সিন্ডিকেটে ধরাশায়ী মৌসুমি চামড়া ব্যবসায়ীরা; ঢাকার বাইরের ব্যবসায়ীদের অবস্থা আরো করুন
প্রিয় শ্রোতা/পাঠক! ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে আজও ঢাকা থেকে কোনো দৈনিক প্রকাশিত হয়নি। তবে বেশিরভাগ দৈনিকেরই অনলাইন সংস্করণে নতুন কিছু খবর এসেছে। ফলে বাংলাদেশের কয়েকটি দৈনিকের অনলাইন সংস্করণ এবং ভারতের বাংলা দৈনিকগুলোর প্রিন্ট সংস্করণ দিয়ে আজকের আসর সাজিয়েছি।
ঢাকার দৈনিকগুলোর অনলাইন সংস্করণের কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম:
· ঈদুল আজহার ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ; ঈদের পরদিন সড়কে প্রাণ গেল ১২ জনের
· সিন্ডিকেটে ধরাশায়ী মৌসুমি চামড়া ব্যবসায়ীরা; ঢাকার বাইরের ব্যবসায়ীদের অবস্থা আরো করুন
· আওয়ামী লীগের সম্মেলনের লক্ষ্য পরবর্তী নির্বাচন; নবীন-প্রবীণের সংমিশ্রনে আসছে দলের নতুন নেতৃত্ব
· আবার মাঠ পর্যায়ে দল গোছানোর উদ্যোগ বিএনপির: ঈদের পর উপজেলা-জেলা কমিটি পুনর্গঠন করবে দলটি
· কানাডা যাওয়ার পথে বুধবার বিকেলে লন্ডন পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
· বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায়-ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্য
· ঈদের পরেই দৌলতদিয়া ঘাটে স্থায়ীভাবে শুরু হবে ভাঙনরোধের কাজ
· কুরবানির পশুর বর্জ্য সরিয়ে নেয়ার ফলে রাজধানী ঢাকা এখন অনেকটাই পরিষ্কার
· আন্তঃনগর ট্রেনের চার বগি লাইনচ্যুত: ১০ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল চালু
· আইএস সদস্যদের প্রবেশ আটকাতে শ্রীলঙ্কায় বাংলাদেশীদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা বন্ধ
এবার কোলকাতার দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের গুরুত্বপূর্ণ শিরোনাম:
· কাশ্মীরে হামলার নতুন মুখ এ বার বুরহানের বন্ধু সবজার
· সাহাবুদ্দিনের জামিনের বিরোধিতা সুপ্রিম কোর্টে!
· রাহুল জাদুকর নন, দলকে সতর্ক করলেন প্রশান্ত
· সিঙ্গুরের ইতিহাস লিপিবদ্ধ হবে বইয়ের পাতায়
· মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়ে অনাস্থা জমা তৃণমূলের
তো শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ।
ঈদুল আজহার ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ- দৈনিক সমকাল
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ বৃহস্পdতিবার খুলেছে অফিস-আদালত। যারা গ্রামের বাড়ি ঈদ করতে গিয়েছিলেন তারা ইতোমধ্যে রাজধানী ঢাকাতে ফিরতে শুরু করেছেন। প্রিয়dজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরে আসছেন নিজ নিজ কর্মস্থলে। পবিত্র ঈদুল আজহার তিন দিন ছুটি, শুক্রবার ও শনিবার সাধারণ ছুটি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে মঞ্জুরি ছুটি মিলে এবার টানা মোট ছয় দিনের ছুটি মিলেছে। আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়।
ঈদের পরদিন সড়কে প্রাণ গেল ১২ জনের- দৈনিক যুগান্তর
ঢাকা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও চট্টগ্রামে ঈদের পরদিন সড়কে প্রাণ হারিয়েছেন ১২ জন। এদের মধ্যে রাজধানী ঢাকার শেওড়াপাড়ায় দম্পতি, দিনাজপুরে চারজন, ঠাকুরগাঁওয়ে তিনজন এবং চট্টগ্রাম মহানগরীতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সীতাকুণ্ডে দুইজন নিহত হয়েছেন।
বুধবার ভোরে রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজী আশরাফ আলী মার্কেটের সামনে একটি বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় আতাউর রহমান (৭০) ও তার স্ত্রী রওশন আরা (৬০) নিহত হয়েছেন।
তারা কোরবাণির গোস্ত নিয়ে মেয়ের বাসায় যেতে সেখানে গাড়ির জন্য অপেক্ষারত থাকা অবস্থায় প্রাইভেটকারটি এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতদের ছেলে রায়হান জানান, গাড়ি থেকে তিন যুবককে পালিয়ে যেতে দেখা গেছে। গাড়ির ভেতর মদের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই যুবকেরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
সিন্ডিকেটে ধরাশায়ী মৌসুমি চামড়া ব্যবসায়ীরা; ঢাকার বাইরের ব্যবসায়ীদের অবস্থা আরো করুণ- দৈনিক যুগান্তর
দাম আগেই নির্ধারণ করা হলেও অস্থির চামড়ার বাজার। লবণের বর্ধিত মূল্য যেন কাটা ঘায়ে নুনের চিটা। এনিয়ে চরম বিপাকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে ঢাকার বাইরে যারা আছেন, তাদের অবস্থা আরও করুণ।
তাদের দাবি, ট্যানারি মালিক ও কাঁচা চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে গত কয়েক বছরের তুলনায় সর্বনিম্ন মূল্যে কাঁচা চামড়া বিক্রি হয়েছে। মৌসুমি ব্যবসায়ীরা বলেন, সাধারণ মানুষের কাছ থেকে তারা যে দামে চামড়া কিনেছেন, আড়তদারদের কাছে এর চেয়ে কম দামে বিক্রি করতে হয়েছে। এ বছর সাধারণত গরুর আকার ভেদে প্রতিটি চামড়া ১১০০-১৫০০ টাকা দিয়ে কিনেছেন মৌসুমি ব্যবসায়ীরা। রাজধানী ঢাকায় প্রতিটি চামড়া কেনা দামের চেয়ে ১০০-৪০০ টাকা কমে বিক্রি করতে হয়েছে মৌসুমি ব্যবসায়ীদের। আর ঢাকার বাইরে প্রতিটি চামড়ায় ৪০০-৬০০ টাকা পর্যন্ত তাদের লোকসান গুণতে হয়েছে।রা জধানীর পোস্তা কাঁচা চামড়ার সবচেয়ে বড় বাজার। মৌসুমি ব্যবসায়ীরা রিকশা বা ভ্যানে করে চামড়া নিয়ে এলেই দৌড়ে যাচ্ছেন আড়তদারেরা। কিন্তু দাম শুনে মুষড়ে পড়ছেন মৌসুমি ব্যবসায়ীরা।
আওয়ামী লীগের সম্মেলনের লক্ষ্য পরবর্তী নির্বাচন- প্রথম আলো
দলের ২০তম জাতীয় সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণ প্রস্তুতির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে আওয়ামী লীগ। সম্মেলনে দলের যে ঘোষণাপত্র পেশ হবে, তার আলোকেই প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। সম্মেলনের সবকিছুই হবে পরবর্তী নির্বাচনের মহড়া।
এ সম্পর্কে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সম্মেলনে নবীন এবং প্রবীণের সংমিশ্রণে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসবে। নবীন প্রবীণের সমন্বয় আওয়ামী লীগের একটি ট্র্যাডিশন ও ঐতিহ্য। বুধবার কুমিল্লা নগরীর শাসনগাছায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অক্টোবরে সম্ভাব্য আওয়ামী লীগের সম্মেলনে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি শক্তির জন্য কমিটিতে নতুন রক্ত সঞ্চালন হবে।
আবার মাঠ পর্যায়ে দল গোছানোর উদ্যোগ বিএনপির- প্রথম আলো
কেন্দ্রীয় কমিটি গঠনের পর এবার মাঠ পর্যায়ে আবার দল গোছানোর কাজ শুরু করতে যাচ্ছে বিএনপি। ঈদের পর পুরোদমে উপজেলা-জেলা কমিটি পুনর্গঠনের কাজ শুরু করতে চায় দলটি। এ নিয়ে গত আড়াই বছরে তৃতীয় দফা এই কাজে হাত দিতে যাচ্ছে বিএনপি।
এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব জেলা কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। পুনর্গঠনের সঙ্গে যুক্ত নেতারা বলছেন, এবার নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হচ্ছে না। সময়-সুযোগমতো সব জেলা কমিটি দ্রুত পুনর্গঠন করতে চান তাঁরা।
লন্ডন পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা:জাতিসংঘ সফরে গুরুত্ব পাচ্ছে শরনার্থী ও অভিবাসন ইস্যু – দৈনিক নয়াদিগন্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা যাওয়ার পথে বুধবার বিকেলে লন্ডন পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ১৫ ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে সফরে গুরুত্ব পাচ্ছে শরনার্থী ও অভিবাসন ইস্যু । এবারের অধিবেশনে তিনি ৭০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের নানাদিক তুলে ধরতে গিয়ে বুধবার নিউ ইয়র্কস্থ বাংলাদেশের স্থায়ী মিশনে প্রেস ব্রিফিং এ রাখা বক্তব্যে এসব কথা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মাসুদ বিন মোমেন। প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায়-ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার- দৈনিক ইত্তেফাক
ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরায় তিনদিনের সফরে গিয়ে মঙ্গলবার তিনি একখা বলেন।
হাইকমিশনার বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ কঠোর অবস্থান নিয়েছে এবং আন্তঃসীমান্ত জঙ্গিবাদ বন্ধে সবধরণের সহযোগিতার বিষয়ে ভারতকে আশ্বস্ত করেছে। শ্রিংলা বলেন, ত্রিপুরা থেকে ৫০ কি.মি দূরে অবস্থিত আশুগঞ্জ নদী বন্দর দিয়ে কলকাতা থেকে চাল ও লোহার রড পরিবহনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, আগরতলা-কলকাতা হাইওয়ে খারাপ হয়ে যাওয়ায় বাংলাদেশের রাস্তা ব্যবহার করে আগরতলা ও আসামে পেট্রল নেয়ার সুযোগ দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটি দায়িত্বশীল সরকার ক্ষমতায় আছে যারা আমাদের সঙ্গে ভাতৃত্বপুর্ণ সম্পর্ক রাখতে চায়।
ঈদের পরেই দৌলতদিয়া ঘাটে স্থায়ীভাবে শুরু হবে ভাঙনরোধের কাজ- দৈনিক মানবজমিন
ঈদের পরেই দৌলতদিয়া ঘাটে স্থায়ীভাবে ভাঙনরোধে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। সোমবার দুপুরে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি ঘাটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ বছর নির্বিঘেœ নৌপরিবহনের মাধ্যমে মানুষের বাড়ি ফেরায় তিনি সন্তোষ প্রকাশ করেন। কাওড়াকান্দি ঘাট পরিদর্শনকালে নৌমন্ত্রী বলেন,‘কাওড়াকান্দি-শিমুলিয়া রুটের নাব্যতা সংকট নিরসনে ৮টি ড্রেজার দ্বারা খননকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। যেখানেই নাব্যতা সংকট দেখা দিবে সেখানেই ড্রেজিং চলবে।
কাওড়াকান্দি ঘাটে ঈদ উপলক্ষে ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য প্রশাসন, পুলিশ, র্যাবসহ সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ। ঈদের পরের ৭ দিনও একই ব্যবস্থাপনা বজায় থাকবে।
আন্তঃনগর ট্রেনের চার বগি লাইনচ্যুত:১০ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল চালু- দৈনিক ইত্তেফাক
১০ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাশ জানান, বুধবার বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মহানগর গোধূলি পাহাড়তলী রেলগেট পার হওয়ার পর পেছনের দিকের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরে রাত দেড়টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ছাড়া বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে জানান তিনি।
মগবাজার-মৌচাক ফ্লাইওভার একাংশের উদ্বোধন- দৈনিক যুগান্তর
রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ইস্কাটন-মগবাজারের এক কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উড়াল সড়কটির এই অংশের উদ্বোধন করেন। এরপর যান চলাচলের জন্য ইস্কাটন-মগবাজার এক কিলোমিটার উড়াল সড়ক উন্মুক্ত করে দেয়া হয়।
আইএস সদস্যদের প্রবেশ আটকাতে শ্রীলঙ্কায় বাংলাদেশীদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা বন্ধ- দৈনিক মানবজমিন
শ্রীলঙ্কায় বাংলাদেশী নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা বন্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় হিরু নিউজ নামে একটি পোর্টাল জানায়, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ব্যাপারে এ কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন এ পদক্ষেপ নেয়া হয়েছে শ্রীলঙ্কায় আইএস সদস্যদের প্রবেশ আটকাতে।
দেশটির অভিবাসন বিভাগের কন্ট্রোলার অব ভিসা অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট মাদুমা বান্দারা উইরাসেকেরা বলেন, আরেকটি উদ্দেশ্য হলো মাদক চোরাকারবারীদে প্রবেশ বন্ধ করা। তিনি আরও বলেন, সিরিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ক্যামেরন ও মিশরের নাগরিকদের বায়োডাটা গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হবে। এরপরই তাদের পর্যটক ভিসা দেয়া হবে।
এবার কোলকাতার দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের গুরুত্বপূর্ণ শিরোনাম:
কাশ্মীরে হামলার নতুন মুখ এ বার বুরহানের বন্ধু সবজার- দৈনিক আনন্দবাজার
‘থামলে চলবে না। চালিয়ে যেতে হবে আন্দোলন। পথে নেমে প্রশাসনের মুখোমুখি লড়তে হবে। প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে।’
কাশ্মীরি যুবকদের বিক্ষোভে সামিল করতে এক দিকে এমন প্ররোচনা। অন্য দিকে হুঁশিয়ারি—‘ভুল করেও যেন কোনও কাশ্মীরি সেনা বা পুলিশ যোগ না দেয়। দিলেই মৃত্যু।’ ভূস্বর্গে ভাইরাল এই ভিডিওবার্তার মালিক হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর জঙ্গি সবজার অহমেদ বাট। হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির বন্ধু এই সবজারই এখন হিজবুলের নতুন পোস্টার বয়।
সাহাবুদ্দিনের জামিনের বিরোধিতা সুপ্রিম কোর্টে!-দৈনিক আজকাল
পাটনা হাইকোর্ট সাহাবুদ্দিনকে জামিন দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করছে নীতীশ কুমারের সরকার। জানিয়ে দিলেন জে ডি ইউ–এর মুখপাত্র অজয় অলোক। বললেন, এর আগেও কয়েক জনের জামিনের বিরোধিতা করে উচ্চ আদালতে গেছে নীতীশ সরকার। সাহাবুদ্দিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। জামিনের শর্ত অমান্য করলে তা খারিজের আবেদন করা যায়। প্রাক্তন রা জ দ সাংসদ সে রকম কিছু করছেন কিনা, নজর রাখছে পুলিস। জানালেন সিওয়ানের সুপার সৌরভ কুমার শাহ। ভাগলপুর জেল থেকে বেরনোর পরেই সাহাবুদ্দিনের পাশে সাংবাদিক রঞ্জন দেও খুনে অভিযুক্ত মহম্মদ কাইফ, মহম্মদ জাভেদকে দেখা গেছে। দুজনেই নাকি ‘ফেরার’। এই নিয়ে সাহাবুদ্দিনকে জেরার জন্য নোটিস পাঠানো হবে। বিহার সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। তবে বিরোধী বি জে পি কিন্তু ভুলছে না। তাঁদের প্রশ্ন, এখনও কেন জামিন খারিজের আবেদন জমা পড়েনি?
রাহুল জাদুকর নন, দলকে সতর্ক করলেন প্রশান্ত- দৈনিক আজকাল
‘কিসান মহাযাত্রা’য় বেরিয়ে রাহুল গান্ধী উত্তরপ্রদেশে কংগ্রেসের ভাগ্য ফেরানোর চেষ্টা যখন সবে শুরু করেছেন, তখনই সতর্কবার্তা এল নির্বাচন–কৌঁসুলি প্রশান্ত কিশোরের কাছ থেকে। আগেভাগেই তিনি জানিয়ে দিলেন, রাহুল কোনও জাদুকর নন, কাজেই ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ না–রাখলে রাহুলের তোলা ইস্যুগুলি হারিয়ে যাবে। এমন চলতে থাকলে বিধানসভা ভোটে ‘ভাল ফল’–এর কোনও সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এ পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশের ১২টি জেলায় ৮২৪ কিমি সফর করেছেন রাহুল। প্রথম পর্যায়ের সমাপ্তির পর কংগ্রেস সহ–সভাপতি রাহুল গান্ধী, প্রদেশ সভাপতি রাজ বব্বর, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গুলাম নবি আজাদ–সহ কয়েকজন প্রদেশ নেতা প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে বসেছিলেন। প্রশান্তের নিজস্ব টিম সূত্রের খবর, বৈঠকে প্রশান্ত বলেছেন, রাহুল যে এলাকাগুলিতে সভা করে আসছেন সেখানে বিপুল ভোটে কংগ্রেস প্রার্থীরা জিতে যাবেন এমন ভাবলে মূর্খামি হবে। এই প্রচারের ফসল তুলতে হলে লাগাতার দলীয় প্রচার ও জনসংযোগ চালিয়ে যেতে হবে। তাঁর কথা থেকেই স্পষ্ট হয়ে গেছে, এই ‘ফলোআপ অ্যাকশন’ হবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে প্রশান্ত কিশোরের। উল্লেখ্য, ২০১৪–য় নরেন্দ্র মোদির লোকসভা প্রচারের পরিকল্পনা করেছিলেন এই প্রশান্ত কিশোর। রাহুল জাদুকর নন বলে তাঁর বক্তব্য মোদির কথা মাথায় রেখে করা কি না, তার ব্যাখ্যা অবশ্যই প্রশান্ত দেননি।
সিঙ্গুরের ইতিহাস লিপিবদ্ধ হবে বইয়ের পাতায়-সংবাদ প্রতিদিন
তিনি বই লিখতে শুরু করলেন৷ ১০ বছর আন্দোলনের ইতিহাস৷ বুধবার সিঙ্গুরের ঐতিহাসিক মঞ্চ থেকে যখন এই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তখন কোথায় যেন তাঁর গলাটা ধরে আসছে৷ হয়তো মনে পড়ছিল একটার পর একটা দিনের কথা৷ সুপ্রিম কোর্টের রায় শুনে বলেছিলেন, এবার আমি শান্তিতে মরতেও পারি৷ আসলে এই আন্দোলন করতে গিয়ে তাঁর যে মৃত্যুও হতে পারত, সে কথা এদিন আবার বলে দিলেন৷ ইতিহাসকে স্মরণ রাখতে এখন থেকে প্রতি ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকার সিঙ্গুর দিবস পালন করবে৷ নন্দীগ্রামের মতো সিঙ্গুরেও তৈরি হবে স্মারক৷ এটাই হবে কৃষিজমি আন্দোলনের প্রতীক৷
কত মানুষ বুধবার এসেছিলেন সিঙ্গুরে? সত্যিই হিসাব করা শক্ত৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দু’পাশে যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ৷ ধোঁয়ার মতো আকাশে উড়ছে আবির৷ শানাপাড়া, বেড়াবেড়ি, জয়মোল্লায় তো সকাল থেকে ছিল উৎসব৷ মঞ্চ আলো করে আন্দোলনের শরিকরা৷ ছোট্ট পায়েল বাগের বয়স এখন দশ৷ যাকে মায়ের কোলে ঢুকতে হয়েছিল হাজতে৷ দু’পাশে তাপসী মালিক ও রাজকুমার ভুলের মা-বাবাকে নিয়ে মুখ্যমন্ত্রী ডাকলেন সিঙ্গুরের ‘মাতঙ্গিনী’ বৃদ্ধা সরস্বতীদেবীকে৷ সবাইকে সঙ্গে নিয়ে ছবিপর্ব৷
তখন বিকেল৷ সিঙ্গুরের আকাশে সিঁদুরে মেঘ কালো হয়ে এল৷ নামল বৃষ্টি৷ গরমে হাঁসফাঁস থেকে মুক্তি৷ ঠিক যেমন জমি ফেরত আন্দোলনের জয়৷ মমতা ঠায় ভিজলেন৷ ভিজলেন তাঁর সঙ্গে লাখো লাখো মানুষ৷ উৎসব এমনই হয় বুঝি৷ মঞ্চে তখন গোটা তৃণমূল পরিবার৷ ছিলেন প্রশাসনের শীর্ষ কর্তারাও৷
মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়ে অনাস্থা জমা তৃণমূলের-সংবাদ প্রতিদিন
বুধবার সকালে কলকাতার ডিভিশনাল কমিশনারের কাছে মুর্শিদাবাদ জেলা পরিষদের ৪১ জন সদস্য স্বাক্ষরিত অনাস্থাপত্র জমা দেওয়া হল৷ অবশেষে দীর্ঘ কয়েক মাসের যুক্তিতর্ক, জল্পনার অবসান হল৷
মুর্শিদাবাদ জেলা পরিষদ আগেই হাতছাড়া হয়েছিল কংগ্রেসের৷ ফলে দক্ষিণবঙ্গে বিরোধীদের (জোটের) দখলে থাকা একমাত্র জেলা পরিষদটিও বিরোধীদের হাতছাড়া হল৷ গত শুক্রবার মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেসের সাত জন ও বামেদের তিন জন তৃণমূলে যোগ দেওয়ায় ম্যাজিক সংখ্যা পেরিয়ে যায় তৃণমূল৷
তো প্রিয় শ্রোতা/পাঠক, কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। আগামীকাল আবারো কথা বলার আশা রইল।
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫