আরোপের বিষয়ে দুই বছরের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সবার ওপর কর আরোপের একটি চিন্তাভাবনা চলছে। আগামী অর্থবছর থেকে এ সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে। যাঁদের মাসিক আয় ১৬ হাজার টাকা থেকে শুরু, তাঁদের অবশ্যই কর দিতে হবে।

আজ সোমবার দুপুরে সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় ঈদের জামাতের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন। বেসরকারি চাকরিজীবীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে। আমরা সেই অনুযায়ী কর আরোপ করব।’

প্রিয় শ্রোতা/পাঠক! এবারে ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

রাশিয়া-আমেরিকা সফরে রওনা হচ্ছেন রাজনাথ, চাপ বাড়ছে পাকিস্তানে-দৈনিক আনন্দবাজার

সন্ত্রাস মোকাবিলায় আর কোনও আপোস নয়। বিশ্বের দুই বৃহত্তম শক্তিকে পাশে নিয়ে সন্ত্রাস মোকাবিলায় বড়সড় পদক্ষেপ নিতে চায় ভারত। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে রাশিয়া এবং আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিবেশী দেশ থেকে ভারতে নাশকতা চালানোর অবিরাম চেষ্টা এবং উপমহাদেশীয় অঞ্চলে আইএস-এর গতিবিধি নিয়ে আলোচনার জন্য রাশিয়া এবং আমেরিকার সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি।

১৮ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন রাজনাথ। পাঁচ দিন তিনি রাশিয়ায় কাটাবেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত-রুশ যৌথ উদ্যোগ কোন পথে এগোবে, তা নিয়েই রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভের সঙ্গে তাঁর বিশদে কথা হবে। জম্মু-কাশ্মীরে অশান্তি পাকাতে কী ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ চালাচ্ছে পাকিস্তান, কথা হবে তা নিয়েও। ভারতে তথা উপমহাদেশে আইএস-এর কার্যকলাপ রুখতে কী পদক্ষেপ নেওয়া দরকার, সে বিষয়েও আলোচনা হওয়ার কথা রাজনাথ-কোলোকোলৎসেভ বৈঠকে।

মস্কোর কাজ সেরে রাজনাথ সিংহ যাবেন ওয়াশিংটন। আমেরিকায় তাঁর কর্মসূচি সাত দিনের। সেখান তিনি মার্কিন স্বরাষ্ট্র সচিব জে চার্লস জনসনের সঙ্গে আলোচনায় বসবেন। সন্ত্রাস রুখতে দু’দেশ যৌথ ভাবে কী পরিকল্পনা নেবে, তা নিয়ে কথা হবে ওয়াশিংটনেও।

ফের কঙ্কালকাণ্ড,৯ মাস মায়ের দেহ আগলে ২ ছেলে- দৈনিক বর্তমান

কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হরিণঘাটায়। মায়ের মৃত্যুর পর ন’মাস ধরে কঙ্কালসার দেহ আগলে রাখার অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে। রবিবার সেই দেহ উদ্ধার করেছে হরিণঘাটা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিণঘাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সীমহাট এলাকায়। জানা গিয়েছে, গত ১৬ জানুয়ারি ওই মহিলার মৃত্যু হয়। এদিন বিষয়টি জানাজানি হতেই এলাকায় হইচই শুরু হয়ে যায়। প্রতিবেশীদের অনেকে ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ মৃতার দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মাসে ১৫ লক্ষ টাকা চান ওমরের স্ত্রী!‌- দৈনিক আজকাল

মাসিক ১৫ লক্ষ টাকা খোরপোষ চাই। দাবি ওমর আব্দুল্লার স্ত্রী পায়েল আব্দুল্লার। দিল্লির নগর দায়রা আদালতে আবেদন জানিয়েছেন তিনি। বলেছেন, গতমাসে দিল্লির সরকারি বাসভবনটি ছাড়তে হয়েছে তাঁকে। এখন দুই সন্তানকে নিয়ে বন্ধু–বান্ধব ও বয়স্ক বাবা–মার বাড়িতেই দিন কাটছে তাঁর। জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেও, স্থায়ী বাসস্থান না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওমরের জন্য অনেক অশান্তি পোহাতে হয়েছে তাঁকে। সমাজে ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই মোটা অঙ্কের খোরপোষ তাঁর প্রাপ্য। নিজের জন্য ১০ লক্ষ ও দুই সন্তানের জন্য ৫ লক্ষ টাকা প্রতিমাসে চাই তাঁর। দিল্লি হাইকোর্টের নির্দেশে গত মাসেই দিল্লির আকবর রোডে একটি সরকারি বাংলো ছাড়তে বাধ্য হন পায়েল। তার এক মাসের মধ্যেই আদালতে এই আবেদন করেছেন তিনি। পায়েলের আইনজীবী জয়ন্ত কে সুদ জানিয়েছেন, পায়েলের আবেদন আদালতে গৃহীত হয়েছে।

তো শ্রোতাবন্ধুরা,কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। কথা হবে আবারও পরবর্তী আসরে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২