অতীতে সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, কংগ্রেসের দাবি খারিজ পারিক্করের
প্রিয় পাঠক/শ্রোতা! ১৩ অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
শোকাবহ আশুরার সরকারি ছুটির কারণে বৃহস্পতিবার ঢাকা থেকে কোনো জাতীয় দৈনিক প্রকাশিত হয়নি। তবে কাগজ প্রকাশ না পেলেও দৈনিকগুলোর অনলাইন ভার্সনে রয়েছে অনেক নতুন খবর। এ ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হচ্ছে-
- তাজিয়া মিছিলে ছিল না রক্ত ঝরানো মাতম
- টানা ৭ম সিরিজ জেতা হলো না টাইগারদের
- খালেদার বিরুদ্ধে কোনো মামলাই মিথ্যা মামলা নয় : শেখ হাসিনা
- বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই: আইজিপি
- টাঙ্গাইলে নিহত জঙ্গি আহসান হাবীব মুক্তিযোদ্ধার সন্তান
- জঙ্গি অপুর লাশ নিতে চান তার বাবা
- ঢাকা দক্ষিণের কাউন্সিলর শেখ হাসিনা-শেখ রেহানা-সায়মা
- জঙ্গিবাদ পরাজিত করা আ. লীগ জাতীয় সম্মেলনের লক্ষ্য : কাদের
- দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ: শিক্ষামন্ত্রী
- বিশ্বব্যাপী প্রতি ৭ সেকেন্ডে একটি করে বাল্যবিবাহ
ভারত:
- শব্দের গেরোয় আটকে ভারত-পাক আলোচনা
- একাদশীতে দিনভর ঠাকুর দেখতে উপচে পড়ল ভিড়
- এবার এক ক্লিকেই খাবার ডেলিভারি পাবেন রেলযাত্রীরা
- অতীতে সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, কংগ্রেসের দাবি খারিজ পারিক্করের
- এবার বাসে পাঞ্জাব সফর রাহুলের
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
তাজিয়া মিছিলে ছিল না রক্ত ঝরানো মাতম- দৈনিক ইত্তেফাক

শিয়া মুসলমানদের তাজিয়া মিছিলের চিরচেনা একটি দৃশ্য হলো— ছুরি, চাবুক দিয়ে নিজেকে রক্তাক্ত করে শোকের মাতমে মেতে ওঠা। কিন্তু সেই দৃশ্যটি এবার দেখা গেলা না রাজধানীর তাজিয়া মিছিলগুলোতে। তবে এই পরিবর্তনটা এসেছে সরকারি সিদ্ধান্তে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নির্দেশনা ছিল, মহররম মাসের মিছিলগুলোতে ছুরি, বল্লম, দা ও তলোয়ারের ব্যবহার করা যাবে না।
গত বছরের ২৪ অক্টোবর রাত পৌনে ২টায় এমনই এক তাজিয়া মিছিলের প্রস্তুতি চলার সময় হোসেনী দালান চত্বরে বোমা হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সাজ্জাদ হোসেন নামের এক যুবক মারা যান, আহত হন অন্তত ৭০ জন। ঢাকার তাজিয়া মিছিলের ৪০০ বছরের ইতিহাসে সেবারই প্রথম সরাসরি শোকের ছায়া নেমে আসে। ফলে এক বছর পর আরেকবার যখন আশুরা উদযাপন করছেন শিয়া মুসলমানরা, তখন আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির মধ্যে অনেক ধর্মীয় আচারও বাদ দিয়েছেন তারা। এতে তাজিয়া মিছিলের আকর্ষণ কিছুটা কমেছে।
সকাল থেকেই হাজারো শিয়া মুসলমান মিছিলে অংশ নিয়েছেন। ফলে পুরান ঢাকার বিভিন্ন স্থানে যানজটও দেখা গেছে। বকশীবাজার, আজিমপুর, নীলক্ষেত মোড়সহ বিভিন্ন স্থানে অন্য ধর্মাবলম্বীরাও তাজিয়া মিছিল দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেছেন। মিছিলটি ধানমন্ডির প্রতীকি কারবালাতে গিয়ে শেষ হয়।
খালেদার বিরুদ্ধে কোনো মামলাই মিথ্যা মামলা নয় : শেখ হাসিনা- দৈনিক যুগান্তর

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতে গিয়ে তার বিরুদ্ধে দেয়া মামলাগুলো মিথ্যা প্রমাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠোনে তিনি এসব কথা বলে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বারবার বলছেন আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। মামলা যদি মিথ্যাই হয়, তবে আপনি আদালতে গিয়ে তা প্রমাণ করুন। আদালত থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেনো?
প্রধানমন্ত্রী বলেন, দশম সংসদ নির্বাচন প্রতিহত ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য যারা পেট্রোল বোমার সন্ত্রাস চালিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, পেট্রোল বোমা আগুন দিয়ে যারা মানুষ পুড়িয়ে মারার হুকুম দিয়েছে তাদের বিচার করা হবে। অপরাধ করবেন আর তার বিচার হবে না তাতো হতে পারে না।
টাঙ্গাইলে নিহত জঙ্গি আহসান হাবীব মুক্তিযোদ্ধার সন্তান- দৈনিক ইত্তেফাক

নওগাঁর রাণীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সন্তান আহসান হাবীব (২৫) র্যাবের অভিযানে টাঙ্গাইলের কাগমারা শহরের মির্জামাঠ এলাকায় নিহত হয়েছে।
এ বিষয়ে জানার পর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জানান, আমার দুই সন্তান। মেয়ে বড় ও আহসান হাবীব ছোট। আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ালেখা করতো। গত ২০১৩ সালে সম্মান তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালে সে অস্ত্রসহ রাজশাহী শহরের জিরো পয়েন্টে গ্রেফতার হয়। এরপর তাকে জামিনে মুক্ত করার পর থেকে নিরুদ্দেশ হয়ে যায়। আমাদের সঙ্গে দীর্ঘ প্রায় ৩ বছর কোন প্রকার যোগাযোগ ছিল না। এ ব্যাপারে আমি রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম।
গত মঙ্গলবার আমি র্যাব সূত্রের মাধ্যমে জানতে পারি যে গত শনিবার (৮ অক্টোবর) আহসান হাবীবসহ টাঙ্গাইলের কাগমারা শহরের মির্জামাঠ এলাকায় সকালে জঙ্গি সংগঠনের গোপন বৈঠক চলাকালীন সময়ে র্যাবের অভিযানে নিহত হয়েছে।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফ হোসেন জানান, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন নওগাঁ কোর্টের মুহরি। আমার ভাতিজা আহসান হাবীব খুব মেধাবী ছাত্র ছিল। আমরা কখনো জানতে পারিনি যে আহসান হাবীব নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে।
জঙ্গি অপুর লাশ নিতে চান তার বাবা- দৈনিক মানবজমিন

গাজীপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে আমিমুল এহসান অপুর লাশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন তার বাবা আবদুল গাফফার। তবে অপুর বড় ভাই আশিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ মোবাইল ফোনে যোগাযোগ করে গাজীপুরে জঙ্গিবিরোধী অভিযানে আমিমুল এহসান অপুর নিহতের বিষয় নিশ্চিত করার পর লাশ সনাক্তের জন্য তাঁকে (আশিকুর রহমান) গাজিপুর থানায় যেতে বলা হয়েছে। ডিবি পুলিশের কথামতে অপুর লাশ সনাক্তের জন্য বড় ভাই আশিকুর রহমান গাজীপুরের উদ্যোশে রওনা দিয়েছেন।
তবে লাশ সনাক্তের পর যদি প্রশাসন তাদেরকে অপুর মরদেহ দিতে চায় তাহলে সেই লাশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন তার বাবা। পারিবারিক সুত্রে জানা গেছে, গত বছরের ৪ঠা অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন অপু। ছেলে নিখোঁজের ব্যাপারে বাবা আবদুল গাফফার কালাই থানায় গত বছরের ৬ই অক্টোবর সাধারণ ডায়েরি করেছিলেন। আমিমুল এহসান অপু ২০১০ সালে কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর বগুড়ার কম্পিউটার সাইন্স এন্ড বিজনেস স্টাডিস ইনষ্টিটিটিউশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশুনা করতেন।
জঙ্গিবাদ পরাজিত করা আ. লীগ জাতীয় সম্মেলনের লক্ষ্য: কাদের- দৈনিক নয়াদিগন্ত

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রধান লক্ষ্য হবে উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে পরাজিত করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে পরাজিত করে জাতির পিতা বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে এ সম্মেলনের প্রধান অঙ্গীকার।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরোধিতা করার মতো প্রকাশ্য শত্রু নেই। কিন্তু গোপন শত্রু সাম্প্রদায়িক উগ্রবাদ সক্রিয় রয়েছে। দলের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির দপ্তর উপ-কমিটির আহবায়ক ওবায়দুল কাদের আজ বিকেলে নগরীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দপ্তর উপ-কমিটির বৈঠকে এ কথা বলেন।
দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ: শিক্ষামন্ত্রী- দৈনিক ইত্তেফাক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনায় থাকে তখন দেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।' তিনি বলেন, 'দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ। তাই দেশ ও জাতির উন্নয়নে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।'
বুধবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি-জামায়াতের সময়ে উন্নয়নের বদলে শুধু লুটপাট হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, 'তারা দেশকে কয়েকশ' বছর পিছিয়ে দিয়েছে।'
বর্তমান সরকার আমাদের প্রিয় বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করে তিনি বলেন, 'কিন্তু সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রা সহ্য করতে পারছে না বিএনপি ও তারা সহচররা। তারা দেশের উন্নয়ন বিঘ্নিত করতে একের পর এক অপচেষ্টা চালাচ্ছে।'
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
শব্দের গেরোয় আটকে ভারত-পাক আলোচনা- দৈনিক আনন্দবাজার

জটিলতা একটি শব্দকে ঘিরে। আপাতত সেই শব্দটিই ভারত ও পাকিস্তানের সচিব পর্য়ায়ের আলোচনা শুরুর পথে প্রধান বাধা। উরিতে হামলা— তার পর ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’। দু’দেশের মধ্যে এখন অবশ্য প্রথা মোতাবেক পর্দার আড়ালে ‘ট্র্যাক-টু’ আলোচনা শুরু হয়েছে। কিন্তু বিদেশসচিব পর্যায়ের আনুষ্ঠানিক আলোচনা শুরু করায় সমস্যার সৃষ্টি হয়েছে শব্দচয়নকে ঘিরে। যা নিয়ে বিতর্ক, সেই শব্দটি হল ‘দ্বিপাক্ষিক’। পাকিস্তান বলছে, আলোচনার নাম দেওয়া হোক, ‘সার্বিক’ বা ‘সুসংহত’ আলোচনা। ইংরেজিতে যাকে বলা হয় ‘কম্পোজিট ডায়লগ’। অতীতে যেমন বলা হতো। কিন্তু ভারত বলছে ‘না’। কাগজে-কলমে লিখে দিতে হবে, এই আলোচনার নাম হচ্ছে ‘দ্বিপাক্ষিক’ আলোচনা।
নরেন্দ্র মোদী নাটকীয় ভাবে চলে গিয়েছিলেন লাহৌরে নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে। তার পর থেকেই এই বিবাদের শুরু। মোদীর সফরের পরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানে পৌঁছন ‘ফলো-আপ’ বৈঠক করতে। সে সফরে সুষমার সঙ্গে নওয়াজ শরিফের মা ও গোটা পরিবারের অনেক আড্ডাও হয়েছিল। কিন্তু যেই না দু’দেশের বিদেশসচিবের পর্যায়ের বৈঠক শুরু হয়, তখনই দু’পক্ষের বিবাদ বাধে ওই শব্দটি নিয়ে। সুষমার সামনেই দুই বিদেশসচিবের কথা কাটাকাটি হয় ‘দ্বিপাক্ষিক’ শব্দটি নিয়ে। কিন্তু এই শব্দটির মধ্যে এমন কী লুকিয়ে রয়েছে, যা জন্ম দিচ্ছে সংঘাতের? সে দিন কিন্তু দু’পক্ষের কেউই এ নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি।
অতীতে সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, কংগ্রেসের দাবি খারিজ পারিক্করের- দৈনিক সংবাদ প্রতিদিন
সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিজেপি-কংগ্রেসের চাপান-উতোরে এবার মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর৷ জানালেন, অতীতে কোনও সার্জিক্যাল স্ট্রাইক হয়নি৷ যা হয়েছে তাকে বড়জোর কভার্ট অপারেশন বলা যেতে পারে৷
সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে কোমর বেঁধে নেমেছে আরএসএস ও বিজেপি৷ যদিও প্রধানমন্ত্রী নিজে বলেছেন, এ নিয়ে বড়াই না করতে৷ কিন্তু নিচুতলার কর্মীরা উচ্ছ্বাস চেপে রাখতে নারাজ৷ কৌশলগতভাবেই বিজেপি পাক জঙ্গি নিধনের সাফল্যকে রাজনৈতিক হাতিয়ার করে তুলেছে৷ পাল্টা আক্রমণ করেছে কংগ্রেসও৷ একদিকে যেমন রাহুল গান্ধী মোদিকে ‘মওত কা সওদাগর’ বলেছেন, জওয়ানের রক্ত নিয়ে ‘দালালি’র অভিযোগ তুলেছেন, অন্যদিকে কংগ্রেসের দাবি, সার্জিক্যাল স্ট্রাইক ইউপিএ সরকারের আমলেও হয়েছিল৷ কিন্তু বিজেপি সরকারের মতো তার সাফল্য প্রচার করা হয়নি৷ তবে এদিন প্রতিরক্ষা মন্ত্রী সে দাবি খারিজ করে দিলেন৷ জানালেন, তিনি যতদূর জানেন এরকম কোনও সার্জিক্যাল স্ট্রাইক অতীতে হয়নি৷ যা হয়েছে তাকে তিনি ‘কভার্ট অপারেশন’ বলছেন৷ অর্থাৎ আগে শত্রু খতম করে পরে তা সরকারকে জানানো হয়েছে৷ কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে প্রশাসনই সিদ্ধান্ত নিয়েছে৷ পরিকল্পনা মাফিক শত্র্রুপক্ষের জঙ্গি লঞ্চপ্যাডে হানা দিয়ে ধ্বংস করা হয়েছে৷ এ ধরনের অপারেশন আগে কখনও হয়নি বলেই দাবি পারিক্করের৷
এবার বাসে পাঞ্জাব সফর রাহুলের- দৈনিক আজকাল

উত্তরপ্রদেশের পর এবার পাঞ্জাব। দেওয়ালির কাছাকাছি বাসে চেপে চার দিন পাঞ্জাব সফর করবেন কংগ্রেস সহ–সভাপতি রাহুল গান্ধী। ঘুরবেন রাজ্যের গ্রামাঞ্চলে। কথা বলবেন কৃষকদের সঙ্গে। উত্তরপ্রদেশে রাহুলের কিসান যাত্রার প্রথম দফা যে–ধরনের সাড়া ফেলেছে, তাতেই উৎসহিত হয়ে নির্বাচনী রণকৌশল বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর পাঞ্জাবেও একই রকম যাত্রার পরিকল্পনা করেছেন। নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে বিশেষ বাস। তৈরি হচ্ছে বাসে রাহুলের সঙ্গে আর কারা সফর করতে পারবেন, সেই নেতাদের নামের তালিকাও। এস পি জি চার থেকে পঁাচজনের বেশি কংগ্রেস নেতাকে বাসে ঠঁাই দিতে নারাজ। তাই রাজ্য কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং পড়েছেন ফাঁপরে। খোঁজা হচ্ছে রফাসূত্র। যাতে রাহুলের এই সফর ঘিরে দলে অন্তর্দ্বন্দ্ব মাথাচাড়া না দেয়। জানা গেছে, বিধানসভা ভোটের আগে রাহুলের পাঞ্জাব সফর হবে মূলত মালওয়া–কেন্দ্রিক। বাস–যাত্রার জন্য ওই অঞ্চলকে বেছে নেওয়ার কারণ, রাজ্যে কৃষি–সঙ্কটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মালওয়া ক্ষেত্রই। কংগ্রেসিদের আশা, রাহুলের সফর দলকে যথেষ্ট চাঙ্গা করবে। তবে শুধু রাহুলের সফরেই সন্তুষ্ট নন অমরিন্দর। প্রিয়াঙ্কাকে দিয়েও এমন বাস–যাত্রা করানো সম্ভব কি না, তাও নাকি খতিয়ে দেখতে প্রশান্ত কিশোরকে অনুরোধ করেছেন পাটিয়ালার মহারাজা।
একাদশীতে দিনভর ঠাকুর দেখতে উপচে পড়ল ভিড়- দৈনিক বর্তমান
বৃষ্টি অসুর কেড়ে নিয়েছিল অষ্টমী-নবমীর আনন্দ। তাই রাস্তায় নেমে, মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়ে মহানগরের বাসিন্দারা সেই অতৃপ্ত আনন্দকে পুষিয়ে নিলেন একাদশীতে। ঘূর্ণাবর্তের আতঙ্কে পুজোর আগে থেকেই আশঙ্কায় ছিলেন মানুষজন। তা সত্ত্বেও সপ্তমীতে ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে মণ্ডপ-প্রতিমা দর্শন থেকে বিরত হননি তাঁরা। কিন্তু অষ্টমী-নবমীর সন্ধ্যার তুমুল বৃষ্টি সেই আনন্দের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। দশমীতে সেই পরিমাণ বৃষ্টি না হলেও, কোথাও কোথাও সামান্য বৃষ্টি কাঁটা হয়ে দাঁড়িয়েছিল প্রতিমা দর্শনে। কিন্তু একাদশীতে কোনও বাধা মানতে রাজি নন উৎসাহী মানুষজন। বুধবার মহরম থাকায় সরকারি নির্দেশে কোনও প্রতিমাই নিরঞ্জন হয়নি। তাই এই সুযোগ আর হাতছাড়া করতে চাননি দর্শনার্থীরা। বুধবার ভোর থেকেই উৎসাহী লোকজনের ভিড় জমতে থাকে। শুধু কলকাতা নয়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমানসহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এদিন সকালেই শহরে হাজির হয়েছেন।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩