অক্টোবর ২৭, ২০১৬ ১২:০৪ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৭ অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: তেজস্ক্রিয় বর্জ্য নিয়ে সরকার উদ্বিগ্ন
  • জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা: ওবায়দুল কাদের
  • যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্তা
  • চিকিৎসা সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব
  • তেল-গ্যাস রক্ষা কমিটিকে বিএনপির সমর্থন নিতে বললেন ফখরুল
  • মন্ত্রী-এমপিদের নাম ভাঙিয়ে ত্রাণের টাকা হরিলুট: ক্ষুব্ধ সংসদীয় কমিটি
  • গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের বিষয়ে ‘সুস্পষ্ট ঘোষণা’: জামায়াত ছোট পরিসরে দল চালানোর পথে
  • পুলিশের জন্য ব্যয়িত অর্থ ব্যয় নয় বিনিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কাঁটাতারের ওপার থেকে ফেলা হলো লাশ

ভারত:

  • মমতা: ষড়যন্ত্র করে লাভ নেই, বাংলায় শান্তি আছে, থাকবে
  • রাজ্যে অনুপ্রবেশের কোনও সমস্যা নেই, সংসদীয় কমিটির বৈঠকে জানালেন প্রতিনিধিরা
  • নিজের জালেই শিকার পাকিস্তান, দাবি বেঙ্কাইয়ার
  • দেশের প্রথম সৌরশক্তি সঞ্চয়কেন্দ্র হবে আন্দামানে
  • কেন্দ্র সরাসরি টাকা দিতে চায় উপভোক্তাকে, মমতার তোপ

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: তেজস্ক্রিয় বর্জ্য নিয়ে সরকার উদ্বিগ্ন- দৈনিক প্রথম আলো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য (স্পেন্ট ফুয়েল) রাশিয়ার ফেরত নেওয়া অনিশ্চিত হয়ে পড়ায় সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে। কারণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য খুবই বিপজ্জনক। এর সংরক্ষণ ও ব্যবস্থাপনা একটি উচ্চমাত্রার বিশেষায়িত বিষয়। এটা করার সামর্থ্য বাংলাদেশের নেই।

যদিও ২০১১ সালে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকে (এমওইউ) তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য ফেরত নেওয়ার বিষয়টি উল্লেখ ছিল। তবে গত বছরের ২৫ ডিসেম্বর সই হওয়া চূড়ান্ত চুক্তিতে (জেনারেল কন্ট্রাক্ট) বিষয়টি সেভাবে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য ফেরত নেওয়ার বিষয়ে সাধারণ চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারায় বলা হয়েছে, আলাদা একটি চুক্তিতে উভয় পক্ষ যেসব শর্তে একমত হবে, সেই অনুযায়ী তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য ফেরত নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। রাশিয়ার সঙ্গে আলাদা সেই চুক্তির খসড়া তৈরি হয়েছে এবং সেটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। সেই আলোচনায় বাংলাদেশ তার আগের অবস্থান বজায় রাখলেও রাশিয়ার অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে। রাশিয়ার বর্তমান অবস্থান হচ্ছে তেজস্ক্রিয় জ্বালানি বর্জ্য পরিবহনযোগ্য হওয়ার পর রাশিয়া তা নিয়ে পরিশোধন করবে। এরপর তা বাংলাদেশে ফেরত পাঠাবে এবং তারপর থেকে তা বাংলাদেশকেই সংরক্ষণ করতে হবে।

জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা: ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে ঘিরে অনেক স্বপ্ন ও আশা আছে। তিনিই দলের ভবিষ্যৎ নেতা। বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের নবনির্বাচিত সম্পাদকম্ললীর সদস্যদের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সময়মতো সজীব ওয়াজেদ জয় দলের কমিটিতে আসতে পারবেন। তবে এ ব্যাপারে তার আগ্রহেরও একটি বিষয় আছে। তাকে জোর করে পদ দেয়া যায় না। ভবিষ্যতে তিনি সম্মত হলে তাকে আওয়ামী লীগের পদ দেয়া হবে।

প্রসঙ্গত, সজীব ওয়াজেদ জয় বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের সদ্য সমাপ্ত জাতীয় সম্মেলনে তিনি কাউন্সিলর হিসেবে যোগদান করেন। সম্মেলনে তাকে দলের নেতৃত্বে আনার দাবি জানিয়েছিলেন তৃণমূল নেতারা। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা (তৃণমূল নেতারা) জয়কে দলীয় পদে থাকার বিষয়ে বলেছিলেন। কিন্তু তার কথা, তিনি দেশের বাইরে থাকেন। দেশে থাকলে হয়তো পদে থাকতে পারতেন।

যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্তা- দৈনিক নয়াদিগন্ত

জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব এলবার্ট পি কস্তাকে দেয়া হয়েছে। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব দেন।

এর আগে বর্তমান কমিটিতে সহ-সভাপতি ছিলেন কস্তা। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবকে স্বপদে বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, বৃহস্পতিবার যুবদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রায় সাড়ে তিন বছর আগে যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। এখন নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলেও জটিলতায় তা আর সম্ভব হচ্ছে না।

চিকিৎসা সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর- দৈনিক মানবজমিন

স্বাস্থ্যসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য আমরা ১৫ বছর মেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছি। শেখ হাসিনা চিকিৎসকদের উদ্দেশে বলেন, আপনারা রোগীদের চিকিৎসা সেবাটা ভালোভাবে দেবেন। একটা কথা মনে রাখবেন ওষুধের চাইতে একজন ডাক্তারের মুখের কথাতেই অর্ধেক অসুখ কিন্তু ভালো হয়ে যায়। কারণ আমরা তো রোগী হই, মাঝে মাঝে আমরা বুঝি। প্রধানমন্ত্রী গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স (বিসিপিএস)-এর ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব- দৈনিক মানবজমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আলোচনায় দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সচিব দিল্লি যাচ্ছেন বলে সেগুনবাগিচার একাধিক দায়িত্বশীল সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে। সূত্র মতে, সচিব দিল্লিতে ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ মোদি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কথা বলবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৩ ও ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ভারত সফরের একটি প্রস্তাবনা রয়েছে। সেই প্রস্তাবনা ধরেই সফরটি সফল করতে ঢাকা-দিল্লি বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। গতকাল এ নিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সেগুনবাগিচায় সচিবের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকের প্রথম পর্বে অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক আলোচনা হলেও পরে সচিব ও ভারতীয় দূত কিছুক্ষণ একান্তে কথা বলেন। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বিকালে মানবজমিনকে বলেন, প্রধানমন্ত্রীর সফরের এজেন্ডা, সফরকালে সই হতে পরে এমন চুক্তি ও সমঝোতা স্মারক এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সচিবের দিল্লি যাওয়ার বিষয়টিও সেই আলোচনায় স্থান পেয়েছে। তবে সরকার প্রধানের সফরের অনেক কিছু এখনও চূড়ান্ত হয়নি দাবি করে ওই কর্মকর্তা বলেন, সফরের আলোচনা কেবল শুরু হয়েছে।

তেল-গ্যাস রক্ষা কমিটিকে বিএনপির সমর্থন নিতে বললেন ফখরুল- দৈনিক সমকাল

বিএনপির সমর্থন গ্রহণ করে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে চলমান আন্দোলন বেগবান করতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রামপাল প্রকল্পের বিষয়ে বিচ্ছিন্নভাবে কিছু করা যাবে না। আজকে শ্রদ্ধেয় আনু মুহাম্মদ সাহেবরা যে আন্দোলন করছেন, আমরা তাকে সমর্থন করি ও সমর্থন দিয়েছি। তাদের উচিত আমাদের সমর্থনটাকে গ্রহণ করে সমগ্র জাতিকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ করার জন্য এগিয়ে আসা।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সুন্দরবন বাঁচাও, রামপাল বিদ্যুৎকেন্দ্র ঠেকাও’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সাইবার দল।

মন্ত্রী-এমপিদের নাম ভাঙিয়ে ত্রাণের টাকা হরিলুট: ক্ষুব্ধ সংসদীয় কমিটি- দৈনিক যুগান্তর

সরকারের দেয়া ত্রাণ নিয়ে চলছে তুঘলকিকাণ্ড। বিশেষ করে টিআর, কাবিখা ও জিআরের বিশেষ বরাদ্দ, ব্রিজ, কালভার্ট, বন্যা আশ্রয় কেন্দ্র এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের বরাদ্দ নিয়ে চলছে হরিলুট। আর এ হরিলুটের সুযোগ করে দিচ্ছে খোদ মন্ত্রণালয়ের একশ্রেণীর অসাধু কর্মকর্তা। অভিযোগ রয়েছে, দালালদের মাধ্যমে বিশেষ সুবিধাপ্রাপ্ত হয়ে দেয়া হচ্ছে বরাদ্দ।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ অভিযোগ উত্থাপন করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও ত্রাণ বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন।

বৈঠকে জানানো হয়, দালালরা বিভিন্ন এলাকা থেকে মন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যানদের প্যাড সংগ্রহ করে ডিও লেটারসংবলিত বিভিন্ন ভুইফোঁড় প্রতিষ্ঠানের আবেদনপত্র তৈরি করে বরাদ্দ ভাগিয়ে নিয়ে যাচ্ছে। এসব কারণে একদিকে বানভাসি ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় লোকজন বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দালাল ও মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তারা বনে যাচ্ছেন টাকার কুমির।

গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা: জামায়াত ছোট পরিসরে দল চালানোর পথে- দৈনিক প্রথম আলো

দেশের বর্তমান পরিস্থিতির শিগগির পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই—এমনটা ধরে নিয়ে দলের গঠনতন্ত্রে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সংশোধনীতে দলের আমিরের ক্ষমতা বৃদ্ধিসহ কম নেতা নিয়ে ছোট পরিসরে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সংশোধনীতে দলীয় ‘ঘোষণা’ হিসেবে বীরত্বপূর্ণ সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন এবং এই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি যুক্ত করা হচ্ছে। গঠনতন্ত্রের ভূমিকায় জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের কথাও বলা হয়েছে। জামায়াতের গঠনতন্ত্রের ২০তম সংশোধনীর জন্য গঠিত উপকমিটির খসড়া প্রস্তাবনা থেকে এ তথ্য জানা গেছে।

খসড়া গঠনতন্ত্রে জামায়াত বলেছে, ‘আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করিতেছি যে, বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি-রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে। ...উপরোক্ত বিশ্বাস ও ঘোষণার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল।’

আগে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বলা ছিল, ‘যেহেতু বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি-রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে; সেহেতু শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল।’ স্বাধীনতার ৩৩ বছর পর ২০০৪ সালে জামায়াত গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের বিষয়টি এভাবে উল্লেখ করেছিল। এবারের সংশোধনীতে ‘যেহেতু’ এবং ‘সেহেতু’ শব্দ দুটি তুলে দিয়ে মুক্তিযুদ্ধের বিষয়ে আগের চেয়ে অবস্থান পরিষ্কার করা হয়েছে।

পুলিশের জন্য ব্যয়িত অর্থ ব্যয় নয় বিনিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,  পুলিশের জন্য ব্যয়িত অর্থ ‘ব্যয় নয় বরং বিনিয়োগ’। এজন্য বর্তমান সরকার পুলিশের আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।' বুধবার পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর ১৫তম বোর্ড সভা তিনি এ কথা বলেন।

তিনি  বলেন, সার্কভুক্ত দেশসমূহের মধ্যে একমাত্র স্টাফ কলেজ হওয়ায় এর গুরুত্ব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে। তিনি স্টাফ কলেজের অনুষদ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উপর জোর দেন।

স্বরাষ্ট্র সচিব নিয়মিত বোর্ড সভা করার উপর গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত বোর্ড সভা অনুষ্ঠিত হলে কলেজের উন্নয়ন ও অগ্রগতি সংক্রান্তে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন ত্বরান্বিত হবে।  আইন সচিব বলেন, আইন সংশোধন করার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে যথাযথ মাধ্যমে প্রেরণ করা হলে সংশোধন প্রক্রিয়া সহজ হবে।

কাঁটাতারের ওপার থেকে ফেলা হলো লাশ- দৈনিক যুগান্তর

বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের প্রাচীরের কাঁটাতারের ওপর দিয়ে একটি অজ্ঞাত লাশ (৪৪) ফেলা হয়েছে। বুধবার বিকাল ৫টার সময় বাংলাদেশী কৃষকরা মাঠে ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পেয়ে বিজিবি ও পুলিশকে খবর দেয়। এখনও লাশটি ভারত সীমানায় থাকায় দু'দেশের কেউ সেটি উদ্ধার করছে না।

ভারতের পাশ থেকে লাশটি বাংলাদেশের দিকে ফেলে দেয়ার সময় তার গায়ের শার্ট সীমানা প্রাচীরের কাঁটাতারের বেড়ায় আটকে ঝুলতে দেখা গেছে।

স্থানীয়দের ধারণা, বিএসএফ সদস্যরা তাকে নির্যাতনের পর হত্যা করে মৃতদেহটি ফেলে দেয়। এসময় তার শরীরে থাকা শার্টটি কাঁটাতারের সঙ্গে জড়িয়ে যায় এবং লাশটি নিচে পড়ে যায়। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল কম থাকায় মৃতদেহটি মানুষের চোখে পড়েনি। তবে লাশ দেখে ধারণা করা হচ্ছে, একদিন আগে তাকে মেরে ফেলে রাখা হয়েছে।

ফোরটোয়েন্টি মানিচেঞ্জার: মুদ্রা পাচার ও অবৈধ লেনদেন- দৈনিক যুগান্তর

বৈদেশিক মুদ্রা পাচার ও অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো। লাইসেন্সের শর্তও মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান। এ অবস্থায় কঠোর বাংলাদেশ ব্যাংক। লাইসেন্স নেয়া ৬৩৬ প্রতিষ্ঠানের মধ্যে ৪২০টিই বাতিল করা হয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম তদন্ত হচ্ছে। একই সঙ্গে নতুন করে লাইসেন্স ইস্যু বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত লেনদেনসীমার বাইরেও ব্যবসা করছে অনেক প্রতিষ্ঠান। দেশজুড়ে কয়েকশ’ দালালচক্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে এ ব্যবসা। প্রত্যন্ত অঞ্চল ও হাটবাজার থেকে সংগ্রহ করে মানিচেঞ্জারে বৈদেশিক মুদ্রার জোগান দিচ্ছে এসব চক্র। আর জোগানের একটি বড় অংশ চলে যাচ্ছে অর্থ পাচারকারীদের হাতে। পাশাপাশি ভুয়া ঠিকানায় ব্যবসা পরিচালনা করছে অনেক প্রতিষ্ঠান। লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন করছে না।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

মমতা: ষড়যন্ত্র করে লাভ নেই, বাংলায় শান্তি আছে, থাকবে- দৈনিক আজকাল

Image Caption

কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন। বুধবার থেকেই তিনি উদ্বোধন শুরু করেছেন। এদিন প্রথমে যান উত্তর কলকাতার সঞ্জয় বক্সি, মধ্য কলকাতার স্বর্ণকমল সাহা ও প্রয়াত রাজীব দেবের পুজোয়। উদ্বোধনের মঞ্চ থেকে তিনি বলেন, বাংলায় শান্তি আছে, শান্তি থাকবে। এখানে কুৎসা, ষড়যন্ত্র, চক্রান্ত করে শান্তি বিঘ্নিত করা যাবে না। এই বাংলাতেই সব ধরনের মানুষ একসঙ্গে থাকেন। আমার দেখতে ভাল লাগে। আমরা কোনও ভেদাভেদ করি না। যাঁর যাঁর ধর্ম তাঁরা স্বাধীনভাবে পালন করেন। বি জে পি–‌কে খোঁচা দিয়ে মমতা বলেন, কে কী খাবেন, কে কী পরবেন তা অন্যরা ঠিক করে দেওয়ার কে?‌ কেউ নিরামিষ খান, কেউ আমিষ খান। আমি আমার পছন্দমতো খাবার খাব। কারও নির্দেশ মানা হবে না। মমতা বলেন, হিন্দু ধর্ম ছোট নয়। কারও একার নয়। ছোট কাঁটাতার দিয়ে হিন্দু ধর্মকে বেঁধে রাখা যায় না। এর বিস্তার চারিদিকে। মমতা বলেন, শান্তিপূর্ণভাবে দীপাবলি উৎসব পালন করুন। সকলকে নিয়েই বাংলায় বেঁচে থাকা, এটাই এখানকার পরম্পরা। বাংলা হচ্ছে সব ধর্মের মিলনের স্থান। যাঁরা ঐক্যবদ্ধভাবে এই বাংলায় রয়েছেন, তাঁদের সকলকে এদিন মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন।

রাজ্যে অনুপ্রবেশের কোনও সমস্যা নেই, সংসদীয় কমিটির বৈঠকে জানালেন প্রতিনিধিরা- দৈনিক বর্তমান

পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ রাজ্য। এখানে নাগরিকত্ব বা উদ্বাস্তু নিয়ে তেমন কোনও সমস্যা নেই। আজ নাগরিকত্ব বিল নিয়ে সংসদীয় যৌথ কমিটির বৈঠকে জানিয়ে দিল রাজ্য সরকার। একইসঙ্গে রাজ্যের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার যে নতুন বিল আনতে চাইছে, তা কোনও মতেই সমর্থন করা হবে না। রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ এবং ক্ষুদ্র, ছোট উদ্যোগ তথা রাজ্য বস্ত্রদপ্তরের সচিব রাজীব সিনহা জানান, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যা নেই। রাজ্যের সরকারি দুই প্রতিনিধির মুখে একথা শুনে বৈঠকেই প্রতিবাদ করেন অধীররঞ্জন চৌধুরি।

নিজের জালেই শিকার পাকিস্তান, দাবি বেঙ্কাইয়ার- দৈনিক আনন্দবাজার

নিজেদের সন্ত্রাসের পাতা জালে শিকার হচ্ছে পাকিস্তানই। কাল সে দেশের কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। আজ সেই ঘটনার উল্লেখ করে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর মন্তব্য, ‘‘সন্ত্রাসবাদকে নিজেদের জাতীয় নীতি হিসেবে গ্রহণ করার ফল ভুগতে শুরু করেছে পাকিস্তান। আশাকরি দ্রুত তারা নিজেদের ভুল বুঝতে পারবে।’’ বেঙ্কাইয়া এ কথা বললেও, সীমান্তে হামলা জারি রেখেছে পাক সেনা। বিএসএফের বক্তব্য, জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতেই বিনা প্ররোচনাতে ও-পার থেকে গুলি চালাচ্ছে পাক সেনা।

সন্ত্রাসে মদত দেওয়ায় পাকিস্তানকে যে ফল ভুগতে হবে— এ কথা দীর্ঘদিন ধরে বলে আসছে ভারত। ঘটনাচক্রে এই কোয়েটাতেই দু’মাসের মধ্যে দু’টি বড় মাপের জঙ্গি হামলা হল। গত কালের হামলার সূত্র ধরেই আজ বেঙ্কাইয়া হায়দরাবাদে বলেন, ‘‘পাকিস্তানকে বুঝতে হবে ভাল জঙ্গি, খারাপ জঙ্গি বলে কিছু হয় না। ভারত ও আফগানিস্তানে হামলা করলে তারা ভাল জঙ্গি আর পাকিস্তানে যারা হামলা চালায় তারা খারাপ জঙ্গি— এ ভাবে জঙ্গিদের ভাগ করা যায় না।’’

দেশের প্রথম সৌরশক্তি সঞ্চয়কেন্দ্র হবে আন্দামানে- দৈনিক সংবাদ প্রতিদিন

দেশের প্রথম সৌরশক্তি সঞ্চয়কেন্দ্র গড়ে উঠবে অন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে৷ এমনটাই জানা গিয়েছে পিএমও সূত্রে৷ পুরো বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে এনটিপিসি’কে৷

সময়ের সঙ্গে সঙ্গে পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা বেড়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের৷ বিদ্যুৎ ব্যবস্থাও আগের থেকে উন্নত হয়েছে৷ তবে তা খুবই স্বল্প হারে৷ কিছু জায়গায় সৌরশক্তির ব্যবহার হয়েছে বটে, কিন্তু তা কেবলমাত্র দিনের বেলাতেই কার্যকর৷ বেশিরভাগ জায়গাতেই জেনারেটর বা ব্যাটারি দিয়ে কাজ চালাতে হয়৷ লাদাখ, সিয়াচেনের মতো প্রত্যন্ত এলাকাগুলিতেও একই সমস্যা৷ এই ঘাটতি মেটাতেই উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদি সরকার৷

পোর্টব্লেয়ারের দুটি স্থানে তৈরি হবে ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম সৌরশক্তি সঞ্চয়কেন্দ্র৷ চিড়িয়া টাপুতে তৈরি হবে ৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র৷ আর ১৭ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে মংলু টান এলাকায়৷ দুই জায়গাতেই বিদ্যুৎ সঞ্চয় করে রাখা হবে৷ এই কাজে এনটিপিসি’কে সাহায্য করবে আন্দামান প্রশাসন৷ জানা গিয়েছে, ২০১৮ সালের মধ্যেই শেষ করে ফেলা হবে এই কাজ৷

কেন্দ্র সরাসরি টাকা দিতে চায় উপভোক্তাকে, মমতার তোপ- দৈনিক বর্তমান

১০০ দিনের কাজের পারিশ্রমিক রাজ্য সরকারের অর্থদপ্তরকে বাদ দিয়ে সরাসরি উপভোক্তাকে প্রদানের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক জরুরি বৈঠকে রাজ্য সরকার ঠিক করেছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাতকারী এহেন ‘কালা সিদ্ধান্তের’ বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন চলবে। বাংলার পক্ষ থেকে কড়া চিঠি পাঠানো হবে কেন্দ্রীয় মন্ত্রকে। পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারকে সহমতে আনার চেষ্টা চালানো হবে। বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সহকর্মীদের জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করার এই সিদ্ধান্ত মানা হবে না। অর্থদপ্তরকে এভাবে এড়িয়ে যাওয়ার মানেটা কী? টাকাটা তো রাজ্যের জন্য বরাদ্দ বাজেটের। কারও নিজের পকেটের টাকা নয়! এর প্রতিবাদে যতদূর যেতে হয়, যাওয়া হবে বলে জানিয়ে দেন মমতা। একইসঙ্গে বিকল্প পন্থা নির্ধারণ বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের উপর জোর দেন তিনি। সংস্কার সংক্রান্ত রূপরেখা দ্রুত তৈরি করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭