বর্তমান ট্রানজিট ব্যবস্থা দেশের জন্য সহায়ক নয়: অর্থনীতিবিদ ও গবেষকদের অভিমত
প্রিয় পাঠক/শ্রোতা! ১৮ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর বেশিরভাগের অনলাইন ভার্সনে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যে গেরিলা হামলায় ১৭ সেনাসহ ২১ জনের নিহত হওয়ার খবর গুরুত্বসহ প্রকাশিত হয়েছে। এ ছাড়া, আত্মসমর্পনের পর সরকার দলীয় এমপি রানাকে কারাগারে পাঠানোর খবরটিও দৈনিকগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
ঢাকার দৈনিকগুলোতে আরো যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে:
- বর্তমান ট্রানজিট ব্যবস্থা দেশের জন্য সহায়ক নয়
- নূর চৌধুরিকে ফেরত আনতে জনমত গড়ুন: শেখ হাসিনার আহ্বান
- বিএনপির কর্মপরিকল্পনা জাতীয় নির্বাচনকে ঘিরে
- মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: আত্মসমর্পণের পর এমপি রানা কারাগারে
- আইএসের এজেন্ট হওয়ার চেষ্টা করেছিল তানভীর
- কারিগরি বোর্ডের খাতা দেখেন কম্পিউটার অপারেটর
- মতিঝিলে যুবলীগ নেতা খুনের নেপথ্যে আধিপত্য বিস্তার
- ৮ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- হাজারীবাগেই চামড়া প্রক্রিয়াজাত হবে
- প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
এবারে কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- কাশ্মীরে সেনাঘাঁটিতে হামলাকারী ৪ জঙ্গি খতম, নিহত ১৭ জওয়ান
- ‘মোদীর সমালোচনা করায় জিভ বেড়ে গিয়েছিল কেজরীবালের’: পর্রীকর
- বহরমপুরে অধীরের শেষ দুর্গের পতন
- জেটলির চেয়ে ঢের ভাল অর্থমন্ত্রী হব: স্বামী
- বদলে যাওয়া বিদেশনীতির ধাক্কায় নির্জোট সম্মেলনের মঞ্চে নেই প্রধানমন্ত্রী
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, এসব খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের খবর-
বর্তমান ট্রানজিট ব্যবস্থা দেশের জন্য সহায়ক নয়-দৈনিক প্রথম আলো
বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে যে কাঠামোতে ট্রানজিট সুবিধা বাস্তবায়ন করা হচ্ছে, তা অসম। বাংলাদেশের জন্য এটা সহায়ক নয় বলে মনে করছেন গবেষকেরা। এ কারণে তাঁরা মনে করেন, ট্রানজিট হতে হবে আরও ব্যাপক পরিসরে ও সমন্বিতভাবে। এমনকি ট্রানজিটের মাশুল নির্ধারণের প্রক্রিয়াটিও স্বচ্ছতার সঙ্গে হয়নি বলে দাবি অর্থনীতিবিদ ও গবেষকদের।
ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও গবেষণা প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি ও গভর্ন্যান্স (আইপিএজি) আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: অগ্রগতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক দিনব্যাপী আলোচনার এক কর্ম-অধিবেশনে এমন মতামত উঠে আসে। গতকাল শনিবার ডেইলি স্টার সেন্টারে একই অধিবেশনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত তুলে ধরেন আলোচকেরা।
কারিগরি বোর্ডের খাতা দেখেন কম্পিউটার অপারেটর- মানবজমিন
মোসা. নুরুন্নাহার বেগম। উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর। কর্মস্থল গাজীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ। তিনি দেখছেন কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসির খাতা। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের খাতা দেখে তিনি সম্মানীও নিয়েছেন ৭০০০ টাকা। তিন শ’ খাতা দেখা বাবদ পেয়েছেন ছয় হাজার টাকা। আর যাতায়াত ভাতা এক হাজার টাকা। নিয়ম অনুযায়ী শিক্ষকই দেখবেন খাতা। একজন কম্পিউটার অপারেটর কোনোভাবেই খাতা দেখতে পারেন না। অথচ তাকে পরীক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে বাকাশিবো/প-ভোক/২০১৫/৪৭/২১৭৬/৩০০০ স্মারক নম্বরে। তার প্রতিষ্ঠানের কোড নং-৫৩০১৮। নুরুন্নাহার বেগম এ টাকা পেয়েছেন সোনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা গাজীপুর থেকে। হিসাব নং-এসবি/এসি-৮০১০৪৪৮৮। তালিকায় দেখা যায়, একই বিষয়ের খাতা দেখেছেন এমন পরীক্ষকদের মধ্যে অধ্যক্ষও রয়েছেন। যে খাতা অধ্যক্ষ দেখেন সে খাতা একজন কম্পিউটার অপারেটর দেখলে মান বজায় থাকবে কি? এমন প্রশ্ন কারিগরি বোর্ডেই ঘোরপাক খাচ্ছে। শুধু এমন অনিয়ম বা দুর্নীতি নয়, কারিগরি শিক্ষা বোর্ডে বহু অনিয়ম চলছে প্রকাশ্যে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৫জন চতুর্থ গ্রেডধারী শীর্ষ কর্মকর্তাকে নিয়মবহির্ভূতভাবে সিলেকশন গ্রেড দেয়া হয়। এতে করে প্রতিমাসে সরকারের কয়েক লাখ টাকা অপচয় হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবর এ ব্যাপারে অভিযোগও করা হয়। এতে বলা হয়, জাতীয় বেতন স্কেল/২০০৫ ও ২০০৯ এর গেজেট আদেশের আলোকে ২য় থেকে ৪র্থ গ্রেডের সরকারি কর্মচারীদের কোনো টাইম স্কেল বা সিলেকশন গ্রেড প্রাপ্তির কোনো বিধান রাখা হয়নি। প্রশ্ন উঠেছে গেজেট আদেশে বিষয়টি স্পষ্ট থাকার পরও কি করে কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেকশন গ্রেডের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করল। শিক্ষা মন্ত্রণালয়ই কি করে উক্ত প্রস্তাব মঞ্জুরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাল? ভুল প্রস্তাব পাঠানোর জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হলো না?
নূর চৌধুরিকে ফেরত আনতে জনমত গড়ুন: শেখ হাসিনার আহ্বান-দৈনিক জনকণ্ঠ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার জন্য জনমত গড়ে তুলতে সেখানে প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সকল বাংলাদেশির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চার দিনের কানাডা সফরের তৃতীয় দিনে শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কানাডা আওয়ামী লীগের দেওয়া একটি সংবর্ধনা সভায় অংশ নিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই আত্মস্বীকৃত খুনির ফাঁসির রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এখন তাকে দেশে ফিরিয়ে নিয়ে রায় কার্যকর করে কলঙ্কমোচনের সব চেষ্টাই সরকার করবে।
৮ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল- ভোরের কাগজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রেজাউল করিমসহ ৮ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।রোববার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
এই ৮ জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, লুটপাট, অপহরণসহ ৮টি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না এ বিষয়ে আদেশের জন্য ১৭ নভেম্বর ধার্য করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউর আবুল কালাম আজাদ।
আইএসের এজেন্ট হওয়ার চেষ্টা করেছিল তানভীর- দৈনিক ইত্তেফাক
তানভীরের স্ত্রী ফাতেমা এখনো পুলিশ কর্মকর্তাদের বলে যাচ্ছেন যে, তারাই ইসলামের সঠিক পথে চলছেন। আল্লাহর রাস্তায় খেলাফত করতে হবে। তার স্বামীই তাকে সঠিক পথ দেখিয়েছেন।
আজিমপুরে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে আত্মহত্যাকারী ডাচ্-বাংলা ব্যাংকের সাবেক সহকারী সহ-সভাপতি (এভিপি) তানভীর কাদেরী ওরফে আব্দুল করিমের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের যোগাযোগ হয়েছিল। বাংলাদেশে ইসলামী খেলাফতের আমির হিসেবে তানভীর তার নাম ঘোষণা করেছিল ‘শায়খ আবু ইব্রাহিম আল-হানিফ’ হিসেবে। এই ঘোষণাটি গত বছরের নভেম্বরে প্রকাশিত আইএসের বার্তা ম্যাগাজিন ‘দাবিক’-এ প্রকাশ করা হয়েছে। ২০৯/৫, লালবাগ রোডের হাজী কাওসারের ৫ তলা বাড়ির ২য় তলা থেকে উদ্ধার করা বিভিন্ন আলামত পরীক্ষা করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, নব্য ধারার জেএমবির এই গ্রুপটি বেশ কিছুদিন ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আইএসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।
বিএনপির কর্মপরিকল্পনা জাতীয় নির্বাচনকে ঘিরে-দৈনিক যায়যায়দিন
জাতীয় নির্বাচনকে ঘিরে কর্মপরিকল্পনা তৈরি করছে বিএনপি। পরবর্তীতে আর কোনো নির্বাচন বর্জনের চিন্তাও করছে না দলটি। যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্ততি নিচ্ছে প্রায় ১০ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি।
দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি সব ধরনের পরিকল্পনা করছে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সংগঠন শক্তিশালী করা, নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে বিএনপির সঙ্গে সরকারকে আলোচনায় বসতে বাধ্য করা, পরবর্তী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে আন্তর্জাতিক সমর্থন আদায়, আন্দোলনে জনগণের সহায়তা পেতে জনগুরুত্বপূর্ণ সব ইস্যুতে বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শীর্ষ নেতারা নির্বাচনের অযোগ্য হলে অপেক্ষাকৃত জুনিয়র অথচ যোগ্য নেতাদের দিয়ে শূন্যস্থান পূরণ করা।
বিএনপি সূত্রমতে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সকল পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনাও দেয়া হয়েছে। এর অংশ হিসেবে সারাদেশে ৭৫টি সাংগঠনিক জেলার অধীনে সব কটি ইউনিট নতুন নেতৃত্ব দিয়ে সাজানো হবে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এ কাজ এগিয়ে নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তাদের কেন্দ্র থেকে প্রস্তুতিমূলক সব কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে। এ ছাড়া দেশব্যাপী সব পর্যায়ের নেতাদের ডেটাবেজ তৈরি করতেও বলা হয়েছে। যাতে নির্বাচনী কাজে একজনের অনুপস্থিতিতে অন্যজনকে সহজেই কাজে লাগানো যায়।
মতিঝিলে যুবলীগ নেতা খুনের নেপথ্যে আধিপত্য বিস্তার- দৈনিক ইত্তেফাক
মতিঝিল এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরেই যুবলীগ নেতা রিজভী হাসান বাবুকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সাথে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারেও পুলিশ নিশ্চিত হয়েছে। তবে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কাউকেই আটক করতে পারেনি পুলিশ। অপরদিকে এ হামলার ঘটনায় গুলিবিদ্ধ যুবলীগ কর্মী আহসানুল হক ইমন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ইমনের ডান উরু ও পাঁজরের গুলি অপারেশন করে বের করা হয়েছে। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে। চিকিত্সকরা জানিয়েছে তার অবস্থায়ও আশঙ্কামুক্ত নয়।
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: আত্মসমর্পণের পর এমপি রানা কারাগারে- দৈনিক যুগান্তর
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি সরকারদলীয় এমপি আমানুর রহমান খান রানাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে রানা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বেলা ১১টায় ভারপ্রাপ্ত জেলা দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালতে তার জামিন আবেদনের শুনানি হয়। পরে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন আবেদনের শুনানিতে সরকারপক্ষে পিপি আলমগীর খান মেনু ও আসামিপক্ষে আইনজীবী আবদুল বাকি, অ্যাডভোকেট লিটনসহ সিনিয়র আইনজীবীরা অংশ নেন।
ইরানের দিকে তাক করা দুইশ পরমাণু অস্ত্র আছে ইসরাইলের- দৈনিক ইত্তেফাক
ইসরাইলের দু্ইশ’ পরমাণু অস্ত্র আছে যেগুলো ইরানের দিকে তাক করা। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের ফাঁস হওয়া ই-মেইল থেকে এই তথ্য পাওয়া গেছে। অথচ ইসরাইল কখনোই নিজেদের পরমাণু অস্ত্র আছে বলে স্বীকার করে না। ধারণা করা হয়,কয়েক দশক আগে ইসরাইল পরমাণু অস্ত্র তৈরি করেছে।
গত বছরের মার্চে পাওয়েল ব্যক্তিগত ই-মেইল আদান-প্রদান করেছিলেন। গত সপ্তাহে তার ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়। ওই দিন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ছয় দেশের পরমাণু চুক্তির বিরোধিতা করেছিলেন। কলিন পাওয়েল ডেমোক্র্যাট দলের দাতা জেফরি লিডসকে উদ্দেশ্য করে লিখেন, ইরান একটি পরমাণু অস্ত্র তৈরি করলেও তা ব্যবহার করতে পারে না। অথচ তেহরানের বালকরাও জানে ইসরাইলের দুইশ’ পরমাণু অস্ত্র আছে এবং আমাদের আছে হাজার হাজার। ওয়াশিংটনে ইসরাইলের দূতাবাসের মুখপাত্র এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কারবিও এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্য নিয়ে আমি আলোচনা করতে পারি না। আমরা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিকে সমর্থন করি।
রেলের ছয় প্রকল্পে দীর্ঘসূত্রতা অনিয়ম- দৈনিক সমকাল
রেলের ছয় প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও কাজের মান যথাযথ না হওয়ার জন্য মন্ত্রণালয়ের অদূরদর্শিতা ও অদক্ষতাকে দায়ী করেছে সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এসব প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সংস্থাটি বলেছে, বাস্তবতার নিরিখে প্রকল্প পরিকল্পনা প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন না করায় প্রকল্পের মূল উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। কাজের গুণগত মান সম্পর্কে প্রশ্ন তুলে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।২০১৫-১৬ অর্থবছরে এই ছয় প্রকল্প পরিদর্শন করে আইএমইডি। এর মধ্যে তিনটি প্রকল্প ২০১৩-১৪ অর্থবছরে শেষ হয়েছে এবং তিনটি প্রকল্প চলমান রয়েছে। আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, রেলের পুনর্বাসন প্রকল্পে পুরনো স্লিপার প্রতিস্থাপন করা হয় না। প্রকল্পের আওতায় সংগ্রহ করা ব্যালাস্ট (পাথর) নিম্নমানের এবং সঠিক আকৃতির নয়। যথাযথ পরিকল্পনা ও প্রাক্কলন ছাড়া ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নের সময় অতিরিক্ত মালপত্র কিনতে হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আইএমইডির পরিচালক পরিমল চন্দ্র বসু স্বাক্ষরিত এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। একাধিকবার প্রকল্প পরিচালক পরিবর্তন না করা এবং একই কর্মকর্তাকে একাধিক প্রকল্পের পরিচালকের দায়িত্ব না দিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
হাজারীবাগেই চামড়া প্রক্রিয়াজাত হবে- দৈনিক যায়যায়দিন
সাভারে ট্যানারি স্থানান্তর হলেও এবারের কোরবানির ঈদ মৌসুমের প্রায় পুরো চামড়াই প্রক্রিয়াজাত হবে হাজারীবাগে। চামড়া ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার থেকেই লবণ দেয়া চামড়া হাজারীবাগে ঢুকতে শুরু করেছে।
শনিবার দুপুরে এপেক্সসহ বিভিন্ন ট্যানারিতে চামড়ার ট্রাক ঢুকতে দেখা গেছে। ট্যানারি মালিক ছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়া কিনে কারখানা ভাড়া নিয়ে চামড়া প্রক্রিয়াজাতকরণ শুরু করেছেন। কেনা চামড়ার অপেক্ষায় রপ্তানিকারক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও বসে রয়েছেন হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড়সহ সংশ্লিষ্ট এলাকায়। তবে এখনও জোরেশোরে চামড়া কেনার কোনো তাগাদা দেখা যায়নি। যদিও সার্বক্ষণিক খোলা রয়েছে রাসায়নিক ও লবণের দোকানগুলো। দুপুরে ঢাকা ট্যানারি মোড়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতে গোণা দু'একটি ছাড়া সব ট্যানারি মালিকরাই হাজারীবাগে চামড়া প্রক্রিয়াজাত করবেন। কারণ হিসেবে তারা বলছেন এখনও চামড়া প্রক্রিয়াজাত করার সব ব্যবস্থা চালু হয়নি সাভারে। তাছাড়া যারা সাভারে শিল্প স্থানান্তর করেছেন তারাও সব ধরনের সুবিধা সৃষ্টি করতে না পারায় হাজারীবাগেই চামড়া প্রস্তুত করবেন।
প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা-দৈনিক যুগান্তর
মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নিতু মন্ডল (১৫) নামের এক স্কুলছাত্রীকে ধারালো চাক্কু দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে।
এ ঘটনার পর ঘাতক বখাটে মিলন মন্ডলকে আটক করে গনধোলাই দিয়ে থানা পুলিশের হাতে সোপার্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।
নিহত নিতু মন্ডল নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও একই এলাকার আইলসাকান্দি গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার নবগ্রাম এলাকায় ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিতু মন্ডলকে একই এলাকার বিরেন মন্ডলের বখাটে ছেলে মিলন মন্ডল বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিলন মন্ডল ক্ষিপ্ত হয়ে স্কুলে যাওয়ার পথে নিতুকে ধারালো চাক্কু দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মিলন মন্ডল এলাকা ছেড়ে পালানোর সময় স্থানীয় লোকজন আটক করে গনধোলাই দিয়ে ডাসার থানা পুলিশের হাতে সোর্পাদ করেন। মাদারীপুর র্যাব-৮ শাখা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
কাশ্মীরে সেনাঘাঁটিতে হামলাকারী ৪ জঙ্গি খতম,নিহত ১৭ জওয়ান
প্রায় ছয় ঘণ্টার গুলির লড়াইয়ে কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলকারী ৪ জঙ্গিকে খতম করল সেনারা। এই হামলায় নিহত হয়েছেন ১৭ জওয়ানও।
রবিবার ভোর ৫টা নাগাদ এক দল জঙ্গি বন্দুক,গ্রেনেড নিয়ে হামলা চালায় কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে। সেনা সূত্রে খবর, ১২ ব্রিগেড হেড কোয়ার্টারের কাছে সীমান্ত লাগোয়া ওই সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা ঘটানোই ছিল জঙ্গিদের উদ্দেশ্য। কিন্তু জওয়ানদের তত্পরতায় সেই ছক ভেস্তে যায়। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। দু’পক্ষের মধ্যে প্রায় ছয় ঘণ্টা গুলির লড়াই চলে। আহত হন বেশ কয়েক জন জওয়ান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঁদের মধ্য কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গিয়েছে। হামলার খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ তাঁর রাশিয়া সফর বাতিল করে দেন।
বদলে যাওয়া বিদেশনীতির ধাক্কায় নির্জোট সম্মেলনের মঞ্চে নেই প্রধানমন্ত্রী-বর্তমান
বদলে যাচ্ছে ভারতের বিদেশনীতি। নেহরুবাদী প্রশাসন, অর্থনীতি, বিদেশনীতির আবর্ত থেকে ভারতকে সম্পূর্ণ বের করে আনছেন নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরুর চালু করা যোজনা কমিশনকে পালটে দেওয়া হয়েছে। নয়া ব্যবস্থার নাম হয়েছে নীতি আয়োগ। সোভিয়েত ইউনিয়নের উপর প্রতিরক্ষা খাতে নির্ভরতা ছিল ভারতের অনেক বেশি। এবং তুলনামূলকভাবে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অনেক উষ্ণ। সেই মিথ মিত্রশক্তিরও পবিবর্তন হয়েছে। ভারত এখন অনেক দ্রুত আমেরিকা শিবিরে চলে যাচ্ছে। কারণ অবশ্যই চীনকে চাপে রাখা। এই প্রবণতার সঙ্গতি রেখেই আন্তর্জাতিক নির্জোট মঞ্চ ভারতের কাছে গুরুত্ব হারাচ্ছে। আজ থেকে ভেনিজুয়েলায় শুরু হয়েছে নির্জোট সম্মেলন। কিন্তু ১৯৭৯ সালের পর থেকে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী নির্জোট সম্মেলনে হাজির থাকছেন না। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল প্রধানমন্ত্রী একা নয়, এমনকী নির্জোট সম্মেলনে বিদেশমন্ত্রী বা কোনও পূর্ণমন্ত্রীকেও পাঠানো হয়নি। ভারতের প্রতিনিধিত্ব করছেন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি। এবং পাঠানো হয়েছে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এম জে আকবরকে। তাই প্রশ্ন উঠছে ভারত কি নির্জোট মঞ্চকে আর প্রাসঙ্গিক মনে করছে না?
‘মোদীর সমালোচনা করায় জিভ বেড়ে গিয়েছিল কেজরীবালের’: পর্রীকর
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের জিভের অস্ত্রোপচার নিয়ে টিপ্পনি কাটলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। সম্প্রতি ‘জিভ দশা’ থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করান কেজরীবাল। সেই জিভ নিয়েই এ বার কটাক্ষ করলেন পার্রীকর। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এত কথা বলেথেন যে ওঁর জিভ বড় হয়ে গিয়েছে। সেই কারণেই জিভকে কেটে ছোট করতে হয়েছে।”
পাশাপাশি পর্রীকর কেজরীবালের সুস্থতা কামনাও করেন। গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে সেখানে দলীয় একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন পর্রীকর। তিনি আরও বলেন, “দিল্লিতে প্রধানমন্ত্রী, আর গোয়ায় এলে আমার বিরুদ্ধে বলেন কেজরীবাল। এ কারণে তাঁর জিভ এত লম্বা হয়ে গিয়েছিল যে অস্ত্রোপচার করতে বাধ্য হন।”
জেটলির চেয়ে ঢের ভাল অর্থমন্ত্রী হব: স্বামী- দৈনিক আজকাল
‘জেটলির চেয়ে ঢের ভাল অর্থমন্ত্রী হব। অর্থনীতির কিচ্ছু বোঝেন না উনি।’ অরুণ জেটলির বিরুদ্ধে ফের ফুঁসে উঠলেন সুব্রহ্মণ্যম স্বামী। শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে হাজির ছিলেন আসাদুদ্দিন ওয়াইশিও। দেশের অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের ওয়াইশি বলেন, স্বামী অর্থমন্ত্রী হলে মুদ্রাস্ফীতি নিয়ে সঠিক দিশা দেখাতে পারতেন। এতেই উৎসাহ পেয়ে যান স্বামী। সরাসরি জোটলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, ‘অরুণ জেটলি তো আইনজীবি। অর্থনীতির কী বোঝেন? আমি অর্থনীতিবিদ। আপনারাই ঠিক করুন অর্থমন্ত্রীর পদে কাকে মানায়।’
বহরমপুরে অধীরের শেষ দুর্গের পতন- দৈনিক সংবাদ প্রতিদিন
যে গর্ভগৃহ থেকে রাজনীতির অলিন্দে পা রেখে সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রদেশ কংগ্রেসের কর্ণধার হয়েছিলেন সেই ‘ভিটেমাটি’ বহরমপুরই এবার হাতছাড়া অধীর চৌধুরির৷ মুর্শিদাবাদ জেলা পরিষদের পর এবার বহরমপুর পুরসভার সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস কাউন্সিলর যোগ দিচ্ছেন তৃণমূলে৷ রবিবার বিকেলে কলকাতার তৃণমূল ভবনে দু’বারের পুরপ্রধান নীলরতন আঢ্য-সহ ১৭ জন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিতে চলেছেন৷ আরও এক কংগ্রেস কাউন্সিলর বহরমপুরে শুভেন্দু অধিকারীর জনসভায় তৃণমূলে যোগ দেবেন৷
স্বভাবতই, মুর্শিদাবাদ জেলা পরিষদের পর অধীরের ‘প্রথম ও শেষ ঠিকানা’ বহরমপুর পুরসভাও তৃণমূলের দখলে চলে এল৷ একটানা ৩০ বছর দখলে থাকা পুরসভা হাতছাড়া হচ্ছে কংগ্রেসের৷ পরিস্থিতি সামাল দিতে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু হেনাকে শনিবারই দলীয় পদ থেকে সরিয়ে দিয়ে সেই পদে নওদার বিধায়ক আবু তাহের খানকে বসিয়েছেন অধীর#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮