সেপ্টেম্বর ২৪, ২০১৬ ০৮:১১ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৪ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ বলে রায় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যা অবিলম্বে কার্যকর হয়েছে।এই প্রার্থিত ও প্রত্যাশিত রায়ে বাংলাদেশের ক্রিকেটে স্বস্তি ফিরে এসেছে। ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে খবরটি গতকাল শুক্রবার ছিল টক অব দ্যা কান্ট্রি। আর এটিকে আজ ঢাকার সবগুলো দৈনিক গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

শনিবার ঢাকার দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ আরো কয়েকটি খবর হলো:

  • সীমান্তে সৈন্য আকাশে বিমান মহড়া:ভারত-পাকিস্তান মুখোমুখি-দৈনিক যুগান্তরের শীর্ষ শিরোনাম
  • প্রধানমন্ত্রীর দেশে ফেরার তারিখ পরিবর্তন-দৈনিক ইত্তেফাক
  • মুক্তিযোদ্ধাদের জন্য চালু হচ্ছে ৪টি নতুন ভাতা-দৈনিক সমকাল
  • সুন্দরবনের চার ঝুঁকি:রামপাল প্রকল্প বাতিল চায় ইউনেসকো-দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম
  • ঢাকা-মস্কোর ভিসামুক্ত ভ্রমণ চুক্তি-দৈনিক ইত্তেফাক
  • কূটনৈতিক ব্যস্ততার অক্টোবর-দৈনিক ইনকিলাব
  • রক্তাক্ত গুলশান:গুরুত্বপূর্ণ তথ্য দিল তাহরীম-দৈনিক সমকাল
  • জঙ্গি হামলার পরিকল্পনা করছিলেন সেই ব্যবসায়ী-দৈনিক যুগান্তর
  • দুদক-পুলিশ ঠেলাঠেলিপাঁচ হাজার মামলার ভাগ্য অনিশ্চিত-দৈনিক যায়যায়দিনের প্রধান শিরোনাম
  • মোসাদ্দেকের লড়াইয়ের পরও হার বিসিবি একাদশের:টাইগারদের সতর্কবার্তা দিল আফগানরা-দৈনিক যায়যায়দিন

এবারে কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • কড়া জবাব কোথায়, ফুঁসছে বিজেপি, নতুন করে ভাবনাচিন্তা করতে হচ্ছে-দৈনিক আনন্দবাজার
  • ভারত-পাকিস্তান দু’পক্ষেরই সাজ সাজ রব:রাফাল যুদ্ধবিমান কিনছে দিল্লি, এফ ১৬ মহড়া ইসলামাবাদের- দৈনিক বর্তমান
  • দু’হাজারেই পুরো সেট, দেশে অবাধে বিকোচ্ছে সেনা জওয়ানের পোশাক- দৈনিক সংবাদ প্রতিদিন
  • মিলছে না যাত্রীর সংখ্যা, মৈত্রী নিয়ে চিন্তায় পুলিশ-দৈনিক আনন্দবাজার
  • গুরুংকে মমতার হুঁশিয়ারি-দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, এসব খবরের বিস্তারিত জেনে নেয়া যাকপ্রথমেই বাংলাদেশের খবর-

সীমান্তে সৈন্য আকাশে বিমান মহড়া:ভারত-পাকিস্তান মুখোমুখি-দৈনিক যুগান্তরের শীর্ষ শিরোনাম

ভারত-পাকিস্তান সীমান্তের দু’পাশে সমরসজ্জা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিকবার ওয়ার রুমে যাওয়া এবং সর্বশেষ পাকিস্তানের আকাশে যুদ্ধবিমান চক্কর দেয়ায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী দু’দেশই ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি সেরে নিচ্ছে। তারা পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ভারতে অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আসার দেড় বছরের মধ্যে ১৯৯৯ সালে ভারত-পাকিস্তান সীমান্ত কারগিলে যুদ্ধ হয়। পাকিস্তানে তখন প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। এরপর ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে আবারও এনডিএ ভারতের শাসনকার্য হাতে নেয়। আর এর দেড় বছরের মধ্যেই দু’দেশের মধ্যে যুদ্ধের হুমকি-পাল্টা হুমকির মতো উত্তেজনা ছড়িয়ে পড়ল। খবর রেডিও তেহরান, আনন্দবাজার, জিনিউজসহ ভারত-পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের।

সুন্দরবনের চার ঝুঁকি:রামপাল প্রকল্প বাতিল চায় ইউনেসকো-দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম

সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য বাংলাদেশের কাছে সুপারিশ করেছে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ইউনেসকো। এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তাতে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করে প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।

গত মার্চে বাংলাদেশ সফর করে যাওয়া ইউনেসকোর তিন সদস্যের বিশেষজ্ঞ দল সরকারকে দেওয়া প্রতিবেদনে এই অনুরোধ জানিয়েছে। প্রতিবেদনে তারা বলেছে, এখনই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় তারা অন্তর্ভুক্ত করবে না। তবে রামপাল প্রকল্প বাতিলসহ ইউনেসকোর সুপারিশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। ২০১৭ সালের বিশ্ব ঐতিহ্য কমিশনের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানিয়েছে।

ইউনেসকোর প্রতিবেদনে বলা হয়েছে, রামপাল প্রকল্পের পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন (ইআইএ), প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানির বক্তব্য এবং দরপত্রের নথির মধ্যে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের সময় সীমিতসংখ্যক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলার যে সুযোগ দেওয়া হয়েছে, তা কোম্পানির লোকেরা সংগঠিত করেছে।

প্রধানমন্ত্রীর দেশে ফেরার তারিখ পরিবর্তন-দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পাঁচ দিনের ব্যস্ত সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন। এ দিকে প্রধানমন্ত্রী দেশে ফেরা পিছিয়েছেন। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা ছিল। পরিবর্তিত সফরসূচি অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।  

দেশের উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে প্রধানমন্ত্রী এই পাঁচদিন ওয়াশিংটনে অবস্থান করতে পারেন। প্রধানমন্ত্রীর দেশে ফেরা পেছানোর মধ্য দিয়ে এবার তার জন্মদিন দেশের বাইরেই কাটছে। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সস্তান শেখ হাসিনা।

জঙ্গি হামলার পরিকল্পনা করছিলেন সেই ব্যবসায়ী-দৈনিক যুগান্তর

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার চারজনের একজন ছিলেন বাংলাদেশী ব্যবসায়ী পিয়ার আহমেদ আকাশ। সম্প্রতি সে দেশের পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। মালয়েশিয়ার দুটি গণমাধ্যম বলছে, আকাশ বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার আগে অন্যতম সন্দেহভাজন আন্দালিব আহমেদের সঙ্গে বুকিত বেনতাংয়ে নিজের রেস্তোরাঁয় বৈঠক করেন তিনি। গুলশান হামলায় অস্ত্র সরবরাহেও তিনি যুক্ত ছিলেন।

আকাশের বাড়ি ফেনীর দাগনভূঞাতে। মালয়েশিয়া পুলিশের হাতে ১৯ আগস্ট গ্রেফতার হন তিনি। ২ সেপ্টেম্বর তাকে বাংলাদেশে পাঠানো হয়। ওই দিনই দাগনভূঞা থানা পুলিশ ২০০৫ সালে করা দুই মামলায় তাকে গ্রেফতার করে। পরদিন আকাশকে নিজেদের হেফাজতে নেয় ফেনী জেলা গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি ফেনী কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলেও রেড নোটিশ ছিল। এতে তার নাম আহমেদ আকাশ পিয়ার।

রক্তাক্ত গুলশান:গুরুত্বপূর্ণ তথ্য দিল তাহরীম-দৈনিক সমকাল

রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেফতার জেএমবি নেতা সাবেক ব্যাংক কর্মকর্তা তানভীর কাদেরীর কিশোর সন্তান তাহরীম কাদেরী রাসেল রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছে। বিশেষ করে গুলশান হামলায় জড়িতদের বিষয়ে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে জানিয়েছে, গুলশানে হামলার দিন সকালে তাদের বসুন্ধরার বাসা থেকে বের হয়ে যায় তামিম চৌধুরী, মারজান ও বাশারুজ্জামান। আর হামলায় জড়িত মূল পাঁচ জঙ্গি ওই দিন সন্ধ্যার সময় তাদের বাসা থেকে বের হয়। তারা কিছুদিন আগে থেকেই তাদের বাসায় অবস্থান করছিল। সকালে বাসা থেকে বের হওয়ার আগে তামিম তাকে বলেছিল, 'আঙ্কেল দোয়া করো, বড় কাজে যাচ্ছি।'

হামলার আগের দিন তাদের বসুন্ধরার বাসায় গভীর রাতে বৈঠকও হয়েছিল। আজিমপুরের ঘটনায় দায়ের করা মামলায় তাহরীমকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে। রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার তাহরীম কাদেরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব এই জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি নেওয়ার পর তাহরীমকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান আদালত। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদক-পুলিশ ঠেলাঠেলিপাঁচ হাজার মামলার ভাগ্য অনিশ্চিত-দৈনিক যায়যায়দিনের প্রধান শিরোনাম

মৃত ব্যক্তিকে নিকটাত্মীয় সাজিয়ে ও জীবিত দেখিয়ে এবং জাল কাগজপত্র তৈরি করে বাড্ডার ১৪ শতাংশ জমিকে ২০১৪ সালের ২৬ অক্টোবর হেবা দলিলে রেজিস্ট্রি করে নেন রাজধানীর বাড্ডার সৈয়দ তাজুল বাশার তাপু। তার এ অপকর্মে সার্বিক সহযোগিতা করেন তেজগাঁও দলিল লেখক সমিতির সভাপতি মো. যোবায়ের আহম্মেদ। এ জালিয়াতিতে সরকারের ২৩ লক্ষাধিক টাকার রাজস্ব গচ্চা যায়। এ ঘটনায় চলতি বছরের ১ জুন অভিযুক্ত দুজনের বিরুদ্ধে জাল-জালিয়াতির মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। অথচ এ মামলাটির তদন্ত দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে।

একইভাবে ২১ জুন ইসলামী ব্যাংকের বংশাল শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইনামুল হক, সাবেক ইনভেস্টিগেশন ইনচার্জ (বর্তমানে চাকরিচ্যুত) মো. শামছুদ্দীনসহ চারজনের বিরুদ্ধে ব্যাংকের ১২ কোটি ১৩ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বংশাল থানায় মামলা করা হয়। কিন্তু ঘটনার ৩ মাস পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

শুধু এ দুটি ঘটনাই নয়। এ ধরনের প্রায় ৫ হাজার মামলার তদন্ত নিয়ে ভয়াবহ জটিলতা সৃষ্টি হয়েছে। প্রতারণা ও জালিয়াতির মামলার তদন্তভার দুদকের হাত থেকে পুলিশের কাছে ফিরিয়ে দেয়ার আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হওয়ার পর থেকে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি দুদক থেকে মামলার নথি হাতে না পাওয়ার অজুহাত দেখিয়ে পুলিশের বিরুদ্ধে আসামিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার অভিযোগও রয়েছে। আর দুদক ও পুলিশের এ ঠেলাঠেলিতে অধিকাংশ মামলার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

ঢাকা-মস্কোর ভিসামুক্ত ভ্রমণ চুক্তি-দৈনিক ইত্তেফাক

সরকার রাশিয়ার সঙ্গে উভয় দেশের কূটনৈতিক অথবা অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ বিষয় একটি পারস্পরিক চুক্তিতে স্বাক্ষর করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগেই ভি. ল্যাভরভ নিউইয়র্কে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানে নিজ নিজ পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি বাস্তবায়ন হলে বন্ধু প্রতীম দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং সহজতর হবে।বৈঠককালে দুই পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের প্রথম দিকে যে কোন সময় রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বাংলাদেশ সফরের সম্ভাবনাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

কূটনৈতিক ব্যস্ততার অক্টোবর-দৈনিক ইনকিলাব

চীনা প্রেসিডেন্ট আসছেন ঢাকায়। আসছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলও। এগুলোর রেশ থাকতেই ব্রিকস-বিমসটেক আউট রিচ সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী যাবেন ভারত সফরে। সেখানে তার সাথে বৈঠক হতে পারে ভারতের প্রধানমন্ত্রী মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা’র। এছাড়া চলছে পাক-ভারত যুদ্ধের দামামা। এরই মধ্যে ভারতের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেবার বিষয়টি এখনো পরিষ্কার নয়।

সব মিলিয়ে আগামী অক্টোবর মাস বাংলাদেশের জন্য বিরাট কূটনৈতিক ব্যস্ততার। বাংলাদেশ চীনের কাছে চেয়েছে ২০ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তা। মার্কিনীরা জানতে চাচ্ছে নিরাপত্তার জন্য কী চাই বাংলাদেশের। দ্বন্দ্ব এড়াতে ভারত ও চীনকে যৌথভাবে পায়রা সমুদ্রবন্দর নির্মাণের কথা বলছে বাংলাদেশ। অন্যদিকে পাক-ভারত দ্বন্দ্বে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে গেছে রাশিয়া, চীন এবং ইরান। বাংলাদেশ এ অঞ্চলে শান্তির পক্ষে। তাই ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি বিবেচনায় নয়, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনাতে রেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এমনটিই বলছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা।

মুক্তিযোদ্ধাদের জন্য চালু হচ্ছে ৪টি নতুন ভাতা-দৈনিক সমকাল

মুক্তিযোদ্ধাদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে এলো সরকার। মাসিক ভাতার পর এবার মুক্তিযোদ্ধাদের জন্য বছরে আরও চারটি নতুন ভাতা চালু করা হচ্ছে। এর মধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের জন্য দুটি ভাতা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো আরও দুটি উৎসব ভাতা দেওয়া হবে। প্রতিটি ভাতার পরিমাণ হবে পাঁচ হাজার টাকা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের (২০১৬-১৭) জাতীয় বাজেটে এই চারটি ভাতা চালুর জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুক্তিযোদ্ধাদের জন্য আপাতত দুই মাসের সম্মানী ভাতার সমপরিমাণ ২০ হাজার টাকা হারে উৎসব ভাতা চালুর জন্য অর্থ বরাদ্দ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। এ জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে দুই লাখ মুক্তিযোদ্ধার জন্য ২০ হাজার টাকা করে মোট ৪০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ওই টাকা .পাওয়ার পর তা চার ভাগ করে এ বছর থেকেই মুক্তিযোদ্ধাদের জন্য চারটি নতুন ভাতা চালু করতে চায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া আগামী অর্থবছর (২০১৭-১৮) থেকে প্রতিটি ভাতা ১০ হাজার টাকা করা হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মোসাদ্দেকের লড়াইয়ের পরও হার বিসিবি একাদশের:টাইগারদের সতর্কবার্তা দিল আফগানরা-দৈনিক যায়যায়দিন

ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। ২৩৪ রানের সাদামাটা লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬৭ রানে শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ফলে ৬৬ রানের বড় পরাজয়ের স্বাদ নিতে হলো তাদের। সাধারণ মানের পুঁজি গড়েও বড় জয় তুলে নিয়ে টাইগারদের সতর্কবার্তাই দিয়ে রাখল আফগানরা। আসগর স্টানিকজাইয়ের দল জানিয়ে দিল, তৈরি হয়েই এসেছে তারা।

আফগানরা যেমন সতর্কবার্তা দিল বাংলাদেশকে, এই ম্যাচে তেমনি আগমনী বার্তা দিয়ে রাখলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচে স্বাগতিকদের সবচেয়ে বড় প্রাপ্তি প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া ২০ বছর বয়সী এই তরুণের সাহসী ব্যাটিং। সতীর্থদের ব্যর্থতার মাঝে এক প্রান্তে দারুণ ব্যাটিং করে ৭৬ রানের ঝকঝকে ১টি ইনিংস উপহার দিয়েছেন তিনি। মোসাদ্দেক বুঝিয়ে দিয়েছেন, টাইগারদের রঙিন পোশাক গায়ে চড়াতে আর ওয়ানডের চ্যালেঞ্জ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

কড়া জবাব কোথায়, ফুঁসছে বিজেপি, নতুন করে ভাবনাচিন্তা করতে হচ্ছে-দৈনিক আনন্দবাজার

দাঁতের বদলে গোটা চোয়াল প্রথম দিনেই খুলে নিতে চেয়েছিলেন যিনি, তাঁর গলাতেই আজ নরম সুর।

তা-ও আবার প্রধানমন্ত্রীর জনসভার ঠিক চব্বিশ ঘণ্টা আগে। কোঝিকোড়ে মোদীর জনসভা নিয়ে বিজেপি-সঙ্ঘের বিরাট প্রত্যাশা রয়েছে। নেতা-কর্মীরা ভাবছেন, প্রধানমন্ত্রী খোলসা করবেন, নিছক কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া উরির ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে আর কী পদক্ষেপ করতে চলেছে সরকার। উরির ঘটনা ঘটতেই সঙ্ঘ থেকে আসা বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেছিলেন, ‘‘দাঁতের বদলে চাই গোটা চোয়াল।’’ আজ কোঝিকোড়ে বিজেপির বৈঠকের ফাঁকে দলে পাকিস্তান বিরোধী কট্টর মুখ সেই রাম মাধবকেই সাংবাদিকদের মুখোমুখি হতে পাঠান অমিত শাহ! উরি নিয়ে ধেয়ে আসা প্রশ্নবাণের মুখে প্রবল অস্বস্তির মধ্যেও রাম মাধবকে দলের দুর্গ সামলাতে হয়েছে। তিনি বলেন, কূটনৈতিক স্তরে অনেক পদক্ষেপ হয়েছে এব‌ং আরও হবে। তবে পাকিস্তানকে জবাব দিতে কূটনীতি ছাড়া আর কোনও পদক্ষেপের হদিস দিতে পারেননি তিনি। বরং তাঁর ব্যাখ্যা, ‘‘জাতীয় পরিষদের বৈঠকের মূল লক্ষ্য দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ মেনে গরিবের কল্যাণ। সেখানেই জোর আমাদের।’’

ভারত-পাকিস্তান দুপক্ষেরই সাজ সাজ রব:রাফাল যুদ্ধবিমান কিনছে দিল্লি, এফ ১৬ মহড়া ইসলামাবাদের- দৈনিক বর্তমান

দুই যুযুধান প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে শুরু হয়ে গেল সামরিক শক্তি প্রদর্শনের মহড়া। দু’পক্ষেরই সাজ সাজ রব। বস্তুত ভারত ও পাকিস্তান উভয়পক্ষই যুদ্ধদামামা বাজিয়ে স্নায়ুর লড়াইয়ে নেমে পড়েছে। একদিকে ভারত প্রত্যাঘাত করতে পারে এই আতঙ্কে আজ পাকিস্তান ইসলামাবাদ-লাহোর হাইওয়ের উপর যুদ্ধবিমানের মহড়া শুরু করে দিয়েছে। জাতীয় সড়ক বন্ধ করে মহড়া চলেছে। পাকিস্তানের এই প্রক্সি হুঁশিয়ারির মধ্যেই ভারত দিয়েছে কড়া বার্তা। সীমান্তে সেনা মোতায়েন তথা অস্ত্র সরবরাহের মাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

নর্দার্ন এবং ওয়েস্টার্ন কমান্ডকে টলহদারি দ্বিগুণ করতে বলা হয়েছে। আজই আবার ফ্রান্সের থেকে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রক্রিয়া সম্পাদন করেছে ভারত। ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে আজ দিল্লির হায়দরাবাদ হাউজে এই চুক্তি হয়েছে। যা ভারতের বিমানবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্ববহ এক সুসংবাদ। ৩৬টি রাফাল জেট কেনা হচ্ছে। এয়ার টু এয়ার মিসাইল রেঞ্জে ১০০ কিমি দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারার ক্ষমতাসম্পন্ন এই যুদ্ধবিমানের বৈশিষ্ট্য হল ৪৫০ মিটার রানওয়ে থেকেই টেক অফ করতে পারে।

দুহাজারেই পুরো সেট, দেশে অবাধে বিকোচ্ছে সেনা জওয়ানের পোশাক- দৈনিক সংবাদ প্রতিদিন

আট মাসের ব্যবধানে পর পর দুটি বড়সড় জঙ্গি হামলা৷ দুটিই সেনা ঘাঁটিতে৷ প্রথমে পাঠানকোট, এবার উরি৷ দুটি হামলাতে জঙ্গিদের রণনীতি ভিন্ন হলেও একটি বিষয়ে মিল আছে৷ সেটি হল, দুই ক্ষেত্রেই জঙ্গিরা ভারতীয় সেনার উর্দি পরে হামলা চালায়৷

ভারতীয় সেনার ইউনিফর্ম থাকায় সেনাঘাঁটির কড়া নিরাপত্তার বলয় পার করে অবাধে ঢুকে হামলা চালাতে সক্ষম হয় জঙ্গিরা৷ রবিবারের এই হামলা ফের একবার পাঠানকোটের হামলার থেকে উঠে আসা প্রশ্নটিকে উসকে দিল৷ ভারতীয় সেনার উর্দি কীভাবে গেল জঙ্গিদের হাতে? তবে তা কী কোনও কঠিন ব্যাপার! কারণ এদেশে টাকা দিলেই তো পাওয়া যায় সেনা জওয়ানের পোশাক৷ পাঞ্জাব, রাজস্থান অথবা পশ্চিমবঙ্গ, দেশের প্রায় প্রত্যেকটি রাজ্যেই অবাধে বিকোচ্ছে সেনা জওয়ানের পোশাক৷ টুপি থেকে বুট, দু’হাজার টাকায় পাওয়া পুরো ইউনিফর্মের সেট৷

মিলছে না যাত্রীর সংখ্যা, মৈত্রী নিয়ে চিন্তায় পুলিশ-দৈনিক আনন্দবাজার

সম্প্রতি রেলের নজরে এসেছে, মৈত্রী এক্সপ্রেসে ঢাকা থেকে কলকাতা স্টেশনে যত যাত্রীর নামার কথা, তা গুনতিতে মিলছে না। কলকাতা স্টেশনে গুনতির সময় যত জন যাত্রী হওয়ার কথা, আসল সংখ্যাটা তার থেকে বেশ কম হচ্ছে। প্রাথমিক ভাবে রেল পুলিশের অনুমান, গেদে থেকে কলকাতায় আসার পথে মাঝ রাস্তায় ট্রেন থামার সুযোগ নিয়ে নেমে যাচ্ছেন বেশ কিছু যাত্রী। আর তাঁদের মধ্যে বিদেশি যাত্রীরাও রয়েছেন। রেল পুলিশের বক্তব্য, এ ভাবে বিদেশি যাত্রীদের মাঝ পথে অজানা জায়গায় নেমে যাওয়া দেশের নিরাপত্তার পক্ষে যথেষ্ট বিপজ্জনক। নিয়ম অনুযায়ী, বিদেশি যাত্রীদের অভিবাসন দফতর এবং পুলিশকে জানাতে হয়, তাঁরা এ দেশে এসে কোথায় যাবেন। এ ক্ষেত্রে কোনও বিদেশি যাত্রী কলকাতা না পৌঁছলে পুলিশের পক্ষে তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

গুরুংকে মমতার হুঁশিয়ারি-দৈনিক আজকাল

রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ফের পাহাড়ে বন্‌ধের হুঙ্কার দিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। সেই পাহাড়ে দাঁড়িয়েই পাল্টা হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানিয়ে দিলেন, ‘‌কাজ করব না, শুধু বন্‌ধ করব, এসব আর চলবে না।’‌ পাশাপাশি কৌশলে মোর্চার জন্য সন্ধির পথও খোলা রাখলেন। বললেন, ‘‌যদি আর্থিক বরাদ্দ চান, আমি দিতে তৈরি। অসুবিধা হলে কথা বলুন। রাজ্য সরকার সব সময় আলোচনার জন্য স্বাগত জানাবে।’‌ এর পরেই পাহাড়ে মোর্চার ধ্বংসাত্মক, জ্বালিয়ে দেওয়ার রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে কড়া অবস্থানের কথা জানিয়ে দেন।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪