বৈশ্বিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রিয় পাঠক/শ্রোতা! সালাম ও শুভেচ্ছা নিন। ১৭ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের দৈনিকগুলোর শিরোনাম:
- বৈশ্বিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- নূর চৌধুরীর প্রত্যর্পণ সুরাহায় ঢাকা-অটোয়া রাজি
- মতিঝিলে যুবলীগের গোলাগুলিতে এক কর্মীর মৃত্যু
- শুল্ক ফাঁকির ২০০ গাড়ি রাস্তায়
- বড় দুঃসংবাদ থেকে বেঁচে গেল বাংলাদেশ
- দৌলতদিয়া-পাটুরিয়ায় সীমিত আকারে ফেরি চলাচল, মানুষের ব্যাপক দুর্ভোগ
- পদ্মা সেতু: বর্ষায় নদী শাসনে গতি কম
- আগামী নির্বাচন নিরপেক্ষ করতে সংলাপে বসুন: ফখরুল
- ভুল কর্মসূচির কারণে বিএনপি ছিটকে পড়েছে : হানিফ
- নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় মা-বাবার গায়ে পেট্রল ঢেলে আগুন
ভারতের বাংলা দৈনিকের কিছু শিরোনাম:
- আর সময় নয় টাটাকে, ৭ দিনে ভাঙা হবে শেড
- সন্ত্রাস কবলিত রাষ্ট্রের তালিকায় চতুর্থ নম্বরে ভারত
- কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে পুজোর পরই নামছেন মমতা ব্যানার্জি
- ডাক্তারিতে ভর্তির চক্র ফাঁস আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে
- পঞ্চমীতেও বন্ধ অফিস, এক দিন বেশি ছুটি রাজ্য সরকারি কর্মীদের
- ইন্টারভিউতে প্রশিক্ষণের প্রামাণ্য দাখিল করতে হবে চাকরিপ্রার্থীকে
প্রিয় পাঠক/শ্রোতা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমেই বাংলাদেশ-
বৈশ্বিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর- দৈনিক ইত্তেফাক
নারীর ক্ষমতায়ন, বৈশ্বিক নিরাপত্তা জোরদার ও বিভিন্ন রোগ প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কানাডার মন্ট্রিলে দু'দিনব্যাপী গ্লোবাল ফান্ড কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
কনফারেন্সে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মাইক্রোসফটের প্রধান বিল গেটসের পরই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২০৩০ সালের মধ্যে এইডসসহ দুরারোগ্য ব্যাধি রোধে করণীয় ঠিক করতে মন্ট্রিলের হায়াত রিজেন্সি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া সম্মেলনের বিরতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তার বাবা পিয়েরে ট্রুডোকে মরণোত্তর মুক্তিযুদ্ধ সম্মাননা পদক প্রদান করেন শেখ হাসিনা।
নূর চৌধুরীর প্রত্যর্পণ সুরাহায় ঢাকা-অটোয়া রাজি- প্রথম আলো
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এস এইচ বি এম নূর চৌধুরীর প্রত্যর্পণের বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সুরাহায় পৌঁছাতে বাংলাদেশ ও কানাডা সম্মত হয়েছে। আজ শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক খবরে এই তথ্য জানানো হয়।
গতকাল শুক্রবার হায়াত রিজেন্সি মন্ট্রিলে কানাডা সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠকে নূর চৌধুরীর প্রত্যর্পণ সুরাহায় ঢাকা ও অটোয়া ঐকমত্য হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম দুই নেতার মধ্যে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন।
মতিঝিলে যুবলীগের গোলাগুলিতে এক কর্মীর মৃত্যু- দৈনিক মানবজমিন
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে যুবলীগের গোলাগুলিতে আহত দুই কর্মীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ দুজনই তার শাখার সদস্য। প্রতিপক্ষ যুবলীগ কর্মী হিরক, মিলন ও তুষারসহ কয়েকজন এই হামলা চালিয়েছে। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী আজ শনিবার সকালে গণমাধ্যমকে জানান, গতকাল রাত ১১টার দিকে এজিবি কলোনির আইডিয়াল জোন এলাকায় কয়েকজন দুর্বৃত্তের গুলিতে আহত হন ইমন ও বাবু নামের দুই ব্যক্তি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ দুইজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বাবুর অবস্থার অবনতি ঘটলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়ার জন্য তাঁকে বেসরকারি অ্যাপোলো হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে সেখানে নেওয়ার পথেই মারা যান তিনি। আহতদের হাসপাতালে নিয়ে আসা একজনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাশ বলেন, তারা একটি ক্লাবে বসে ছিল। কয়েকজন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করে চলে যায়।
শুল্ক ফাঁকির ২০০ গাড়ি রাস্তায়- প্রথম আলো
২০১০ সাল থেকে ২০১২। এই সময়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে ২৯০টি বিলাসবহুল গাড়ি এসেছে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা বা সিসি কম দেখানো ও কারনেট সুবিধায় এগুলো আনা হয়। এ ধরনের ৩২টি গাড়ি আটক করা হয়েছে। ফিরে গেছে অর্ধশতাধিক গাড়ি। এখনো দেশের ভেতরে আছে অন্তত ২০০ গাড়ি। ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এসব গাড়ি অবৈধভাবে চলছে। এসব গাড়ি আমদানির সময় শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।
বড় দুঃসংবাদ থেকে বেঁচে গেল বাংলাদেশ- দৈনিক ইত্তেফাক
গতকালের সকালটাই হতে পারতো বিষাদময়! বিশেষ করে ক্রীড়াপ্রেমীদের জন্য। বড় এক দুঃসংবাদ শোনা থেকে বেঁচে গেল বাংলাদেশ। অল্পের জন্য বেঁচে গেছেন টাইগার ক্রিকেটকে বর্ণিল করার জাদুকর, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল শুক্রবার সকালে ঈগল বি এজেন্ট নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে সাকিব হেলিকপ্টারে কঙ্বাজারে যান। তাকে নামিয়ে ফেরার পথে উখিয়ায় বিধ্বস্ত হয় সেই হেলিকপ্টার।
যদি সাকিবকে নামানোর আগেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হতো তবে দৃশ্যপট, পরিবেশ পরিস্থিতি বদলে যেতে পারতো। সাকিবের কিছু না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন ভক্তরা।
বিজ্ঞাপনী প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি সেকান্দার আবু জাফর হিরো জানান, সকালে সাকিবকে হোটেলে নামিয়ে দেওয়া হয়। ফেরার পথে তাদের প্রতিষ্ঠানের দুই কর্মচারী শরিফুল ও শাহ আলম (৩৫) হেলিকপ্টারটিতে ওঠেন। এ সময় পাইলট নিচ দিয়ে হেলিকপ্টারটি চালিয়ে নিচ্ছিলেন। রেজু খালের ওপর এসে হঠাত্ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে হাসপাতালে নেওয়ার পর মারা যান শাহ আলম। আহত হন পাইলট ও অন্য তিন যাত্রী। সাকিব জানিয়েছেন. তিনি সুস্থ আছেন। শুটিং করছেন। আজ শনিবার তিনি ঢাকায় ফিরবেন।
দৌলতদিয়া-পাটুরিয়ায় সীমিত আকারে ফেরি চলাচল, মানুষের ব্যাপক দুর্ভোগ – নয়াদিগন্ত
শুক্রবার সন্ধ্যায় পদ্মার তীব্র স্রোতে রাজবাড়ীর দৌলতদিয়ার ২, ৩ ও ৪নং ফেরি ঘাট নদীতে বিলীন হয়ে গেছে। ফলে শুধু ১নং ঘাট দিয়ে সীমিত আকারে একটি ডাউন পকেট ফেরিতে ছোট ছোট প্রাইভেট কার পার করা সম্ভব হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সফিকুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, হঠাৎ পদ্মা ও যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। নদীতে এত স্রোত যে রো রো ফেরির ৪টি করে ইঞ্জিন চালু করেও দৌলতদিয়া-পাটুরিয়ার ৬কিলোমিটার নৌপথ পার হতে তিন ঘন্টা করে সময় লাগছে। স্বাভাবিক সময়ে ওই পথে মাত্র আধা ঘন্টায় ফেরি পার হতো।
দেশের গুরুত্বপূর্ণ ঘাট ও ফেরির সংকটে এ নৌরুটে শুক্রবার সন্ধ্যায় শুধু দৌলতদিয়া প্রান্তেই ৬ কিলোমিটার জুড়ে বাস, মিনিবাস, প্রাইভেট কার এবং ট্রাকের ২ সাড়িতে যানজট দেখা দিয়েছে। বাস ও কারে বসে অপেক্ষা করতে করতে ঈদের ছুটি শেষে রাজধানীগামী কর্মমুখী মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
আর ঈদের কারণে ৬ দিন বন্ধ থাকার পর শুক্রবার থেকেই ট্রাক পারাপার শুরু হয়। তবে ঘাট ও ফেরির সংকটে শুক্রবার মাত্র ১২টি ট্রাক পার হতে পেরেছে। অথচ গত ছয় দিনে উভয় প্রান্তে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আছে।
পদ্মা সেতু: বর্ষায় নদী শাসনে গতি কম- যায়যায়দিন
ভরা বর্ষা ও বালু ফেলার জায়গা ঠিক করতে সময় ক্ষেপণের কারণে পদ্মা সেতু প্রকল্পের নদীশাসনের কাজে গতি কিছুটা কম। এজন্য প্রকল্পের ব্যয়ও বাড়বে। তবে কাজের গতিতে কিছুটা ছেদ ও বাড়তি ব্যয় প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
পদ্মা সেতু প্রকল্প সূত্র জানায়, গত মাস পর্যন্ত নদীশাসনের কাজের অগ্রগতি ২৩ দশমিক ৬৪ শতাংশ। শুধু গত মাসে অগ্রগতি ১ শতাংশের কম। অন্যদিকে মূল সেতুর অগ্রগতি ২৮ শতাংশ। নদীশাসনের অংশ হিসেবে ড্রেজার দিয়ে বালু তোলা এবং সিমেন্টের বস্নক তৈরি করা হচ্ছে।
পদ্মা সেতুর দুই পাড়ে ১২ কিলোমিটার এলাকা নদীশাসন করা হবে। নদী খনন, তলদেশে সস্নোপ তৈরি ও পাড় বাঁধাই হচ্ছে নদীশাসনের মূল কাজ। এর একদিকে বালু কেটে তা উত্তোলন করতে হবে। আবার বালুভর্তি বস্তা ফেলে সস্নোপও তৈরি করতে হবে। পাড় বাঁধাই ও অন্য কাজে ব্যবহার করা হবে বস্নক ও পাথর। নদীশাসনের কাজে পৌনে দুই কোটি বস্নক তৈরি করতে হবে। এ পর্যন্ত ৩৩ লাখ বস্নক তৈরি করা হয়েছে। নতুন বস্নক তৈরি করে রাখার জায়গা না থাকার কারণে এখন বস্নক তৈরি বন্ধ আছে।
শাক-সবজির সঙ্গে শরীরে ঢুকছে বিষ!- দৈনিক ইত্তেফাক
সম্প্র্রতি এক নারী রক্ত স্বল্পতাসহ নানা রোগে ভুগছিলেন। চিকিত্সক তাকে পর্যাপ্ত তাজা শাকসবজি খাওয়ার পরামর্শ দেন। চিকিত্সকের কথা মতো সেটাই করছিলেন তিনি। তবে এতে কোনো উপকার হয়নি ওই নারীর। উল্টো রোগ আরো জটিল হয়েছে। পরে রক্ত পরীক্ষা করলে দেখা যায়, হিমোগ্লোবিনে অতিরিক্ত নাইট্রেট মিশে গেছে। এতে বিষাক্ত হয়েছে রক্ত। পরে চিকিত্সকরা নিশ্চিত হয়েছেন, শাকসবজি থেকেই শরীরে ঢুকছে এই ক্ষতিকর নাইট্রেট।
কৃষি বিজ্ঞানীরা বলছেন, এটা মাত্রাতিরিক্ত ইউরিয়া অর্থাত্ নাইট্রোজেন সার প্রয়োগের ফল। এতো দিন বেশি আলোচনা হতো কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে। কিন্তু ইউরিয়ার মতো রাসায়নিক সারও যে মারাত্মক ক্ষতি করছে, সেটা নতুন করে আলোচনায় এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইউরিয়া সারের ব্যবহার নিয়ে কৃষকদের সচেতনতা বাড়াতে হবে। সঙ্গে কিছু কৌশল অবলম্বন করলে এই সারের ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমে আসবে।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক বলেন, ইউরিয়া সার ছিটানোর পরে ফসল বা শাকসবজি নাইট্রোজেনের ৩০ ভাগ গ্রহণ করতে পারে। বাকি ৭০ ভাগ নাইট্রেট আকারে ভূগর্ভস্থ পানিতে গিয়ে মিশে। এটা মাটির ক্ষতি করে। পরিবেশের ক্ষতি সাধন করে। ফসলও পরের বছর থেকে কমে যায়। পরে এই নাইট্রেট নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করে।
আগামী নির্বাচন নিরপেক্ষ করতে সংলাপে বসুন: ফখরুল- দৈনিক সমকাল
আগামী নির্বাচন নিরপেক্ষ করার জন্য সরকারের প্রতি সংলাপের আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের সংকট নিসরসনে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। কিন্তু বর্তমান সরকার সে ধরনের একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মোটেও আন্তরিক নয়। সরকারের প্রতি বহুবার আলোচায় বসার আহবান করা হয়েছে। অথচ সরকার সঠিক পথে না গিয়ে উল্টো পথে চলছে।
শুক্রবার তার উত্তরার বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় তুলে ধরেন। ক্ষমতাসীনদের ফ্যাসিস্ট উল্লেখ করে তিনি বলেন, এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। এতে শুধু বিএনপি নয়, গোটা জাতি আক্রান্ত হয়ে যাচ্ছে।
ভুল কর্মসূচির কারণে বিএনপি ছিটকে পড়েছে : হানিফ- দৈনিক নয়াদিগন্ত
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ভুল কর্মসূচির কারণে বিএনপি রাজনীতি থেকে ছিটকে পড়েছে । আর সে কারণেই এই দলের নেতারা পাগলের প্রলাপ বকছে।
তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। এটা তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল, সেই ভুল সিদ্ধান্তের কারণে আজকে তারা ছিটকে পড়েছে।
মাহবুব উল আলম হানিফ আজ কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের সাথে একথা বলেন।
হানিফ বলেন, বিএনপি নিশ্চিত পরাজয় ভেবে নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা ভেবেছিল নির্বাচনে অংশগ্রহণ না করে জ্বালাও পোড়াও কর্মকাণ্ড দিয়ে সরকারের পতন ঘটানো যাবে। জনগণ তাদের সেই ভুল কর্মসূচিতে সাড়া দেয়নি। আর সে কারণে তারা আজ রাজনীতি থেকে ছিটকে পড়েছে।
বিএনপির জন্মই স্বৈরাচারের গর্ভে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ দেখেছে, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে কারফিউ দিয়ে দেশটা পরিচালনা করেছে। বিনাবিচারে সামরিক কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে।
জিয়াউর রহমানের চেয়ে বড় স্বৈরাচার আর কে ছিল প্রশ্ন রেখে হানিফ বলেন, সেই দলেরই মহাসচিব অন্যদলকে স্বৈরাচারী বলেন এর চেয়ে লজ্জায় আর কিছু হতে পারে না। আগে নিজের চেহারা আয়না দেখে তারপর অন্যের সম্পর্কে কথা বলার অনুরোধ জানান হানিফ।
নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় মা-বাবার গায়ে পেট্রল ঢেলে আগুন- যায়যায়দিন
ফরিদপুরে নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেয়ায় ফারদিন হুদা মুগ্ধ (১৭) নামে এক বখাটে ছেলে তার মা ও বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে।
দুর্ভাগা মায়ের নাম সিলভিয়া হুদা (৪০), আর বাবার নাম এটিএম রফিকুল হুদা (৪৮)। তারা জেলা শহরের কমলাপুর ডিআইবি বটতলা এলাকার বাসিন্দা। রফিকুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার ছোট ভাই।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। দগ্ধ রফিকুল ওরফে পিন্টু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। একমাত্র সন্তানের দেয়া আগুনে পুড়ে গেছে তার শরীরের প্রায় ৫০ শতাংশ।
দগ্ধ রফিকুল হুদার ভগি্নপতি আকরাম উদ্দিন আহমেদ জানান, এ বছর ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মুগ্ধ তার বাবার কাছে নতুন মডেলের একটি মোটরসাইকেল দাবি করে। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে সে বাবার ওপর ক্ষুব্ধ হয়। একপর্যায়ে মুগ্ধ ঘরের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় মা-বাবার গায়ে। এতে রফিকুল হুদার শরীরের বিভিন্ন অংশ, সিলভিয়া হুদার পা কিছুটা পুড়ে যায়। পুড়ে যায় মুগ্ধর নিজের পায়ের কিছু অংশও।
প্রিয় পাঠক/শ্রোতা ! এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
আর সময় নয় টাটাকে, ৭ দিনে ভাঙা হবে শেড- দৈনিক আনন্দবাজার
সিঙ্গুরের জমি থেকে শেড সরিয়ে নেওয়ার জন্য টাটাকে আর বেশি সময় দিতে রাজি নয় নবান্ন। প্রশাসন ঠিক করেছে, শেড-রাস্তা ভাঙা ও নয়ানজুলি-নর্দমা বোজানোর জন্য দিন সাতেক সময় দেওয়া হবে তাদের। এর মধ্যে তারা এগিয়ে না এলে সরকারই সব ভেঙে দেবে। শুক্রবার ভূমি সংস্কার দফতর এমনই নির্দেশ পাঠিয়েছে হুগলি জেলাশাসককে। এ-ও ঠিক হয়েছে, ভাঙার কাজে জেলা প্রশাসনকে সাহায্য করবে রাজ্যের পূর্ত দফতর এবং কলকাতা পুরসভা।
নবান্নের খবর, ভাঙার কাজের আগাম পরিকল্পনা করে রাখতে আজ, শনিবার বিশ্বকর্মা পুজোর দিন কারখানা চত্বরেই সকাল সাড়ে ১১টায় পুরসভা ও পূর্ত দফতরের কর্তাদের নিয়ে বৈঠকে বসবেন হুগলির জেলাশাসক সঞ্জয় বনসল। শুক্রবার সন্ধ্যায় সিঙ্গুর গিয়ে বিডিও অফিসে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে শেড খোলার বিষয়ে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বিশ্বের চতুর্থ সন্ত্রাসদীর্ণ দেশ ভারত- সংবাদ প্রতিদিন
সন্ত্রাস কবলিত রাষ্ট্রের তালিকায় চতুর্থ নম্বরে স্থান রয়েছে ভারতের৷ ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের পরেই৷ এদেশে মাওবাদীদের সক্রিয়তাই যার অন্যতম কারণ৷ মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে সংগৃহীত পরিসংখ্যানের ভিত্তিতে ন্যাশনাল কনসর্টিয়াম ‘ফর দ্য স্টাডি অফ টেররিজম অ্যান্ড রেসপন্সেস টু টেররিজম’-এর রিপোর্ট অন্তত সেটাই বলছে৷ তাদের মতে, বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা জঙ্গি সংগঠনের তালিকায় তালিবান, ইসলামিক স্টেট (আইএস) এবং বোকো হারামের পরই রয়েছে মাওবাদীদের নাম, ভারতে যাদের দাপট সুবিদিত৷
কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে পুজোর পরই নামছেন নেত্রী-বর্তমান পত্রিকা
সিঙ্গুরের মঞ্চ থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্রবিরোধী জেহাদে নামছেন রীতিমতো পরিকল্পনা করেই। পুজোর পরই বিভিন্ন বিজেপি বিরোধী আঞ্চলিক শাসক দলগুলিকে সঙ্গে নিয়ে ফেডারেল ফ্রন্টের ধাঁচে মমতা কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যগুলির অধিকার আদায়ে লড়াইয়ের ডাক দেবেন। এই লক্ষ্যে ইতিমধ্যেই নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রণকৌশল নিয়ে কথা হয়েছে। কেজরিওয়ালের গলায় অস্ত্রোপচার হয়েছে। তিনি আপাতত চিকিৎসাধীন। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও জানিয়ে দেওয়া হয়েছে উৎসবের মরশুম আগে সমাপ্ত হোক।
ডাক্তারিতে ভর্তির চক্র ফাঁস আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে- সংবাদ প্রতিদিন
ভুয়া কাগজপত্র নিয়ে এমবিবিএস কোর্সে ভর্তি হতে এসে ধরা পড়ল ভিনরাজ্যের দুই ছাত্রী৷ দু’জনেই রাজস্থানের বাসিন্দা৷
ঘটনাস্থল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ এমবিবিএস কোর্সে ভর্তির কাউন্সেলিং চলছিল৷ সেখানেই যোগ দিতে আসে ওই দুই ছাত্রী৷ সঙ্গে ছিলেন দু’জনেরই বাবা৷ কাউন্সেলিংয়ের সময় ওই দুই ছাত্রীর কাগজপত্র পরীক্ষা করে চমকে যান আরজি করের আধিকারিকরা৷ দেখেন, মার্কশিট, হস্টেল অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্ট-সহ সবই জাল কাগজপত্র৷ সঙ্গে সঙ্গেই টালা থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সাড়ে ২২ লক্ষ টাকার বিনিময়ে কলকাতার একটি ‘এজেন্সি’ এই কাগজপত্র তৈরি করে দিয়েছে৷ দু’জন ছাত্রীকেই টালা থানা আটক করেছে৷ জালিয়াতির কথা স্বীকার করে নিয়েছেন ডিসি (নর্থ) শুভঙ্কর সিনহা৷ জানিয়েছেন, রাজস্থানের দুই ছাত্রী ভুয়া কাগজপত্র নিয়ে ভর্তি হতে এসেছিল৷ ভুয়া কাগজপত্রগুলি সব আটক করা হয়েছে৷ কিন্তু ছাত্রীদের গ্রেফতার করা হয়নি৷
পঞ্চমীতেও বন্ধ অফিস, এক দিন বেশি ছুটি রাজ্য সরকারি কর্মীদের- দৈনিক আনন্দবাজার
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। পুজোর ছুটির বাড়তি পাওনা আরও এক দিন। শুক্রবার নবান্ন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, এ বছর পঞ্চমীতেও ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। ফলে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর টানা ১১ দিন ছুটি থাকছে সরকারি কর্মচারীদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ঘোষণা করেছিলেন, বন্ধের দিনে যাঁরা অফিসে হাজির ছিলেন, তাঁদের একটা দিন বাড়তি ছুটি দেওয়া হবে। পঞ্চমীর দিন ছুটি ঘোষণা করে সেই পুরস্কারই দিলেন মমতা।
ইন্টারভিউতে প্রশিক্ষণের প্রামাণ্য দাখিল করতে হবে চাকরিপ্রার্থীকে- সংবাদ প্রতিদিন
উচ্চপ্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট)-এ আবেদনের পরে প্রশিক্ষণ শেষ হলে উত্তীর্ণরা তা ইন্টারভিউয়ের সময় উল্লেখ করতে পারবেন৷ শুক্রবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে একথা জানা গিয়েছে৷ বুধবার কলকাতা হাই কোর্টের রায়ের পরই প্রাথমিক ও উচ্চপ্রাথমিকের টেট-এর ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশন৷ প্রসঙ্গত, উচ্চপ্রাথমিকের ক্ষেত্রে বিএড প্রশিক্ষণ চলাকালীন টেটে বসেছিলেন বহু পরীক্ষার্থী৷ প্রশিক্ষণ শেষ না হওয়ায় তাঁরা আবেদন করার সময়ে নিজেদের প্রশিক্ষণপ্রাপ্ত হলে উল্লেখ করতে পারেননি৷
এদিকে হাই কোর্ট রায় দিয়েছে নিয়োগের ক্ষেত্রে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দিতে হবে৷ ইতিমধ্যে ওই পরীক্ষার্থীদের প্রশিক্ষণ শেষ হয়েছে৷ বহু পরীক্ষার্থী টেটও উত্তীর্ণ হয়েছেন৷ কিন্তু আবেদনের সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত না উল্লেখ করার কারণে তাঁরা কি আদৌ ওই অগ্রাধিকার পাবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়৷ এই ধোঁয়াশা কাটাতে এদিন স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, যে উত্তীর্ণ প্রার্থীদের আবেদন করার পর প্রশিক্ষণ শেষ হয়েছে তাঁরা সে বিষয়ে ইন্টারভিউয়ের সময় জানাবেন৷ সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে হবে তাঁদের৷#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭