অক্টোবর ২৬, ২০১৬ ০৭:১৯ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৬ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • আওয়ামী লীগের অনেক পরিবর্তন আসছে: ওবায়দুল কাদের
  • আওয়ামী লীগের হাইকমান্ড: দল ও সরকারকে পৃথক করার উদ্যোগ
  • দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: রিজভী
  • ডিএসসিসিতে লুটপাটের ‘ডাবল ওয়ার্ক অর্ডার’ কৌশল: এক নামে উন্নয়ন, অন্য নামে ভাগবাটোয়ারা
  • চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি বেড়ে ৭.১১ শতাংশ
  • বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা: জাল সনদে বেশুমার শিক্ষক
  • তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের অংশ বেড়েছে
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ নৌমহড়া শুরু
  • চলতি বছরেই নৌবাহিনীর বহরে দু’টি সাবমেরিন যুক্ত হবে
  • ঢাকা কেন দিল্লিকে চাপ দিচ্ছে না- তিস্তা চুক্তি নিয়ে বিমান বসুর বিস্ময়

ভারত:

  • নাগরিকত্ব বিল বাতিলের দাবি তুললেন মমতা
  • মুলায়মের ধমক খেয়ে শিবপালকে মন্ত্রিসভায় ফেরাচ্ছেন অখিলেশ
  • দলত্যাগীরা বিধায়ক কেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ মান্নান
  • সাইরাসের অপসারণ নিয়ে টাটা সাম্রাজ্যে দিনভর চাপানউতোর
  • বাংলাকে স্বস্তি দিয়ে পিছু হটছে ঘূর্ণিঝড় ‘কিয়ান্ত’

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আওয়ামী লীগের অনেক পরিবর্তন আসছে: ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের অনেক পরিবর্তন আসছে। নেতাকর্মীদের জনগণের সঙ্গে ভাল আচরণ করতে হবে। যারা জনগণের সঙ্গে আচরণ খারাপ করবে, যাদের অপকর্মের কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন নিয়ে প্রশ্ন থাকবে।

মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তুলনামূলক কম পরিচিত অনেক নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে চমকের কিছু নেই। প্রেসিডিয়ামে যারা নতুন এসেছেন, তাঁদের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে। ঢাকার পাদ-প্রদীপের আলোয় তাঁরা নেই। কিন্তু নিজের এলাকা তৃণমূলে তাঁরা অত্যন্ত অভিজ্ঞ, পোড় খাওয়া এবং আমাদের নেত্রী তৃণমূল থেকে অনেককে টেনে এনেছেন। যেমন চট্টগ্রামের এ বি এম মহিউদ্দিনের ছেলেকে নৌফেলকে আনা হয়েছে। কিন্তু ঢাকায় তিনি পরিচিত না, চট্টগ্রামে তাঁর পরিচিতি আছে। সেখানে তিনি কাজ করতেন।’ ছাত্রলীগের সাবেক নেতাদের এবারের কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, কমিটিতে আরও নতুন মুখ আসবে।’

আওয়ামী লীগের হাইকমান্ড: দল ও সরকারকে পৃথক করার উদ্যোগ- দৈনিক যুগান্তর

ক্ষমতাসীন দল ও সরকারের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পৃথক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কোনো নেতা একই সঙ্গে মন্ত্রিসভাসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের গুরুত্বপূর্ণ পদে থাকলে দুই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হয় না- এমন ধারণা থেকেই এ নীতি অনুসরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। যার প্রতিফলন ঘটেছে ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত শাসক দলের কমিটিতে। গত কমিটিতে থাকা তিন মন্ত্রীকে নতুন কেন্দ্রীয় কমিটির বাইরে রাখা হয়েছে। পর্যায়ক্রমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা দলের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করবেন, তাদের সরকারি পদ থেকে সরিয়ে নেয়ার চিন্তাভাবনা রয়েছে। আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্রগুলো যুগান্তরকে এসব তথ্য জানিয়েছে।   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪-এর জানুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে এ উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি নিজেই দলের সভাপতির পদ ছেড়ে দেন। তখন সভাপতি হন এএইচএম কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন জিল্লুর রহমান। একাধিক মন্ত্রীকেও বঙ্গবন্ধুর পথ অনুসরণ করতে হয়েছিল। গত কয়েক বছর ধরেই বঙ্গবন্ধুর ওই উদ্যোগ নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ডে ইতিবাচক আলোচনা শোনা গেছে। সে থেকেই সংগঠনের হাইকমান্ড দলকে সরকার থেকে আলাদা করার তাগিদ অনুভব করেছে।

দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন: রিজভী- দৈনিক নয়াদিগন্ত

অবিলম্বে নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন এবং জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে আওয়ামী লীগের নতুন কমিটির কাছে আহ্বান জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, দেশবাসী প্রত্যাশা করে আওয়ামী লীগের নতুন কমিটির দেশের হৃত গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশের সঙ্কট নিরসনে কাজ করবে। সেইসাথে আমরাও নতুন কমিটির কাছে প্রত্যাশা করবো- তারা অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবে। সেইসাথে নিরপেক্ষ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন দেয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। রিজভী বলেন, অতীতেও সার্চ কমিটি গঠনের মাধ্যমে এমন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছে। আবারো যদি একই ধরনের নির্বাচন কমিশন গঠন করা হয় তাহলে দেশের গণতন্ত্র এবং রাজনীতির স্থান হবে গোরস্থান।

ডিএসসিসিতে লুটপাটের ডাবল ওয়ার্ক অর্ডার কৌশল: এক নামে উন্নয়ন, অন্য নামে ভাগবাটোয়ারা- দৈনিক সমকাল

রাস্তা একটাই। কিন্তু নাম দেওয়া হয়েছে ভিন্ন। পৃথক দুটি নাম দিয়ে একই রাস্তার উন্নয়নের জন্য ঠিকাদারকে দেওয়া হয়েছে পৃথক দুই কার্যাদেশ। উদ্দেশ্য ছিল, একজন ঠিকাদারকে দিয়ে কাজ করাবে, আর অন্য ঠিকাদারের বিলের পুরো টাকা তুলে নিয়ে ঠিকাদার ও কর্মকর্তারা ভাগবাটোয়ারা করে নেবেন। এভাবে ৭ কোটি টাকা ভাগাভাগির সব কিছু চূড়ান্ত করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি চক্র। হুট করে একজনকে বদলি করে দেওয়ার পরপরই বিষয়টি ধরা পড়ে যায়। নতুন দায়িত্ব নেওয়া কর্মকর্তা গিয়েই দেখতে পান তেলেসমাতি কাণ্ড। তখনই তছনছ হয়ে যায় চক্রটির নীলনকশা। এ প্রসঙ্গে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন সমকালকে বলেন, প্রথমে একটি অভিযোগ আসে। তারপরই তিনি সেটা তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তে দেখা যায় ঘটনা সত্য, একই রাস্তার বিপরীতে দুটি কার্যাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যয়ও ধরা হয়েছে অনেক বেশি। তবে দ্বিগুণ ব্যয় নির্ধারণের জন্য যেটা বলা হচ্ছে, সেটা হয়তো ঠিক না। কিছু ব্যয় যে বেশি ধরা হয়েছে এটা সত্য। এ জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি বেড়ে ৭.১১ শতাংশ- দৈনিক যায়যায়দিন

চূড়ান্ত হিসাবে গত অর্থবছরে বাংলাদেশে ৭ দশমিক ১১ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) অর্জিত হয়েছে, যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আগের হিসাবের চেয়ে বেশি। নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো বলেছিল, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক শূন্য ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে যাচ্ছে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, শেষ পর্যন্ত চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি বেড়ে ৭ দশমিক ১১ শতাংশ হয়েছে। এই চূড়ান্ত প্রতিবেদন একনেক সভায় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সর্বশেষ ২০০৬-০৭ অর্থবছরে ৭ দশমিক ০৬ শতাংশ পৃবৃদ্ধি পেয়েছিল বাংলাদেশ। গত অর্থবছরের শুরুতে বাজেট ঘোষণার সময় ৭ শতাংশ প্রবৃদ্ধির আশার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে নয় মাসে অর্থনীতির গতি-প্রকৃতি দেখে এডিবি ও বিশ্ব ব্যাংক বলেছিল, এবার বাংলাদেশ ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে।

বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা: জাল সনদে বেশুমার শিক্ষক- দৈনিক যুগান্তর

জাল নিবন্ধন সনদে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পাচ্ছেন। তাদের অনেকের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদও জাল। ডিআইএর পরিদর্শনে সন্দেহজনক সনদের ৮৯ শতাংশই জাল পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। জাল সনদে নিয়োগ পেলেও এমপিওভুক্তিতেও কোনো সমস্যা হচ্ছে না। সনদ জালিয়াতি ও দুর্নীতি বন্ধে সরকার এবার থেকে কেন্দ্রীয়ভাবে নিয়োগ ব্যবস্থা চালু করেছে।   

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ) গত কয়েক বছরে জাল সনদে নিয়োগ পাওয়া ১২ শতাধিক শিক্ষক চিহ্নিত করেছে। এর মধ্যে শুধু ১৯ মাসেই চিহ্নিত হয়েছেন ৫ শতাধিক। এই হিসাব থেকে ডিআইএর কর্মকর্তারা আশংকা করছেন, সারা দেশের ৩০ হাজার প্রতিষ্ঠান পরিদর্শন শেষে আরও ১০ হাজারের বেশি জাল সনদধারী শিক্ষক চিহ্নিত হতে পারে।   

এদিকে নিবন্ধন সনদের বৈধতা যাচাইয়ের জন্য ডিআইএ থেকে চিঠি দেয়ার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জবাব দিচ্ছে। তাদের জবাব থেকেই ১০৫ জনের মধ্যে ৯৩ শিক্ষকের সনদ জালের প্রমাণ পাওয়া গেছে, যা শতকরার হিসাবে ৮৯ ভাগ।

তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের অংশ বেড়েছে- দৈনিক সমকাল

পোশাকের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশ বেড়েছে। আগের বছরের ৫ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে এ হার ২০১৫ সালে হয়েছে ৫ দশমিক ৯ শতাংশ। এতে করে তৈরি পোশাকের দ্বিতীয় প্রধান রফতানিকারক দেশের মর্যাদা অক্ষুণ্ন রয়েছে। তৈরি পোশাকের ৪৫০ বিলিয়ন ডলারের বিশ্ববাজারে বরাবরের মতো প্রধান রফতানিকারক এখনও চীন।

বাণিজ্য বিশ্লেষক ও রফতানিকারকদের মতে, বাংলাদেশের সামর্থ্য ও সুযোগ বিবেচনায় এ হার যথেষ্ট নয়। তাদের মতে, চীন এ পণ্য উৎপাদন থেকে ক্রমে সরে আসছে। তাদের ছেড়ে দেওয়া বাজারের শূন্যতা পূরণে বাংলাদেশই পশ্চিমা ক্রেতাদের প্রথম পছন্দ। এ ছাড়া এ দেশের পোশাক খাতের সংস্কারবিষয়ক ইউরোপ ও আমেরিকার দুই ক্রেতা জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পক্ষে কারখানার নিরাপত্তা মান পরিদর্শনে বড় ধরনের ত্রুটি না পাওয়ায় এখানকার পোশাক খাতের প্রতি বিশ্বব্যাপী ভুল ধারণা কেটেছে। পরিদর্শনে যেসব ত্রুটি চিহ্নিত হয়েছে তা সংস্কার হচ্ছে সফলভাবে। এ দুই সুবিধায় রফতানি আরও বেশি হওয়া উচিত ছিল বলে উল্লেখ করেন তারা।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ নৌমহড়া শুরু- দৈনিক যুগান্তর

পাঁচ দিনব্যাপী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ মহড়া ‘এক্সারসাইজ কো-অপারেশন এফ্লট রেডিনেস এন্ড ট্রেনিংয়ের (কারাত) এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থিত স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি) এ অনুষ্ঠিত হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর খবরে বলা হয়, নৌবাহিনী ষষ্ঠবারের মত যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সঙ্গে যৌথ এ মহড়ায় অংশ নিয়েছে। এটি একটি যুগোপযোগী এবং আধুনিক নৌ প্রশিক্ষণ মহড়া।

পোতাশ্রয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এ মহড়ায় আইইডি (ইমপ্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস) ফান্ডামেন্টালস, ইওডি (এক্সপ্লোসিভ ওর্ডনেন্স ডিসপোজাল) টুলস, বোট মেইনটেন্যান্স, কমব্যাট লাইফ সেভিং এন্ড মিশন প্ল্যানিং ইত্যাদি বিষয়ের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। যা দুই দেশের নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন, নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিতি লাভ করতে কার্যকরী ভূমিকা রাখবে।

চলতি বছরেই নৌবাহিনীর বহরে দুটি সাবমেরিন যুক্ত হবে- দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ নৌবাহিনীর বহরে চলতি বছরেই দুইটি সাবমেরিন যুক্ত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ তাঁকে এ বিষয়ে অবহিত করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।

নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, সাবমেরিনগুলো শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছবে। নৌবাহিনীর ফ্রিগেট-এর নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  নৌবাহিনী প্রধান বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ অনুসারে নৌবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এছাড়াও তিনি নৌবাহিনীর ভবিষ্যত উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।  নৌবাহিনী প্রধান আগামী ৮ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ঈশা খাঁ-তে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড কনফারমেন্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

ঢাকা কেন দিল্লিকে চাপ দিচ্ছে না- তিস্তা চুক্তি নিয়ে বিমান বসুর বিস্ময়- দৈনিক ইনকিলাব

ভারতের সঙ্গে বাংলাদেশে তিস্তাসহ অভিন্ন ৫২ নদীর পানি বণ্টনে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিরসনে দিল্লিকে জোরালোভাবে কেন ঢাকা চাপ দিচ্ছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) পলিট ব্যুরো সদস্য বিমান বসু। ভারতের প্রবীণ এই নেতা তিস্তা চুক্তি নিয়ে ভারতের টালবাহানা এবং বাংলাদেশ সরকারের নীরবতায় প্রশ্ন রাখেন তিস্তার পানির জন্য ঢাকা কেন দিল্লির ওপর চাপ সৃষ্টি করছে না সেটাই আমার প্রশ্ন। তিনি বলেছেন, বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ। দু’দেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এ পরিস্থিতিতে ঢাকার উচিত তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টনে দিল্লিকে চাপ দেয়া এবং দ্রুত এসব চুক্তি করে ফেলা।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

নাগরিকত্ব বিল বাতিলের দাবি তুললেন মমতা-দৈনিক আনন্দবাজার

কংগ্রেস সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে সমন্বয় করে তৃণমূল যে এ বার সংসদে মোদী সরকারকে কোণঠাসা করতে চাইছে তার ইঙ্গিত দু’দিন আগেই দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার কাজেও তা শুরু করে দিলেন মমতা। মোদী সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব আইন সংশোধন বিলটি নিয়ে কংগ্রেস ও অন্য ধর্মনিরপেক্ষ দলগুলি ইতিমধ্যেই বিক্ষিপ্ত ভাবে আপত্তি জানাতে শুরু করেছে। মঙ্গলবার, ওই বিল খারিজের দাবি তুলল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও। নবান্নের বক্তব্য, নাগরিকত্ব বিলটিকে সামনে রেখে সমাজের মধ্যে অযথা বিভাজন তৈরি করতে চাইছে মোদী সরকার। বিলটিকে কেন্দ্র করে এরই মধ্যে উত্তর-পূর্বে অশান্তি দানা বাঁধছে। বিলটি খারিজ না করলে সেই আগুন আরও ছড়াবে।

নভেম্বর ১৬ তারিখ থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা। এ দিন তৃণমূলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, নাগরিকত্ব সংশোধন বিল সরকার প্রত্যাহার না করলে সংসদ অচল করার কথাও ভাববেন তাঁরা।

মুলায়মের ধমক খেয়ে শিবপালকে মন্ত্রিসভায় ফেরাচ্ছেন অখিলেশ- দৈনিক সংবাদ প্রতিদিন

মঙ্গলবার সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের হস্তক্ষেপে দলের কোন্দল খানিকটা হলেও থামল৷ এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পরিবার এবং দলের কোনও ফারাক নেই আমার কাছে৷ উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ আমার কাছে৷” এদিন যে কোনও বিতর্কিত বিষয়ে মন্তব্য করতেও অস্বীকার করেন সমাজবাদী পার্টি নেতা৷

অন্যদিকে, মুলায়ম সিং-এর ধমক খাওয়ার পর কিছুটা হলেও পিছু হঠতে বাধ্য হলেন অখিলেশ যাদব৷ যে শিবপাল যাদবকে নিয়ে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছিল সেই শিবপালকে মন্ত্রিসভায় ফেরাচ্ছেন অখিলেশ৷ সোমবার সপা-র সদর দফতরে অখিলেশ-শিবপাল-অমর সিংয়ের হাতাহাতির পর নেতাজির সঙ্গে দু’দফায় বৈঠক করেন অখিলেশ এবং শিবপাল৷ সেখানেও শিবপাল এবং অমর সিং সম্পর্কে নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করেছিলেন মুলায়ম সিং৷

দলত্যাগীরা বিধায়ক কেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ মান্নান- দৈনিক আজকাল

মানস ভুঁইয়া–সহ দলত্যাগী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। মঙ্গলবার পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও দিল্লি–সহ অন্যান্য রাজ্যের দলত্যাগী বিধায়কদের সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মামলার মূল বক্তব্য, সংবিধান এবং দলত্যাগ বিরোধী আইনকে অগ্রাহ্য করে দলত্যাগী সাংসদ ও বিভিন্ন রাজ্যের বিধায়কদের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার স্পিকাররা। আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে দলত্যাগী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আরও আর্জি জানানো হয়েছে, দলত্যাগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা লোকসভা অথবা বিধানসভার স্পিকারের কাছ থেকে কেড়ে নিয়ে রাষ্ট্রপতি অথবা নির্বাচন কমিশনকে দেওয়া হোক।

সাইরাসের অপসারণ নিয়ে টাটা সাম্রাজ্যে দিনভর চাপানউতোর- দৈনিক বর্তমান

রোর্ডরুম থেকে কোর্টরুম। সাইরাস মিস্ত্রিকে নিয়ে রহস্য অব্যাহত টাটা সাম্রাজ্যে। এবার দু’পক্ষই মামলার জন্য প্রস্তুত। টাটা গ্রুপের পক্ষ থেকে ক্যাভিয়েট ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্ট, মুম্বই হাইকোর্ট এবং কোম্পানি আই঩নের ট্রাইবুনালে। আজ দুপুর থেকে জল্পনা তুঙ্গে উঠল যে সাপুরজি পালনজির পক্ষ থেকেও ক্যাভিয়েট করা হয়েছে। যদিও সন্ধ্যায় সাপুরজি পালনজি গোষ্ঠী বিবৃতি দিয়ে জানায় তারা কোনও ক্যাভিয়েট করেনি। টাটারা কেন ক্যাভিয়েট করেছে? কারণ টাটা গোষ্ঠীর আশংকা, যে কোনও সময় সাইরাস মিস্ত্রিকে বরখাস্ত করার সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দিয়ে আদালতে মামলা করতে পারে সাপুরজি পালনজি গোষ্ঠী। দীর্ঘদিনের পারিবারিক তথা কর্পোরেট মিত্রতার বন্ধনে আবদ্ধ দেশের দুই প্রথম সারির শিল্পগোষ্ঠীর মধ্যে রাতারাতি চলে এসেছে বৈরিতা আর অবিশ্বাসের মনোভাব। সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার প্রকৃত কারণ নিয়ে আজ দেশজুড়ে চর্চা ও জল্পনা চললেও টাটা গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি এখনও।

বাংলাকে স্বস্তি দিয়ে পিছু হটছে ঘূর্ণিঝড় কিয়ান্ত- দৈনিক সংবাদ প্রতিদিন

বঙ্গোপসাগরে গত দু’দিনে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার সকালে এই নিম্নচাপ কলকাতা থেকে প্রায় ৮০০ কিমি দূরে অবস্থান করছিল৷ কিন্তু বেলা গড়াতেই অভিমুখ আরও উত্তর-পশ্চিম দিকে সরে যায়৷ ফলে দীপাবলিতে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বলে মনে করা হচ্ছে৷ যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া হচ্ছে, তাও নয়৷ আস্তে আস্তে ঘনীভূত নিম্নচাপটি সাইক্লোনের রূপ নিতে পারে৷ সাইক্লোনের নাম কিয়ান্ত৷ আন্দামান থেকে এই ঘূর্ণাবর্তটি ৬২০ কিমি, ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিমি ও বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিমি দূরে অবস্থান করছে৷ আবহবিদদের অনুমান, সাইক্লোনে পরিণত হওয়ার পর নিম্নচাপ-ঘূর্ণাবর্তটি ওড়িশার দিকে ঘুরে যেতে পারে৷ তবে এর জেরে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সাগর উপকূলে ভারী বৃষ্টি হতে পারে৷ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আরও উত্তর-পশ্চিমে ঘনীভূত হবে এটি৷ কিয়ান্তের জন্য ওড়িশা সরকারের তরফে আগাম সতর্কতা জারি করা হয়েছে৷ ১৪টি জেলার কালেক্টরদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকূলবর্তী এলাকা-সহ উত্তর ও দক্ষিণের জেলাগুলিকে সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন রাজ্য প্রশাসনকে৷ বাতিল সরকারি ছুটিও৷

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬