আওয়ামী লীগের জাতীয় সম্মেলন: পদ বাড়াতে পরিবর্তন আসছে গঠনতন্ত্রে
প্রিয় পাঠক/শ্রোতা! ২০ অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- আওয়ামী লীগের জাতীয় সম্মেলন: পদ বাড়াতে পরিবর্তন আসছে গঠনতন্ত্রে
- জঙ্গিবাদে মদদদাতাদেরও বিচার হবে: প্রধানমন্ত্রী
- সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি হারাতে পারে?
- রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থানান্তরে ইউনেস্কোর সুপারিশ মেনে নেয়ার আহবান
- বৈদেশিক সহায়তা পাওয়া যাচ্ছে না: বাতিল হচ্ছে রেলের গুরুত্বপূর্ণ ৭ প্রকল্প
- দুর্নীতির সম্পদ ভোগ করতে দেওয়া হবে না: দুদক মহাপরিচালক
- ডিজিটাল মনিটরিংয়ের আওতায় ৩৬০০০ শিক্ষাপ্রতিষ্ঠান
- আমাদের কেউ দাম দেয় না : এরশাদ
- উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রীর ওপর হামলা
- নয়া ইতিহাসের পথে তামিম-ইমরুল জুটি
ভারত:
- ভারত শুধু ঘেউ ঘেউ করবে, আর কিছু পারবে না: তীব্র অসৌজন্য চিনের
- নিঃশব্দে ভারত-রুশ চুক্তি, আরও একটি পরমাণু সাবমেরিন পাচ্ছে নৌসেনা
- দেশের জন্য যিনি প্রাণ দেন তিনিই ‘শহিদ’: দিল্লি হাই কোর্ট
- ফের পাক বাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন কাশ্মীরে, জখম জওয়ান
- দলিতকে ক্লাসে মারধর, ভিডিও প্রকাশ্যে
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
জঙ্গিবাদে মদদদাতাদেরও বিচার হবে: প্রধানমন্ত্রী- দৈনিক সমকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কোনোভাবেই জঙ্গিবাদ ও সন্ত্রাসকে প্রশ্রয় দেবো না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো রকম জঙ্গিবাদ এই বাংলার মাটিতে সহ্য করা হবে না। আর যারা এর পক্ষ নেবে, মদদ দেবে, আশ্রয়-প্রশ্রয় দেবে- তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিচারের মুখোমুখি করা হবে।
বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
দলের জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব সরকার গৃহীত উন্নয়ন, অগ্রযাত্রা ও দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, আওয়ামী লীগই পারবে এদেশের মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে। দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন- সবকিছুই আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের এতো উন্নয়ন হচ্ছে, মানুষের অর্থনৈতিক মুক্তি হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি হারাতে পারে?- দৈনিক প্রথম আলো

আগামী বছরের ২০ মার্চ সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার ২০ বছর পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু ওই বছরই বিশ্ব ঐতিহ্যের সম্মানের তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ যেতে পারে। নাম লেখাতে পারে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায়। গত মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য কেন্দ্র সুন্দরবনের ব্যাপারে সর্বশেষ যে অবস্থান জানিয়েছে, তাতে এসব কথা বলা হয়েছে।
বাংলাদেশ যদি সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মানকে ধরে রাখতে চায়, তাহলে ইউনেসকো বাংলাদেশকে তিনটি উদ্যোগ নিতে বলেছে। ১. রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সুন্দরবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। ২. গঙ্গা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ কমে গেছে। ফলে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ বাড়াতে হবে। ৩. সুন্দরবন ঘিরে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ যেসব শিল্পকারখানা গড়ে উঠছে, সে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত পরিবেশগত প্রভাব সমীক্ষা করতে হবে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থানান্তরে ইউনেস্কোর সুপারিশ মেনে নেয়ার আহবান- দৈনিক নয়াদিগন্ত

অবিলম্বে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে অন্য কোনো সুবিধাজনক স্থানে সেটি স্থানান্তরে ইউনেস্কোর সুপারিশকে গুরুত্বের সাথে গ্রহণের আহবান জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার জাতিসঙ্ঘের বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের সচিবালয় পরিচালিত বিশ্ব ঐতিহ্য কমিটির পর্যবেক্ষণ মিশন ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব ন্যাচার (আইউসিএন) এই আহবান জানায়।
এতে তারা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে অন্য কোনো সুবিধাজনক স্থানে স্থানান্তর করার আহ্বান জানিয়েছে যাতে সুন্দরবনের সংরক্ষিত ও বিশ্ব ঐতিহ্য এলাকার উপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় কমিটির নেতৃবৃন্দ সরকারের প্রতি অবিলম্বে সুন্দরবনের নদী খনন ও রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রকাশ্য ঘোষনাণা দেয়ার দাবি জানান।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন: পদ বাড়াতে পরিবর্তন আসছে গঠনতন্ত্রে- দৈনিক প্রথম আলো

আসন্ন জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আসছে। কেন্দ্রীয় কমিটির আকার বৃদ্ধির জন্য গঠনতন্ত্রে পরিবর্তন আসছে। যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনি পরিবারের সদস্যদের জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টিও থাকবে গঠনতন্ত্রে।
জাতীয় সম্মেলন উপলক্ষে গত ১২ এপ্রিল ১১টি উপকমিটি গঠন করে আওয়ামী লীগ। এর মধ্যে ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের জন্য আলাদা দুটি উপকমিটি রয়েছে। এই দুই কমিটি ইতিমধ্যে খসড়া গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি করেছে। এই খসড়া থেকেই উল্লিখিত পরিবর্তনের তথ্য জানা গেছে।
দুর্নীতির সম্পদ ভোগ করতে দেওয়া হবে না: দুদক মহাপরিচালক- দৈনিক সমকাল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেছেন, দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ ভোগ করতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
দুদক মহাপরিচালক বলেন, দুর্নীতিবাজদের সম্পাদ আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে আনা হবে। একই সঙ্গে ঘুষের মামলায় যাদের গ্রেফতার করা হবে, তাদের কাছ থেকে ওই টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
বৈঠকে উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে মুনীর চৌধুরী কর্মকর্তাদের নির্ভয়ে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে বলেন, যারা দুর্নীতি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শুধু চুনোপুঁটি নয়, পুকুর সেচে পানি শূন্য করে সব মাছ ধরে আনা হবে।
বৈদেশিক সহায়তা পাওয়া যাচ্ছে না: বাতিল হচ্ছে রেলের গুরুত্বপূর্ণ ৭ প্রকল্প

বৈদেশিক সহায়তা না পাওয়ায় বাতিল হচ্ছে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ ৭ প্রকল্প। বছরের পর বছর অপেক্ষা করেও প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পাওয়া যায়নি। এসব প্রকল্প বাস্তবায়নের মেয়াদও শেষ হয়ে গেছে। এ অবস্থায় প্রকল্প বাতিলের বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বলা হয়েছে, বিশ্বব্যাংকসহ অন্য দাতাদের সাড়া না পাওয়ায় এসব প্রকল্প বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা গেছে, ৭ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় ২ হাজার ৭০৮ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক সহায়তাই ছিল ২ হাজার ৪৪২ কোটি টাকা।
এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন যুগান্তরকে বলেন, বৈদেশিক সহায়তা পাওয়ার আশায় ৭ প্রকল্প হাতে নেয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও অর্থায়ন নিশ্চিত না হওয়ায় তালিকা থেকে এখন বাদ দেয়া হচ্ছে। কেননা বাস্তবায়ন নেই অথচ হিসেবে থাকলে খারাপ দেখায়। তবে গুরুত্বের কথা বিবেচনা করে বৈদেশিক অর্থায়ন পাওয়া গেলে আবারও এসব প্রকল্প হাতে নেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি প্রকল্পে সরকারি তহবিলের সামান্য অর্থ ব্যয় হয়েছে। বাকিগুলোর কাজই শুরু করা হয়নি।
ডিজিটাল মনিটরিংয়ের আওতায় ৩৬০০০ শিক্ষাপ্রতিষ্ঠান- দৈনিক মানবজমিন

শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়ম ধরবে এবার সফটওয়্যার। শুধু অনিয়ম-দুর্নীতি নয়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও প্রতিষ্ঠানের সব তথ্য দৈনিক ইনপুট হবে এই সফটওয়্যারে। এর মাধ্যমে বের হয়ে আসবে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক চিত্র। জানা যাবে শিক্ষার্থী, শিক্ষকদের সকল তথ্য। বন্ধ হবে অনিয়ম ও দুর্নীতি। শিক্ষাপ্রতিষ্ঠানের এ কাজের দায়িত্ব পেয়েছে এমপিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান অডিটের দায়িত্বে থাকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। আর এ পদ্ধতির নাম দেয়া হয়েছে পিয়ার ইন্সপেকশন। এর মাধ্যমে দেশের ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আসবে। আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই সফটওয়্যারের ডামি উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ডিসেম্বর থেকে শুরু হবে এই সফটওয়্যারের কার্যক্রম।
আমাদের কেউ দাম দেয় না : এরশাদ- দৈনিক ইত্তেফাক

জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিরোধীদল হিসেবে কেউ আমাদের দাম দেয় না। বিদেশিরা এসে দেখা করে না। কি লাভ হল আমাদের?
বুধবার সন্ধ্যায় রংপুরের কেরানিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জাতীয় পার্টি (এ) আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, এভাবে দেশ চলতে পারে না। দেশে পরিবর্তন আনতে হবে।
জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার, রংপুর জেলা আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব হোসেইন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর সদস্য সচিব এসএম ইয়াসির প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ছাত্রীর ওপর হামলা- দৈনিক যায়যায়দিন
রাজধানীর মিরপুরে দুই কলেজছাত্রীর ওপর হামলা হয়েছে। বুধবার দুপুরে মিরপুরের বিসিআইসি কলেজের বিপরীতে একটি দোকানে এ ঘটনা ঘটে। হামলার শিকার এই দুই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় একজনের বাঁ পা ভেঙে গেছে এবং অপর শিক্ষার্থী কোমরে আঘাত পেয়েছেন। আহত দুজনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় জীবন করিম নামের এক যুবককে আসামি করে শাহ আলী থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের শিকার হওয়া দুই ছাত্রী পূর্ব মণিপুরের বাসিন্দা। সম্পর্কে তারা যমজ বোন। গতকাল দুপুরে ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন এ দুই ছাত্রী। এ সময় বাসে উঠতে গেলে তাদের উত্ত্যক্ত করতে থাকে জীবন করিমসহ আরও তিন যুবক। একপর্যায়ে যুবকরা দুই ছাত্রীকে মারধর করেন। খবর পেয়ে কলেজের শিক্ষকরা এগিয়ে এলে তাদের ওপর চড়াও হন জীবন ও তার সঙ্গীরা।
নয়া ইতিহাসের পথে তামিম-ইমরুল জুটি- দেনিক মানবজমিন

বাংলাদেশ ক্রিকেটে ওপেনিং জুটি নিয়ে আলোচনা অনেক পুরনো। ক্রিকেটে তিন ফরমেটে ওপেনিং জুটি এখনও টাইগারদের দুশ্চিন্তার নাম। কিন্তু এরই মাঝে আশার আলো জ্বেলেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ওয়ানডে ও টেস্ট দুই ফরমেটেই এখন তারা সেরা জুটি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে এই জুটি এখন অনন্য এক ইতিহাসের পথে। এরই মধ্যে এ জুটি ৪২ ইনিংসে ২০১৩ রান করেছেন। টেস্টে এটা ২০তম সেরা ওপেনিং জুটি। আর এশিয়ার মধ্যে এটি পঞ্চম সেরা জুটি। ক্রিকেটে এই অভিজাত ফরমেটে এখনও সেরা ওপেনিং জুটি ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ থেকে ১৯৯১ পর্যন্ত এই জুটি ১৪৮ ইনিংসে করেন ৬৪০২ রান। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গার, তৃতীয় স্থানে ইংল্যান্ডের অ্যালিস্টার কুক-অ্যান্ড্রু স্ট্রাউস, চতুর্থ স্থানে শ্রীলঙ্কার মারভান আতাপাতু-সনাথ জয়সুরিয়া ও পঞ্চম স্থানে ভারতের দুই ওপেনার গৌতম গাম্ভীর-বীরেন্দর
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
দেশের জন্য যিনি প্রাণ দেন তিনিই ‘শহিদ’: দিল্লি হাই কোর্ট- দৈনিক সংবাদ প্রতিদিন
দেশের জন্য যিনি প্রাণ দেন তিনিই শহিদ৷ এর জন্য সরকারের কোনও শংসাপত্রের প্রয়োজন নেই৷ এক জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে এই মন্তব্য করল দিল্লি হাইকোর্টের ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও ভি কামেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ৷
জনস্বার্থ এই মামলায় দাবি করা হয়েছি ভারতীয় সেনাবাহিনীর বায়ুসেনা, স্থলবাহিনী ও নৌবাহিনীর মতোই শহিদের তকমা দেওয়া হোক সেই সমস্ত আধাসেনা ও পুলিশ কর্মীদেরও, যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন৷ এর পরিপ্রেক্ষিতেই দুই বিচারপতি বলেন, সেনার তিন বিভাগের কোন নিয়মাবলিতে ‘শহিদ’ শব্দটির উল্লেখ নেই৷
এমনকী প্রতিরক্ষা মন্ত্রকের কোনও আদেশ-নির্দেশেও এই শব্দের উচ্চারণ নেই৷ নেই স্বরাষ্ট্রমন্ত্রকের কোনও নির্দেশিকাতেও৷ দেশের জন্য এবং সমাজের বৃহত্তর স্বার্থের জন্য যাঁরা প্রাণ দেন, তাঁরাই আসল ‘শহিদ’৷ এর জন্য সরকার কোনও অন্য প্রতিষ্ঠানের লিখিত প্রশংসাপত্রের প্রয়োজন নেই৷
নিঃশব্দে ভারত-রুশ চুক্তি, আরও একটি পরমাণু সাবমেরিন পাচ্ছে নৌসেনা- দৈনিক আনন্দবাজার
রাশিয়া থেকে আরও একটি পরমাণু শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন আনতে চলেছে ভারত। গোয়ায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকেই ভারত ও রাশিয়ার মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে বলে রুশ সংবাদমাধ্যম সূত্রের খবর। আকুলা-২ শ্রেণির এই পারমাণবিক অ্যাটাক সাবমেরিন ভারতের হাতে ইতিমধ্যেই একটি রয়েছে। কিন্তু ভবিষ্যৎ পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত আরও একটি আকুলা-২ সাবমেরিনকে নৌসেনার অন্তর্ভুক্ত করতে চাইছে ভারত।
প্রখ্যাত রুশ সংবাদপত্র ভেদোমোস্তি-তে প্রকাশিত একটি প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘রাশিয়ার প্রতিরক্ষা শিল্প মহল সূত্রের খবর, রুশ নৌসেনা থেকে একটি মাল্টিপারপাস প্রোজেক্ট ৯৭১ নিউক্লিয়ার সাবমেরিন ভারতকে দেওয়ার বিষয়ে যে চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল, সে চুক্তিটি গোয়ায় স্বাক্ষরিত হয়েছে।’’ রুশ সংবাদপত্রের এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত কিন্তু এই চুক্তিটির ব্যাপারে কোনও খবর সামনে আসেনি।
ফের পাক বাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন কাশ্মীরে, জখম জওয়ান- দৈনিক বর্তমান
ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক বাহিনী। বুধবার বিকাল সাড়ে ৪টে নাগাদ জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরের ভীমবেরগলি এলাকায় পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ব্যাপক গোলাবর্ষণ করে। গুলিতে জখম হন এক জওয়ান। পালটা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। সেনা মুখপাত্র জানিয়েছেন, ওপার থেকে ভারতীয় ভূখণ্ডে মর্টার এসে পড়েছে। পাশাপাশি, ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোঁড়ে পাক বাহিনী। সার্জিকাল স্ট্রাইকের পর এই নিয়ে ৩০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান।
ভারত শুধু ঘেউ ঘেউ করবে, আর কিছু পারবে না: তীব্র অসৌজন্য চিনের- দৈনিক আনন্দবাজার
ভারতের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার শুরু করল চিন। ভারতের সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি চিনা পণ্য বয়কটের ডাক দিয়ে যে সব পোস্ট দেখা যাচ্ছে, তার প্রতিক্রিয়াতেই বেজিং-এর এই বিষোদ্গার। কমিউনিস্ট সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এ লেখা হয়েছে, ‘ঘেউ ঘেউ’ করা ছাড়া আর কিছুই করার নেই নয়াদিল্লির।
উরিতে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাক উত্তেজনা যেমন বেড়েছে, তেমন ভাবেই ভারত-চিন সম্পর্কেও তিক্ততা তৈরি হয়েছে। চিন বার বার পাকিস্তানের পাশে দাঁড়ানোর জেরেই ভারতের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্কে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তার মধ্যেই জইশ-প্রধান মাসুদ আজহারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা চিন ভেস্তে দিয়েছে। ফলে ভারতীয় জনমানসেও চিন সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তার প্রতিফলন দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবস্থাকে হাতিয়ার করে অনেকে চিনা পণ্য বয়কট করার আহ্বান রেখেছেন ভারতবাসীর সামনে।
দলিতকে ক্লাসে মারধর, ভিডিও প্রকাশ্যে- দৈনিক আজকাল
একে দলিত। তার ওপর পড়াশোনায় তুখড়। এই ‘অপরাধে’ গত ২ বছর ধরে প্রতিদিন ক্লাসে লাথি–ঘুষি চালাত দুই উচ্চশ্রেণীর পড়ুয়া। সঙ্গে অকথ্য গালিগালাজ। প্রতিবাদ করলে মুখে থু–থু। মুজফ্ফরাবাদের স্কুলের সেই ভিডিও–ই এখন প্রকাশ্যে। ওই দুই পড়ুয়ার বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে নিগৃহীতের মামা। অভিযুক্তদের বাবা কুখ্যাত অপরাধী। তাই ইতিমধ্যেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি আসছে। নিগৃহীতের স্কুল যাওয়া বন্ধ। মার্চে বার্ষিক পরীক্ষা। চিন্তা, পরীক্ষায় আদৌ বসতে পারবে তো! ১৬ বছরের এই কিশোরের বাবা বিহারের এক গ্রামের স্কুল শিক্ষক। ছেলেকে উচ্চশিক্ষা দেবেন বলে মুজফ্ফরনগরে মামার কাছে পাঠিয়ে দেন। সেখানেই সরকারি স্কুলে ভর্তি হয় কিশোর। বাবার ইচ্ছা রেখে প্রতি পরীক্ষায় ভাল নম্বর পেতে শুরু করে কিশোর। তাতেই উচ্চশ্রেণীর সহপাঠীর রোষে। তার সঙ্গে হাত মিলিয়ে অত্যাচার করত সহপাঠীর ভাইও।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০