শেখ হাসিনা বাঙালি জাতির প্রদীপ: সৈয়দ আশরাফ
প্রিয় পাঠক/শ্রোতা! ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বরিশালের বানাড়ীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় বহু মানুষের হতাহতের খবরটি আজকের প্রায় সবগুলো দৈনিক গুরুত্বসহ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরসহ কোনো কোনো দৈনিক এ খবরকে শীর্ষ শিরোনামের মর্যাদা দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকার দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ আরো কয়েকটি খবর হলো:
- সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও নৈতিক সমর্থন দেবেন না: প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো
- জাতিসংঘের দু’টি পুরস্কার গ্রহণ প্রধানমন্ত্রীর- দৈনিক যুগান্তর
- শেখ হাসিনা বাঙালি জাতির প্রদীপ: সৈয়দ আশরাফ- দৈনিক সমকাল
- খোকার গুলশানের ছয়তলা বাড়ি বাজেয়াপ্ত- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম
- সিজার তাবেলা খুন হলেন কোন অস্ত্রের গুলিতে? ব্যালিস্টিক রিপোর্টের সঙ্গে জব্দকৃত অস্ত্রের মিল নেই-দৈনিক ইত্তেফাক
- ভারত-পাকিস্তান মুখোমুখি- দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম
- রিজার্ভ চুরি: সহসা আলোর মুখ দেখছে না তদন্ত প্রতিবেদন- দৈনিক যায়যায়দিন
- পুত্রের দেয়া আগুনে চলে গেলেন পিতা- দৈনিক মানবজমিন
- 'ইলিশ মাছ কোনো দিন এমন সস্তা ছিল না'-দৈনিক নয়াদিগন্ত
- কানাডা থেকে নূর চৌধুরিকে বহিস্কারের নির্দেশ- দৈনিক ভোরের কাগজ
এবারে কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- দেওয়ালে পিঠ ঠেকছে ওদের, অযথা শক্তিক্ষয় করব কেন?- দৈনিক আনন্দবাজার
- ফের হতে পারে হামলা, কাশ্মীরে সতর্কতা জারি- দৈনিক আজকাল
- ২০২০ সালের মধ্যে শহরে দিনভর জলের পরিষেবা-দৈনিক সংবাদ প্রতিদিন
- রেল বাজেট তুলে দেওয়ার বিরুদ্ধে শীতকালীন অধিবেশনে কড়া প্রতিবাদ জানাবে তৃণমূল- দৈনিক বর্তমান
- উৎসবের মরশুমে বাড়ানো যাবে না আলুর দাম, নির্দেশ রাজ্যের-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, এসব খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের খবর-
সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও নৈতিক সমর্থন দেবেন না: প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো
সন্ত্রাসীদের অর্থ, অস্ত্রশস্ত্র ও নৈতিক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করার সংকল্পে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে এই আহ্বান জানান শেখ হাসিনা।
বিশ্বনেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ের দুটি বৈশ্বিক চ্যালেঞ্জ—জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা। এই চ্যালেঞ্জগুলো কোনো নির্দিষ্ট গন্তব্যে আবদ্ধ না থেকে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। কোনো দেশই আপাতদৃষ্টিতে নিরাপদ নয়। কোনো ব্যক্তি এদের লক্ষ্যের বাইরে নয়। আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকা থেকে এশিয়ায়, অগণিত মানুষ সন্ত্রাসবাদের শিকার হচ্ছে।
বিশ্ব সম্প্রদায়ের প্রতি শেখ হাসিনা বলেন, ‘আমরা মনে করি, সন্ত্রাসের কোনো ধর্ম, বর্ণ বা গোত্র নেই। এদের সর্বতোভাবে সমূলে উৎপাটন করার সংকল্পে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে। একই সঙ্গে এদের পরামর্শদাতা, মূল পরিকল্পনাকারী, মদদদাতা, অর্থ ও অস্ত্র সরবরাহকারী এবং প্রশিক্ষকদের খুঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
নিজে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছেন।
জাতিসংঘের দু’টি পুরস্কার গ্রহণ প্রধানমন্ত্রীর- দৈনিক যুগান্তর
লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুটি পুরস্কার তুলে দিয়েছে জাতিসংঘ।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের ইউএন প্লাজায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রীকে 'প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন' ও 'এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড' তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীকে জাতিসংঘ উইমেন 'প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন' এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরাম 'এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড' দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাল্টার প্রেসিডেন্ট মেরি রুইস কোলেরিও পার্সা এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনের স্ত্রী ও ফার্স্ট লেডি বান সুন তায়েক 'প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন' পুরস্কার পান।
শেখ হাসিনা বাঙালি জাতির প্রদীপ: সৈয়দ আশরাফ- দৈনিক সমকাল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কেবল আওয়ামী লীগের নয়, গোটা বাঙালি জাতির প্রদীপ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভালোবাসা ছাড়া আমাদের কিছু দেওয়ার নেই।'
বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনার কর্মসূচি সফল করতে আয়োজিত এ যৌথসভায় আওয়ামী লীগ ছাড়াও দলের সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠনের নেতারা যোগ দেন।
সৈয়দ আশরাফ বলেন, 'দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কেবল ধন্যবাদ দেওয়ার জন্য আমরা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে এই গণঅভ্যর্থনা দেব। এজন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। আশাকরি, সংবর্ধনায় বিপুল সংখ্যক লোকসমাগম করতে পারব।'
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেশে ফেরার দিন ২৬ সেপ্টেম্বর বিশাল শোডাউন হবে। এ শোডাউন মনে রাখার মতো দৃষ্টান্ত হবে। সেদিন আমাদের দলের কোন কোন ইউনিট কোন কোন জায়গায় ফুল নিয়ে অবস্থান নেবে তা ঠিক করা হচ্ছে।
খোকার গুলশানের ছয়তলা বাড়ি বাজেয়াপ্ত- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম
ঢাকার সাবেক মেয়র, মন্ত্রী ও বিএনপির শীর্ষস্থানীয় নেতা সাদেক হোসেন খোকার বাড়ি ও জমি সরকার বাজেয়াপ্ত করছে। গতকাল বুধবার ঢাকার গুলশানে ছয়তলা ভবন বাজেয়াপ্ত করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রথম আলোর প্রশ্নের জবাবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আলাদাভাবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা বা এই প্রক্রিয়া চলমান থাকার কথা স্বীকার করেছেন।
সরকারের বিভিন্ন সূত্র জানায়, গাজীপুর ও নারায়ণগঞ্জে সাদেক হোসেনের নামে থাকা মোট ১০০ দশমিক ১৯৪৬ একর জমি বাজেয়াপ্ত করা হবে। এর মধ্যে তাঁর মালিকানাধীন ঢাকার গুলশান ২ নম্বর সেক্টরের ৭২ নম্বর সড়কের ৯ নম্বর হোল্ডিংয়ের ৫ কাঠা জমি এবং তার ওপর নির্মিত ছয়তলা ভবনে গতকাল ঢাকার জেলা প্রশাসক নোটিশ ঝুলিয়ে দেন। ওই বাড়ির দাম আদালত ২ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করেছিলেন। দেশের শীর্ষস্থানীয় কোনো রাজনীতিকের বাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপ বিরল।
গত বছরের ২০ অক্টোবর গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেনকে ১৩ বছরের কারাদণ্ড দেন আদালত। তিনি অবৈধভাবে ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিক হয়েছেন ঘোষণা করে ওই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে রায়ে। রায় ঘোষণার সময় তিনি নিউইয়র্কে অবস্থান করছিলেন। তাঁকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলে।
ভারত-পাকিস্তান মুখোমুখি- দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম
ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পাকিস্তানে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সীমান্তের কাছাকাছি এলাকায় ক্রমশই সরে আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর পাকিস্তানে হামলা চালাতে চাপ বাড়ছে। ভারত পাকিস্তানে হামলা চালাতে পারবে কিনা এবং পারলেও পাকিস্তানের পদক্ষেপ কী হবে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। পাকিস্তান ইতোমধ্যেই তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। শোনা যাচ্ছে দুই দেশের পরমাণু অস্ত্রের প্রস্তুতির কথাও। সীমান্তে দুই দেশের বাহিনীকে সতর্ক প্রহরায় রাখা হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফও ভারতকে সতর্ক করেছেন। ভারত এখনো সামরিক হামলা না চালালেও কূটনীতিকভাবে পাকিস্তানকে পরাস্ত করতে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। কয়েকটি দেশ ভারতকে সমর্থন দিয়েছে। ভারত গতকাল পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে। দুই দেশের উত্তেজনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও যাচ্ছে। দুই দেশই তাদের বক্তব্য তুলে ধরছে বিশ্ব নেতৃবৃন্দের সামনে। ভারত ও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কানাডা থেকে নূর চৌধুরিকে বহিস্কারের নির্দেশ- দৈনিক ভোরের কাগজ
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী অবসরপ্রাপ্ত কর্নেল নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে সে দেশের ফেডারেল কোর্ট। গত সোমবার তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমানে কানাডায় অবৈধভাবে বসবাস করছেন নূর চৌধুরী। সরকার ইচ্ছা করলে যে কোনও মুহূর্তে তাঁকে দেশ থেকে বহিষ্কার করতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর খুনী নুর চৌধুরীকে ফেরত দেয়ার বিষয় নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন। প্রধানমন্ত্রী পরে নুর চৌধুরীকে ফিরিয়ে আনার জন্য আইনজীবী নিয়োগ দেয়ার কথা জানিয়েছিলেন।
এর পরই কানাডায় আইনী লড়াইয়ে নূর চৌধুরীর হেরে যাওয়ার খবর এলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশের অনুরোধ রেখেছে বন্ধুপ্রতীম দেশটি। এ বার তাঁকে দেশে ফেরত আনার পালা।
পুত্রের দেয়া আগুনে চলে গেলেন পিতা- দৈনিক মানবজমিন
বড় করুণ আর নিষ্ঠুর এক মৃত্যু। ছেলের দেয়া আগুনে প্রাণ গেলো বাবার। বখে যাওয়া ছেলের বায়না পূরণ না হওয়ায় বাবার গায়ে ধরিয়ে দিয়েছিল আগুন। সেই আগুনে দগ্ধ এটিএম রফিকুল হুদা সাত দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থেকে গতকাল মারা যান। নিহত রফিকুল সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার ছোট ভাই। রফিকুল হুদা পরিবার-পরিজন নিয়ে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় বসবাস করতেন। পেশায় ছিলেন ব্যবসায়ী। এদিকে মর্মান্তিক এই মৃত্যুতে একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে অন্যদিকে চরম অস্বস্তিতে রয়েছেন খোদ পরিবারের লোকজন ও স্বজনরা। এ ব্যাপারে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলতেও রাজি নন তারা। গতকাল মারা যাওয়ার পর রফিকুল হুদার লাশ ঢামেকের মর্গে রাখা হয়। বিকাল ৩টার দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স রফিকুল হুদার মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ি ফরিদপুরের উদ্দেশে রওনা দেয়। ওই সময় মর্গের সামনে রফিকুল হুদার একজন স্বজন ছাড়া আর কাউকে দেখা যায়নি। ওই স্বজন নিহতের ভাগিনা মনির আহসান। তিনি বলেন, ভাই কি আর বলার আছে। একদিকে হারানোর শোক, অন্যদিকে অস্বস্তি। এদিকে ফরিদপুরে এ ঘটনাটি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা না হলেও বখাটে কিশোর সন্তানের বিচার দাবি করেছে এলাকাবাসী।
কেন এসব হত্যা?- দৈনিক প্রথম আলো
ছেলের আগুনে বাবার মৃত্যু, মায়ের হাতে শিশুপুত্র খুন, ছেলের বঁটির আঘাতে মা খুন—এসব ঘটনা সামাজিক পরিস্থিতি ও আপনজনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে সবাইকে ভাবিয়ে তুলেছে। গত কয়েক মাসে গণমাধ্যমে এ ধরনের শিরোনাম বারবার এসেছে। অনেকে ব্যথিত হয়েছেন, মুষড়ে পড়েছেন, স্তব্ধ হয়ে ভেবেছেন—এও কি সম্ভব!
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক তাজুল ইসলাম মনে করেন, সন্তানকে বড় করার ক্ষেত্রে যথাযথ প্যারেন্টিংয়ের অভাবের কারণেই এমনটা ঘটছে। মাদকাসক্তি, মানসিক রোগ, দারিদ্র্যসহ অন্যান্য সমস্যা তো রয়েছেই। তাঁর মতে, পরিবার ও সমাজের ভেতরের মনিটরিং-ব্যবস্থা জোরদার করতে হবে। সবার চোখ-কান খোলা রাখতে হবে। কারও আচরণে পরিবর্তন দেখা দিলে, মাদকাসক্ত হলে তাঁর দিকে নজরদারি বাড়াতে হবে। সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ঘটনা ঘটে গেলে আইনের শাসন নিশ্চিত করতে হবে। অপরাধীকে যুগান্তকারী শাস্তির আওতায় আনতে হবে।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম খান বলেন, এ ধরনের ঘটনা কেন ঘটছে, সেভাবে এর কার্যকারণ বিশ্লেষণ করা হয়নি। চারপাশে অস্থিরতা বিরাজ করছে। কোনো একটা মুহূর্তে মা-বাবার সন্তানের প্রতি বা সন্তানের মা-বাবার প্রতি যে মমত্ব বা ভালোবাসা থাকে, তা আর থাকছে না। প্রতিযোগিতামূলক সমাজে জীবনকে কিছু পাওয়ার অস্ত্র হয়েছে দেখছে বেশির ভাগ মানুষ। বিভ্রান্তি তৈরি হচ্ছে। দারিদ্র্য, পারিবারিক ও কর্মক্ষেত্রের চাপ, ধৈর্য কমে যাওয়াসহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। আপনজনের ওপর সেই ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। সন্তানের জন্য জীবন ধ্বংস হয়ে যাচ্ছে বা মা-বাবার জন্য জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত—এ ধরনের মনোভাব তৈরি হচ্ছে। আইন বা নীতি দিয়ে এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া কঠিন। কাউন্সেলিংয়ের ব্যবহার বাড়াতে হবে। জীবনটা শুধু প্রাপ্তির জন্য নয়, জীবনে কিছু দিতে হবে—এ দর্শন প্রতিষ্ঠা করতে হবে। জীবনের লক্ষ্য স্থির করতে হবে। পারিবারিক পরিমণ্ডলে পরিবর্তনের ফলে একাকিত্ব, সম্পর্ক ভেঙে যাওয়া, আপনজনের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘোচাতে হবে। মূলকথা হলো, আত্মোপলব্ধি ছাড়া আর বিকল্প কিছু নেই।
সিজার তাবেলা খুন হলেন কোন অস্ত্রের গুলিতে? ব্যালিস্টিক রিপোর্টের সঙ্গে জব্দকৃত অস্ত্রের মিল নেই-দৈনিক ইত্তেফাক
বহুল আলোচিত ইটালীয় নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় চার্জশিটভুক্ত আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের সঙ্গে ব্যালাস্টিক (আগ্নেয়াস্ত্রের রাসায়নিক পরীক্ষা) রিপোর্ট মিলেনি। তাবেলা সিজারের শরীর থেকে ৭.৬৫ এম এম পিস্তলের একটি গুলি উদ্ধার করা হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চার আসামি তাবেলাকে হত্যা করতে দুইটি নাইন এমএম পিস্তল ব্যবহার করেছিলেন বলে উল্লেখ করেন। তবে তাবেলার শরীর থেকে বের করা গুলির ব্যালাস্টিক রিপোর্টে ঐ দুই আগ্নেয়াস্ত্রের কোনো মিল পাওয়া যায়নি। সিআইডি’র ফরেনসিক ল্যাবরেটরির ব্যালাস্টিক রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে।
এমনকি ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির তিনটি খোসার (কার্তুজ) সঙ্গে ঐ দুই আগ্নেয়াস্ত্রের কোনো মিল পাওয়া যায়নি। সিআইডির আগ্নেয়াস্ত্রের ব্যালাস্টিক রিপোর্টে বলা হয়েছে, তাবেলার শরীর থেকে উদ্ধার করা গুলি ঐ আগ্নেয়াস্ত্র দিয়ে ‘ফায়ার’ করা হয়নি।
রিজার্ভ চুরি: সহসা আলোর মুখ দেখছে না তদন্ত প্রতিবেদন- দৈনিক যায়যায়দিন
রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের জন্য তারিখ দিয়ে আবারও তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গত রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগেই বৃহস্পতিবার তিনি ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করে যাবেন। কিন্তু বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের ডেকে জানিয়ে দেন, সহসা ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।
তিনি বলেন, 'এটা আমার ঘোষণা মতো কালকে প্রকাশ করা হবে না। বেশ দেরি হবে, বেশ দেরি হবে।'
ফরাসউদ্দিন গত ৩০ মে ওই প্রতিবেদন দেয়ার পর অর্থমন্ত্রী নিজেই বলেছিলেন, রিপোর্টে যা আছে, তা অবশ্যই প্রকাশ করা হবে। কিন্তু এ পর্যন্ত কয়েক দফা সময় দিয়েও কথা রাখেননি মুহিত। এবার তিনি যুক্তি হিসেবে ফিলিপাইনের টাকা উদ্ধারে মামলা চলার কথা বলেছেন।
অর্থমন্ত্রী বলেন, 'ইতোমধ্যে এ বিষয়ে ফিলিপাইন ও আমাদের মধ্যে আলোচনা চলছে। আমরা সেখানে মামলা-মোকদ্দমা করেছি, ইত্যাদি নানা কিছু আছে। এই রিপোর্ট বেরুলে সেগুলো আপসেট হয়ে যাবে। সেজন্য রিপোর্ট এখন বের হচ্ছে না। পরে বের করব। তারিখ বলতে পারছি না। ইট উইল বি পাবলিশড।'
'ইলিশ মাছ কোনো দিন এমন সস্তা ছিল না'-দৈনিক নয়াদিগন্ত
ঢাকার বাজার থেকে কোনো মধ্যবিত্ত পরিবারের দুই দিনে ১২টি ইলিশ মাছ কেনার ঘটনা ইদানীংকালে খুবই বিরল। কিন্তু গত এক সপ্তাহ ধরে ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লায় যেভাবে ইলিশ মাছ বিক্রি হচ্ছে সেটি অনেকের জন্যই বেশ অভাবনীয়। অনেকে একসাথে কয়েক হালি ইলিশ মাছ কিনছেন।
এভাবে ইলিশ মাছ কেনার কারণ কম দাম। ঢাকার গ্রিন রোডের বাসিন্দা মুন্নি আক্তার সকালে বাজার করতে এসে চারটি ইলিশ মাছ কিনেছেন। গতকালও তিনি কিনেছিলেন আটটি ইলিশ মাছ।
বাংলাদেশের মানুষের খাবারের তালিকায় ইলিশ মাছ সম্প্রতি দুর্লভ হয়ে উঠেছিল। অনেকটা দুষ্প্রাপ্য হওয়ায় চড়া দাম হয়েছিল ইলিশের। সে কারণে দুষ্প্রাপ্য এই মাছ মধ্যবিত্তের নাগালের অনেকটা বাইরে চলে গিয়েছিল।
তবে ঢাকার বাজারে ইলিশের প্রচুর সরবরাহ এবং তুলনামূলক কম দাম অনেকেই হতবাক করছে। খাবারের পাত থেকে অনেকটা হারিয়ে যাওয়া ইলিশ আবার ফিরে এসেছে।
ঢাকার বাসিন্দা আমির হোসেন জানালেন, ইলিশের এ দাম তার কাছে কল্পনার মতোই মনে হচ্ছে। আমির হোসেন বলেন, "একটা ইলিশ মাছের দাম ছিল ১৫০০ থেকে ২০০০ টাকা। এখন তো এক হালি কিনতেছি ২৫০০ থেকে ৩০০০ টাকায়। ইলিশ মাছ কোনো দিন এমন সস্তা ছিল না। এবারই সবচেয়ে বেশি সস্তা।"
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
দেওয়ালে পিঠ ঠেকছে ওদের, অযথা শক্তিক্ষয় করব কেন?- দৈনিক আনন্দবাজার
গোটা দেশ আবেগে ফুটছে। সীমান্তে অতন্দ্র পাহারায় ছিলেন দেশের যে বীর সন্তানরা, তাঁদের উপর হামলা হয়েছে। ঝরে গিয়েছে আঠেরোটা প্রাণ। প্রত্যেকটা মৃত্যু কাঁটার মতো বিঁধছে ভারতবাসীর বুকে।
যোগ্য জবাব দেওয়ার দাবি তীব্র হতে শুরু করেছে হিমাচল থেকে মহাসমুদ্র পর্যন্ত বিছিয়ে থাকা সুবিস্তীর্ণ এক ভূভাগের প্রান্তে প্রান্তে। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার বিস্ফোরণ ঘটছে গোটা দেশে। অত্যন্ত স্বাভাবিক ভাবেই ঘটছে এই সব কিছু।
কিন্তু অস্বাভাবিক কিছুও মাথা তুলছে। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলা ভারতের স্নায়ুতন্ত্রে যে তীক্ষ্ণ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, তার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়ায় এক মাত্রাতিরিক্ত আগ্রাসন দেখা যাচ্ছে। এই আগ্রাসী মতের প্রকাশ, প্রচার ও প্রসারে কিছু ক্ষণস্থায়ী করতালি জুটতে পারে ঠিকই। কিন্তু বাস্তবের পরিসরে এই আগ্রাসন যে কোনও মুশকিলই আসান করবে না, তা এর প্রচারকরাও জানেন।
ফের হতে পারে হামলা, কাশ্মীরে সতর্কতা জারি- দৈনিক আজকাল
ফের হামলা হতে পারে কাশ্মীরে। সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। বলা হয়েছে, কাঠুয়া ও জম্মুর আখনুর সেক্টর থেকে মাত্র ২০০ কিলোমিটারের মধ্যেই ঘাঁটি গেড়েছে প্রায় ৫০ জঙ্গি। পাকিস্তান সরকারই তাদের মদত দিচ্ছে। সুযোগ বুঝে হামলা চালাতে পারে। রবিবার সকালে উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ জওয়ানের মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। দু’দিন যেতে না যেতেই ফের লাছিপুরে চড়াও হয় জঙ্গিরা। সেবার ১০ জনকে খতম করতে সক্ষম হয় সেনা। বৃহস্পতিবার সকালেও বন্দীপুরায় সেনা–জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে। এতেই সন্দেহ বেড়েছে গোয়েন্দাদের। উপত্যাকায় সতর্কতা জারির নির্দেশ দিয়েছেন মনোহর পারিকর। রবিবারের হামলার আগেও সতর্ক করেছিলেন গোয়েন্দারা। কিন্তু তাসত্ত্বেও হামলা আটকানো যায়নি। সীমানার কাঁটাতার কেটে ভারতে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল জঙ্গিরা।
২০২০ সালের মধ্যে শহরে দিনভর জলের পরিষেবা-দৈনিক সংবাদ প্রতিদিন
লক্ষ্য ২০২০ সাল৷ তার মধ্যেই শহরের ৪০টি ওয়ার্ডে ২৪ ঘণ্টা ও বাকি ওয়ার্ডগুলিতে ১২ ঘণ্টার জলের সুবিধা পেতে চলেছে শহরবাসী৷ বুধবার কলকাতা পুরসভায় এশিয়ান ডেভলপমেণ্ট ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই কথা জানালেন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷
এদিন মেয়র জানান, “এতদিন পর্যন্ত দিনে চার থেকে পাঁচ ঘণ্টা জল পেত শহরবাসী৷ এই প্রকল্পের কাজ শেষ হলেই জল নিয়ে কোনও অভিযোগ থাকবে না শহরবাসীর৷ জল তৈরির জন্য এডিবি কোনও বিনিয়োগ নতুন করে করবে না৷ কারণ শহরে যে পরিমাণ জল প্রতিদিন তৈরি হচ্ছে, তাতে সেনসাল অনুযায়ী শহরবাসীর মাথা পিছু ৪০ গ্যালন জল রয়েছে৷ কিন্তু সরবরাহের কাজ কিছুটা বাকি ছিল, আর তাতে বিনিয়োগ করতে আগ্রহী এডিবি৷ এর জন্য আরও অতিরিক্ত ১২ মিলিয়ন ডলার তারা দেবে৷ যাতে শহরের সব ওয়ার্ডেই ১২ ঘণ্টা জল পৌঁছে দেওয়া যায়৷”
রেল বাজেট তুলে দেওয়ার বিরুদ্ধে শীতকালীন অধিবেশনে কড়া প্রতিবাদ জানাবে তৃণমূল- দৈনিক বর্তমান
কেন্দ্রের রেল এবং সাধারণ বাজেটকে একসঙ্গে মিশিয়ে দিয়ে একটি সাধারণ বাজেট করার তীব্র প্রতিবাদ করল তৃণমূল। এতদিনের রীতি ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা তারা মানবে না বলেই জানিয়ে দিল। এ ব্যাপারে সময়মতো সংসদের আগামী শীতকালীন অধিবেশনে মোদি সরকারের বিরুদ্ধে সরব হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অন্যদিকে, কেবল এই একটি মাত্র বাজেট করার সিদ্ধান্তই নয়। (সংশোধনী) নাগরিকত্ব বিল এবং মোটর ভেহিকল বিল নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ জানিয়েছে টিএমসি।
মোটর ভেহিকলস বিলে লাইসেন্সিং অথরিটি সহ অনেক ক্ষেত্র ‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো’র ওপর হস্তক্ষেপের চেষ্টা বলেই তৃণমূলের দাবি। আর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারেই না পসন্দ। তাই নেত্রীর সেই ঘোষিত নীতি মতোই আজ মোটর ভেহিকলস বিল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী কী রিপোর্ট দিয়েছে, তা নিয়ে ঘরোয়াভাবে আলোচনা করতে আজ সড়ক পরিবহণ বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির নতুন চেয়ারম্যান মুকুল রায় সহ সদস্যদের দিল্লির একটি অভিজাত ক্লাবে বৈঠক ডাকলেও তা বয়কট করছে তৃণমূল।
উৎসবের মরশুমে বাড়ানো যাবে না আলুর দাম, নির্দেশ রাজ্যের-দৈনিক সংবাদ প্রতিদিন
উৎসবের মরশুমে আলুর দাম বাড়ানো হলে কড়া ব্যবস্থা নেবে সরকার৷ তাই অবিলম্বে হিমঘর থেকে আলু বের করার জন্য নির্দেশ দিল কৃষি বিপণন দফতর৷ বুধবার হিমঘর মালিক ও অন্যান্য সংস্থার সঙ্গে বৈঠকের পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দফতরের মন্ত্রী তপন দাশগুপ্ত৷
মন্ত্রী বলেছেন,“৩০ নভেম্বরের মধ্যে সব হিমঘর থেকে আলু বের করতে হবে৷ আবার ১ মার্চের আগে কোনও হিমঘর খোলা যাবে না৷ দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফার জন্য হিমঘরে অহেতুক আলু মজুত করে রাখলে কড়া ব্যবস্থা নেবে সরকার৷ প্রয়োজনে হিমঘরের লিজ বাতিলও করা হতে পারে৷” এদিনের বৈঠকের পর মন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেছেন, সেপ্টেম্বর মাসে অধিকাংশ হিমঘর থেকে ৫০ শতাংশের কম আলু বের করা হয়েছে৷ যেখানে ৬০ শতাংশের বেশি আলু বাজারজাত হওয়ার কথা৷
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮